০৪:১৮ পি.এম
বন্যার ঘটনায় ৫৪ জনের মৃত্যুর বেশির ভাগ বিষয়েই পাহাড়ধসের কারণ উল্লেখ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি আজ মঙ্গলবার (১৪ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত একটি আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের কাছে এই তথ্য প্রদান করেন।
মন্ত্রী জানান, মন্ত্রণালয় থেকে জরুরি ত্রাণ কর্মকাণ্ড পরিচালনার জন্য ১ কোটি ৭৫ লাখ টাকা তাৎক্ষণিকভাবে বরাদ্দ করা হয়েছে। ৩ হাজার ২৫০ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। শুকনা খাবারও বিতরণ করা হয়েছে এবং প্রধানমন্ত্রী তার ত্রাণভাণ্ডার থেকে প্রত্যেক জেলায় অতিরিক্ত ২০ লাখ টাকা বরাদ্দ করেছেন।
তিনি বলেন, আশ্রয়কেন্দ্রগুলোতে আমরা তৈরি খাবার সরবরাহ করছি এবং শুকনা খাবার পরিবেশন করা হচ্ছে। উদ্ধারকাজের জন্য আমরা সেনাবাহিনী, বিজিবি ও কোস্ট গার্ড নিয়োজিত করেছি। তাদের উদ্ধার কাজ পরিচালনার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে স্পিডবোট এবং রাবার বোট সরবরাহ করা হয়েছে।
আরও পড়ুন: ‘ক্ষমতা বাড়লো বা কমলো, তার চেয়ে জরুরি শিক্ষা-স্বাস্থ্যের সংস্কার ও কর্মসংস্থান’
মন্ত্রী আরো জানিয়েছেন, আজকের উল্লিখিত গুরুত্বপূর্ণ সভায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের জন্য সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। যেসব রাস্তা ও ঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে, সড়ক ও জনপথ অধিদপ্তর স্বল্প সময়ের মধ্যে সেই রাস্তা মেরামত করবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন রাস্তা মেরামত করা হবে। অগ্রাধিকার ভিত্তিতে যদি আমাদের মন্ত্রণালয় থেকে কোনো কাঁচা সড়ক থেকে থাকে, সেগুলোকে কাবিখা-কাবিটা প্রকল্পের মাধ্যমে মেরামত করা হবে।
খাদ্য মন্ত্রণালয় থেকে জরুরি ভিত্তিতে এসব এলাকায় খাদ্যবান্ধব কর্মসূচি চলমান থাকবে বলেও তিনি জানিয়েছেন। আসাদুল হাবিব দুলু আরো বলেন, ‘বন্যার ঘটনায় সরকার সবচেয়ে গুরুত্ব দিচ্ছে এবং প্রধানমন্ত্রী ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে, বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে এবং জেলা প্রশাসকদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমি আগামীকাল থেকে ব্যাপকভাবে ওই এলাকাগুলো সফর করব।
আজকে আমি চট্টগ্রাম যাচ্ছি।’ এ সময় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসাইন, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণসচিব মো. সাইদুর রহমান খান উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন