মোঃ নুর হোসাইন, স্টাফ করেসপন্ডেন্ট, নোয়াখালী
০৯:১৮ পি.এম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নরসিংদীর রায়পুরায় মামাবাড়িতে বেড়াতে এসে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে দীপু সরকার (১৭) নামের এক কিশোর। শনিবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হাইরমারা ইউনিয়নের মনিপুরা ঘাট এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিখোঁজ দীপু সরকার উপজেলার চান্দেকান্দি ইউনিয়নের দাইরেরপাড় এলাকার হান্নান সরকারের সন্তান এবং স্থানীয় আলহেরা আইডিয়াল একাডেমির দশম শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা যায়, দীপু তার মামাবাড়ি উপজেলার হাইরমারা ইউনিয়নের মামুদপুর গ্রামে বেড়াতে এসেছিল। শনিবার দুপুরে সে তিনজন সমবয়সী কিশোরের সঙ্গে মনিপুরা ঘাটে মেঘনা নদীতে গোসল ও সাঁতার কাটতে নামে। কিন্তু একপর্যায়ে নদীর প্রবল স্রোতে তলিয়ে যায় দীপু।
সঙ্গে থাকা অন্যান্য কিশোররা বিষয়টি স্থানীয়দের জানালে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে কিশোরগঞ্জের ভৈরব ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করে। তবে দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও দীপু সরকারের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে অভিযান সমাপ্ত ঘোষণা করে ডুবুরি দল ফিরে গেছে।
চান্দেরকান্দি এলাকার মাসুম রানা জানান, দীপু অন্য কিশোরদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নেমেছিল। এ সময় সে সাঁতরে একটি বাঁশের সাঁকো কাছে পৌঁছায়। সেখান থেকে পুনরায় সাঁতরে ঘাটে ফিরে আসার সময় স্রোতে তলিয়ে যায়। ডুবুরি অভিযান চালিয়েও দীপুর সন্ধান পাওয়া যায়নি। আগামীকাল আবারও উদ্ধার অভিযান চালানো হবে।
হাইরমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বলেন, ‘মামাবাড়িতে বেড়াতে এসে অন্যান্য ছেলেদের সঙ্গে মনিপুরা ঘাটে গোসল করতে নেমে দীপু নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও তার কোনো সন্ধান পায়নি।’
এদিকে, গত দুই দিনে নরসিংদীর রায়পুরা উপজেলার পানিতে ডুবে মোট ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা এলাকায় চার মাদরাসা শিক্ষার্থী এবং শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর এলাকায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
একের পর এক পানিতে ডুবে প্রাণহানির ঘটনার কারণে উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গত ২৪ ঘণ্টায় বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে একাধিক ভূমিকম্পের ঘটনা রেকর্ড করা হয়েছে। আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালীটি আঘাত হানতে সক্ষম হয়েছিল মেক্সিকোতে, যার মাত্রা ছিল ৭ দশমিক ৩।
তথ্যের ভিত্তিতে, গত এক দিনে বিশ্বের অর্ধশতাধিক দেশের মধ্যে ২.০ বা তার বেশি মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়েছে। মেক্সিকোর সাথে ফিলিপাইনে সর্বাধিক ৫.৩, ইয়েমেনে ৫.৩, নিউজিল্যান্ডে ৫.২, সলোমন দ্বীপপুঞ্জে ৫.১ এবং তুরস্কে ৫.০ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।
এছাড়াও, যুক্তরাষ্ট্র, জাপান, ইন্দোনেশিয়া, আলাস্কা, ভানুয়াতু, ভার্জিন দ্বীপপুঞ্জসহ আরও বেশ কয়েকটি দেশ ও অঞ্চলে সঙ্কীর্ণ বা মাঝারি মাত্রার একাধিক ভূমিকম্প সংঘটিত হয়েছে। ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলোর মতে, অধিকাংশ ভূমিকম্পের মাত্রা তুলনামূলকভাবে কম হওয়ার জন্য কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি। তবে যেসব স্থানে শক্তিশালী ভূমিকম্প ঘটে সেসব এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সতর্কতা জারি করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইরান সম্প্রতি তেহরানের কেন্দ্রে একটি নতুন ব্যানার উপস্থাপন করেছে, যেখানে মার্কিন পতাকায় মোড়ানো একটি কফিনের উপরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার পরিবারের সকল সদস্যের ছবি রয়েছে।
ব্যানারটির পটভূমিতে দেখা যাচ্ছে, হোয়াইট হাউসের আগুন জ্বলছে এবং এতে মার্কিন প্রেসিডেন্টের পাশাপাশি ট্রাম্পের পাঁচ সন্তান—ইভাঙ্কা, ডন জুনিয়র, এরিক, টিফানি ও ব্যারন ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের ছবি দেখানো হয়েছে।
ব্যানারটিতে ফারসি ভাষায় ‘রক্তের বদলে রক্ত’ স্লোগানটি লেখা আছে এবং এটি দ্বিতীয়বারের মতো, যখন ইরান একটি বিলবোর্ডের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টকে হুমকি দিয়েছে।
ইরান এর আগেও তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত এঙ্গেলাব স্কোয়ারে আরেকটি বিলবোর্ড স্থাপন করেছিল, যেখানে মার্কিন প্রেসিডেন্টকে একটি কফিনে শায়িত অবস্থায় দেখানো হয়েছিল।
ইরান দীর্ঘদিন ধরে রাজনৈতিক যোগাযোগের মাধ্যম হিসেবে জনপরিসর ব্যবহার করে আসছে। তবে ফেব্রুয়ারির শেষের দিকে মার্কিন-ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে, ইসলামী প্রজাতন্ত্রটির বৃহত্তর দৃশ্যমান যোগাযোগ কৌশলের অংশ হিসেবে তেহরানের সবচেয়ে ব্যস্ততম এবং দৃশ্যমান কিছু অংশে বিপ্লবী চিত্র, যুদ্ধ স্মারক এবং আদর্শিক বার্তা সম্বলিত বিশাল বিলবোর্ড স্থাপন করা হয়েছে।
বিলবোর্ডটিতে একটি খোলা কালো কফিন থেকে ট্রাম্পের দেহ উঁকি দিতে দেখা যাচ্ছে। ছবিতে তার চুল অগোছালো, চোখ ও মুখ বন্ধ এবং স্ফীত উদরের ওপর রাখা একটি লাল টাইয়ের ওপর তার দুটি হাত রয়েছে। কফিনের একেবারে শেষ প্রান্তে তার পা দুটি সোজা ওপরের দিকে নির্দেশ করছে।
তেহরানের ভ্যালিয়াসর স্কয়ারের বিশাল ম্যুরালগুলো ডিজাইন করেছে ওজ আর্টস অ্যান্ড মিডিয়া অর্গানাইজেশন, যা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের সঙ্গে যুক্ত একটি সংস্থার সাথে সংশ্লিষ্ট।
গত সপ্তাহে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ঘোষণা করেছেন যে, তার বাবার হত্যার প্রতিশোধ ‘অবশ্যই নেয়া হবে’ এবং অপরাধীরা ‘শান্তিতে নিজেদের বিছানায়’ মরবে না।
সম্প্রতি, সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ডের পর ইরানের নেতারা এবং রাষ্ট্রীয় গণমাধ্যম বারবার প্রতিশোধ নেয়ার আহ্বান জানাচ্ছে।
তিনি তার টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন, ‘এই প্রতিশোধ আমাদের জাতির দাবি, এবং তা অবশ্যই নেয়া হবে। এই অপরাধীরা—যাদের নাম উপর থেকে নিচ পর্যন্ত সবাই জানে—শান্তিতে নিজেদের বিছানায় মরার অপূর্ণ ইচ্ছা নিয়ে কবরে যাবে। তাদের অবশ্যই বুঝতে হবে যে, এটি আমার ব্যক্তিগত উপস্থিতি বা অন্য কোনো কর্মকর্তার উপস্থিতির উপর নির্ভর করে না।’
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট গত সপ্তাহে বলেছেন যে, ইসলামিক প্রজাতন্ত্র যদি তাকে হত্যা করতে সক্ষম হয়, তবে তিনি কর্মকর্তাদের ইরানের ওপর ব্যাপক বোমাবর্ষণ করার নির্দেশ দিয়েছেন।
নিউইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি দীর্ঘদিন ধরেই ইরানের ‘তালিকায়’ রয়েছেন।
তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন ধরেই তাদের তালিকায় আছি। আমরা এই বিষয়টি নিয়েই কাজ করছি... একমাত্র বিষয় হলো, আমি নির্দেশ দিয়ে রেখেছি, যদি কিছু ঘটে, তবে আক্ষরিক অর্থেই তাদের ওপর এমন মাত্রায় বোমাবর্ষণ করতে হবে যা তারা আগে কখনো দেখেনি।’
সূত্র: এনডিটিভি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নৌপথে দুর্বৃত্তদের হামলায় আলী আহমদ নামে একজন জেলে নিহত হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাতে এই ঘটনা ঘটেছে।
নিহত আলী আহমদ ছিলেন উপজেলার সোলামুড়া এলাকার চর ইসলামপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন জেলে ছিলেন।
স্বজনদের অভিযোগ, গত কিছুদিন ধরে একদল দুর্বৃত্ত গভীর রাতে নৌপথে চলাফেরা করছিল। গত বৃহস্পতিবার রাতে যখন তাদের পরিচয় জানতে চাওয়া হয়, আলী আহমদ আশপাশের অন্যান্য জেলেদের ডাক দেন। তখন ডাকাতেরা সেই স্থান থেকে চলে যায়। পরে, গত রাতেও ওই দুর্বৃত্তদল আবারও এলাকায় উপস্থিত হয়। এ সময়ে আলী আহমদ ও তার ছেলে নদীতে মাছ ধরছিলেন। অভিযোগ রয়েছে, দুর্বৃত্তরা প্রথমে এসে তার ছেলেকে বেঁধে মারধর করে এবং পরে আলী আহমদের মাথায় আঘাত করে তাকে পানিতে ফেলে দেয়। এতে আলী আহমদের মৃত্যু ঘটে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানিয়েছেন, আজ শনিবার (১৮ জুলাই) দুপুর ২টা নাগাদ পানিতে একটি মরদেহ ভাসছে বলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এবং মামলার প্রস্তুতি চলছে।
এদিকে, এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ