প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শ্রীলঙ্কার গৃহযুদ্ধের সময় তামিল বিচ্ছিন্নতাবাদী সংগঠন এলটিটিইর হাতে নিহত শত শত মুসলিমের ভাগ্যে কী ঘটেছিল, এই প্রশ্নের উত্তর খুঁজছেন স্বজনেরা। ৩৬ বছর পর দেশটির পূর্বাঞ্চলের কুরুক্কালমাডাম এলাকায় একটি গণকবরে মানুষের কঙ্কাল পাওয়ার পর নিখোঁজদের পরিবারের সদস্যরা নতুন করে আশার আলো দেখছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, আদালতের নির্দেশে পরিচালিত প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে ওই গণকবর থেকে কাটা দাগযুক্ত কঙ্কাল উদ্ধার করা হয়েছে। বর্তমানে এসব দেহাবশেষের পরিচয় শনাক্তকরণের পাশাপাশি হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা জানার চেষ্টা চলছে।
নিহতদের একজন ফৌজুল আমিরের বোন, ৬০ বছর বয়সী ফৌজুল হিনায়া, ৩৬ বছর ধরে দুই ভাইয়ের খোঁজে অপেক্ষা করছেন। ১৯৯০ সালের জুলাইয়ে ব্যবসার কাজে যাওয়ার সময় আমিরকে কুরুক্কালমাডামের কাছে আটকে হত্যা করা হয়। তার কয়েক দিন পর আরেক ভাই আবদুর রউফও অপহৃত হন। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ মেলেনি। হিনায়ার আশা, ভাইদের দেহাবশেষ শনাক্ত হলে অন্তত মুসলিম রীতি মেনে তাদের দাফন করার সুযোগ পাবেন।
১৯৯০ সালে শ্রীলঙ্কার পূর্বাঞ্চলের কাত্তানকুডি ও এরাভুরের দুটি মসজিদে হামলা চালিয়ে এলটিটিই অন্তত ৩০০ মুসলিমকে হত্যা করে। একই বছরের অক্টোবরে, উত্তরাঞ্চল থেকে প্রায় ৭৫ হাজার থেকে এক লাখ মুসলিমকে জোর করে উচ্ছেদ করা হয়। তাদের ঘরবাড়ি ও সম্পত্তি ছেড়ে যেতে বাধ্য করা হয়েছিল।
২০০৯ সালে শ্রীলঙ্কার গৃহযুদ্ধের অবসান ঘটলেও এসব হত্যাকাণ্ড ও নিখোঁজের ঘটনার অনেক প্রশ্নের উত্তর এখনও অজানা রয়ে গেছে। কুরুক্কালমাডামের গণকবরের অনুসন্ধান সেই অজানা ইতিহাসের সত্য উদঘাটন এবং স্বজনদের দীর্ঘ অপেক্ষার অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন