ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বগুড়ায় বন্ধুর স্ত্রীর জন্মদিনের দাওয়াতে হানি ট্র্যাপের অভিযোগ


বগুড়ায় বন্ধুর স্ত্রীর জন্মদিনের দাওয়াতে হানি ট্র্যাপের অভিযোগ

বগুড়া শহরে জন্মদিনের দাওয়াতের মাধ্যমে বাড়িতে ডেকে হানিট্র্যাপ ও পিস্তল ঠেকিয়ে টাকা দাবির ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, তদন্তের মাধ্যমে সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী যুবক বলেছেন, বন্ধুর স্ত্রীর আমন্ত্রণে গিয়ে তিনি দুদফা হামলার শিকার হন। তার অভিযোগ, জড়িতরা বিকাশের মাধ্যমে ২ লাখ টাকা এবং মোবাইল ব্যাংকিং কার্ডের মাধ্যমে আরও ১ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছেন বগুড়া সদর থানার ওসি মো. ইব্রাহীম আলী। এর আগে, মঙ্গলবার শহরের জহুরুল নগর এলাকায় একটি বাড়িতে হানিট্র্যাপ ও মারপিটের ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলেন দুপচাঁচিয়া উপজেলার বড়ধাপ গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে গোলাম রব্বানী (২৬) এবং তার বন্ধু কাহালু উপজেলার বীরকেদার এলাকার সোবহান আলীর ছেলে আল আমিন (৩২)।

অভিযোগের সূত্রে জানা যায়, জহুরুল নগর মহল্লার রনি, তুহিন ও হিরা নামের তিন যুবকের সঙ্গে গোলাম রব্বানীর বন্ধুত্ব ছিল। সম্প্রতি বন্ধু রনির স্ত্রী মোবাইল ফোনের মাধ্যমে জন্মদিনের অনুষ্ঠানের দাওয়াত দেন। গত মঙ্গলবার, আল আমিনকে সঙ্গে নিয়ে গোলাম রব্বানী বন্ধু রনির বাড়িতে যান। জন্মদিনের আয়োজনে ইয়াবা ট্যাবলেট ও মদ ছিল। সেখানে আরও কয়েকজন যুবক উপস্থিত ছিলেন। তাদেরকে জোরপূর্বক মাদক সেবন করানোর চেষ্টা করা হয়। দুই যুবককে মারপিট করে পিস্তল ও ধারালো চাকু ঠেকিয়ে ঘরবন্দি রাখা হয়। জড়িতরা তাদের কাছে ৫ লাখ টাকা দাবি করে। দুদফা মারপিটের পর তাদের সামনে ইয়াবা, মদ, পিস্তল ও চাকু রেখে ভিডিও ধারণ করা হয়। সাড়ে তিন লাখ টাকা আদায় করে দুজনকে ছেড়ে দেয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

আরও পড়ুন: আলফাডাঙ্গায় দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা জেলা পরিষদ প্রশাসক পলাশের, শাড়ি ও নগদ অর্থ বিতরণ

এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইব্রাহীম আলী জানিয়েছেন, বুধবার রাতে লিখিত অভিযোগ করা হয়েছে। তিনি আরও বলেন, "আমার সঙ্গে এখন পর্যন্ত বাদীপক্ষের সরাসরি দেখা হয়নি। ঘটনা সত্য হলে মামলা রেকর্ড করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চিফ হুইপ এমপিদের মোবাইল হ্যাকিং ও ভয়েস ক্লোনিং সম্পর্কে সতর্ক করলেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৩৮ পি.এম


চিফ হুইপ এমপিদের মোবাইল হ্যাকিং ও ভয়েস ক্লোনিং সম্পর্কে সতর্ক করলেন

সংসদ ভবন, ১০ সেপ্টেম্বর, ২০২৬ : জাতীয় সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি সংসদ সদস্যদের মোবাইল ফোন হ্যাকিং, ভয়েস ক্লোনিং এবং জাল স্বাক্ষরের মাধ্যমে সংঘটিত প্রতারণামূলক কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছেন।

আজ জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেওয়ার সময় তিনি এই আহ্বান জানান। তিনি উল্লেখ করেন যে, এসব সমস্যার সমাধানে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ইতোমধ্যে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ শুরু করেছে।

চিফ হুইপ বলেন, ‘মোবাইল ফোন নিয়ে পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে। গতকাল তিনজন সংসদ সদস্য আমাকে জানিয়েছেন, তাদের নম্বর থেকে জরুরি ভিত্তিতে ৫০ হাজার টাকা চেয়ে বার্তা পাঠানো হয়েছে। আরেকজনের নম্বর থেকে ৩০ হাজার টাকা এবং অন্য একজনের নম্বর থেকে ২৫ হাজার টাকা চাওয়া হয়েছে।’

তিনি আরও জানান, যেসব সংসদ সদস্যের নম্বর ব্যবহার করে এসব বার্তা পাঠানো হয়েছে, তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তিনি তাদের ফোনে পাননি।

তিনি বলেন, ‘এর অর্থ হলো তাদের মোবাইল (নম্বর) হ্যাক করা হয়েছে।’

চিফ হুইপ সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এই বিষয়টি সম্পর্কে সকল আইনপ্রণেতার সচেতনতা থাকা প্রয়োজন।

তিনি বলেন, ‘আমি মনে করি, আপনারা (সংসদ সদস্যরা) বিষয়টি জানলে পুরো দেশ জানবে। টেলিভিশনের মাধ্যমে পুরো বাংলাদেশকে বিষয়টি জানানো হোক।’

তিনি আরও বলেন, প্রতারকরা মানুষকে বিভ্রান্ত করতে ভয়েস ক্লোনিং এবং জাল নথিও ব্যবহার করছে।

তিনি বলেন, ‘কিছু মানুষ স্বাক্ষর জাল করে নথি তৈরি করছে। এটিও একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে।’ তিনি জানান, বিরোধী দল ও সরকারি দলের সংসদ সদস্যরাও এ ধরনের ঘটনার শিকার হয়েছেন।

চিফ হুইপ সংসদ সদস্যদের এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, কোনো সংসদ সদস্য যদি ভয়েস ক্লোনিং বা অন্য কোনো ধরনের ডিজিটাল প্রতারণার শিকার হন, তবে এ ঘটনায় তাদের দায়ী করা উচিত নয়।

তিনি বলেন, ‘সংশ্লিষ্ট মন্ত্রণালয়, নির্বাহী বিভাগ বা রাষ্ট্রের পক্ষ থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

এর জবাবে চিফ হুইপ মনি বলেন, বুধবার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং বিটিআরসি ইতোমধ্যে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ শুরু করেছে।

তিনি বলেন, ‘বিটিআরসি এ সমস্যা সমাধানে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া শুরু করেছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের ৮৬টি মিশন ৬৩টি দেশে নিয়মিত মোবাইল কনস্যুলার ক্যাম্প পরিচালনা করছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৩৯ পি.এম


বাংলাদেশের ৮৬টি মিশন ৬৩টি দেশে নিয়মিত মোবাইল কনস্যুলার ক্যাম্প পরিচালনা করছে

সংসদ ভবন, ১০ সেপ্টেম্বর, ২০২৬ : পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানিয়েছেন, বর্তমানে ৬৩টি দেশে অবস্থিত বাংলাদেশের ৮৬টি মিশন প্রয়োজন অনুযায়ী নিয়মিত মোবাইল কনস্যুলার ক্যাম্প পরিচালনা করছে, যা প্রবাসীদের দোরগোড়ায় কনস্যুলার সেবা পৌঁছে দিতে সহায়তা করছে। এসব ক্যাম্পে পাসপোর্ট সহ বিভিন্ন কনস্যুলার সেবা প্রদান করা হচ্ছে।

মন্ত্রী বলেন, ক্যাম্পের স্থান, তারিখ ও সময় সম্পর্কে সংশ্লিষ্ট দূতাবাসের ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আগাম প্রচারণা চালানো হয়। এর ফলে দূতাবাস থেকে দূরে বসবাসকারী প্রবাসীরা সহজেই এসব সেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন।

আজ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন-৭ এর সরকারি দলের সদস্য বিলকিস ইসলামের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

তিনি আরও জানান, ই-পাসপোর্টের অনলাইন আবেদন ও অনলাইন পেমেন্টের সুবিধা চালু থাকায় প্রবাসীরা নিজ অবস্থান থেকেই প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন করতে সক্ষম হচ্ছেন।

মন্ত্রী বলেন, যেসব প্রবাসী আইনি জটিলতা, চলাচলে সীমাবদ্ধতা অথবা অন্যান্য বাস্তব সমস্যার কারণে দূতাবাসে সরাসরি উপস্থিত হতে পারেন না, তারা সংশ্লিষ্ট মিশনের জরুরি হটলাইন বা ই-মেইলে যোগাযোগ করতে পারেন। প্রয়োজন অনুযায়ী মিশনগুলো তাদের নিকটবর্তী কনস্যুলার ক্যাম্প সম্পর্কে অবহিত করতে পারে এবং প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজনীয় কনস্যুলার ও আইনগত সহায়তার ব্যবস্থা করতে পারে।

মন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হলো—প্রবাসীরা যে দেশেই এবং যে অবস্থাতেই থাকুন না কেন, তাদের জন্য কনস্যুলার সেবা যেন সহজলভ্য, দ্রুত ও নাগালের মধ্যে থাকে। এ লক্ষ্যে প্রয়োজন অনুযায়ী মোবাইল কনস্যুলার ক্যাম্পের সম্প্রসারণের বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে।

অপরদিকে, জামালপুর-৩ আসনের সরকারি দলের সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে বিশ্বের ৬৩টি দেশে বাংলাদেশের মোট ৮৬টি কূটনৈতিক মিশন কার্যক্রম পরিচালনা করছে।

এর মধ্যে ৬২টি দূতাবাস ও হাইকমিশন এবং ২৪টি কনস্যুলেট, উপ-হাইকমিশন, সহকারী হাইকমিশন ও স্থায়ী মিশন অন্তর্ভুক্ত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে শিক্ষার্থীদের মাঝে সনদ ও সম্মাননা স্মারক প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৩৯ পি.এম


বরিশালে শিক্ষার্থীদের মাঝে সনদ ও সম্মাননা স্মারক প্রদান

বরিশাল, ১০ সেপ্টেম্বর, ২০২৬ : জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বরিশাল জেলার ১০১ জন মেধাবী ও কৃতি শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়েছে।

জেলা শিক্ষা অফিসের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে সনদ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে জেলা প্রশাসক মো. মামুন খন্দকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "তোমাদের এ সাফল্য ধরে রাখতে নিয়মিত অধ্যবসায় ও শৃঙ্খলার সঙ্গে এগিয়ে যেতে হবে। মোবাইল ফোনের অপব্যবহার, মাদক ও কিশোর গ্যাংয়ের মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে নিজেদের দূরে রেখে পড়াশোনায় মনোযোগী হতে হবে।"

তিনি আরও বলেন, "জেলা পর্যায়ে অর্জিত এ সাফল্যকে জাতীয় পর্যায় পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে তোমাদের আরও নিষ্ঠার সাথে পরিশ্রম করতে হবে। নিজেদের মেধা, প্রতিভা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে দেশ ও জাতির জন্য গৌরব বয়ে আনতে হবে।"

জেলা প্রশাসক মো. মামুন খন্দকার আরও উল্লেখ করেন, "বরিশাল জেলা দীর্ঘদিন ধরে শিক্ষা নগরী হিসেবে পরিচিত। এ জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা বর্তমানে দেশের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। বরিশাল এমন একটি ঐতিহ্যবাহী জনপদ, যেখানে শের-ই-বাংলা এ কে ফজলুল হক, কবি জীবনানন্দ দাশ ও কবি কুসুমকুমারী দাশের মতো কৃতী মনীষীর জন্ম হয়েছে। তাদের মেধা, আদর্শ ও দেশপ্রেম থেকে শিক্ষা নিয়ে শিক্ষার্থীদের সামনে এগিয়ে যেতে হবে।" এসময় তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান, তাদের দেখানো আলোকিত পথ অনুসরণ করে দেশের কল্যাণে ভূমিকা রাখতে।

বরিশাল জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আ. জব্বারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক সালমা পারভীন এবং সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ ড. শেখ মোহাম্মদ তাজুল ইসলাম।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকগণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষা ব্যবস্থাকে সংস্কৃতি, কৃষ্টি ও প্রয়োজন অনুযায়ী ঢেলে সাজাতে হবে রাষ্ট্রপতি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৩৯ পি.এম


শিক্ষা ব্যবস্থাকে সংস্কৃতি, কৃষ্টি ও প্রয়োজন অনুযায়ী ঢেলে সাজাতে হবে রাষ্ট্রপতি

ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৬, : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে কৃষ্টি, সংস্কৃতি ও প্রয়োজন বিবেচনায় নিয়ে শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজানোর প্রয়োজন রয়েছে। তিনি উল্লেখ করেন, "আমাদের সাহিত্য, কৃষ্টি, সংস্কৃতি, কর্মসংস্থান ও প্রয়োজন- সবকিছু মিলিয়ে শিক্ষা ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে।"

আজ বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি)-এর একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম ব্রিফিংকালে বাসস’কে এ তথ্য জানান।

তিনি বলেন, বিগত আমলের রেখে যাওয়া ভঙ্গুর শিক্ষাব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজানোর প্রয়োজন রয়েছে। বিভিন্ন ধরনের শিক্ষা ব্যবস্থাকে একত্রিত করে একটি সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালু করা প্রয়োজন। এ সময় তিনি উল্লেখ করেন, বিগত ফ্যাসিস্ট আমলে ঢালাওভাবে মানহীন শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদন দেওয়ার ফলে দেশে অদক্ষ জনশক্তি তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, ভোকেশনাল ও কারিগরি শিক্ষা ব্যবস্থার ওপর আমাদের আরও জোর দিতে হবে, যাতে দক্ষ জনশক্তি রপ্তানি করে আরও বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হয়।

সাক্ষাৎকালে প্রতিনিধি দল দেশের উচ্চশিক্ষার সার্বিক উন্নয়ন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বর্তমান অবস্থা, দক্ষ মানবসম্পদ গঠন এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অবদানের বিষয় রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।

তারা কর্মদক্ষতা ও ফলাফলভিত্তিক মূল্যায়ন ব্যবস্থা চালু করা, নতুন বিশ্ববিদ্যালয় অনুমোদনের ক্ষেত্রে জাতীয় প্রয়োজনে বিষয়ভিত্তিক চাহিদা, বিনিয়োগ সক্ষমতা ও গুণগত মানের ভিত্তিতে অনুমোদনে হস্তক্ষেপ কামনা করেন।

এপিইউবি-এর প্রতিনিধিদলের সদস্যরা যোগ্য বিশ্ববিদ্যালয়গুলোকে পিএইচডি ডিগ্রি, গবেষণা, পেটেন্ট এবং বাণিজ্যিকীকরণের পূর্ণ সুযোগ প্রদান, যুগোপযোগী পাঠ্যক্রম, ইন্টার্নশিপ, শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিসশিপ), বিদেশি ভাষা শিক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং পেশাগত দক্ষতার মাধ্যমে প্রত্যেক গ্র্যাজুয়েটকে কর্মসংস্থানযোগ্য করা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) সহায়ক ও উন্নয়নমুখী নিয়ন্ত্রক সংস্থা হিসেবে গড়ে তোলা এবং একটি সমন্বিত জাতীয় শিক্ষা ব্যবস্থা প্রণয়নে রাষ্ট্রপতির কাছে দাবি জানান।

রাষ্ট্রপতি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উচ্চশিক্ষার প্রসার, গবেষণা, উদ্ভাবন এবং জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় প্রশংসা করে বলেন, "কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় বিশ্ব র‌্যাঙ্কিংয়ে তাদের অবস্থান অটুট রেখেছে।" রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলর হিসেবে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে এপিইউবি চেয়ারম্যান ড. মো. সবুর খান-এর নেতৃত্বে প্রতিনিধি দলে সংগঠনের ভাইস-চেয়ারম্যান বেনজীর আহমেদ ও কে.বি.এম. মঈন উদ্দিন চিশতি, ট্রেজারার কায়ুম রেজা চৌধুরী, এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য আব্দুল কাসেম হায়দার, কাজী জাহেদুল হাসান ও নওশাদ শামসুল আরেফিন এবং এপিইউবি সচিবালয়ের পরিচালক বেলাল আহমেদ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%