১১:৩৯ পি.এম
দক্ষিণ কোরিয়া সম্পর্কে রাশিয়ার মন্তব্যের প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়া মস্কোকে সামরিক সহায়তা প্রদান বন্ধ করেছে। ইউক্রেনের সামরিক গোয়েন্দা বিভাগ গত বুধবার এই দাবি করেছে। তবে, মস্কো বা পিয়ংইয়ং—কোনো পক্ষই এ বিষয়ে নিশ্চিতকরণ বা অস্বীকার করেনি।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান গোয়েন্দা অধিদপ্তর (এইচইউআর) জানিয়েছে, রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেনকোর একটি মন্তব্যের কারণে ক্ষুব্ধ হয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সামরিক সহায়তা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন।
গত অক্টোবরে রুদেনকো বলেছিলেন, দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল ও উত্তর কোরিয়ার মধ্যে উত্তেজনা কমাতে ক্রেমলিন সহায়তা করবে। তার এই বক্তব্যের কারণে উত্তর কোরিয়া অসন্তোষ প্রকাশ করেছে।
আরও পড়ুন: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মুসলিম বিশ্বের নতুন আন্তর্জাতিক ব্যবস্থার আহ্বান জানালেন
এইচইউআরের দাবি, উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সন হুই রাশিয়ার ওই বক্তব্যকে ‘দুই দেশের মিত্রতা চুক্তির চেতনার সঙ্গে সংগতিপূর্ণ নয়’ বলে উল্লেখ করেছেন। এর পরেই সাময়িকভাবে সামরিক সহায়তা বন্ধের ঘোষণা দেওয়া হয়।
ইউক্রেনের গোয়েন্দা বিভাগের তথ্য অনুযায়ী, এ স্থগিতাদেশের আওতায় রাশিয়ার সামরিক পরিবহন বিমানকে উত্তর কোরিয়ার আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি কেএন-২৩ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ বন্ধ এবং নতুন করে কামানের গোলাবারুদ পাঠানোও স্থগিত করা হয়েছে।
এইচইউআর আরও জানিয়েছে, রাশিয়ার ভূখণ্ডে উত্তর কোরিয়ার সেনাসংখ্যা ৮ হাজার ৫০০ থেকে ৫০ হাজার করার অনুরোধ আপাতত পিয়ংইয়ং পূরণ করছে না।
তবে রুদেনকো প্রকাশ্যে এ ধরনের কোনো বক্তব্য দেননি। ২০ অক্টোবর রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে মস্কো প্রস্তুত।
আরও পড়ুন: মার্কিন চাপের মুখে তেহরানে ইরাক-ইরান উচ্চপর্যায়ের বৈঠক, স্থলসীমান্ত বন্ধে আলোচনা
তিনি বলেন, ‘ইউক্রেনে যা ঘটছে, তার সঙ্গে আমরা অন্য কোনো দেশের সঙ্গে আমাদের সম্পর্ককে যুক্ত করি না। তাই আমাদের দক্ষিণ কোরীয় অংশীদাররা যদি বাস্তব কোনো পদক্ষেপ নেয়, তাহলে অবশ্যই আমরা তা স্বাগত জানাব।’
গত ১৬ নভেম্বর কিম জং উনের ঘনিষ্ঠ সহযোগী ও পলিটব্যুরো প্রেসিডিয়ামের সদস্য চো ইয়ং ওন মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন। এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের আগের দিন এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ইউক্রেনের গোয়েন্দা বিভাগের এ দাবির বিষয়ে মস্কো ও পিয়ংইয়ং কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।
২০২৪ সালের জুনে পুতিন ও কিম পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন। এরপর ইউক্রেনে চলমান যুদ্ধে রাশিয়ার অন্যতম ঘনিষ্ঠ সামরিক অংশীদার হয়ে ওঠে উত্তর কোরিয়া। ওই বছরের শেষ দিকে রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে অভিযানে উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করে মস্কো।
আরও পড়ুন: আসামে মুসলিমদের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার তথ্য সংগ্রহে গিয়ে আটক আসিফ মুজতবা
রাশিয়া এখনও অস্ত্র ও সামরিক সরঞ্জামের জন্য উত্তর কোরিয়ার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। এর বিনিময়ে পিয়ংইয়ং রাশিয়ার কাছ থেকে সামরিক প্রযুক্তি, কাঁচামাল ও আর্থিক সহায়তা পেয়ে থাকে এবং ইউক্রেন যুদ্ধে রাশিয়ার কাছ থেকে সামরিক অভিযানের অভিজ্ঞতা অর্জন করছে বলে ধারণা করা হয়।
উত্তর কোরিয়ার সেনাবাহিনীতে ১০ লাখের বেশি সদস্য রয়েছে। জনবলের দিক থেকে এটি বিশ্বের অন্যতম বৃহৎ সেনাবাহিনী। সূত্র: ইউরোনিউজ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন