বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং
০৬:১৩ এম
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে অভিন্ন প্রশ্নপত্রে।
বৃহস্পতিবার (২ julho) সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে এই পরীক্ষা শুরু হবে এবং এটি চলবে ৮ আগস্ট পর্যন্ত।
এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের সমন্বয়ে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের পরীক্ষার্থী সংখ্যা ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন। গত বছরের তুলনায় মোট পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১৯ হাজার ৪৭২ জন।
সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশ্নপত্রের নিরাপত্তা থেকে শুরু করে পরীক্ষার্থীদের জন্য একাধিক কঠোর নির্দেশনাও এরই মধ্যে জারি করেছে শিক্ষা বোর্ড।
এদিকে, কেন্দ্রের ২০০ গজের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
এ বছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা চলবে ২ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে ১৫ আগস্টের মধ্যে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ইতিমধ্যে পরীক্ষার রুটিন প্রকাশ করেছে।
নির্ধারিত সূচি অনুযায়ী সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষা চলবে বেলা ১টা পর্যন্ত। দ্বিতীয় শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষাকক্ষে আসন গ্রহণ করতে হবে।
পূর্ণাঙ্গ সিলেবাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অভিন্ন প্রশ্নপত্র ব্যবহার করা হবে। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড জানিয়েছে, সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে এবং প্রশ্নফাঁস ঠেকাতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। একই সঙ্গে সব বোর্ডে একই মানদণ্ডে উত্তরপত্র মূল্যায়ন নিশ্চিত করাও শিক্ষাবিদদের মতে বড় চ্যালেঞ্জ।
সারা দেশে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২ হাজার ৬৯৭টি কেন্দ্রের পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে ১৪৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার ৪০টি ঢাকায়। পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে ৩৫ দফা নির্দেশনা জারি করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রে শৃঙ্খলা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ে গঠন করা হয়েছে একটি বিশেষ সিসিটিভি মনিটরিং সেল, যার মাধ্যমে অনলাইনে দেশের যে কোনো কেন্দ্রে পর্যবেক্ষণ করা যাবে। এছাড়া কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের ব্যবস্থাও রাখা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী প্রতিটি পরীক্ষাকক্ষে প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন করে কক্ষপরিদর্শক দায়িত্ব পালন করবেন। তবে কোনো কক্ষে দুইজনের কম কক্ষপরিদর্শক রাখা যাবে না। বসার ক্ষেত্রেও নির্ধারণ করা হয়েছে নির্দিষ্ট মানদণ্ড। পাঁচ ফুট বাই ছয় ফুট বেঞ্চে দুজন এবং চার ফুট বেঞ্চে একজন পরীক্ষার্থী বসতে পারবেন।
প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক স্তরের ব্যবস্থা নেয়া হয়েছে। পরীক্ষা শুরুর তিন দিন আগে ট্রেজারি বা থানা লকারে সংরক্ষিত প্রশ্নপত্র সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে যাচাই করতে হবে। পরীক্ষার দিন ট্যাগ অফিসার ও পুলিশের পাহারায় প্রশ্নপত্র কেন্দ্রে পৌঁছানো হবে। পরে মোবাইলের মাধ্যমে নির্ধারিত সেট কোড পাওয়ার পরই প্রশ্নপত্র খোলা যাবে। নির্ধারিত সেটের বাইরে কোনো প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড কমিটির সূত্রে জানা গেছে প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যদি প্রশ্নফাঁসের মতো কোনো ঘটনা ঘটে, তাহলে সারা দেশে ওই দিনের পরীক্ষা স্থগিত করে পরে নতুন করে পরীক্ষা নেয়া হবে।
এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে বুধবার (১ julho) শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এইচছানুল হক মিলন বলেন, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নিরাপদভাবে সম্পন্ন করতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশ্নপত্র ফাঁস, জালিয়াতি বা যে কোনো অনিয়মে জড়িতদের বিরুদ্ধে সংশোধিত পাবলিক পরীক্ষা আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো শিক্ষক বা কর্মকর্তা অনিয়মে জড়িত থাকলেও কাউকে ছাড় দেওয়া হবে না।
প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, সরকার এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি সংস্কৃতি, ক্রীড়া, নৈতিক শিক্ষা, সামাজিক মূল্যবোধ এবং কর্মদক্ষতা সমান গুরুত্ব পাবে। ষষ্ঠ শ্রেণি থেকে ধাপে ধাপে কারিগরি ও পেশাভিত্তিক শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনাও রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশের ৬টি জেলায় সকাল ৯টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, এমনটাই জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। একইসাথে, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) রাতে, আবহাওয়া অফিসের রাত ১২টা থেকে সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এই গুরুত্বপূর্ণ পূর্বাভাস প্রদান করা হয়েছে।
এতে উল্লেখ করা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথাও চিন্তা করতে হবে। তাই, এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রুদ্ধশ্বাস লড়াই শেষে বিশ্বকাপে টিকে রইল বেলজিয়াম।
অতিরিক্ত সময়ে পাওয়া পেনাল্টি থেকে সেনেগালকে ৩-২ গোলে হারিয়ে নাটকীয়ভাবে রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত করেছে দ্য রেড ডেভিলস। অধিনায়ক ইউরি টিলাম্যানের জোড়া গোলে শেষ পর্যন্ত স্বপ্নভঙ্গ হয়েছে সাদিও মানের সেনেগালের। দুই গোল এগিয়ে থেকেও রাউন্ড অব ৩২ থেকেই বিদায় নিতে হয়েছে তেরেঙ্গা লায়নদের।
মাত্র আড়াই মিনিটের ঝড়ে বদলে যায় ম্যাচের চিত্র। ৮৫ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থাকা সেনেগালের বিপক্ষে বেলজিয়ামকে ম্যাচে ফেরান অভিজ্ঞ স্ট্রাইকার রোমেলো লুকাকু। ৩৩ বছর বয়সী এই ফুটবলারের গোলে ঘুরে দাঁড়ানোর শুরু। এরপর টিলাম্যানের সমতাসূচক গোল এবং অতিরিক্ত সময়ে পাওয়া বিতর্কিত পেনাল্টি থেকে করা জয়সূচক গোলে এবারের বিশ্বকাপের অন্যতম নাটকীয় প্রত্যাবর্তনের গল্প লিখেছে বেলজিয়াম।
অতিরিক্ত সময়ে সেনেগালের ডি-বক্সে ফাউলের শিকার হন বেলজিয়াম অধিনায়কের ইউরি টিলাম্যান। এরপর দীর্ঘ সময় ভিএআর পর্যালোচনা শেষে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। সেই সুযোগ কাজে লাগিয়ে ২-০ গোলে পিছিয়ে থাকা ম্যাচেই ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় বেলজিয়াম।
তবে ম্যাচের শুরুটা ছিল পুরোপুরি সেনেগালের দখলে। সিয়াটলে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে তেরেঙ্গা লায়নরা। ২৫ মিনিটে সাদিও মানের দারুণ এক ক্রস থেকে ইসমাইল সারের হেড পোস্টে লেগে ফিরে এলে রিবাউন্ডে বল জালে পাঠান হাবিব দিয়ারা। তাতেই ১-০ গোলে এগিয়ে যায় আফ্রিকার প্রতিনিধিরা। প্রথমার্ধে ব্যবধান আরও বাড়ানোর কয়েকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি সেনেগাল।
দ্বিতীয়ার্ধে স্কোরশিটে নাম লেখান ইসমাইল সার। দুর্দান্ত এক ফিনিশিংয়ে ব্যবধান ২-০ করেন তিনি। দুই গোলে পিছিয়ে পড়েও লড়াই চালিয়ে যায় বেলজিয়াম। পরিস্থিতি সামাল দিতে একের পর এক পরিবর্তন আনেন বেলজিয়ামের কোচ। মাঠ ছাড়েন অভিজ্ঞ কেভিন ডি ব্রুইনা ও জেরেমি ডকু। তবে এতেও সেনেগালের রক্ষণ ভাঙতে পারছিল না বেলজিয়াম। একসময় বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় পড়ে যায় রেড ডেভিলস।
শেষ পর্যন্ত দলের ত্রাতা হয়ে আসেন বদলি হিসেবে নামা রোমেলো লুকাকু। ৮৫ মিনিটে থমাস মুনিয়েরের অ্যাসিস্ট থেকে গোল করে বেলজিয়ামকে ম্যাচে ফেরান তিনি। তখনও হয়তো আসন্ন বিপদের আভাস পায়নি সেনেগাল। মাত্র তিন মিনিট পর আবারও তাদের রক্ষণ ভেঙে গোল করেন ইউরি টিলাম্যান। লিওনার্দো ট্রোসাডের বাড়ানো বলে ফাঁকায় হেড করে ম্যাচে সমতা ফেরান বেলজিয়াম অধিনায়ক। এরপর অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন টিলাম্যান। নাটকীয় এই জয়ে রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত করে বেলজিয়াম, আর ২-০ ব্যবধানে এগিয়েও বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় সেনেগালকে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জামালপুরে ঢাকাগামী আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে সুফিয়া বেগম নামে একটি নারীর মৃত্যু ঘটেছে।
এটি বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে জামালপুর রেলওয়ে স্টেশন এলাকার নিকটে ঘটে।
মৃত বৃদ্ধা সুফিয়া বেগম (৬০) ছিলেন জামালপুর শহরের ডাকাপাড়া এলাকার আব্দুল আজিজের স্ত্রী।
রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বুধবার রাত সাড়ে ৮টার সময় জামালপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন ঢাকাগামী আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক বৃদ্ধ নারীর মৃত্যু ঘটে। পিবিআইয়ের মাধ্যমে ওই নারীর আঙুলের ছাপ নিয়ে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। এ ব্যাপারে তার পরিবারকে অবহিত করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হচ্ছে।
নিহত বৃদ্ধার স্বামী আব্দুল আজিজ জানান, মাগরিবের নামাজে যাওয়ার সময় তিনি তার স্ত্রী সুফিয়া বেগমকে বাসার গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখেন। নামাজ শেষে বাসায় ফিরে স্ত্রীকে দীর্ঘ সময় না দেখে আত্মীয়-স্বজনদের বাসায় খোঁজ করা শুরু করেন। পরে রেলওয়ে থানার মাধ্যমে খবর পেয়ে তিনি স্ত্রীর মরদেহ শনাক্ত করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিশ্বকাপে ইকুয়েডরকে ২-০ গোলে হারানোর ফলে শেষ ষোলো নিশ্চিত করার পর, মেক্সিকোর রাজধানীতে উদযাপনের সময় পদদলিত হয়ে তিন জনের মৃত্যু ঘটে।
বুধবার (১ জুলাই) স্থানীয় কর্তৃপক্ষ এই প্রাণহানির তথ্য নিশ্চিত করে। নিহতদের মধ্যে রয়েছেন দুইজন পুরুষ এবং একজন নারী। তারা শ্বাসরোধে (অ্যাসফিক্সিয়া) মারা গেছেন।
মেক্সিকো সিটির গভর্নর ক্লারা ব্রুগাদা মোলিনা একটি বিবৃতিতে বলেছেন, ‘স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, মেক্সিকো সিটির জরুরি সেবা দল পাসেও দে লা রিফর্মা অ্যাভিনিউয়ের আশপাশে তিনজন অচেতন ব্যক্তির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সকল চিকিৎসা প্রোটোকল অনুসরণ করার পরও, দুঃখজনকভাবে তাদের জীবন রক্ষা করা সম্ভব হয়নি। আমরা নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে সব ধরনের সহায়তা এবং সমর্থন দিচ্ছি। তাদের স্বজনদের প্রতি আমার গভীর সমবেদনাও রইলো। আমরা সবার প্রতি আবারও আহ্বান জানাচ্ছি- দায়িত্বশীলতা, সতর্কতা এবং সহমর্মিতার সঙ্গে উদযাপন করুন।’
মেক্সিকো সিটির ঐতিহ্যবাহী পাসেও দে লা রিফর্মা অ্যাভিনিউতে হাজারো সমর্থক জড়ো হয়েছেন। এই সড়কটির দৈর্ঘ্য প্রায় ১২ কিলোমিটার এবং এটি দেশের বড় বড় সমাবেশ ও বিজয়ের উদযাপনের জন্য পরিচিত।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, উদযাপনের সময় কয়েকজন অচেতন হয়ে পড়ার খবর পেয়ে জরুরি সেবা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধার অভিযানে প্যারামেডিক, দমকলকর্মী, পুলিশ এবং সিভিল ডিফেন্সের সদস্যরা অংশ নেন।
৪৪ বছর বয়সী পুরুষ এবং ১৯ বছর বয়সী তরুণীর প্রাথমিকভাবে পাসেও দে লা রিফর্মা এলাকায় পুনরুজ্জীবিত (রিসাসিটেশন) করার চেষ্টা করা হয়। কিন্তু পরে হাসপাতালে নেওয়া হলে তাদের জীবন রক্ষা করা সম্ভব হয়নি।
অন্যদিকে, ৪৮ বছর বয়সী নারীকে জুয়ারেজ এলাকার বার্না স্ট্রিটে অচেতন অবস্থায় পাওয়া যায় এবং তাকে চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত তিনজনকেই তাদের পরিবার শনাক্ত করেছে।
মঙ্গলবার আজতেকা স্টেডিয়ামে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে মেক্সিকো শেষ ষোলোতে পৌঁছায়। এই জয়ের মাধ্যমে ৪০ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে প্রথমবারের মতো জয়ের অভিজ্ঞতা অর্জন করে স্বাগতিকরা। ম্যাচটি ৮০ হাজার ৮২৪ জন দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।
বিশ্বকাপে আজতেকা স্টেডিয়ামে এটিই হবে মেক্সিকোর শেষ ম্যাচ। শেষ ষোলোতে তারা ইংল্যান্ড অথবা কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী রোববার। পরবর্তীতে কোয়ার্টার ফাইনালে উঠতে পারলে, দলটি যুক্তরাষ্ট্রে গিয়ে তাদের পরবর্তী ম্যাচ খেলবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ