প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম, ২২ নভেম্বর, ২০২৬ : লাইটারেজ জাহাজ সংকটের কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেল থেকে পণ্য খালাস কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দুই মাসের ব্যবধানে আবারো লাইটার জাহাজের তীব্র সংকটের কারণে পণ্য খালাস চলছে ধীরগতিতে।
বর্তমানে বন্দরের বহির্নোঙরে ভাসছে ৮৫টি মাদার ভেসেল জাহাজ। প্রতিটিতে ন্যুনতম ৫টি করে ধরলেও ৪২৫টি লাইটার জাহাজ প্রয়োজন। সেখানে এই চাহিদার বিপরীতে একটি মাদার ভেসেল জাহাজের জন্য মিলছে মাত্র একটি লাইটার জাহাজ। এর মধ্যে ৪৮টি জাহাজ থেকে পণ্য খালাসের কাজ চলছে। বাকি ৩৭টি জাহাজ খালাসের অপেক্ষায় বহির্নোঙরে ভাসছে।
বন্দরের জেটিতে ভিড়তে পারে না বিভিন্ন খাদ্যশস্য, সারসহ শিল্পের কাঁচামালবাহী বড় জাহাজ। ৫০ হাজার টনের একটি জাহাজ থেকে পণ্য খালাসে দৈনিক ৫ থেকে ৮টি লাইটার জাহাজ লাগে। কিন্তু সংকটের কারণে গত এক সপ্তাহ ধরে পণ্য খালাসে প্রয়োজনীয় জাহাজ পাচ্ছে না মাদার ভেসেলগুলো। এসব জাহাজে রয়েছে কনটেইনারভর্তি পণ্য, খাদ্যশস্য, স্ক্র্যাপ, সার, চিনি, সিমেন্ট তৈরির কাঁচামাল ক্লিংকার ও তেলসহ রমজান মাসের বিভিন্ন পণ্য।
বরাদ্দকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন সেল বলছে, রমজানকে সামনে রেখে ভোগ্যপণ্যের জাহাজ বেশি আসলেও বিভিন্ন নদীবন্দরে পণ্য নিয়ে বসে আছে অনেক লাইটার জাহাজ। আবার ডব্লিউটিসিসির সিরিয়ালের বাইরে চলা ও ঢাকার জাহাজ মালিকরা পৃথক কমিটি গঠন করায় বিশৃঙ্খলা হচ্ছে বলে দাবি তাদের।
বন্দর সূত্র জানায়, গত আগস্টের মাঝামাঝি থেকে শুরু হয়ে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত দেখা দেয় তীব্র লাইটার জাহাজসংকট। এতে বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে জলপথে পণ্য পরিবহনে সমস্যা দেখা দেয়। সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে সংকট কেটে উঠলেও ঠিক দুই মাস পর বর্তমানে আবারও দেখা দিয়েছে একই সংকট।
বারবার সংকটের কারণ বিষয়ে লাইটার জাহাজ মালিকরা জানান, চট্টগ্রামে নৌপথে প্রায় ৯০০টি লাইটার জাহাজ রয়েছে। সেগুলো বিভিন্ন শিল্প গ্রুপ বা কোম্পানির মালিকানাধীন এবং তাদের নিজস্ব পণ্য বা কাঁচামাল পরিবহনে ব্যবহৃত হয়।
তবে ১ হাজার ৫৬টি লাইটার জাহাজ রয়েছে, যা বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন সেলের (বিডব্লিউটিসিসি) তালিকাভুক্ত। জাহাজগুলোকে বিডব্লিউটিসিসির দেওয়া সিরিয়াল মেনে চলাচল করতে হয়। কিন্তু বর্তমানে এর অর্ধেক লাইটার জাহাজ সিরিয়াল না মেনে বেশি ট্রিপের (ভাড়া) আশায় চট্টগ্রামের বাইরে অন্যান্য রুটে চলাচল করছে এবং কয়লা ও সিমেন্টের কাঁচামাল ক্লিংকারসহ বিভিন্ন পণ্য পরিবহন করছে।
এ কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে লাইটার জাহাজের সংকট বারবার দেখা দিচ্ছে।
লাইটার জাহাজ কোম্পানি শেখ এন্টারপ্রাইজের মালিক মো. জাহাঙ্গীর আলম বলেন, সিরিয়াল প্রথা মেনে চললে একটি লাইটার জাহাজ মাসে এক থেকে দুটির বেশি ট্রিপ পায় না। তবে সিরিয়ালের বাইরে চললে কম ভাড়া নিয়ে পাঁচ থেকে ছয়টি ট্রিপ পাওয়া যায়। এতে লাভও বেশি। অর্ধেকের বেশি লাইটার জাহাজ মালিক এই কাজ করছেন। তাই সংকট দেখা দিচ্ছে। যেখানে বিডব্লিউটিসিসি প্রতিদিন সিরিয়াল দেওয়ার কথা, সেখানে এখন প্রতি তিন দিনে একবার সিরিয়াল দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, কয়েক মাস আগে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছিল। এখন আবার সংকট তৈরি হয়েছে। ডেমারেজ গুনতে হচ্ছে আমদানিকারকদের। আর এই খরচের বোঝা বয়ে বেড়াতে হয় সাধারণ মানুষকে।
জাহাঙ্গীর আলম আরও বলেন, এই সমাধান করতে হলে নৌপরিবহন মন্ত্রণালয় ও সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
বিডব্লিউটিসিসি লাইটার জাহাজ পরিচালনা করে। তারাই সিরিয়াল প্রথা অনুসরণ করে এসব জাহাজ পরিচালনা করে। বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন (বিসিভোয়া), কোস্টাল ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন (কোয়াব) ও ইনল্যান্ড ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন অব চিটাগাংয়ের (আইভোয়াক) সমন্বয়ে বিডব্লিউটিসিসি গঠিত।
বিসিভোয়ার সভাপতি গাজী বেলায়েত হোসেন মিঠু বলেন, রমজানকে ঘিরে পণ্যবাহী অনেক বড় জাহাজ একসঙ্গে চলে এসেছে। ফলে একটা চাপ তৈরি হয়েছে। আবার লাইটার জাহাজকে গুদাম হিসেবে ব্যবহারের একটা প্রবণতা আমদানিকারকদের অনেক আগে থেকেই আছে। ফলে লাইটার জাহাজের সংকটটা তৈরি হয়।
তিনি বলেন, কিছু জাহাজ এখন সিরিয়াল না মেনে কয়লা পরিবহনে ব্যবহৃত হচ্ছে। আমরা এখন বের করার চেষ্টা করছি, কারা কারা জাহাজগুলো বাইরে আটকে রেখেছে।
বেলায়েত হোসেন আরও বলেন, ‘এক সপ্তাহের মধ্যেই আমরা এই সমস্যার সমাধান করব। পাশাপাশি আমরা এক মাসের মধ্যে সিরিয়ালের বিষয়টিও ঠিক করব।’
চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও ভোগ্যপণ্য আমদানিকারক মো. মহিউদ্দিন বলেন, চট্টগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ড ও দাউদকান্দি এলাকায় ওজন স্কেল বসানোর কারণে ১৩ টনের বেশি পণ্য পরিবহন করা যায় না। তাই এখন জলপথই ভরসা।
তিনি বলেন, দিনে দিনে আমদানি বাড়ছে। তাই লাইটার জাহাজসংকট দ্রুত সমাধান করতে হবে।
চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ বলেন, সমন্বয়হীনতার অভাবে বারবার এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। এই জায়গায় সমাধান আনতে হলে সরকার, নৌপরিবহন মন্ত্রণালয়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও লাইটার জাহাজমালিকদের সমন্বয় সাধন করে কাজ করতে হবে। অন্যথায় জাহাজের অপেক্ষমাণ সময় বাড়বে, বহির্বিশ্বে দেশের তথা বন্দরের সুনাম নষ্ট হবে।
তিনি বলেন, আমদানিকারককে প্রতিদিন জাহাজের আকারভেদে ১৫ থেকে ২০ হাজার ডলার ডেমারেজ গুনতে হবে। তার প্রভাব পড়বে ভোক্তাদের ওপর।
চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে বছরে প্রায় ৬ কোটি টন পণ্য খালাস হয়। ১৮০০ লাইটার জাহাজ এসব পণ্য চট্টগ্রামের ১৬টি ঘাটসহ দেশের বিভিন্ন গন্তব্যে নিয়ে যায়।
সমুদ্রপথে পণ্য পরিবহন নীতিমালার আওতায় ডব্লিউটিসিসির মাধ্যমে এসব জাহাজ পরিচালিত হলেও সম্প্রতি জাহাজ মালিকদের একাংশ নিজেরাই আলাদা কমিটি গঠন করেছে।
অপরদিকে নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালকের আদেশে পৃথক তদারকি কমিটি হওয়ায় বিরোধ বেড়েছে।
ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, দ্রুত এই অচলাবস্থার নিরসন না হলে আমদানীকৃত নিত্যপণ্য ও শিল্পের কাঁচামালের সরবরাহ চেইন ভেঙে পড়বে, যার সরাসরি প্রভাব পড়বে আসন্ন রমজানের পণ্য সহ দেশের বাজারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন