০৯:১৯ পি.এম
নরসিংদীর রায়পুরায় মামাবাড়িতে বেড়াতে এসে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে দীপু সরকার (১৭) নামের এক কিশোর। শনিবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হাইরমারা ইউনিয়নের মনিপুরা ঘাট এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিখোঁজ দীপু সরকার উপজেলার চান্দেকান্দি ইউনিয়নের দাইরেরপাড় এলাকার হান্নান সরকারের সন্তান এবং স্থানীয় আলহেরা আইডিয়াল একাডেমির দশম শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা যায়, দীপু তার মামাবাড়ি উপজেলার হাইরমারা ইউনিয়নের মামুদপুর গ্রামে বেড়াতে এসেছিল। শনিবার দুপুরে সে তিনজন সমবয়সী কিশোরের সঙ্গে মনিপুরা ঘাটে মেঘনা নদীতে গোসল ও সাঁতার কাটতে নামে। কিন্তু একপর্যায়ে নদীর প্রবল স্রোতে তলিয়ে যায় দীপু।
সঙ্গে থাকা অন্যান্য কিশোররা বিষয়টি স্থানীয়দের জানালে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে কিশোরগঞ্জের ভৈরব ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করে। তবে দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও দীপু সরকারের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে অভিযান সমাপ্ত ঘোষণা করে ডুবুরি দল ফিরে গেছে।
আরও পড়ুন: রাজশাহী নগরীতে চোরাই ল্যাপটপ ও একডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২
চান্দেরকান্দি এলাকার মাসুম রানা জানান, দীপু অন্য কিশোরদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নেমেছিল। এ সময় সে সাঁতরে একটি বাঁশের সাঁকো কাছে পৌঁছায়। সেখান থেকে পুনরায় সাঁতরে ঘাটে ফিরে আসার সময় স্রোতে তলিয়ে যায়। ডুবুরি অভিযান চালিয়েও দীপুর সন্ধান পাওয়া যায়নি। আগামীকাল আবারও উদ্ধার অভিযান চালানো হবে।
হাইরমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বলেন, ‘মামাবাড়িতে বেড়াতে এসে অন্যান্য ছেলেদের সঙ্গে মনিপুরা ঘাটে গোসল করতে নেমে দীপু নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও তার কোনো সন্ধান পায়নি।’
এদিকে, গত দুই দিনে নরসিংদীর রায়পুরা উপজেলার পানিতে ডুবে মোট ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা এলাকায় চার মাদরাসা শিক্ষার্থী এবং শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর এলাকায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
একের পর এক পানিতে ডুবে প্রাণহানির ঘটনার কারণে উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
আরও পড়ুন: রাজশাহীতে মাদক কারবারি সহ গ্রেপ্তার ৩৩
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন