০৩:৪২ পি.এম
ঘূর্ণিঝড় ও নিম্নচাপের প্রভাবে গাইবান্ধার সাঘাটা উপজেলায় টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকেরা। বৈরী আবহাওয়া ও বৃষ্টির পানিতে মাঠের কাটা-পাকা রোপা আমন ধানসহ সদ্য আবাদ করা সরিষা ও আলুর ক্ষেতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন চাষিরা।
সরেজমিনে দেখা যায়, উপজেলার বিভিন্ন ফসলের মাঠে পাকা আমন ধান কেটে সারিবদ্ধভাবে রাখা হয়েছে, আবার কোথাও ধান কাটার অপেক্ষায় রয়েছে। এর মধ্যেই নিম্নচাপের প্রভাবে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় এবং থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরায় মাঠে থাকা ধান শুকানো ও ঘরে তোলা নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। অন্যদিকে, প্রস্তুত করা জমি ও নতুন লাগানো সরিষা ও আলুর ক্ষেতে পানি জমে যাওয়ায় চারা নষ্ট হওয়া ও ফলন বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় কৃষকদের ভাষ্য, সারা বছরের কষ্ট ও পুঁজি ঢেলে তাঁরা আমন আবাদ করেছেন এবং রবি মৌসুমের শুরুতে সরিষা ও আলুর চাষ করেছেন। কিন্তু অসময়ের এই বৃষ্টি ও জলাবদ্ধতায় তাঁদের স্বপ্ন ভেসে যাওয়ার উপক্রম হয়েছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না হলে এবং আবহাওয়া স্বাভাবিক না হলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তাঁরা।
ক্ষতিগ্রস্ত কৃষকেরা পরিস্থিতি মোকাবিলায় কৃষি বিভাগের পরামর্শ, দ্রুত জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ এবং প্রয়োজনীয় সহায়তার দাবি জানিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন