ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

ডেপুটি স্পিকারের আহ্বান, সংসদ ভবনে দুর্গাপুরের শিক্ষার্থীদের উপস্থিতি


ডেপুটি স্পিকারের আহ্বান, সংসদ ভবনে দুর্গাপুরের শিক্ষার্থীদের উপস্থিতি

আজ বুধবার বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির সঙ্গে তার নির্বাচনি এলাকা দুর্গাপুর উপজেলার ‘সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতনের’ ৫৭ শিক্ষক-শিক্ষার্থীর প্রতিনিধিদল সংসদ ভবনে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার শিক্ষক-শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে আন্তরিক কুশল বিনিময় করেন। তিনি তাদের উদ্দেশ্যে বলেন, নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ পরিচালনায় এগিয়ে আসার জন্য প্রস্তুত থাকতে হবে।

ডেপুটি স্পিকার এ সময় উল্লেখ করেন, বাংলাদেশ জাতীয় সংসদ ভবন দক্ষিণ এশিয়ার অন্যতম নান্দনিক ও আধুনিক স্থাপনা। এই ভবনের নকশা প্রণয়ন করেছেন বিশ্বখ্যাত মার্কিন স্থপতি লুইস আই কান। জাতীয় সংসদ গ্রন্থাগারে শত বছরের পুরোনো বই, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং পাকিস্তান আমলের বিভিন্ন ঐতিহাসিক দলিল সংরক্ষিত রয়েছে। দেশ-বিদেশের বহু গবেষক এখানে এসে তাদের গবেষণাকাজে এসব গুরুত্বপূর্ণ নথি ও তথ্য ব্যবহার করেন। তিনি বলেন, "দেশের এই গুরুত্বপূর্ণ দায়িত্বে একদিন তোমাদেরই এগিয়ে আসতে হবে।"

আরও পড়ুন: ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বৃহস্পতিবার বিকেল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, "তোমরাই আগামী দিনের নেতৃত্ব দেবে এবং দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।" তিনি তাদেরকে ভবিষ্যতে চিকিৎসক, বিসিএস কর্মকর্তা, প্রকৌশলী, আইনজীবী ও সংসদ সদস্য হিসেবে গড়ে তোলার জন্য নিয়মিত ও মনোযোগসহকারে পড়াশোনা করার আহ্বান জানান। তিনি বলেন, "ভালো ফলাফল অর্জনের পাশাপাশি বৃত্তি ও স্কলারশিপ পাওয়ার জন্য নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।" তিনি তাদের উদ্দেশ্যে বলেন, "আমি চাই, তোমাদের এসব অর্জনে নিজ হাতে সম্মাননা তুলে দিতে।"

ডেপুটি স্পিকার শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং বহুমুখী প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করাও অত্যন্ত জরুরি। তিনি বলেন, এ লক্ষ্যে শিক্ষার্থীবান্ধব শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শিক্ষকদের পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে।

সাক্ষাৎ শেষে শিক্ষক-শিক্ষার্থীরা ডেপুটি স্পিকারের সঙ্গে ফটোসেশনে অংশগ্রহণ করেন। সংসদ ভবন পরিদর্শনের সুযোগ করে দেওয়ার জন্য তারা ডেপুটি স্পিকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তারা জাতীয় সংসদ ভবন, সংসদ গ্রন্থাগার, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিভিন্ন ভিআইপি কার্যালয় এবং জাতীয় সংসদের অধিবেশন কার্যক্রম সরাসরি দেখার সুযোগ পেয়ে আনন্দ ও উৎসাহ প্রকাশ করেন।

এ সময় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে সংসদে নতুন বিল উত্থাপন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিতির বাসায় পালিয়ে বিয়ে করেছেন পর্দার ব্যর্থ প্রেমিক বাপ্পারাজ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৪ পি.এম


দিতির বাসায় পালিয়ে বিয়ে করেছেন পর্দার ব্যর্থ প্রেমিক বাপ্পারাজ

ঢালিউডে অভিনয়ের মাধ্যমে আলাদা পরিচিতি অর্জন করেছেন অভিনেতা বাপ্পারাজ। কিংবদন্তি নায়করাজ রাজ্জাকের পুত্র হলেও, তিনি বাবার পরিচয়ের বাইরে গিয়ে নিজস্ব অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন।

পর্দায় বিভিন্ন চরিত্রে দর্শকদের মন জয় করা এই অভিনেতার ব্যক্তিগত জীবনেও রয়েছে সিনেমার মতো একটি প্রেমের কাহিনী। ভালোবাসার মানুষকে বিয়ে করার জন্য পরিবারের বাধা অতিক্রম করে পালিয়ে গিয়েছিলেন তিনি।

কিন্তু শেষ পর্যন্ত বাবার লোকজনের হাতে ধরা পড়তে হয় তাকে। নায়করাজ রাজ্জাকের হাত ধরে ‘চাঁপা ডাঙার বউ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে বাপ্পারাজের।

এরপর একের পর এক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে তিনি নিজের অবস্থান শক্তিশালী করেন। ‘ঢাকা ৮৬’, ‘জ্বীনের বাদশা’, ‘প্রতিশ্রুতি’ ও ‘প্রেমের সমাধি’ সিনেমার পাশাপাশি ‘প্রেমের নাম বেদনা’, ‘ভুলো না আমায়’, ‘বাবা কেন চাকর’, ‘পাগলীর প্রেম’, ‘সন্তান যখন শত্রু’ ও ‘মা যখন বিচারক’ চলচ্চিত্রে তার অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

তবে অভিনয়জীবনের বাইরেও বাপ্পারাজের প্রেম ও বিয়ের গল্পটি বেশ চমকপ্রদ। সম্প্রতি তিনি গণমাধ্যমে এক সাক্ষাৎকারে নিজের জীবনের সেই অধ্যায়ের কথা তুলে ধরেন।

ভালোবাসার মানুষটিকে বিয়ে করতে চাইলেও, পরিবারের সম্মতি পাননি বাপ্পারাজ। শেষ পর্যন্ত পরিবারের অমতেই তিনি পালিয়ে যান। এরপর দুজন আশ্রয় নেন প্রয়াত অভিনেতা সোহেল চৌধুরী ও অভিনেত্রী দিতির বাসায়। সেখানেই কাজি ডেকে বিয়ে সম্পন্ন করেন তারা।

সেই অভিজ্ঞতা জানিয়ে বাপ্পারাজ বলেন, "সোহেল ও দিতির বাসায় কাজি ডেকে এনে বিয়ে করি। তবে সেই সময় সোহেল বাসায় ছিল না। এরপর দুপুরে খাওয়া-দাওয়া করে আমরা রেস্ট নিচ্ছিলাম। এমন সময় আব্বা লোক পাঠিয়ে আমাদের ধরে নিলেন। তারপর বাসায় দুই পক্ষের নানা কথা। অবশেষে একটা সময় সব ঠিক হয়।"

উল্লেখ্য, অভিনয়জীবনে ব্যর্থ প্রেমিক চরিত্রে বিশেষ পরিচিতি রয়েছে বাপ্পারাজের। বিশেষ করে ‘চাচা হেনা কোথায়’ সিনেমার চরিত্রটি দর্শকদের কাছে এখনো আলোচিত। বাস্তব জীবনে অবশ্য প্রেমের গল্পের পরিণতি সুখের হয়েছে। বর্তমানে তিনি দুই সন্তানের বাবা। তার দুই মেয়ে বিবাহিত। ফলে তাদের কারো অভিনয়ে আসার সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন অভিনেতা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংবিধান সংশোধনসহ চার কমিটি পুনর্গঠন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৫ পি.এম


সংবিধান সংশোধনসহ চার কমিটি পুনর্গঠন

সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটিতে বিএনপির সদস্য মো. মাহমুদুল হক রুবেলকে বাদ দিয়ে স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমরকে যুক্ত করা হয়েছে। বুধবার জাতীয় সংসদে কমিটি পুনর্গঠনের প্রস্তাব করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। পরবর্তীতে এটি কণ্ঠভোটে পাস হয়।

জাতীয় সংসদে কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করে নূরুল ইসলাম মনি বলেন, "বিরোধী দলের যে সদস্যদের থাকার কথা ছিল, তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান সব সময়ের জন্যই আছে এবং থাকবে।" তিনি আরও বলেন, "এই কমিটির চূড়ান্ত প্রতিবেদন না দেওয়া পর্যন্ত তাদের জন্য আমাদের দরজা খোলা আছে। তারা এলে আমরা সংবিধান সংশোধন কমিটিতে তাঁদের অন্তর্ভুক্ত করব।"

১২ সদস্যের বিশেষ কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এই কমিটিতে বিএনপির আটজন সদস্য ছিলেন। এবার দলটির একজন সদস্যকে বাদ দিয়ে স্বতন্ত্র থেকে নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি পুনর্গঠন করে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী বিএনপির এমপি মির্জা ফয়সল আমীনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি পুনর্গঠন করে সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিজয়ী বিএনপির এমপি এলিজা জামানকেও সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিও পুনর্গঠন করা হয়েছে। এই কমিটিতে জামায়াতের এমপি আবদুল বারী সরদারের বদলে দলটির এমপি মোহাম্মদ মোসলেহউদ্দিন ফরিদকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ বিষয়ে চিফ হুইপ বলেন, "আমাদের বিরোধী দল থেকে ছায়া মন্ত্রিসভা (স্বাস্থ্য মন্ত্রণালয়) দেখেন মোসলেহউদ্দিন ফরিদ সাহেব। বিরোধী দল থেকে তাকে যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। সে কারণে এ কমিটি পুনর্গঠন করা হয়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুতুবদিয়ায় পৃথক ঘটনায় একদিনে তিন শিশুর পানিতে ডুবে মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৬ পি.এম


কুতুবদিয়ায় পৃথক ঘটনায় একদিনে তিন শিশুর পানিতে ডুবে মৃত্যু

কক্সবাজারের কুতুবদিয়ায় পৃথক দুটি ঘটনায় একদিনের মধ্যে পানিতে ডুবে তিনটি শিশুর মৃত্যু ঘটেছে।

বুধবার (১১ নভেম্বর) উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বিকেল ৫টার দিকে উত্তর ধুরুং ইউনিয়নের কাইছার পাড়ায় বাড়ির পাশে অবস্থিত পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় নেজাম উদ্দিনের ৮ বছর বয়সী মেয়ে আলিফা এবং খোকনের ৪ বছর বয়সী মেয়ে রাইসা মনি। দীর্ঘ সময় ধরে খোঁজার পর পুকুর থেকে তাদের উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. তানজিনা তাদের মৃত ঘোষণা করেন।

রাইসা মনির নানা মোহাম্মদ হোছাইন জানান, রাইসা এক সপ্তাহ আগে কৈয়ারবিলের বিন্দাপাড়া থেকে বেড়াতে তার বাড়িতে আসে। বিকেলে তার খালা ও ভাগ্নি আলিফা এবং রাইসা একসঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়।

অন্যদিকে, একই দিন সকাল ১১টার দিকে উত্তর ধুরুং ইউনিয়নের বাঁকখালী গ্রামে পুকুরে ডুবে মাহমুদুল হকের দুই বছর বয়সী মেয়ে ফাইজার মৃত্যু ঘটে। এই বিষয়টি নিশ্চিত করেছেন কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তানজিনা।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক জানান, একই দিনে তিন শিশুর পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। প্রাথমিক তথ্য যাচাইয়ের পর মরদেহগুলো পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তাদের পারিবারিকভাবে দাফনের পরামর্শ দেয়া হয়েছে।

একদিনে তিন শিশুর এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফারহানের অসাধারণ গোল, বাংলাদেশ ৩-০ ব্যবধানে শ্রীলংকাকে পিছনে ফেলেছে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৬ পি.এম


ফারহানের অসাধারণ গোল, বাংলাদেশ ৩-০ ব্যবধানে শ্রীলংকাকে পিছনে ফেলেছে

শমিত সোম এবং হামজা চৌধুরীর পর ফারহানের অবিশ্বাস্য গোলের মাধ্যমে বাংলাদেশ ৩-০ ব্যবধানে এগিয়ে রয়েছে শ্রীলংকার বিরুদ্ধে সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচে।

প্রথমার্ধের বিরতির পর ৫৩ মিনিটে ফারহান দুর্দান্ত একটি গোল করেন। প্রথমার্ধের বিরতির আগে বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে যায়। শমিত সোমের গোলের পর অধিনায়ক হামজা চৌধুরী দলের জন্য দ্বিতীয় গোলটি করেন।

ম্যাচের ৮ মিনিটে শমিত গোল করেন এবং ৪৩ মিনিটে হামজা গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। তাদের কল্যাণে স্বাগতিকরা প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায়।

৪৩ মিনিটে হামজা ইব্রাহিমের পাস বক্সের বাইরেই পেয়েছিলেন। তিনি দৌড়ে শ্রীলংকার এক ডিফেন্ডারকে পিছনে ফেলেন। এরপর তার শট শ্রীলংকার গোলকিপার সুজন পেরেরার শরীরে লেগে জালে প্রবেশ করে।

বিরতির পর ফারহান আলী অবিশ্বাস্য একটি গোল করেন। বক্সের সামান্য বাইরে বল পেয়ে তিনি বাঁদিকে একটু একটু করে বক্সের ভেতরে ঢোকেন। একে একে তিনজনকে কাটিয়ে ফিনিশিং টাচটি তার পা থেকেই আসে। শ্রীলংকার ফুটবলরা কেবল অসহায়ের মতো ফারহানের দিকে তাকিয়ে ছিল। হামজার চোখেমুখে ছিল অবিশ্বাস।

৫৩ মিনিটে গোল করার পর ফারহানকে মাথায় তুলেছেন সাদ উদ্দিন ও অন্যান্য ফুটবলাররা।

এর আগে হামজা চৌধুরীর ক্রস ক্লিয়ার করতে গিয়ে শ্রীলংকার গোলকিপার সুজন পেরেরা ভুল করেন। এক ডিফেন্ডারের গায়ে বল লেগে চলে যায় শমিত সোমের কাছে। তার প্রথম শট বাধা পাওয়ার পর দ্বিতীয় চেষ্টায় বল জালে প্রবেশ করে। ৮ম মিনিটে গোল করে শমিত দলকে এগিয়ে নেন।

খেলার শুরু থেকেই বাংলাদেশ উজ্জ্বীবিত ও নিয়ন্ত্রিত ফুটবল খেলছে। পাঁচ মিনিটে বক্সের সামনে ফ্রি কিক পায় বাংলাদেশ। হামজার নেওয়া শট পোস্টের একটু ওপর দিয়ে যায়।

বাংলাদেশের গোলের জন্য অপেক্ষা করতে হয়নি বেশিক্ষণ। মিনিট দুয়েক পর হামজা গোলের আক্রমণ রচনা করেন। ডান প্রান্ত থেকে তার ক্রস লংকান গোলরক্ষক সুজন পেরেরা গ্রিপ করতে পারেননি। বক্সে থাকা শমিত সোম শট নেন। প্রথম দফায় তার শট লঙ্কান ডিফেন্ডারের গায়ে লেগে ফেরত আসে। ফিরতি শটে শমিত বল জালে জড়ান। গ্যালারিতে গোলের আনন্দে উল্লাস শুরু হয়।

হামজা মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার। তবে আজ তিনি শুরু থেকে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলছেন। বাংলাদেশের আক্রমণে তার ভূমিকা গুরুত্বপূর্ণ। ভুটান ম্যাচে গোল করা ইব্রাহিম আজ স্ট্রাইকার পজিশনে রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%