ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সময়সীমা ২৯ অক্টোবর পর্যন্ত


জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সময়সীমা ২৯ অক্টোবর পর্যন্ত

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গ্রাহকদের জন্য মোটরযানের যাবতীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এটি জরিমানা ছাড়াই করা যাবে।

সম্প্রতি বিআরটিএ কর্তৃপক্ষ এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে জরিমানা ছাড়া মূল কর ও ফি জমা দিয়ে সব ধরনের মোটরযানের কাগজপত্র, যেমন ফিটনেস, ট্যাক্স-টোকেন ও রুট পারমিট, এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করা সম্ভব হবে।

বিআরটিএ কর্তৃপক্ষ গ্রাহকদের শেষবারের মতো সুযোগ দিয়ে আগামী ২৯ অক্টোবরের মধ্যে সব কাগজপত্র হালনাগাদ করে নেওয়ার অনুরোধ জানিয়েছে। পূর্বে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: ঘোষণা দিয়েও নিরাপত্তার কারণে ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট চালু করতে পারল না সৌদি এয়ারলাইন্স

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ২১ ধারা অনুযায়ী, কোনো মোটরযান বিক্রি করার পর তার মালিকানা পরিবর্তন করা বাধ্যতামূলক। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে, অনেক ক্রেতা মালিকানা পরিবর্তন না করেই গাড়ি সড়ক বা মহাসড়কে ব্যবহার করছেন। এতে বিক্রেতাদের বড় ধরনের আইনি ও আর্থিক জটিলতায় পড়তে হচ্ছে।

মালিকানা পরিবর্তন না করার কারণে পুরোনো মালিককেই ওই মোটরযানের জন্য নির্ধারিত অগ্রিম আয়কর, প্রযোজ্য ক্ষেত্রে ১৫০ শতাংশ অগ্রিম আয়কর এবং পরিবেশ সারচার্জ পরিশোধ করতে হচ্ছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এটি বিক্রেতার জন্য অনাকাঙ্ক্ষিত আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিআরটিএ জানিয়েছে, বর্তমানে মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া অনেক দ্রুত করা হয়েছে। এখন অনলাইনে (bsp.brta.gov.bd) আবেদন করার পর বিক্রেতার উপস্থিতিতে হ্যান্ড-হেল্ড ডিভাইসের মাধ্যমে বায়োমেট্রিক যাচাই করে একই দিনেই মালিকানা পরিবর্তনের কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। ক্রেতা বা নতুন মালিকও ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য বায়োমেট্রিক প্রদান করতে পারছেন।

এ অবস্থায় বিআরটিএ সংশ্লিষ্ট সব মোটরযান মালিক ও ক্রেতাকে দ্রুত মালিকানা পরিবর্তন কার্যক্রম সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে। অন্যথায়, নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: সরকারের সমালোচনা করলেই গ্রেপ্তার মানবাধিকারের লঙ্ঘন: আখতার হোসেন

একই সঙ্গে সড়ক পরিবহন আইন, ২০১৮ কঠোরভাবে কার্যকর করার লক্ষ্যে মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট কাটা শুরু করেছে বিআরটিএ।

বিআরটিএ জানায়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা-১১ (১) অনুযায়ী প্রতিটি ড্রাইভিং লাইসেন্সের বিপরীতে ১২টি পয়েন্ট বরাদ্দ থাকে। আইন অমান্য বা বিভিন্ন ধারা লঙ্ঘনের ক্ষেত্রে অর্থদণ্ড বা কারাদণ্ডের পাশাপাশি চালকের লাইসেন্স থেকে অতিরিক্ত হিসেবে দোষসূচক পয়েন্ট কাটা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেক্সিকোর কারাগারে সংঘর্ষে ১০ নিহত, ১৬ বন্দি আহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:০৩ পি.এম


মেক্সিকোর কারাগারে সংঘর্ষে ১০ নিহত, ১৬ বন্দি আহত

মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিনালোয়া অঙ্গরাজ্যের একটি কারাগারে সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষে ১০ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ জন বন্দি। নিহতদের মধ্যে রয়েছে নয়জন বন্দি এবং কারাগারে স্বজনের সঙ্গে দেখা করতে আসা এক অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি।

স্থানীয় কর্তৃপক্ষ বৃহস্পতিবার (৮ অক্টোবর) এই তথ্য প্রকাশ করেছে। বার্তা সংস্থা এএফপি, রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে এই খবর উঠে এসেছে।

সিনালোয়া অঙ্গরাজ্যের জননিরাপত্তা সচিবালয় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতিতে কারাগারের ভেতরে সংঘর্ষের ঘটনা নিশ্চিত করে। তবে সংঘর্ষের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

কারাগারের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়। এএফপির একজন প্রতিবেদক ঘটনাস্থলে সাঁজোয়া যান ও অ্যাম্বুলেন্স উপস্থিতি লক্ষ্য করেছেন।

অঙ্গরাজ্যের জননিরাপত্তা সচিব সিনুহে তেলেজ এক ভিডিও বার্তায় জানান, সংঘর্ষে নিহতদের মধ্যে নয়জন বন্দি এবং এক অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি রয়েছেন। তিনি আহত ১৬ বন্দির চিকিৎসার ব্যবস্থা নেওয়ার কথাও জানান।

মেক্সিকোর সিনালোয়া অঙ্গরাজ্য মাদক পাচারকারী সিনালোয়া কার্টেলের বিভিন্ন গোষ্ঠীর সংঘাতের কেন্দ্রবিন্দু। দীর্ঘ সময় ধরে এই অঞ্চলে মাদক ব্যবসাকে কেন্দ্র করে সহিংসতা চলমান রয়েছে। তবে কারাগারের সাম্প্রতিক সংঘর্ষের সঙ্গে কার্টেলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে কর্তৃপক্ষ নিশ্চিত কিছু জানায়নি।

নিরাপত্তাজনিত কারণে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মেক্সিকোর ছয়টি অঙ্গরাজ্যে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে, যার মধ্যে সিনালোয়া একটি। কারাগারের সংঘর্ষের কারণ এবং এর সঙ্গে অপরাধী গোষ্ঠীগুলোর কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনও পরিষ্কার নয়। তথ্যসূত্র: এএফপি, রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁর ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাই: কর্মকর্তাসহ ৬ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:০৩ পি.এম


নওগাঁর ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাই: কর্মকর্তাসহ ৬ জন গ্রেপ্তার

নওগাঁর রানীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে জেলা পুলিশ। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে ও নির্দেশনায় পরিচালিত সাঁড়াশি অভিযানে এ ঘটনায় জড়িত ৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল, একটি আইফোনসহ মোট ৭টি মোবাইল ফোন এবং লুটের ১ লাখ ৪২ হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৬ অক্টোবর দুপুরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ক্যাশিয়ার মো. নাজমুল ইসলাম ও অফিস সহায়ক মো. রাসেল আদিমদিঘী রেলগেট থেকে মালিক ফিরোজ হোসেনের ৩৪ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলযোগে আবাদপুকুর বাজারের অফিসের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে রানীনগর থানাধীন পারইল বাজার পার হয়ে বাংলালিংক টাওয়ারের সামনে পৌঁছালে একটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাদের পথরোধ করে। পরে লোহার স্টিক দিয়ে মারধর করে নগদ ৩৪ লাখ টাকা ছিনিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তাৎক্ষণিকভাবে রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও রানীনগর থানা পুলিশের একটি চৌকস টিমকে মাঠে নামান।

তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ঘটনার রাতেই জেলা গোয়েন্দা শাখা ও রানীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে এবং মোটরসাইকেলের মালিক রাব্বি আলীকে গ্রেপ্তার করে।

পরবর্তী সময়ে ৭ অক্টোবর রাতে পুলিশ সুপারের তত্ত্বাবধানে ডিবির একটি বিশেষ টিম জয়পুরহাটের আক্কেলপুর ও দিনাজপুরের নবাবগঞ্জ থানা এলাকায় অভিযান চালায়। এ সময় ডাকাতির সঙ্গে জড়িত স্বপন (২৮) ও হাসান আলীকে (২৫) গ্রেপ্তার করা হয় এবং তাদের হেফাজত থেকে লুটের ১ লাখ ৪২ হাজার টাকা উদ্ধার করা হয়।

পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ৮ অক্টোবর রানীনগর এলাকায় অভিযান চালিয়ে ব্যাংকের ভেতরের তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—অফিস সহায়ক ও সাজানো ভিকটিম রাসেল বাবু (২২), লোন কর্মকর্তা সুজন (২৭) এবং লোন কর্মকর্তা আবু তালেব (২২)।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে লোমহর্ষক তথ্য। জানা গেছে, গ্রেপ্তারকৃত ব্যাংক কর্মচারী রাসেল, সুজন ও আবু তালেব বেশ কিছুদিন ধরে অনলাইনে জুয়া খেলে ৭ থেকে ৮ লাখ টাকা হেরে যান। গ্রাহকদের টাকা জমা না দিয়ে তারা জুয়ায় উড়িয়ে দেন। পরবর্তীতে ব্যাংক মালিক ফিরোজ হোসেনের ৩৪ লাখ টাকা লুটের পরিকল্পনা করেন তারা।

প্রায় একমাস ধরে এই পরিকল্পনা করা হয়। ঘটনার দিন অফিস সহায়ক রাসেল বাবু ক্যাশিয়ার নাজমুলকে সঙ্গে নিয়ে টাকা আনতে যান এবং টাকা নিয়ে ফেরার সময় নিয়মিত অবস্থান জানাতে থাকেন ছিনতাইকারী স্বপন ও হাসানকে। ঘটনাস্থলে পৌঁছানোর পর স্বপন ও হাসান হামলা চালিয়ে টাকা ছিনিয়ে নেয়। এ সময় প্রকৃত ভিকটিম ক্যাশিয়ার নাজমুলকে লোহার পাইপ দিয়ে বেদম মারধর করা হয়, আর টাকা বহনকারী রাসেল বাবু সাজেন ‘মিথ্যা ভিকটিম’। পরিকল্পনা অনুযায়ী ৩৪ লাখ টাকার মধ্যে ব্যাংকের এই তিনজনকে ১০ লাখ টাকা এবং বাকি টাকা অন্য ছিনতাইকারীদের নেওয়ার কথা ছিল। প্রাথমিক অবস্থায় স্বপন ও হাসানকে ১ লাখ ৫০ হাজার টাকা দিয়ে দ্রুত নওগাঁ ছেড়ে পালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, এ ঘটনায় মোট ৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে এবং বাকি টাকা উদ্ধারে জেলা পুলিশের অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে: জনপ্রশাসন উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:০৪ পি.এম


চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে: জনপ্রশাসন উপদেষ্টা

বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ এবং কৌশলগত সম্পর্ককে আরও গভীর ও জনকল্যাণমুখী করার জন্য পারস্পরিক যোগাযোগ, আস্থা ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধিদলের চলতি চীন সফর দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি ভবিষ্যৎ সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) চীনা দূতাবাসের আয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধিদলের সফরপূর্ব সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা জানান, এটি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চীনের উদ্দেশে যাত্রা করা দ্বিতীয় প্রতিনিধিদল। সফরটি আনুষ্ঠানিক বৈঠকের মধ্যে সীমাবদ্ধ না রেখে চীনের সরকারি কর্মকর্তা, উদ্যোক্তা, শিক্ষাবিদ ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে দেশটির অভাবনীয় উন্নয়ন অভিজ্ঞতা বোঝার ওপর গুরুত্ব দেন তিনি।

প্রতিনিধিদলের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, আপনারা ১৮ কোটি মানুষের প্রতিনিধি। চীনকে শুধুমাত্র আনুষ্ঠানিক বৈঠকের মাধ্যমে দেখলে হবে না, তাদের সংস্কৃতি, প্রাতিষ্ঠানিক কাঠামো এবং সাধারণ মানুষের সঙ্গে পরিচিত হতে হবে। চীন কীভাবে এত বড় অর্থনৈতিক ও সামাজিক রূপান্তর ঘটিয়েছে, তা গভীরভাবে বোঝার চেষ্টা করা জরুরি।

তিনি আরও বলেন, চীনের দীর্ঘমেয়াদি পরিকল্পনা, অবকাঠামোগত উন্নয়ন, দ্রুত শিল্পায়ন, প্রযুক্তির উৎকর্ষ এবং পরিকল্পনার সফল বাস্তবায়ন থেকে বাংলাদেশ অনেক কিছু শিখতে পারে। বর্তমানে বৈশ্বিক উৎপাদনের প্রায় এক-তৃতীয়াংশ চীনে হওয়ায় তাদের অভিজ্ঞতা বাংলাদেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মো. ইসমাইল জবিউল্লাহ ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করিয়ে দিয়ে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশ-চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ঐতিহাসিক সূচনা হয়েছিল। সময়ের পরিক্রমায় সেই সম্পর্ক এখন বিস্তৃত ও সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বে উন্নীত হয়েছে।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশ বর্তমানে একটি বড় অর্থনৈতিক ও প্রশাসনিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। দেশের অর্থনীতিতে বৈচিত্র্য আনা, সামগ্রিক উৎপাদনশীলতা বৃদ্ধি, প্রযুক্তিনির্ভর আধুনিক শিল্প গড়ে তোলা এবং তরুণ প্রজন্মের জন্য বিপুল কর্মসংস্থান তৈরিতে চীনের অভিজ্ঞতার প্রত্যক্ষ প্রয়োগ সম্ভব।

দুই দেশের সাধারণ মানুষের যাতায়াত ও বাণিজ্যিক যোগাযোগ সহজতর করার লক্ষ্যে তিনি বাংলাদেশি নাগরিকদের জন্য চীনের ই-ভিসা (e-Visa) ব্যবস্থা চালুর প্রস্তাব করেন। এর পাশাপাশি দুই দেশের ব্যবসায়ীদের জন্য যৌথ সালিশি সহায়তা এবং বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর ও মানবসম্পদ উন্নয়নে জোরদার সহযোগিতার আহ্বান জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার চীনের সঙ্গে বিদ্যমান সম্পর্ককে আরও দূরদর্শী ও নতুন উচ্চতায় এগিয়ে নিতে সমানভাবে আগ্রহী। এই যৌথ উদ্যোগ ভবিষ্যতে দুই দেশের জনগণের জন্য সুদূরপ্রসারী সুফল বয়ে আনবে।

চীনা দূতাবাসের আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত, দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধিদলের সদস্য এবং সংশ্লিষ্ট প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শান্তিতে নোবেল পুরস্কার এবার কাদের হাতে উঠবে?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:০৪ পি.এম


শান্তিতে নোবেল পুরস্কার এবার কাদের হাতে উঠবে?

এ বছরের নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে।

নরওয়ের নোবেল কমিটি শুক্রবার (৯ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ৩টায় চলতি বছরের শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করবে। এই তথ্যটি রয়টার্সের মাধ্যমে জানা গেছে।

বিশ্ব রাজনীতিতে শান্তিতে নোবেল জয়ী ব্যক্তিদের প্রভাব ব্যাপকভাবে লক্ষ্য করা যায়। এ কারণে, পুরস্কার বিজয়ীদের প্রতি মানুষের আগ্রহ স্বাভাবিকভাবেই থাকে।

তবে, নোবেল পুরস্কার কার হাতে উঠবে, সে সম্পর্কে পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। নোবেল কমিটির সেক্রেটারি ক্রিস্টিয়ান বার্গ হার্পভিকেন সম্ভাব্য বিজয়ীদের নথি প্রস্তুত করেন এবং আলোচনায় অংশগ্রহণ করেন। তিনি উল্লেখ করেছেন, বিজয়ী নির্বাচন করতে আন্তর্জাতিক ব্যবস্থায় ঘটে যাওয়া বিভিন্ন পরিবর্তনের দিকে তারা গভীরভাবে নজর রাখছেন।

নতুন বিশ্বব্যবস্থা কেমন হওয়া উচিত, সে বিষয়ে কাজ করা কাউকে কমিটি নোবেল বিজয়ী হিসেবে ঘোষণা করতে পারে কি না, এমন প্রশ্নের উত্তরে হার্পভিকেন বলেন, "অবশ্যই, এটা স্পষ্ট। আমরা এখন যে পরিবর্তনশীল সময় পার করছি, তার মধ্যে যারা নতুন প্রতিষ্ঠান, নতুন উদ্যোগ এবং কাজের নতুন পথ তৈরি করতে সক্ষম হচ্ছেন, তা আলফ্রেড নোবেল তার উইলে যেসব মূল উদ্দেশ্য নির্ধারণ করে গেছেন, তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।" তিনি আরও বলেন, "কারণ, শেষ পর্যন্ত এটিই তো কমিটির কাজের মূল মাপকাঠি।" ফলে এটি অবশ্যই এমন একটি বিষয় হবে, যা কমিটি খোঁজার চেষ্টা করবে।

হার্পভিকেন আরও জানান, বিশ্বজুড়ে যে তোলপাড় চলছে, তার অর্থ এই নয় যে প্রার্থীর অভাব রয়েছে কিংবা শান্তি পুরস্কার তার প্রাসঙ্গিকতা হারাচ্ছে। তিনি বলেন, "পুরস্কার নিয়ে আমি চিন্তিত নই। তবে, বিশ্ব কোন দিকে এগিয়ে যাচ্ছে তা নিয়ে আমি চিন্তিত।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%