বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
১০:০৭ এম
ইরানে নতুন করে সামরিক হামলা চালানোর বিষয়ে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট ইসরাইলের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করেছেন। তিনি নতুন সরকারের দায়িত্ব গ্রহণের আগে ঝুঁকিপূর্ণ কোনো সামরিক অভিযান না চালানোর আহ্বান জানিয়েছেন।
ইসরাইলের রাজনৈতিক পালাবদলের প্রেক্ষাপটে, ইরানে সম্ভাব্য হামলা নিয়ে দেশটির রাজনৈতিক ও সামরিক মহলে মতবিরোধের খবরের মধ্যে এ সতর্কবার্তা প্রদান করেন আইজেনকোট।
বুধবার (১১ নভেম্বর) নেতানিয়াহুর কাছে পাঠানো এক চিঠিতে আইজেনকোট উল্লেখ করেন, "ক্ষমতা হস্তান্তরের মতো সংবেদনশীল সময়ে বড় ধরনের নিরাপত্তা সিদ্ধান্ত নেওয়া হলে তা ইসরাইলের গণতান্ত্রিক ব্যবস্থা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর জনগণের আস্থা দুর্বল করতে পারে।"
চিঠিতে তিনি আরও লেখেন, "সংযম ও সতর্কতা দেখান। নতুন সরকার পার্লামেন্টের (নেসেট) আস্থা নিয়ে শপথ গ্রহণ করার আগ পর্যন্ত এমন ঝুঁকিপূর্ণ পদক্ষেপ থেকে বিরত থাকুন, যেগুলো পরে নেওয়া সম্ভব।"
আইজেনকোট সতর্ক করে বলেন, সরাসরি ও তাৎক্ষণিক কোনো হুমকি না থাকা সত্ত্বেও নিরাপত্তা বাহিনীকে বড় ধরনের অভিযানে নামানো হলে ভয়াবহ পরিণতি হতে পারে।
ইসরাইলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে সামরিক হামলা চালানোর বিষয়ে নেতানিয়াহুর আগ্রহ রয়েছে। তবে এ ধরনের অভিযানের বিরোধিতা করছেন ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির।
এ নিয়ে নেতানিয়াহু ও সেনাপ্রধানের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে বলে খবর প্রকাশ করেছে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম।
এদিকে নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন নেতানিয়াহু। উত্তরসূরি সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত সামরিক বাহিনীর ওপর তার কর্তৃত্বও বহাল রয়েছে।
ইসরাইলের বর্তমান পরিস্থিতিতে সামরিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং রাজনৈতিক জবাবদিহির বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
বিশেষ করে ক্ষমতা হস্তান্তরের আগে বড় ধরনের সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত কতটা গ্রহণযোগ্য, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, রাশিয়া-ইউক্রেন এবং মধ্যপ্রাচ্যের সংঘাত বন্ধে শান্তি আলোচনায় অগ্রগতির সম্ভাবনার কারণে এ দরপতন ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দুই প্রধান বেঞ্চমার্কের দাম ১ শতাংশের বেশি হ্রাস পায়।
রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সময় ৭টা ৪১ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ১৪ ডলার বা ১ দশমিক ২ শতাংশ কমে ৯১ দশমিক ৬২ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১ দশমিক ০৪ ডলার বা ১ দশমিক ২ শতাংশ কমে ৮৫ দশমিক ৪৯ ডলারে দাঁড়ায়।
মঙ্গলবারের তুলনায়, যখন তেলের দাম দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল, বুধবার ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম শূন্য দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পায়।
বিশ্লেষকদের মতে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা এবং ইরান যুদ্ধের বিস্তার না ঘটার প্রত্যাশা তেলের বাজারে দরপতনের মূল কারণগুলোর মধ্যে রয়েছে।
নিসান সিকিউরিটিজ ইনভেস্টমেন্টের প্রধান কৌশলবিদ হিরোয়ুকি কিকুকাওয়া মন্তব্য করেছেন যে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য পর্দার আড়ালে আলোচনা চলছে, যা বাজারে প্রত্যাশা তৈরি করছে। পাশাপাশি, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও চীনের শীর্ষ বৈঠকের আগে ইরান যুদ্ধের আরও বিস্তার না ঘটার আশঙ্কা কমেছে।
বুধবার আবুধাবিতে দুই দিনের শান্তি আলোচনা শেষে রাশিয়া ও ইউক্রেন একটি বড় বন্দিবিনিময়ে সম্মত হয়েছে। তবে ভূখণ্ডসহ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য এখনও বিদ্যমান। এদিকে, ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি জানিয়েছেন, সমৃদ্ধ ইউরেনিয়ামের সামান্য অংশও দেশের বাইরে যেতে দেওয়া হবে না।
তবে বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে অনিশ্চয়তা থাকায় তেলের বাজারে বড় ধরনের দরপতনের সুযোগ সীমিত। অন্যদিকে, সৌদি আরবের উৎপাদন বৃদ্ধির ফলে অক্টোবরে ওপেক প্লাসের অপরিশোধিত তেল উৎপাদন বেড়েছে। পাশাপাশি, যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত গত সপ্তাহে ৯০ লাখ ব্যারেল বেড়েছে বলে বাজারসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সোনালী ব্যাংক পিএলসি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ২০২৫ সালের শিক্ষাবৃত্তি প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে। ব্যাংকটির করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় নির্বাচিত প্রত্যেক শিক্ষার্থী এককালীন ১৫ হাজার টাকা শিক্ষাবৃত্তি লাভ করবেন।
অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে রবিবার (৮ নভেম্বর) থেকে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২৭ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫ সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে এইচএসসি বা সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। একইভাবে, ২০২৫ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে স্নাতক বা সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরাও এ বৃত্তির জন্য বিবেচিত হবেন।
সোনালী ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। শিক্ষা বৃত্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য সোনালী ব্যাংকের সিএসআর-CSR সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদনের যোগ্যতা
এইচএসসি পর্যায়ের সাধারণ শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করতে হবে। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য ন্যূনতম জিপিএ ৪ দশমিক ৫ থাকতে হবে। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫ নির্ধারণ করা হয়েছে।
স্নাতক পর্যায়ের সাধারণ শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ থাকতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য ন্যূনতম জিপিএ ৪ দশমিক ৫ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য ৩ দশমিক ৫ প্রয়োজন।
আবেদনকারীকে দরিদ্র, ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থী, এতিম, প্রতিবন্ধী অথবা অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার সন্তান হতে হবে। এছাড়া মুক্তিযোদ্ধা ভাতা ছাড়া আবেদনকারীর বাবা-মা বা অভিভাবকের মাসিক আয় সর্বোচ্চ ১৫ হাজার টাকা হতে হবে। ব্যাংক কর্তৃপক্ষ স্বচ্ছল পরিবারের সন্তানদের আবেদন না করার পরামর্শ দিয়েছে।
আবেদনের নিয়ম
রবিবার (৮ নভেম্বর) থেকে আগ্রহী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। সোনালী ব্যাংকের ওয়েবসাইটে আগামী ২৭ নভেম্বরের মধ্যে অনলাইনে অ্যাপ্লিকেশন ফরম পূরণ করে আবেদন করতে হবে। বৃত্তির যোগ্যতা, আবেদনপ্রক্রিয়া ও বিস্তারিত তথ্য ব্যাংকের সিএসআর-সংক্রান্ত ওয়েবসাইটেই পাওয়া যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন কারণে দূষণের মাত্রা বিশ্বজুড়ে বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশও এই প্রভাব থেকে মুক্ত নয়। তবে গতকাল বৃষ্টির কারণে দূষণের মাত্রা কিছুটা কমে গিয়েছিল। আজ আবার দূষণের মাত্রা বেড়ে গেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সূচকের তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ষষ্ঠ। ঢাকার বায়ুমানের স্কোর ছিল ১৫৮। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুমান ওঠানামা করতে পারে। গতকাল বুধবার (১১ নভেম্বর) এই স্কোর ছিল ১১২।
বৃহস্পতিবার বায়ুদূষণের তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। এই শহরের বায়ুমান সূচক (একিউআই) ছিল ৩৪৪, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। ৩৮৪ স্কোর নিয়ে ভারতের রাজধানী দিল্লি দ্বিতীয় অবস্থানে রয়েছে।
একিউআইয়ের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে বায়ুর মান ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে বিবেচিত হয়।
আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য হয়। অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তা ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত হয়।
ঢাকার বায়ুদূষণের পেছনে অপরিকল্পিত নির্মাণকাজ, যানবাহনের ধোঁয়া ও ধুলাবালির মতো বিভিন্ন কারণকে দায়ী করা হচ্ছে। এসব দূষণকারী উপাদান বায়ুর মানের অবনতি ঘটিয়ে নগরবাসীর স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শ্বাসকষ্ট, অ্যালার্জি ও ফুসফুসের বিভিন্ন সমস্যা এই বায়ুদূষণের কারণে বৃদ্ধি পেতে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় নির্মাণকাজে ধুলা নিয়ন্ত্রণ, যানবাহনের নির্গমন কমানো এবং দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। পাশাপাশি, দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও পরিবেশবিষয়ক নীতিমালার যথাযথ বাস্তবায়নের মাধ্যমে ঢাকার বায়ুর মান উন্নয়নে উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম মন্তব্য করেছেন যে, দিল্লীর আশ্রয় প্রশ্রয়ে ইন্ধনে জুলাইবিরোধী শক্তি বাংলাদেশকে ক্ষত বিক্ষত করছে। তিনি উল্লেখ করেছেন যে, দেশের অভ্যন্তরে নাশকতা সৃষ্টির মাধ্যমে সীমান্ত পার হয়ে ওপারে আশ্রয় নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে এসব কথা তুলে ধরেন।
পোস্টে নাহিদ ইসলাম লিখেছেন, জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের লক্ষ্যবস্তু বানানো হচ্ছে পতিত সন্ত্রাসী ফ্যাসিস্ট শক্তির দ্বারা। তিনি সতর্ক করেছেন যে, নগর পুড়িলে দেবালায় এড়ানো সম্ভব নয়। আজকে আমি, কালকে আপনি, পরশু অন্য সবাইকে একে একে আক্রান্ত করা হবে।
তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগকে এদেশীয় কোনো শক্তি হিসেবে উল্লেখ না করে আরও বলেন, দিল্লীর আশ্রয় প্রশ্রয়ে ইন্ধনে জুলাইবিরোধী শক্তি বাংলাদেশকে ক্ষত বিক্ষত করছে। দেশের ভেতর নাশকতা করে সীমান্ত পার হয়ে ওপারে আশ্রয় নিচ্ছে।
শেষে নাহিদ ইসলাম লেখেন, সরকার ও প্রশাসন জনগণকে কোনো নিরাপত্তা দিতে পারবে এ আশা আর তিনি করেন না। আমাদেরকেই আমাদের পথ বেছে নিতে হবে। বাংলাদেশবিরোধী শক্তির মোকাবিলা ইনশাআল্লাহ আমরা করবো। ঐক্যবদ্ধভাবেই করবো, গণতান্ত্রিকভাবেই করবো।
তালাশ বিডি/মিডিয়া লিঃ