০৬:০১ পি.এম
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, পাইলটিং স্কিমের মাধ্যমে রোগীদের সেবা প্রদান করা হবে। যেখানে আমাদের লোকজন প্রতিটা ঘরে ঘরে যাবে। তারা গিয়ে প্রাথমিক সেবা দেবার পর যদি মনে করেন হাসপাতালে নিতে হবে, তবেই একজন রোগীকে হাসপাতালে এসে চিকিৎসা নিতে হবে। এভাবে আমরা দেশব্যাপী সকলের চিকিৎসা ব্যবস্থাকে সহজ করার পরিকল্পনা গ্রহণ করেছি।
শনিবার (১৩ জুন) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর নিজ তহবিল থেকে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রসঙ্গ উত্থাপন করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিগত সরকার দুর্নীতি করে দেশের অর্থ বিদেশে পাচার করেছে। আমরা একটি ব্যতিক্রমধর্মী সরকার পরিচালনা করছি। দলমত নির্বিশেষে সব মানুষের সেবা করতে চাই আমরা। সরকারি সুবিধা পেতে এখন আর কাউকে ঘুষ দিতে হয় না। আমাদের প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ হলো, সবাইকে দুর্নীতির উর্ধ্বে থেকে জনগণের জন্য কাজ করতে হবে। আদ্ দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, তবে আমি লাইসেন্স বাতিল করে দিয়েছি। অন্যদিকে, জামায়াতের নেতারা আজ আদ্ দ্বীনের পক্ষে কথা বলছে।’
আরও পড়ুন: মানবতাবিরোধী অপরাধ মামলায় হানিফসহ ৪ জনের বিরুদ্ধে আজ রায়
তিনি আরও জানান, ‘চায়নার সহযোগিতায় আমরা ৩ হাজার বেডের দুইটি বিশেষায়িত হাসপাতাল স্থাপন করতে যাচ্ছি। যেখানে শিশু ও নারীদের চিকিৎসা সেবার জন্য বিশেষ ব্যবস্থা করা হবে।’
এসময় উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার ভূমি সজীব মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহাঙ্গীর বাদশা, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবদুল হান্নান প্রমুখ।
এসময় পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক দরিদ্র ও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পরে মন্ত্রী গাছের চারা রোপণ ও বিতরণ করেন।
আরও পড়ুন: ডিসেম্বরে খুলছে পঞ্চবটি-মুক্তারপুর দ্বিতল সড়ক, টোল নির্ধারণ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন