ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

প্রায় তিন দশক ধরে ইন্টারনেট মাতিয়ে রেখেছে জিটিএ


প্রায় তিন দশক ধরে ইন্টারনেট মাতিয়ে রেখেছে জিটিএ

ভিডিও গেমসের জগতে অনেক পরিচিত নাম বিদ্যমান। তবে ‘গ্র্যান্ড থেফট অটো’ বা জিটিএ যেন একটি ভিন্ন জগৎ। ১৯৯৭ সালে শুরু হওয়া এই গেম সিরিজটি প্রায় তিন দশক ধরে শুধু গেমারদের নয়, পুরো ইন্টারনেট সংস্কৃতির উপরও প্রভাব ফেলছে। মিম, ভাইরাল ভিডিও, সামাজিক যোগাযোগ মাধ্যমের ট্রেন্ড এবং কনটেন্ট নির্মাতাদের আয়ের উৎস—সবখানেই জিটিএর উপস্থিতি লক্ষ্য করা যায়। সিরিজটির নতুন সংস্করণ জিটিএ ৬ নিয়ে সাম্প্রতিক উন্মাদনা আবারও এটি প্রমাণ করছে।

ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রকস্টার গেমসের তৈরি জিটিএ ৬ মুক্তির আগে থেকেই বিশ্বজুড়ে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছিল। ২০২৬ সালের ১৯ নভেম্বর গেমটির মুক্তির আগে এর প্রি-লোড শুরু হলে ইন্টারনেট ব্যবহারে রেকর্ড সৃষ্টি হয়। বিশ্বের বৃহত্তম ইন্টারনেট এক্সচেঞ্জ অপারেটর ডিই-সিআইএক্সের তথ্য অনুযায়ী, ওই সময়ে বৈশ্বিক ইন্টারনেট ডেটা আদান-প্রদানের গতি সর্বোচ্চ ৩৩ দশমিক ০৩ টেরাবিট প্রতি সেকেন্ডে পৌঁছায়। শুধু জার্মানির ফ্রাঙ্কফুর্ট কেন্দ্রেই এই গতি ছিল ২২ দশমিক ৩০ টেরাবিট প্রতি সেকেন্ড।

আরও পড়ুন: গুগল লেন্সে ছবি থেকে তথ্য খুঁজে পাওয়ার সহজ কৌশল

যুক্তরাজ্যের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ভার্জিন মিডিয়া ওটু জানায়, গেমটির প্রি-লোড শুরুর প্রথম ঘণ্টায় তাদের ব্রডব্যান্ড ট্রাফিক ৫১ দশমিক ৬ শতাংশ বেড়ে যায়। অর্থাৎ মুক্তির আগে বিপুলসংখ্যক ব্যবহারকারী গেমটি খেলতে প্রস্তুত ছিলেন।

বাজার গবেষণা প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের অনুমান অনুযায়ী, প্রি-অর্ডার ও মুক্তির প্রথম দিন মিলিয়ে প্রায় ২ কোটি ৪৫ লাখ ৮০ হাজার কপি বিক্রির মাধ্যমে জিটিএ ৬ আয় করেছে ২৩৬ কোটি ডলার। অন্যদিকে গেমটির মূল প্রতিষ্ঠান টেক-টু ইন্টারঅ্যাকটিভ জানায়, প্রথম দিনেই বিশ্বজুড়ে খুচরা বিক্রিতে ৩৭৯ কোটি ডলারের ব্যবসা করেছে গেমটি।

তুলনা করলে দেখা যায়, হলিউডের জনপ্রিয় সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ মুক্তির প্রথম সপ্তাহান্তে আয় করেছিল প্রায় ১২০ কোটি ডলার।

জিটিএর জনপ্রিয়তা গেম খেলার মধ্যেই সীমাবদ্ধ নয়। ‘উই গট এক্স বিফোর জিটিএ ৬’—অর্থাৎ জিটিএ ৬ আসার আগেই অমুক ঘটনা ঘটে গেছে—এই মিম দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়। চন্দ্রযান-৩-এর সাফল্য থেকে শুরু করে ভারতের রাজনৈতিক ঘটনাবলি, নানা উপলক্ষেই এই মিমটি ব্যবহার করা হয়েছে।

আরও পড়ুন: কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের চাহিদা বাড়ছে, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি

কাউন্টারপয়েন্ট রিসার্চের গবেষণা পরিচালক তরুণ পাঠকের মতে, দীর্ঘ অপেক্ষাই জিটিএ ৬ ঘিরে উন্মাদনার অন্যতম কারণ। আগের সংস্করণের পর প্রায় ১৩ বছর ভক্তদের অপেক্ষা করতে হয়েছে। রকস্টার গেমসের প্রতিটি ট্রেলার কিংবা মুক্তির তারিখ পেছানোর ঘোষণা নতুন করে আগ্রহ সৃষ্টি করেছে।

জিটিএর জনপ্রিয়তা একাধিক প্রজন্মকে যুক্ত করেছে। একসময় সাইবার ক্যাফেতে বসে ভাইস সিটি ও স্যান অ্যান্ড্রিয়াসের চিট কোড আদান-প্রদান করা তরুণেরা এখন কর্মজীবী। অন্যদিকে নতুন প্রজন্ম ইউটিউব ও ইনস্টাগ্রাম রিলসের মাধ্যমে গেমটির সঙ্গে পরিচিত হয়েছে। দুই প্রজন্মের কাছেই জিটিএ এখন পরিচিত একটি সাংস্কৃতিক অনুষঙ্গ।

ইউটিউবের কালচার অ্যান্ড ট্রেন্ডস প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জিটিএ ৬ মুক্তির আগেই গেমটি নিয়ে তৈরি ভিডিওগুলোর মোট ভিউ ৪ হাজার কোটি ছাড়িয়েছে। পুরো জিটিএ সিরিজের ভিডিওগুলো ইউটিউবে এখন পর্যন্ত ৯০ হাজার কোটির বেশি ভিউ পেয়েছে।

ন্যাশনাল রিসার্চ গ্রুপের ১৪ থেকে ২৯ বছর বয়সী ইন্টারনেট ব্যবহারকারীদের ওপর করা এক জরিপেও গেমটির জনপ্রিয়তার চিত্র উঠে এসেছে। জরিপে অংশ নেওয়া ৮২ শতাংশ উত্তরদাতা জিটিএকে মূলধারার সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে চিহ্নিত করেছেন। হলিউডের তারকাদের ক্ষেত্রে এই হার ছিল ৭৯ শতাংশ।

আরও পড়ুন: লেনদেনের শুরুতেই দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে ৩ শতাংশ পতন

জিটিএর জনপ্রিয়তা অনেক কনটেন্ট নির্মাতার জন্য পেশা ও আয়ের সুযোগ তৈরি করেছে। ইউটিউব ভিডিও, লাইভ স্ট্রিমিং এবং গেমের বিভিন্ন চরিত্র নিয়ে অভিনয়ভিত্তিক কনটেন্ট তৈরি করে অনেকে গড়ে তুলেছেন নিজস্ব দর্শকগোষ্ঠী।

বিশেষ করে জিটিএ ৫-এর অনলাইন রোলপ্লে বা আরপি সার্ভারগুলো নতুন ধরনের ডিজিটাল বিনোদনের ক্ষেত্র তৈরি করেছে। এখানে খেলোয়াড়েরা গেমের ভেতরে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন, নিজেদের গল্প তৈরি করেন এবং অন্যদের সঙ্গে মিলে ধারাবাহিক কাহিনি তুলে ধরেন।

এই ধারার কনটেন্ট ইউটিউবে ৮০০ কোটির বেশি ভিউ পেয়েছে। ২০২৫ সালে এ ধরনের ভিডিও আপলোডের সংখ্যা বছরে ১৭ লাখে পৌঁছেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভারতের কনটেন্ট নির্মাতা সানি ঝা, যিনি ‘পিতাজি প্লেজ’ নামে পরিচিত, জিটিএর বিভিন্ন চরিত্রের মাধ্যমে আঞ্চলিক গল্প তুলে ধরেন। তার মতে, জিটিএ ৫-এ বিহারি উচ্চারণের একটি চরিত্র দর্শকদের কাছে জনপ্রিয় হয়েছিল। নতুন সংস্করণেও চরিত্রভিত্তিক অভিনয়, গল্প বলার ধরন ও বিনোদনমূলক কনটেন্ট তৈরিতে আগ্রহী তিনি।

আরও পড়ুন: নগদ অ্যাপে চালু হলো বায়োমেট্রিক লগইন সুবিধা

জিটিএ ঘিরে এই কনটেন্ট অর্থনীতিতে শুধু গেমাররাই নয়, ভিডিও সম্পাদক, থাম্বনেইল ডিজাইনার, কমিউনিটি ব্যবস্থাপক ও গেম পরিবর্তনকারী ডেভেলপাররাও যুক্ত হয়েছেন। ফলে একটি জনপ্রিয় গেমকে কেন্দ্র করে তৈরি হয়েছে পূর্ণাঙ্গ ডিজিটাল কর্মক্ষেত্র।

জিটিএ ৬ ঘিরে ভারতের বাজারেও ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্য অনুযায়ী, কুইক কমার্স প্ল্যাটফর্ম জেপ্টোতে এক সপ্তাহে এক লাখের বেশি ব্যবহারকারী ‘জিটিএ ৬’, ‘পিএস৫’ ও গেমিং কন্ট্রোলার লিখে অনুসন্ধান করেছেন। অন্যদিকে ব্লিঙ্কিটও ১১টি শহরে দ্রুত গেমটি সরবরাহের ব্যবস্থা করেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

গেমিং শিল্প বিশ্লেষক ঋষি আলওয়ানির ধারণা, ভারতে প্রায় ৭ লাখ ৫০ হাজার পিএস৫ এবং ৫০ হাজার এক্সবক্স ব্যবহারকারীর মধ্যে ডিজিটাল ও ফিজিক্যাল সংস্করণ মিলিয়ে প্রায় দেড় লাখ কপি বিক্রি হয়ে থাকতে পারে। তবে ব্যক্তিগত বাজার-অনুমান হিসেবে দেওয়া এই হিসাবকে আনুষ্ঠানিক বিক্রির পরিসংখ্যান হিসেবে দেখার সুযোগ নেই।

বিশ্লেষকদের মতে, ভারতে জিটিএ ৬-এর আরও বড় বাজার তৈরি হতে পারে পিসি সংস্করণ প্রকাশের পর। কারণ কনসোলের তুলনায় পিসি ব্যবহারকারীর সংখ্যা বেশি এবং একই কম্পিউটার দিয়ে গেম খেলার পাশাপাশি ভিডিও সম্পাদনা, পড়াশোনা ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ নানা কাজ করা যায়।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে কোন ফাইল বেশি জায়গা নিচ্ছে, জানুন যেভাবে

জিটিএ ৬-এর মুক্তি শুধুমাত্র একটি নতুন ভিডিও গেমের আগমন নয়; এটি প্রায় তিন দশকের একটি জনপ্রিয় গেম সিরিজের সাংস্কৃতিক প্রভাবের নতুন প্রকাশ। মিম, সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন বিনোদন ও ডিজিটাল অর্থনীতিতে জিটিএর যে অবস্থান তৈরি হয়েছে, নতুন সংস্করণ সেটিকে আরও বিস্তৃত করতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পীরগাছায় সন্ত্রাসবিরোধী মামলায় যুবলীগ নেতা জাহিদুল গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৫ পি.এম


পীরগাছায় সন্ত্রাসবিরোধী মামলায় যুবলীগ নেতা জাহিদুল গ্রেপ্তার

রংপুরের পীরগাছায় সন্ত্রাসবিরোধী আইনে মামলায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধঘোষিত যুবলীগ নেতা জাহিদুল ইসলাম জাহিদ (৪০) গ্রেপ্তার হয়েছেন। রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের রামগোপাল এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে তার নিজবাড়ি থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া যুবলীগ নেতা আব্দুস সাত্তার নামে এক ব্যক্তির ছেলে। তিনি সাবেক ছাত্রনেতা হিসেবে পরিচিত এবং তাম্বুলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

পীরগাছা থানার ওসি জহুরুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পীরগাছা থানার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুগল লেন্সে ছবি থেকে তথ্য খুঁজে পাওয়ার সহজ কৌশল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৬ পি.এম


গুগল লেন্সে ছবি থেকে তথ্য খুঁজে পাওয়ার সহজ কৌশল

ইন্টারনেটে অচেনা ছবি দেখা গেলে, কিন্তু তার উৎস, ছবিতে থাকা ব্যক্তি, স্থান বা পণ্যের পরিচয় জানা না থাকলে, গুগলের বিশেষ সুবিধা ‘গুগল লেন্স’ ব্যবহার করে এসব তথ্য খুঁজে বের করা সম্ভব। ব্যবহারকারীরা ছবি আপলোড করে অথবা সরাসরি ক্যামেরা ব্যবহার করে দ্রুত সংশ্লিষ্ট তথ্য খুঁজে পেতে পারেন।

গুগল লেন্স সামাজিক যোগাযোগমাধ্যম, ওয়েবসাইট বা অন্য কোনো অনলাইন মাধ্যমে পাওয়া ছবির পরিচয় জানাতে কার্যকর। সাধারণ সার্চের মতো কোনো শব্দ লিখতে হয় না, বরং ছবিটি নিজেই তথ্য খোঁজার মাধ্যম হিসেবে কাজ করে।

গুগল লেন্স কী এবং কীভাবে কাজ করে

গুগল লেন্স হলো গুগলের একটি ভিজ্যুয়াল সার্চ প্রযুক্তি, যা কোনো ছবি বা ক্যামেরায় ধারণ করা দৃশ্য বিশ্লেষণ করে সংশ্লিষ্ট তথ্য খুঁজে বের করে। যখন ব্যবহারকারী কোনো ছবি আপলোড করেন, গুগল লেন্স সেটির বিভিন্ন দৃশ্যমান বৈশিষ্ট্য বিশ্লেষণ করে। পরে ইন্টারনেটে থাকা একই বা কাছাকাছি ছবির পাশাপাশি সংশ্লিষ্ট ওয়েবসাইট ও তথ্য প্রদর্শন করে।

এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারী কোনো ছবির সম্ভাব্য উৎস, পণ্যের নাম, পরিচিত স্থাপনা, উদ্ভিদ বা বিভিন্ন বস্তুর পরিচয় জানতে পারেন। ছবির নির্দিষ্ট অংশ নির্বাচন করেও আলাদাভাবে অনুসন্ধান করা সম্ভব।

তবে, যদি কোনো ছবি ব্যক্তিগত অ্যাকাউন্টে সীমাবদ্ধ থাকে বা ইন্টারনেটে প্রকাশিত না হয়, তাহলে তার মূল উৎস খুঁজে পাওয়া নাও যেতে পারে।

মোবাইলে যেভাবে ছবি দিয়ে তথ্য খুঁজবেন

অ্যান্ড্রয়েড ও আইফোন—দুই ধরনের স্মার্টফোনে গুগল অ্যাপের মাধ্যমে গুগল লেন্স ব্যবহার করা সম্ভব। এর জন্য কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।

১. প্রথমে স্মার্টফোনে গুগল অ্যাপ খুলুন।

২. সার্চ বক্সে থাকা গুগল লেন্সের আইকনে ট্যাপ করুন।

৩. ফোনের গ্যালারি থেকে যে ছবিটি সম্পর্কে জানতে চান, সেটি নির্বাচন করুন।

৪. চাইলে ক্যামেরা চালু করে সরাসরি কোনো বস্তু বা স্থাপনার ছবি তুলেও অনুসন্ধান করতে পারবেন।

৫. ছবি নির্বাচনের পর প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট অংশ ক্রপ করে নিন।

৬. এরপর গুগল লেন্স ছবিটি বিশ্লেষণ করে সংশ্লিষ্ট ছবি, ওয়েবসাইট ও তথ্য দেখাবে।

ছবির পুরো অংশ অনুসন্ধান না করে নির্দিষ্ট কোনো বস্তু নির্বাচন করলে আরও প্রাসঙ্গিক ফলাফল পাওয়া সহজ হয়।

ওয়েবসাইটে থাকা ছবি দিয়ে সার্চ করবেন যেভাবে

যদি ইন্টারনেটে কোনো ওয়েবপেজে থাকা ছবি সম্পর্কে জানতে চান, গুগল লেন্স ব্যবহার করা যেতে পারে। গুগল অ্যাপে সংশ্লিষ্ট ওয়েবপেজ খোলার পর নিচের তিন ডট মেনুতে ট্যাপ করতে হবে। এরপর ‘সার্চ স্ক্রিন উইথ গুগল লেন্স’ অপশন নির্বাচন করে ছবির নির্দিষ্ট অংশে ট্যাপ করলেই অনুসন্ধান শুরু হবে।

কম্পিউটারে যেভাবে গুগল লেন্স ব্যবহার করবেন

কম্পিউটার থেকেও খুব সহজে ছবি দিয়ে তথ্য খুঁজে পাওয়া যায়। প্রথমে ব্রাউজার থেকে গুগল ডটকমে প্রবেশ করতে হবে।

এরপর সার্চ বক্সে থাকা গুগল লেন্স আইকনে ক্লিক করে কম্পিউটার থেকে কাঙ্ক্ষিত ছবি আপলোড করতে হবে। চাইলে ছবিটি নির্ধারিত জায়গায় টেনে এনে ছেড়ে দিলেও অনুসন্ধান শুরু হবে।

এ ছাড়া গুগল ইমেজে কোনো ছবি খোলার পর পাশে থাকা লেন্স আইকনে ক্লিক করেও একই ধরনের ছবি ও সংশ্লিষ্ট তথ্য খুঁজে পাওয়া যায়।

গুগল ক্রোম ব্রাউজারে ওয়েবপেজে থাকা কোনো ছবি অনুসন্ধান করতে চাইলে ব্রাউজারের গুগল লেন্স সুবিধা ব্যবহার করে ছবির নির্দিষ্ট অংশ নির্বাচন করতে হবে। এরপর স্বয়ংক্রিয়ভাবে অনুসন্ধানের ফলাফল দেখা যাবে।

ছবির মাধ্যমে কী কী তথ্য পাওয়া সম্ভব?

গুগল লেন্সের মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য খুঁজে পাওয়া যায়, যেমন—

কোনো অচেনা পণ্য বা বস্তুর নাম ও পরিচয়।

পরিচিত স্থাপনা, পর্যটনকেন্দ্র ও দর্শনীয় স্থানের তথ্য।

ইন্টারনেটে একই ছবি কোথায় কোথায় প্রকাশিত হয়েছে।

ছবিতে থাকা বিভিন্ন জিনিসের ব্যবহার ও বৈশিষ্ট্য।

কোনো ছবির সঙ্গে সম্পর্কিত ওয়েবসাইট ও প্রাসঙ্গিক তথ্য।

তবে, গুগল লেন্সের দেওয়া তথ্য সব সময় নির্ভুল নাও হতে পারে। বিশেষ করে কোনো ব্যক্তির পরিচয় বা ছবির মূল উৎস নিশ্চিত করতে একাধিক নির্ভরযোগ্য সূত্র যাচাই করা প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহরুখের সঙ্গে লড়াইয়ে রাজি নন সালমান, জানালেন কারণ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৭ পি.এম


শাহরুখের সঙ্গে লড়াইয়ে রাজি নন সালমান, জানালেন কারণ

বলিউড সুপারস্টার সালমান খান তার আসন্ন সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’র মুক্তির তারিখ সম্পর্কে স্পষ্টভাবে জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন যে, তিনি বড় ভারতীয় সিনেমার সঙ্গে বক্স অফিসে মুখোমুখি লড়াই করতে চান না। তবে, শাহরুখ খান বা সঞ্জয়লীলা বানসালির সিনেমার বিপরীতে না গিয়ে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ এবং ‘ডিউন: পার্ট থ্রি’-এর মতো বড় হলিউড সিনেমার সঙ্গে লড়াই করতে তার কোনো আপত্তি নেই।

সম্প্রতি হায়দরাবাদে এবিপি নিউজের আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিয়ে সালমান ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ সিনেমার মুক্তির পরিকল্পনা ও তারিখ নির্ধারণের পেছনের চিন্তাভাবনা তুলে ধরেন।

সালমান খান জানান, ২৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে শাহরুখ খানের সিনেমা ‘কিং’, যেখানে শাহরুখের সঙ্গে তার মেয়ে সুহানা খানও অভিনয় করছেন। এ প্রসঙ্গে সালমান বলেন, “শাহরুখ ২৪ ডিসেম্বর আসছে। আমি শাহরুখ এবং তার মেয়ে সুহানার সঙ্গে কোনোভাবেই লড়াইয়ে যাব না। একদমই না।”

হলিউডের বড় দুটি প্রজেক্টের বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, “অ্যাভেঞ্জার্স এবং ডিউন—এই দুটি সিনেমা যে আসছে, আমি যেকোনো সময় এদের সঙ্গে লড়াই করতে রাজি। কিন্তু এগুলো এক সপ্তাহ আগে আসছে। এদের সঙ্গে লড়তে আমার কোনো সমস্যা নেই। এখন আমি যদি নিজের মুক্তির তারিখ ছেড়ে দিই, তবে শাহরুখের সিনেমা এক সপ্তাহ পরেই আসবে। আমি কখনোই সেই লড়াইয়ে জড়াতে চাই না।”

সিনেমাটির মুক্তির তারিখ ২০২৭ সালের শুরুতে পিছিয়ে নেওয়ার সম্ভাবনা নিয়েও কথা বলেন সালমান। তবে তিনি অন্যান্য বড় সিনেমার কারণে সেদিকেও যেতে চাননি।

সালমানের ভাষ্য, “এরপর ২৬ জানুয়ারি আছে, তারিখটা ভালো। সঞ্জয়লীলা বানসালি আসছেন ভিকি, রণবীর আর আলিয়াকে নিয়ে। তাই আমি তাদের সঙ্গেও লড়তে চাইনি। এরপরের সপ্তাহও ভালো, কিন্তু মার্চে আরেকটি সিনেমা আসছে। সেটার নাম ‘মনস্টার’। আর আমি নিজের সিনেমার সঙ্গেই লড়াই করতে চাই না।”

সব হিসাব-নিকাশ শেষে ৪ ডিসেম্বর মুক্তির তারিখ চূড়ান্ত করলেও সালমানকে একজনের সঙ্গে সংঘাতে জড়াতে হচ্ছে। কারণ একই দিনে মুক্তি পাচ্ছে শ্রদ্ধা কাপুর অভিনীত সিনেমা ‘ঈথা’।

এই কাকতালীয় সংঘাতের বিষয়ে সালমান জানান, নিজের তারিখ ঠিক করার সময় বিষয়টি তার জানা ছিল না। এ জন্য তিনি শ্রদ্ধা কাপুরকে ফোন করে দুঃখ প্রকাশ করেছেন এবং অনুষ্ঠানে প্রকাশ্যেই সিনেমাটির সাফল্য কামনা করে দর্শকদের তা দেখার আহ্বান জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এশিয়ার তৃতীয় শক্তিধর দেশ ভারতের দ্বিতীয় প্রভাবশালী নেতা মোদি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৭ পি.এম


এশিয়ার তৃতীয় শক্তিধর দেশ ভারতের দ্বিতীয় প্রভাবশালী নেতা মোদি

অর্থনৈতিক সম্ভাবনা, কূটনৈতিক প্রভাব এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যকর নেতৃত্বের মাধ্যমে ভারত এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করেছে। একই সময়ে, ২০১৮ সালের পর চীনের সঙ্গে ভারতের সামগ্রিক ক্ষমতার ব্যবধানও সবচেয়ে কমে এসেছে।

অস্ট্রেলিয়াভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান লোয়ি ইনস্টিটিউটের ‘এশিয়া পাওয়ার ইনডেক্স ২০২৬’-এ এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এশিয়ার আঞ্চলিক নেতাদের কার্যকারিতার বিচারে নরেন্দ্র মোদি দ্বিতীয় স্থানে রয়েছেন। তার উপরে রয়েছেন শুধুমাত্র চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

লোয়ি ইনস্টিটিউটের সূচকে ‘পাওয়ার ইয়েল্ড’ বলতে বোঝানো হয়েছে, কোনো দেশের সম্পদ ও সামর্থ্যের ভিত্তিতে প্রত্যাশিত ক্ষমতা এবং বাস্তবে অর্জিত সামগ্রিক ক্ষমতার মধ্যে ব্যবধান।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারত শুধু এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখেনি, বরং ২০১৮ সালে এশিয়া পাওয়ার ইনডেক্স চালুর পর চীনের সঙ্গে ক্ষমতার ব্যবধানও সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে এনেছে। তবে সামগ্রিক ক্ষমতার বিচারে চীন এখনও ভারতের চেয়ে ৮০ শতাংশ এগিয়ে রয়েছে।

লোয়ি ইনস্টিটিউটের মূল্যায়নে ক্ষমতার আটটি সূচকের মধ্যে পাঁচটিতে ভারতের অগ্রগতি হয়েছে। অন্য তিনটিতে সামান্য অবনতি দেখা গেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কূটনৈতিক প্রভাব কিছুটা কমলেও এটি এখনও ভারতের সবচেয়ে শক্তিশালী এবং স্থিতিশীল ক্ষেত্র। যেখানে অধিকাংশ দেশের কূটনৈতিক প্রভাব কমেছে, সেখানে ভারত নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে।

ভারতের প্রতিরক্ষা সহযোগিতা এবং সাংস্কৃতিক প্রভাবও এশিয়ায় দেশটির অবস্থানকে শক্তিশালী করেছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি এবং ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র বিক্রির ফলে প্রতিরক্ষা নেটওয়ার্ক সূচকে ভারত নবম অবস্থানে উঠে এসেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতের সাংস্কৃতিক প্রভাব বেড়ে ৪৩ দশমিক ৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সাংস্কৃতিক উপস্থিতি, তথ্যপ্রবাহ এবং জনগণের মধ্যে যোগাযোগ—এই তিন ক্ষেত্রেই উন্নতির কারণে এ অগ্রগতি হয়েছে।

লোয়ি ইনস্টিটিউটের দক্ষিণ-পূর্ব এশিয়া কর্মসূচির পরিচালক এবং এশিয়া পাওয়ার ইনডেক্স প্রকল্পের প্রধান ড. হান্টার মার্সটনও ভারতের অগ্রগতির বিষয়টি তুলে ধরেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে তিনি বলেন, ‘ভারতের প্রভাব বাড়ছে। দেশটির স্কোর বেড়ে ৪০ দশমিক ৫ হয়েছে। এর মধ্য দিয়ে একটি প্রধান শক্তি হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করেছে ভারত। ২০১৮ সালের পর চীনের সঙ্গে ক্ষমতার ব্যবধান এখন সবচেয়ে কম। অর্থনৈতিক সক্ষমতায় কিছুটা অবনতি সত্ত্বেও মোদিকে শি জিনপিংয়ের পর এশিয়ার দ্বিতীয় কার্যকর আঞ্চলিক নেতা হিসেবে মূল্যায়ন করা হয়েছে।’

তবে ভারতের জন্য কিছু নেতিবাচক দিকও তুলে ধরেছে গবেষণা প্রতিষ্ঠানটি। এর মধ্যে রয়েছে রুপির দরপতন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) অর্থনীতি পরিমাপের পদ্ধতিতে পরিবর্তন এবং বিদেশে ভারতীয় বিনিয়োগ প্রায় ২০ বিলিয়ন ডলার কমে যাওয়া।

মোদির নেতৃত্ব ও কৌশলগত উচ্চাকাঙ্ক্ষা সম্পর্কেও আগের তুলনায় ইতিবাচক মূল্যায়ন কিছুটা কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। উপসাগরীয় অঞ্চলের সংঘাতের সময় ভারতের কূটনৈতিক তৎপরতা তুলনামূলকভাবে কম থাকাকে এর একটি কারণ হিসেবে দেখানো হয়েছে।

তবে এসব সীমাবদ্ধতা সত্ত্বেও এশিয়ার অন্যান্য দেশের তুলনায় ভারতের সামনে সম্ভাবনার ক্ষেত্র অনেক বিস্তৃত বলে মনে করছে লোয়ি ইনস্টিটিউট।

তথ্যসূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%