মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
০৬:১৭ পি.এম
চট্টগ্রামের খুলশী থানার একটি হত্যা মামলার প্রেক্ষিতে শীর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার ওয়াকিল হোসেন বগাকে আদালত তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন। মঙ্গলবার আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
মঙ্গলবার কঠোর নিরাপত্তার মধ্যে তাকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা আসামির বিরুদ্ধে ১০ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিদুল ইসলাম তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।
এমই
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সাতক্ষীরা, ১০ নভেম্বর, ২০২৬ : জেলার বিভিন্ন সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে গত ১ সেপ্টেম্বর থেকে আজ পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোট ৮২ কোটি ৩৫ লাখ টাকার বেশি মূল্যের মাদক ও বিভিন্ন পণ্য জব্দ করেছে। একই সময়ে এসব ঘটনার জন্য ১৫২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় শ্যামনগর উপজেলার নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়ন আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য তুলে ধরেন, ১৭ বিজিবি অধিনায়ক লে. কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, অভিযানের অংশ হিসেবে ৪ হাজার ৭শ’ ৬২ বোতল মদ, ৩.১৩ কেজি হেরোইন, ৬৪ হাজার ৩১ পিস ইয়াবা, ৩১ হাজার ১৬ বোতল ফেনসিডিল এবং ২শ’ ৪০ গ্রাম গাঁজাসহ মোট ৫১ কোটি ৯৮ লাখ টাকার বেশি মূল্যের মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
এছাড়া, চোরাচালানবিরোধী অভিযানে ৩০ কোটি ৩৮ লাখ টাকার বেশি মূল্যের বিভিন্ন পণ্যও জব্দ করা হয়েছে। এর মধ্যে ৯ কেজি স্বর্ণ, ৫টি অস্ত্র এবং ৬ রাউন্ড গুলি অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়া জানানো হয়, যশোর রিজিয়নের দায়িত্বপূর্ণ ৬শ’ কিলোমিটার সীমান্ত এলাকায় দুটি সেক্টরের অধীনে সাতটি ইউনিটের ১১৩টি বিওপি কার্যক্রম পরিচালনা করছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে প্রতিদিন ৪৫২টি টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার, পুশইন ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে নজরদারি জোরদারের পাশাপাশি স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে বিজিবি।
নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ বাসসকে জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ সংরক্ষণে বিজিবি বদ্ধপরিকর। মাদক, অস্ত্র চোরাচালান ও মানবপাচার প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১০ নভেম্বর ২০২৬ : বোর্নমাউথের ডিফেন্ডার জেমস হিল ইংল্যান্ড জাতীয় দলে প্রথমবার ডাক পেয়েছেন, যা ক্রোয়েশিয়া ও স্পেনের বিপক্ষে আসন্ন নেশন্স লিগের ম্যাচের জন্য।
ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে, বৃহস্পতিবার ওয়েম্বলিতে, সেন্টার-ব্যাক মার্ক গেহি ও এজরি কনসা দলের বাইরে চলে যাওয়ার কারণে থমাস টাচেলের দলে হিলকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
গেহি শনিবার নটিংহ্যাম ফরেস্টের বিরুদ্ধে ম্যানচেস্টার সিটির প্রিমিয়ার লিগের ম্যাচে আঘাত পেয়ে দল থেকে নাম প্রত্যাহার করেন।
এর আগে, সোমবার নিউক্যাসলের ডিফেন্ডার ড্যান বার্নকে দলে ডাকা হয়েছিল। অন্যদিকে, আর্সেনালের তারকা কনসা তার নিজস্ব ফিটনেস কর্মসূচি অনুসরণ করায় ওয়েম্বলিতে স্লাভেন বিলিচের দলের বিপক্ষে খেলতে পারবেন না।
তবে, আগামী রোববার মাদ্রিদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ম্যাচের জন্য কনসার ফিটনেস ফিরে আসার আশা করা হচ্ছে।
এই মৌসুমে তুলনামূলকভাবে কম পরিচিত হিল দ্রুত উন্নতি করেছেন। বোর্নমাউথের হয়ে ১৫ ম্যাচ খেলে ২৪ বছর বয়সী এই ডিফেন্ডার টাচেলের নজর কেড়েছেন।
ইংল্যান্ডের সেন্ট্রাল ডিফেন্সে জায়গা পাওয়ার জন্য হিলের প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বার্ন, জ্যারেল কুয়ানসাহ এবং জেরাড ব্র্যাথওয়েট।
মঙ্গলবার ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) এক বিবৃতিতে জানায়, “বোর্নমাউথের ডিফেন্ডার জেমস হিল প্রথমবারের মতো ইংল্যান্ড জাতীয় দলে ডাক পেয়েছেন।”
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-২১ পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করা ২৪ বছর বয়সী এই খেলোয়াড় আসন্ন নেশন্স লিগের ম্যাচের জন্য ইংল্যান্ড দলের সঙ্গে যোগ দিয়েছেন।”
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শেরপুরের নকলায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের ফ্রন্ট লাইন স্টাফদের আন্ত:ব্যাক্তিক যোগাযোগ, কমিউনিটি এনগেজমেন্ট ও নেটওয়ার্ক সদস্য নিয়ে এমএনসিএএইচ বিষয়ে দুইদিন ব্যাপি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার ও মঙ্গলবার দিনব্যাপি এই প্রশিক্ষণ চলে।
প্রশিক্ষণ শেষে মঙ্গলবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় স্বাবলম্বী উন্নয়ন সমিতি এক সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা।
স্বাবলম্বী উন্নয়ন সমিতির নকলা উপজেলা শাখার সমন্বয়কারী নার্গিস আক্তার ও সিএফ কামরান হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রবাল সরকার পার্থ ও মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. মালিহা নুঝাত প্রমুখ। প্রশিক্ষনে ফ্যাসিলিটেটর হিসেবে উপস্থিত ছিলেন মেডিক্যাল অফিসার ডা. খন্দকার তানভীরুল ইসলাম ও ইউনিসেফ বাংলাদেশের কনসালট্যান্ট ডা. নাজমুল হক চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. তুনাজ্জিনা শাহারিন, ডিস্ট্রিক্ট এসআরএইচআর কোঅর্ডিনেটর, ডিজি এইচএস-ইউএনএফপিএ এবং এসবিসির প্রকল্প সমন্বয়কারী সঞ্জয় সরকার ও প্রশিক্ষণ কর্মকর্তা মো. আলমগীর প্রমুখ।
দুই দিনের এই প্রশিক্ষণে উপজেলা স্বাস্থ্য বিভাগে কর্মরত স্বাস্থ্য পরিদর্শক, সহকারী পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোপাইটার (সিএইচসিপি), পরিবার পরিকল্পনা বিভাগের পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীসহ মোট ৩০ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহন করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরগুনার আমতলীতে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মাজেদুল ইসলাম মঞ্জুকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া মাজেদুল ইসলাম মঞ্জু আমতলী উপজেলার পূর্ব চিলা গ্রামের আবদুস সালামের পুত্র।
আমতলী থানা-পুলিশের সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের ফতুল্লা থানার একটি হত্যা মামলার রায়ে আদালত মাজেদুল ইসলাম মঞ্জুকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে। অর্থদণ্ডের অনাদায়ে তাকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দেওয়া হয়।
দীর্ঘ সময় ধরে সাজাপ্রাপ্ত আসামি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার আমতলী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাইনুল ইসলাম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন জানান, সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
এমই
তালাশ বিডি/মিডিয়া লিঃ