ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

মার্কিন বিমানবাহী রণতরীর পরিস্থিতি নিয়ে উদ্বেগ উড়িয়ে দিলেন ট্রাম্প


মার্কিন বিমানবাহী রণতরীর পরিস্থিতি নিয়ে উদ্বেগ উড়িয়ে দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন-এ সেনাসদস্যদের জীবনযাত্রার পরিস্থিতি ও মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ উড়িয়ে দিয়েছেন। তবে এই প্রসঙ্গে তিনি উল্লেখ করেছেন যে, রণতরীটি শিগগিরই প্রত্যাহার করা হবে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

শুক্রবার সাংবাদিকরা ট্রাম্পের কাছে জানতে চান, লিংকনে থাকা সেনাসদস্যদের পরিবারের সদস্যরা জাহাজটির পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কি না। জবাবে ট্রাম্প বলেন, ‘না, তারা উদ্বিগ্ন নয়।’

আরও পড়ুন: সৌদির ৪ অঞ্চলে ভারী বৃষ্টির কারণে রেড অ্যালার্ট জারি

তিনি বলেন, নয় মাস ধরে সমুদ্রে থাকা জাহাজটিকে এত দীর্ঘ সময় মোতায়েন রাখা হয়েছেÑএমন ধারণাও নাকচ করেছেন। ট্রাম্প স্পষ্ট করেছেন, ‘না, না, নাÑএটা মোটেও যথেষ্ট দীর্ঘ সময় নয়।’

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অচলাবস্থা চলার মধ্যে আরেকটি বিমানবাহী রণতরী দিয়ে লিংকনকে প্রত্যাহার করার খবর নিশ্চিত করেন ট্রাম্প।

তিনি বলেন, ‘জাহাজটি এখনই, অথবা খুব শিগগিরই রওনা হচ্ছে এবং এর জায়গায় একই ধরনের আরেকটি জাহাজ আসছে।’

মার্কিন সংবাদমাধ্যম ও সামরিকবিষয়ক বিশেষায়িত প্রকাশনাগুলোতে লিংকনে থাকা সেনাসদস্যদের পরিবারের একাধিক সদস্যের বক্তব্য প্রকাশিত হয়েছে। তাদের দাবি, জাহাজটির জীবনযাত্রার পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে এবং কয়েকটি আত্মহত্যার চেষ্টার খবরও প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন: রাজবাড়ীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহতের ঘটনায় মামলা দায়ের

ভারপ্রাপ্ত নৌমন্ত্রী হাং কাও এক বিবৃতিতে বলেন, ‘অল্পসংখ্যক মানসিক স্বাস্থ্যজনিত সমস্যার চিকিৎসা দেওয়া হয়েছে, তবে কোনো প্রাণহানি ঘটেনি।’ একই সঙ্গে তিনি সংবাদমাধ্যমের বিরুদ্ধে ‘আমাদের যোদ্ধাদের ভুক্তভোগী হিসেবে তুলে ধরার চেষ্টা’ করার অভিযোগ করেন।

ডেমোক্র্যাট আইনপ্রণেতারা বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন।

পারমাণবিক শক্তিচালিত বিশাল এই রণতরীটি ২০২৫ সালের নভেম্বরে ক্যালিফোর্নিয়া থেকে দক্ষিণ চীন সাগরে দায়িত্ব পালনের জন্য যাত্রা করে। পরে ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসোরাইলি হামলার আগে এটিকে মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হয়।

সেন্টার ফর নেভাল অ্যানালাইসিসের প্রধান গবেষণা কর্মকর্তা জোনাথন শ্রোডেন এএফপিকে বলেন, নাবিকদের কল্যাণসহ বিভিন্ন কারণে সাধারণত বিমানবাহী রণতরীর যুদ্ধদলকে ছয় মাসের জন্য মোতায়েনের পরিকল্পনা করা হয়।

আরও পড়ুন: কাসগঞ্জে সন্তানকে দুই লাখে বিক্রি করে অপহরণের নাটক সাজালেন নারী

পারিবারিক অভিযোগ নিয়ে গণমাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা ট্রাম্পের জন্য নতুন একটি অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করছে। কারণ, এরই মধ্যে অজনপ্রিয় হয়ে ওঠা এই যুদ্ধের পক্ষে জনসমর্থন আদায়ের চেষ্টা করতে গিয়ে তাঁকে নতুন চাপও সামলাতে হচ্ছে।

২০২৪ সালে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সময় ট্রাম্পের অন্যতম প্রতিশ্রুতি ছিল, তিনি যুক্তরাষ্ট্রকে তথাকথিত মধ্যপ্রাচ্যের ‘চিরস্থায়ী যুদ্ধের’ মধ্যে জড়াবেন না। তবে ইরানের সঙ্গে চলমান সংঘাত তাঁর জনপ্রিয়তায় নেতিবাচক প্রভাব ফেলেছে এবং এর ফলে জনমত জরিপে তাঁর সমর্থনও কমেছে।

নাবিকদের পরিবারের সদস্যদের বক্তব্য থেকে জানা গেছে, দুজন নাবিক জাহাজ থেকে সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছিলেন। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ৩ আগস্ট সমুদ্রে পড়ে যাওয়া এক নাবিককে উদ্ধার করা হয়েছে।

লিংকনে বর্তমানে পাঁচজন ধর্মীয় পরামর্শক, একজন মনোবিজ্ঞানী, একজন সমাজকর্মী, একজন ‘প্রিভেনশন কো-অর্ডিনেটর’ এবং ‘ক্যাপ্টেন ফ্যাথম’ নামে একটি কুকুর রয়েছে। তাদের কাজ হলো নাবিকদের মনোবল ও সার্বিক কল্যাণে সহায়তা করা।

আরও পড়ুন: মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা হবে না: ট্রাম্পের ঘোষণা

হাং কাও বলেন, ‘মিশনের প্রয়োজনেই লিংকের দায়িত্বের মেয়াদ বাড়ানো হয়েছিল। আমাদের সাফল্য নির্ভর করে আমরা কীভাবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিই, তার ওপর।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুয়ার আসর থেকে হাতেনাতে আটক ৭ জুয়াড়ি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৩৬ পি.এম


জুয়ার আসর থেকে হাতেনাতে আটক ৭ জুয়াড়ি

গাজীপুরের কালিয়াকৈরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭ জন জুয়াড়িকে পুলিশ আটক করেছে।

শনিবার (১৫ আগস্ট) ভোরে উপজেলার টান কালিয়াকৈর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

পুলিশ জানায়, নাইম, এরশাদ, শহিদুল, জালাল, আজিজুল, এরশাদুল এবং আকাশ বেশ কিছুদিন ধরে ওই এলাকায় নগদ টাকা দিয়ে তাসের মাধ্যমে জুয়া খেলা চালাচ্ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শনিবার সকালে অভিযান চালায়। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ তাদের আটক করা হয়।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান জানান, খবর পেয়ে ৭ জন জুয়াড়িকে আটক করা হয়েছে। তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানুষের সেবায় কাজ করে যাচ্ছে ‘মাস্তুল ফাউন্ডেশন’: ভূমিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৩৭ পি.এম


মানুষের সেবায় কাজ করে যাচ্ছে ‘মাস্তুল ফাউন্ডেশন’: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগগুলোকে স্বাগত জানানোর পাশাপাশি তাদের মানুষের সেবায় নিরবচ্ছিন্নভাবে কাজ করার জন্য ভূয়সী প্রশংসা করেছেন।

আজ শনিবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী মহানগরীর হজের মোড়ে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এই প্রতিষ্ঠানটির কাজ কেবল টিউবওয়েল বা সেলাই মেশিন বিতরণে সীমাবদ্ধ নয়, বরং তারা যেকোনো প্রাকৃতিক দুর্যোগে বিভিন্ন সেবা নিয়ে মানুষের পাশে দাঁড়ায়। বিশেষ করে আন্তর্জাতিক ক্ষেত্রেও মাস্তুল ফাউন্ডেশনের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। গাজা ও ফিলিস্তিনে নির্যাতিত মুসলিমদের সাহায্যে এই ফাউন্ডেশন সুষম খাদ্য, ওষুধ এবং আর্থিক সহযোগিতা প্রদান করছে।

রাজশাহীতে বিশুদ্ধ পানি সরবরাহে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী হওয়ায় তিনি স্থানীয় দায়িত্বশীল এবং স্বেচ্ছাসেবকদের স্বচ্ছতার সাথে এই ত্রাণ সামগ্রী বিতরণের নির্দেশনা দেন।

এসময়, মন্ত্রী নিজের কারাগারের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, কারাগারে থাকাকালীন আমি পানির কষ্ট অনুভব করেছি। সেই অভিজ্ঞতা আমাকে সবসময় মানুষের জন্য বিশুদ্ধ পানির সুব্যবস্থা করতে সচেষ্ট হতে উদ্বুদ্ধ করেছে।

মন্ত্রী আরও বলেন, সৎ, দক্ষ এবং অভিজ্ঞ ব্যক্তির পরিচালনায় মাস্তুল ফাউন্ডেশন সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।

তিনি রাজশাহীর শান্তি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং এলাকার উন্নয়ন ও সেবামূলক কাজে দলমত নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাস্তুল ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ আকমল হোসেন আজাদ, রাজশাহী লায়ন্স ক্লাবের সভাপতি মো. ইফতিয়ার মাহমুদ বাবুসহ মাস্তুল ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

অনুষ্ঠানের শেষে, মাস্তুল ফাউন্ডেশনের পক্ষ থেকে ২২টি টিউবওয়েল এবং একটি সেলাই মেশিন উপকারভোগীদের হাতে বিতরণ করা হয়, যা প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে সহায়ক হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটের সাদাপাথরে গোসলে নেমে পর্যটকের মর্মান্তিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৩৯ পি.এম


সিলেটের সাদাপাথরে গোসলে নেমে পর্যটকের মর্মান্তিক মৃত্যু

সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথরে গোসলে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। মৃত পর্যটকের নাম মাইনুল ইসলাম রিফাত (২১)। ১৫ আগস্ট শনিবার, দুপুর ১২টার দিকে এই ঘটনাটি ঘটে।

মৃত রিফাত ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়েশ্বর গ্রামের হাতিম মিয়ার ছেলে ছিলেন। তিনি নবীনগর সরকারি কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

রিফাতের বন্ধু আরিয়ান মুন্সী জানান, চার বন্ধু মিলে ব্রাহ্মণবাড়িয়া থেকে সাদাপাথরে বেড়াতে আসেন। তারা শনিবার সকাল ১১টার দিকে সাদাপাথর পর্যটন কেন্দ্রে গোসল করার জন্য নামেন।

কিছুক্ষণ পরে, রিফাতকে অচেতন অবস্থায় পাওয়া যায়। সঙ্গে সঙ্গে তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ওসি উছমান গনি বলেন, ‘সাদাপাথর বেড়াতে এসে একজন পর্যটকের মৃত্যু হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউজিসির আপত্তির মুখে পদোন্নতি, সেই অভিজ্ঞতায় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদে আবেদনের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

বেরোবি প্রতিনিধি

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৪২ পি.এম


ইউজিসির আপত্তির মুখে পদোন্নতি, সেই অভিজ্ঞতায় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদে আবেদনের অভিযোগ

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আপত্তি ও নির্দেশনা অমান্য করে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অতিরিক্ত রেজিস্ট্রার/সমমান চতুর্থ গ্রেডের পদে পদোন্নতি নেওয়ার অভিযোগ উঠেছে একাধিক কর্মকর্তার বিরুদ্ধে। এবার নিয়মবহির্ভূত ওই পদে পাওয়া অভিজ্ঞতার সনদ ব্যবহার করে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদে আবেদন করার অভিযোগ উঠেছে বেরোবির সংস্থাপন শাখার প্রধান ও অতিরিক্ত রেজিস্টার ড. জিয়াউল হকের বিরুদ্ধে। তবে ড. জিয়াউল হক জানিয়েছেন, তিনি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার নয়, ডেপুটি রেজিস্ট্রার পদে আবেদন করেছেন।

নথিপত্র অনুযায়ী, ২০২৪ সালের ৩০ জুন ড. জিয়াউল হক অতিরিক্ত রেজিস্ট্রার/সমমান চতুর্থ গ্রেডের পদে পদোন্নতি পান। এর আগে একই বছরের ৩০ মে ইউজিসি সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ ধরনের পদে পদোন্নতি না দেওয়ার বিষয়ে নির্দেশনা দিয়েছিল। পরবর্তী সময়ে এসব পদোন্নতি বাতিল এবং পদোন্নতির ফলে অতিরিক্ত হিসেবে দেওয়া বেতন-ভাতা ফেরতের নির্দেশনাও দেওয়া হয় বলে সংশ্লিষ্ট নথিতে উল্লেখ রয়েছে। বিষয়টি বর্তমানে ইউজিসির অডিট আপত্তির আওতাতেও রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের নথি অনুযায়ী, বেরোবিতে অতিরিক্ত রেজিস্ট্রার/সমমান চতুর্থ গ্রেডে মোট ১২ জন কর্মকর্তা রয়েছেন। তাঁদের মধ্যে ১১ জনের পদোন্নতি সরকারি নির্দেশনা ও বিধিমালা অনুসরণ করে দেওয়া হয়নি—এমন অভিযোগ রয়েছে। ইউজিসি এসব পদোন্নতির অনুমোদন না দেওয়ার পাশাপাশি অতিরিক্ত বেতন-ভাতা প্রদান না করার নির্দেশনা দিয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অভিযোগ রয়েছে, তৎকালীন উপাচার্য অধ্যাপক হাসিবুর রশিদের সময়ে ইউজিসির নির্দেশনা ও চিঠি থাকা সত্ত্বেও পদোন্নতি বোর্ড আয়োজন করা হয়। একপর্যায়ে একই দিনে আটজন কর্মকর্তাকে অতিরিক্ত রেজিস্ট্রার/সমমান চতুর্থ গ্রেডের পদে পদোন্নতি দেওয়া হয়।

বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কার্যক্রম পর্যালোচনার জন্য ২০২৬ সালের ২৪ জানুয়ারি ইউজিসি একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটিতে ইউজিসির অডিট বিভাগের একজন সদস্যকে প্রধান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক মোহাম্মদ নাজমুল ইসলামকে সদস্য এবং ইউজিসির লিগ্যাল শাখার একজন সিনিয়র সহকারী সচিবকে সদস্যসচিব করা হয়েছে। তবে প্রতিবেদনটি এখনো জমা পড়েনি বলে জানা গেছে।

এদিকে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে , ড. জিয়াউল হক বেরোবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ফেরদৌস রহমানের কাছ থেকে অতিরিক্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালনের প্রত্যয়নপত্র নিয়েছেন। ওই প্রত্যয়নপত্রকে অভিজ্ঞতার প্রমাণ হিসেবে ব্যবহার করে তিনি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার পদে আবেদন করেছেন।

এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে—ইউজিসির আপত্তি ও অডিট আপত্তির আওতায় থাকা পদে অর্জিত অভিজ্ঞতা অন্য একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের নিয়োগে কীভাবে ব্যবহার করা হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা বলেন, “ইউজিসি যখন পদোন্নতির বিষয়ে আপত্তি জানিয়েছে এবং বিষয়টি তদন্তাধীন, তখন ওই পদে অর্জিত অভিজ্ঞতার প্রত্যয়ন নিয়ে অন্য বিশ্ববিদ্যালয়ে আবেদন করা কতটা গ্রহণযোগ্য, সেটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাই করা প্রয়োজন।”

তবে অভিযোগ অস্বীকার করে ড. জিয়াউল হক বলেন, “আমি সেখানে ডেপুটি রেজিস্ট্রার পদে আবেদন করেছি। এখনো আমি বেরোবির চাকরি ছাড়িনি।”

তবে তার আবেদন করা পদে অতিরিক্ত রেজিস্ট্রার হিসেবে পাওয়া অভিজ্ঞতার প্রত্যয়ন কীভাবে বিবেচিত হবে এবং ইউজিসির তদন্তে তার পদোন্নতির বিষয়ে কী সিদ্ধান্ত আসে তা এখন দেখার বিষয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%