ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

পাকুন্দিয়ায় সানি হত্যা মামলার প্রধান আসামি আটক


পাকুন্দিয়ায় সানি হত্যা মামলার প্রধান আসামি আটক

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে নিহত যুবক সানি (২২) হত্যা মামলার মূল আসামি মফিজুলকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১ জুন) রাতে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার চিনিকল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পাকুন্দিয়া থানায় নিয়ে আসা হয়।

মঙ্গলবার (২ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা পাকুন্দিয়া থানার এসআই মো. কামরুজ্জামান।

গ্রেপ্তার মফিজুল উপজেলার চরফরাদী ইউনিয়নের হিজলীয়া গ্রামের সুরুজ মিয়ার ছেলে। নিহত সানি একই গ্রামের হাদীউল ইসলামের ছেলে।

আরও পড়ুন: টেকনাফে বিজিবির পৃথক অভিযানে সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার

এ ব্যাপারে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান বলেন, তথ্য প্রযুক্তি ব্যাবহারের মাধ্যমে সিপিসি-৩, র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের সহযোগীতায় জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার চিনিকল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আরো জানান, আজ মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল দিবাগত রাত ৮টার দিকে সানি উপজেলার হিজলীয়া দক্ষিণপাড়া জামে মসজিদের পাশ দিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা একই এলাকার সুরুজ মিয়ার ছেলে মফিজুলের নেতৃত্বে কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রæত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এ ঘটনায় ২৪ এপ্রিল নিহতের স্ত্রী সুমাইয়া আক্তার বাদি হয়ে মফিজুলকে প্রধান আসামি করে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো ৪ থেকে ৫ জনকে আসামি করে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এর আগে এ ঘটনায় পুলিশ এ মামলার ৩জন আসামিকে গ্রেপ্তার করলেও প্রধান আসামি মফিজুল দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

আরও পড়ুন: ধর্ম যার যার, রাষ্ট্র সবার’-আলফাডাঙ্গা সদর ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান কামরুল ইসলাম দাউদের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিকশা ও অটোরিকশা লাইসেন্সের আওতায় আনা হবে: ডিএসসিসি প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৬:৩৭ পি.এম


রিকশা ও অটোরিকশা লাইসেন্সের আওতায় আনা হবে: ডিএসসিসি প্রশাসক

রাজধানীতে রিকশা, অটোরিকশা ও ভ্যান চলাচল বন্ধ করার কোনো পরিকল্পনা নেই।

তবে নগর পরিবহনব্যবস্থায় শৃঙ্খলা আনতে এসব যানবাহনকে লাইসেন্স ও নিবন্ধনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

সোমবার (১ জুন) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দল আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ঢাকা শহরে বিশৃঙ্খল পরিবহনব্যবস্থা চলতে পারে না। রিকশা বা অটোরিকশা বন্ধের পরিকল্পনা না থাকলেও এগুলোকে নিয়মের মধ্যে আনতে হবে। হকারদের যেভাবে সুশৃঙ্খল ব্যবস্থায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে, একইভাবে রিকশা, ভ্যান ও অটোরিকশাকেও নিবন্ধনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, যে কেউ বাইরে থেকে এসে ঢাকায় রিকশা চালানো শুরু করলে তা শৃঙ্খলার মধ্যে পড়ে না। যে এলাকার চালক, তাকে সেই এলাকায়ই যানবাহন চালাতে হবে। এর মাধ্যমে নগর পরিবহন ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব হবে।

আবদুস সালাম জানান, লাইসেন্সিং ও নিবন্ধন চালু হলে যানজট হ্রাস পাবে এবং চালকদের পরিচয় ও কার্যক্রম সুনির্দিষ্ট হবে।

ব্যাটারিচালিত রিকশার নিরাপত্তা নিয়েও উদ্বেগের কথা তুলে ধরে তিনি বলেন, বিশেষ করে ব্রেকিং ব্যবস্থার দুর্বলতার কারণে দুর্ঘটনার ঝুঁকি থাকে। নিরাপত্তা নিশ্চিত করে কীভাবে এসব যানবাহন পরিচালনা করা যায়, সে বিষয়ে চালকদের মতামত নেওয়া হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা হলো— রিকশা, ভ্যান ও অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহকারীদের উচ্ছেদ করা যাবে না। তাদের জীবিকার বিষয়টি বিবেচনায় রেখে শৃঙ্খলাপূর্ণ ব্যবস্থাপনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।

সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় ইলেকট্রনিক ট্রাফিক সিগন্যাল ও স্বয়ংক্রিয় জরিমানার ব্যবস্থা চালু হয়েছে জানিয়ে তিনি বলেন, একই ধরনের ব্যবস্থা রিকশা ও অটোরিকশার ক্ষেত্রেও চালুর পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে চালক সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

অধ্যাপক আশফাকুল ইসলাম মনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ ছাড়া বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপুসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণঅভ্যুত্থানের পর প্রথম ভারত সফরে নেপালের ক্ষমতাসীন দলের প্রধান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৬:৩৯ পি.এম


গণঅভ্যুত্থানের পর প্রথম ভারত সফরে নেপালের ক্ষমতাসীন দলের প্রধান

২০২৫ দুর্নীতিবিরোধী যুব আন্দোলনের মুখে সরকারের পতনের পর মঙ্গলবার প্রথম ভারত সফরে গেছেন নেপালের ক্ষমতাসীন দলের প্রধান রবি লমিছানে। এ সময় দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান তিনি।

নয়াদিল্লি থেকে বার্তা সংস্থা এএফপি এর মাধ্যমে এ খবর জানানো হয়েছে।

তবে এই গুরুত্বপূর্ণ সফরে নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ যাননি। ৩৬ বছর বয়সী সাবেক র‌্যাপশিল্পী বালেন্দ্র শাহ ক্ষমতা গ্রহণের পর থেকেই তুলনামূলকভাবে নীরব রয়েছেন।

নেপালে নিযুক্ত কয়েকজন বিদেশি দূতের সঙ্গে সাক্ষাৎও তিনি এড়িয়ে চলছেন। যদিও বালেন্দ্র শাহের সহযোগীরা জানান, অর্থনীতি ও দেশের বিভিন্ন অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবিলার জন্য তিনি ক্ষমতার প্রথম এক বছরে বিদেশ সফরে যাবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।

ভারতে এই প্রথম উচ্চপর্যায়ের সফরে গেছেন রবি লামিছানে। তিনি নেপালের সাবেক উপ প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। বর্তমানে তিনি রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)-এর সভাপতি।

গত মার্চে বালেন্দ্র শাহের নেতৃত্বে দলের নিরঙ্কুশ বিজয়ের পর এখন তিনি রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আরএসপির মুখপাত্র মনীশ ঝা জানান, আশা করা হচ্ছে যে, লামিছানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন।

নেপাল, যা তিন কোটি জনসংখ্যার স্থলবেষ্টিত হিমালয় ঘেরা রাষ্ট্র, প্রতিবেশী দুই পরাশক্তি ভারত ও চীনের মধ্যে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখতে বাধ্য। ভারত দীর্ঘদিন ধরে নেপালকে ঐতিহ্যগত মিত্র বলে মনে করছে, এবং দুই দেশের সমতল অঞ্চলে উন্মুক্ত সীমান্ত বিদ্যমান।

বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, নেপালের প্রধান বাণিজ্যিক অংশীদার হলো ভারত। দেশটির মোট আমদানির ৬৩ শতাংশ বা ৮৬০ কোটি ডলার আসে ভারত থেকে, যেখানে দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন, যার অংশ ১৩ শতাংশ বা ১৮০ কোটি ডলার।

মঙ্গলবার দ্য হিন্দুস্তান টাইমসে প্রকাশিত নিবন্ধে লামিছানে উল্লেখ করেছেন, ‘স্থিতিশীল ও সমৃদ্ধ নেপাল ভারতের উত্তর সীমান্তে একটি স্বাভাবিক সুরক্ষা বলয় হিসেবে কাজ করে। অন্যদিকে রাজনৈতিকভাবে বিভক্ত নেপাল প্রতিবেশী অঞ্চলের অস্থিতিশীলতা নিয়ে ভারতকে উদ্বিগ্ন করে তোলে।’

তিনি আরও লিখেছেন, ‘তাই নেপালের অর্থনৈতিক উন্নয়ন ভারতের জন্যও একটি কৌশলগত প্রয়োজন।’

ক্ষমতায় আসার পর থেকে বালেন্দ্র শাহ খুব কমই প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন। নির্বাচনে জয়লাভের পরে তিনি একটি র‌্যাপ গানের মাধ্যমে প্রতিক্রিয়া জানান, যেখানে তিনি দেশের সাফল্য নিশ্চিত করতে ‘চিতাবাঘের মতো ছুটে চলার’ অঙ্গীকার করেন।

এ সফরের মাঝেই নেপাল, ভারত ও চীনের সীমান্তসংলগ্ন লিপুলেখ গিরিপথ নিয়ে দীর্ঘদিনের সীমান্ত বিরোধ আবারও সামনে এসেছে।

সমুদ্রপৃষ্ঠ থেকে ৫ হাজার ৩৩৪ মিটার উচ্চতায় অবস্থিত এই তুষারাবৃত গিরিপথ দিয়ে ভারতীয় তীর্থযাত্রীরা হিন্দু ও তিব্বতি বৌদ্ধদের পবিত্র কৈলাস পর্বতে যাতায়াত করেন। একই সঙ্গে এটি ভারত ও চীনের মধ্যে সরাসরি যোগাযোগের পথও রয়েছে।

২০২০ সালে ভারত এই গিরিপথে যাওয়ার জন্য নতুন একটি সড়ক উদ্বোধন করলে নেপালে বিক্ষোভ শুরু হয়।

গত রোববার সংসদে দেওয়া বক্তব্যে বালেন্দ্র শাহ বলেন, ভারত ও নেপাল উভয়ই পরস্পরের ভূখণ্ডে 'অনুপ্রবেশ' করেছে।

তিনি বন্ধুপ্রতিম মনোভাব নিয়ে এই বিরোধের নিষ্পত্তির আহ্বান জানান। তার এমন মন্তব্য কাঠমান্ডুর সংসদে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লেবাননে ইসরাইলের হামলা অব্যাহত, নিহত আরও ৮

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৬:৪০ পি.এম


লেবাননে ইসরাইলের হামলা অব্যাহত, নিহত আরও ৮

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ঘোষণা দেওয়ার পরেও যে, যুদ্ধ বন্ধ করতে উভয় পক্ষই সম্মত হয়েছে, তারপরও লেবাননে ইসরাইলের বিমান হামলা অব্যাহত রয়েছে। দক্ষিণ লেবননের বিভিন্ন স্থানে এই হামলায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে আটজন নিহত হয়েছেন এবং আক্রান্ত হয়েছেন আরও অনেক মানুষ। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গত সোমবার (১ জুন) ট্রাম্প বলেন, তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লেবাননের রাজধানী বৈরুত থেকে সেনা প্রত্যাহার করার জন্য বলেছেন। তিনি দাবি করেছেন, হিজবুল্লাহর কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেছেন এবং তারা ‘গুলি বন্ধ করতে সম্মত হয়েছে’ বলেও জানান।

লেবনের সিভিল ডিফেন্সের সূত্রে আল জাজিরা জানিয়েছে, সোমবার সিডন জেলার মারওয়ানিয়েহ শহরে ইসরাইলি হামলায় ছয়জন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে একজন নারী ও দুইটি শিশু রয়েছে। হামলায় আরো একজন নারী, একটি শিশু এবং চারজন অন্য ব্যক্তি গুরুতর আহত হন।

এই সংঘাতের প্রেক্ষাপটে ওয়াশিংটন ডিসিতে ইসরাইল এবং লেবাননের মধ্যে আজ মঙ্গলবার (২ জুন) আলোচনার ব্যবস্থা থাকা অবস্থা, আশা করা হচ্ছে, এই আলোচনার ফলস্রুতিতে ইসরাইলি হামলা এবং দখল বন্ধ হবে।

এদিকে ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাগের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে, তিনি লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরিকে জানিয়েছেন, যদি ইসরাইল লেবাননের বিরুদ্ধে ‘আগ্রাসন চালিয়ে যায়’, তাহলে তেহরান শুধুমাত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পথ বন্ধ করবে না, বরং ‘শত্রুর সঙ্গে সরাসরি সংঘাতে’ জড়াবে।

ইসরাইল সাম্প্রতিক সময়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করে, লেবাননে হামলার অভিযানে জোরদার করেছে। সোমবার, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৈরুতের দক্ষিণ শহরতলিতে হিজবুল্লাহ-নিয়ন্ত্রিত এলাকায় হামলার নির্দেশ দেন। এর ফলে লেবাননে বাস্তুচ্যুতির একটি নতুন পর্ব শুরু হয়, যেখানে ১০ লাখেরও বেশি মানুষ ইতিমধ্যে ঘরছাড়া হয়েছেন।

নেতানিয়াহুর ঘোষণার পর, ইরানের সামরিক কর্মকর্তারা ইসরাইল এবং তার মিত্রদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তাদের দাবি, লেবাননে ইসরাইলের চলমান আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়া হবে।

ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড অত্যন্ত সতর্ক করে জানায়, যদি ইসরাইল দক্ষিণ বৈরুতে বোমা হামলার হুমকি বাস্তবায়ন করে, তাহলে অধিকৃত অঞ্চলের উত্তরাংশে বসবাসকারী ইসরাইলি নাগরিকদের এলাকা ছাড়ার প্রস্তুতি নিতে হবে।

এরপর ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি জানায়, ইসরাইল যদি তেহরান-সমর্থিত হিজবুল্লাহর ওপর লেবাননে হামলা চালাতে থাকে, তাহলে এপ্রিলের শুরুতে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পন্ন হওয়া যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে। ইরানের এই কঠোর হুঁশিয়ারির পর পরিস্থিতি ভিন্নমুখে চলে যায়।

ইসরাইলি ব্রডকাস্টিং অথরিটি (কান) জানাচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জরুরি ফোনকলের পর প্রধানমন্ত্রী নেতানিয়াহু বৈরুতের দাহিয়েহ এলাকায় বৃহৎ আকারের হামলার পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেছেন। তবে তিনি দক্ষিণ লেবাননে হামলা চালানোর নির্দেশনা এখনও বহাল রেখেছেন।

ইসরাইলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ শহরের বাসিন্দাদের আবার সতর্কবার্তা দিয়ে জরুরিভিত্তিতে পালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে, কারণ সেটি বড় আকারের হামলার পরিকল্পনা করা হয়েছে।

এদিকে, ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাতজ বলেছেন, দক্ষিণ লেবাননে সামরিক অভিযান সব পরিস্থিতিতেই চলতে থাকবে এবং ইসরাইলি সেনাবাহিনী লেবাননে আরও অভিযান চালানোর সম্ভাবনা পর্যালোচনা করছে। সীমান্তের পরিস্থিতির ওপর নির্ভর করে হামলা আরও বিস্তৃত করা হতে পারে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ইসরাইলের দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং তাৎক্ষণিক লক্ষ্য হলো লিতানি নদীর দক্ষিণের ইসরাইলি নিয়ন্ত্রিত এলাকা থেকে হিজবুল্লাহর অস্ত্র সরানো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সর্বোচ্চ শাস্তির দাবিতে যুক্তিতর্ক করবেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৬:৪১ পি.এম


সর্বোচ্চ শাস্তির দাবিতে যুক্তিতর্ক করবেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের প্রথম দিনে ১৮ সাক্ষীর মধ্যে ১৬ জন সাক্ষ্য দিয়েছেন। এর মাধ্যমে মামলার সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।

আজ মঙ্গলবার ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন তাদের সাক্ষ্য গ্রহণ করেন।

সাক্ষ্য গ্রহণের পর, রাষ্ট্র নিযুক্ত পাবলিক প্রসিকিউটর পিপি আজিজুর রহমান দুলু বলেন, ‘আসামির বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ-সাক্ষ্য সাক্ষীদের মাধ্যমে আজ আদালতে উপস্থাপন করা হয়েছে।’

সর্বোচ্চ শাস্তি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুলু বলেন, ‘আমরা সর্বোচ্চ শাস্তির জন্যই যুক্তিতর্ক করব। কখন শুনানি করব তখন আপনারা বুঝবেন।’

ধর্ষণ হত্যার প্রমাণ নিশ্চিত হওয়ার ব্যাপারে রাষ্ট্র নিযুক্ত এই আইনজীবী বলেন, ‘অবশ্যই! যিনি পোস্টমর্টেম করেছেন, তিনি আজ উন্মুক্ত ট্রাইব্যুনালে সাক্ষ্যে বলেছেন, এটা জোরপূর্বক ধর্ষণ ছিল। এখান থেকে বোঝা যায়, রামিসাকে আগে ধর্ষণ এবং পরে হাত-পা বিচ্ছিন্ন করে ক্ষতবিক্ষত করে হত্যা করা হয়েছে। সুতরাং ধর্ষণ এবং হত্যা সব কিছুই প্রমাণিত হয়েছে।’

আজ আদালতে মামলার বাদী ও ভিকটিমের বাবা আব্দুল হান্নান মোল্লার জবানবন্দির মাধ্যমে এ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়।

এরপর ভিকটিমের মা পারভীন আক্তার, বড় বোন রাইসা আক্তার, ফুফু মাহমুদা আক্তার, চাচা মিজানুর রহমান লিটন, চতুর্থ তলার বাসিন্দা মনির হোসেন, প্রতিবেশী জাকিরুল ইসলাম রাজু, দ্বিতীয় তলার বাসিন্দা শেখ আবু সামা, ফুপা মনিরুজ্জামান শাহীন ও কনস্টেবল রোমা আকতার, কনস্টেবল শরীফ মিয়া, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন, ময়নাতদন্ত প্রস্তুত করা ডা. নাসাদ জাবিন, আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ, এসআই রাশেদুল ইসলাম ও তদন্ত কর্মকর্তা পুলিশের এসআই অহিদুজ্জামান পর্যায়ক্রমে আদালতে জবানবন্দি দেন। এ সময় রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী মুসা কলিমউল্লাহ তাদের জেরা করেন।

এদিকে আজ সকাল পৌনে ৯টায় মামলার প্রধান আসামি সোহেল রানাকে ঢাকার কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয়। এ সময় তাদের ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়। এরপর সাক্ষ্যগ্রহণের আগে তাদের এজলাসে নেওয়া হয়।

এর আগে গতকাল সোমবার আদালত সোহেল ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। একই দিন বিকেলে মামলার বাদীসহ ১৭ জন সাক্ষীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়।

গত ২৪ মে ট্রাইব্যুনাল দুই আসামির বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র আমলে নেয়। এর আগে একই দিনে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক অহিদুজ্জামান অভিযোগপত্র জমা দেন। পরে মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়।

মামলার সূত্রে জানা যায়, রামিসা পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। গত ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে ঘর থেকে বের হলে স্বপ্না তাকে কৌশলে রুমের ভেতরে নেয়। ওইদিন সকাল সাড়ে ১০টার দিকে রামিসাকে স্কুলে যাওয়ার জন্য খোঁজাখুঁজি করতে থাকেন তার মা। একপর্যায়ে আসামির রুমের সামনে শিশুটির জুতা দেখতে পান তিনি। ডাকাডাকির পর কোনো সাড়া শব্দ না পেয়ে রামিসার বাবা-মা এবং অন্যান্য ফ্ল্যাটের লোকজন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আসামির শয়নকক্ষের মেঝেতে রামিসার মস্তকবিহীন মরদেহ এবং মাথা রুমের ভেতরে একটি বড় বালতির মধ্যে দেখতে পান। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্বপ্নাকে হেফাজতে নেয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার সামনে থেকে সোহেল রানাকে গ্রেপ্তারে সক্ষম হয় পুলিশ। এ ঘটনায় গত ২০ মে ভিকটিমের বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%