০৪:১২ পি.এম
তালেবান সরকার আফগানিস্তানের ওয়াখান করিডোর থেকে চীনের সীমান্ত পর্যন্ত সড়ক নির্মাণ সম্পন্ন করেছে। সড়কটির উদ্বোধন ৪ অক্টোবর অনুষ্ঠিত হলেও, চীনের সঙ্গে এখনো কোনো বাণিজ্যিক সীমান্তপথ চালু হয়নি। ওয়াখজির গিরিপথ, যা প্রায় চার হাজার ৯০০ মিটার উচ্চতায় অবস্থিত, বছরের অন্তত পাঁচ মাস বরফে বন্ধ থাকে। এই পথে আনুষ্ঠানিক সীমান্ত তল্লাশিচৌকিও নেই।
আফগানিস্তানের গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়ন মন্ত্রণালয় জানায়, দুই ধাপে ৩৬ কোটি ৫০ লাখ আফগানি ব্যয়ে সড়কটি নির্মাণ করা হয়েছে। তবে এটি মূলত একটি কাঁচা সড়ক, যা নুড়ি-পাথর বিছানো। প্রকল্পে চীনের অর্থায়নের কোনো তথ্য নেই।
ওয়াখান করিডোরের দৈর্ঘ্য প্রায় ৩৫০ কিলোমিটার এবং এটি আফগানিস্তানের বাদাখশান প্রদেশের একটি দুর্গম এলাকা। এর উত্তরে তাজিকিস্তান, দক্ষিণে পাকিস্তান এবং পূর্বে চীন অবস্থিত। উনিশ শতকে ব্রিটিশ ও রুশ সাম্রাজ্যের ভূরাজনৈতিক প্রতিযোগিতার কারণে এই অঞ্চলের বর্তমান সীমানা নির্ধারণ করা হয়। আফগানিস্তান ও চীনের সীমান্ত ১৯৬৩ সালে চূড়ান্ত হয়।
আরও পড়ুন: শর্ত না মানলে আইএইএকে পরমাণু স্থাপনায় প্রবেশের অনুমতি দেবে না ইরান
২০০৯ সালে প্রথমবারের মতো ওয়াখান করিডোর দিয়ে সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু দুর্গম ভূপ্রকৃতি ও নিরাপত্তার কারণে প্রকল্পটি এগোয়নি। ২০১৯ সালে আফগানিস্তান সড়ক নির্মাণ শুরু করলেও, ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর কাজটি স্থগিত হয়ে যায়। ২০২৩ সালের সেপ্টেম্বরে তালেবান সরকার আবার নির্মাণকাজ শুরু করে এবং ২০২৫ সালের মার্চে ৭১ কিলোমিটার সড়কের দ্বিতীয় পর্যায়ের কাজের চুক্তি হয়।
তালেবান সরকারের উদ্দেশ্য হলো ওয়াখান করিডোরকে চীন ও মধ্য এশিয়ার সঙ্গে বাণিজ্যিক যোগাযোগের নতুন পথ হিসেবে গড়ে তোলা। এর মাধ্যমে কাবুল পাকিস্তানের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প বাণিজ্যপথ তৈরি করতে চায়।
তবে চীনের কাছে নিরাপত্তার বিষয়টি অর্থনৈতিক সম্ভাবনার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে চীনের জিনজিয়াং অঞ্চলে উইঘুর সশস্ত্র গোষ্ঠীর অনুপ্রবেশ ঠেকানো এবং সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে চায় বেইজিং। ২০২৫ সালের আগস্টে কাবুল সফরে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ওয়াখান করিডোরে দুই দেশের যৌথ সীমান্ত টহল পুনরায় শুরুর ওপর গুরুত্ব দেন। তিনি পূর্ব তুর্কিস্তান ইসলামিক মুভমেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তালেবান সরকারের প্রতি আহ্বান জানান।
আফগানিস্তানের কর্মকর্তাদের দাবি, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে তালেবান সক্ষম। তবে চীনের পক্ষ থেকে বাণিজ্যের জন্য সীমান্ত খুলে দেওয়ার কোনো সময়সীমা ঘোষণা করা হয়নি।
আরও পড়ুন: আইজেনকটের আরব সংখ্যালঘুদের প্রতি সম্মান দেখানোর আহ্বান
ওয়াখান করিডোর নিয়ে পাকিস্তান ও ইরানের কৌশলগত আগ্রহ রয়েছে। আফগানিস্তান পাকিস্তানের ওপর নির্ভরতা কমাতে চায়। অন্যদিকে, ইরানও আফগানিস্তানের মধ্য দিয়ে চীনের সঙ্গে সড়ক ও রেল যোগাযোগ প্রতিষ্ঠার সম্ভাবনাকে গুরুত্ব দিচ্ছে। তবে বেইজিং এখনো পাকিস্তান-চীন অর্থনৈতিক করিডর সম্প্রসারণের বিষয়েই বেশি আগ্রহ দেখাচ্ছে।
এদিকে বাদাখশান প্রদেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ রয়েছে। সাম্প্রতিক সময়ে তালেবানবিরোধী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট কয়েকটি হামলার দায় স্বীকার করেছে। ফলে নতুন সড়কটির নিরাপত্তা ও ভবিষ্যৎ কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।
বিশ্লেষকদের মতে, ওয়াখান করিডোর চালু হলে দক্ষিণ, পূর্ব ও মধ্য এশিয়ার মধ্যে নতুন বাণিজ্যিক সংযোগ তৈরি হতে পারে। ভবিষ্যতে রেলপথ নির্মাণের সম্ভাবনাও রয়েছে। তবে চীনের নিরাপত্তা উদ্বেগ, আঞ্চলিক ভূরাজনৈতিক প্রতিযোগিতা এবং আফগানিস্তানের অভ্যন্তরীণ অস্থিরতা কাটিয়ে সীমান্ত বাণিজ্য চালু করাই এখন বড় চ্যালেঞ্জ।
সূত্র: আলজাজিরা
আরও পড়ুন: ইরান জব্দ করা মার্কিন অস্ত্রের প্রযুক্তি ব্যবহার করছে
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন