ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেলেন হালান্ডরা, উচ্ছ্বাসে ভাসল নরওয়ে


দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেলেন হালান্ডরা, উচ্ছ্বাসে ভাসল নরওয়ে

বিশ্বকাপ অভিযান শেষে দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেয়েছেন আর্লিং হালান্ড, মার্টিন ওডেগার্ড সহ নরওয়ে জাতীয় ফুটবল দলের সদস্যরা। ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়ে দেশের ফুটবল ইতিহাসে একটি নতুন অধ্যায় লিখেছে এই স্ক্যান্ডিনেভিয়ান দেশটি।

জাতীয় দলকে স্বাগত জানাতে রাজধানী অসলোর রাস্তায় লাখো সমর্থক নেমে আসেন। বিমানবন্দর থেকে শহরের বিভিন্ন সড়কজুড়ে উৎসবের আমেজ ছিল।

দলের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, দেশে ফেরার পথে নরওয়ের বিমানবাহিনীর যুদ্ধবিমান জাতীয় দলের বিমানকে এসকর্ট করে অসলো পর্যন্ত নিয়ে আসে। বিমানবন্দরে খেলোয়াড়দের স্বাগত জানান রাজপরিবারের সদস্যরা এবং হাজারো সমর্থক।

আরও পড়ুন: ইসরাইল নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, সরকার গঠনে একক সংখ্যাগরিষ্ঠতা অধরাই

বিমান থেকে নামার সময় আর্লিং হালান্ডের হাতে একটি খালি বোতল ধরে থাকা একটি স্টাফ করা র‍্যাকুন দেখা যায়। তার এই ব্যতিক্রমী উপস্থিতি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং ভক্তদের মধ্যে হাস্যরসের সৃষ্টি করে।

অসলোর সংবর্ধনা অনুষ্ঠানে নরওয়ের রাজপরিবারের সদস্যরাও অংশ নেন। বিশ্বকাপজুড়ে আলোচিত ‘ভাইকিং রো’ উদযাপনে সমর্থকদের সঙ্গে যোগ দেন যুবরাজ হাকোন। ঢোল বাজিয়ে তিনি এই উদযাপনের নেতৃত্ব দেন। বিশ্বকাপে জয় পাওয়ার পর হালান্ড ও মার্টিন ওডেগার্ড যেভাবে উদযাপন করেছিলেন, সেই একই দৃশ্য আবারও রাজধানীর অনুষ্ঠানে দেখা যায়।

এছাড়া খোলা ছাদের বাসে শহরজুড়ে বিজয় শোভাযাত্রার আয়োজন করা হয়। সেখানে খেলোয়াড়রা সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন এবং সমর্থকরাও করতালি ও উল্লাসে অভিনন্দন জানান দলের ঐতিহাসিক সাফল্যের জন্য।

নরওয়ের স্বপ্নযাত্রার ইতি ঘটে মায়ামিতে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে। ইংল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ে জুড বেলিংহামের করা একমাত্র গোলে ১-০ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় হালান্ডরা। সেই জয়ে সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার টিকিট নিশ্চিত করে ইংল্যান্ড।

আরও পড়ুন: ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে, লিকুদ পার্টি এগিয়ে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩ মাসের শিশুর পা মোচড় দেওয়ার ঘটনায় চাচি পলাতক, আটক ৩

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫৬ এম


৩ মাসের শিশুর পা মোচড় দেওয়ার ঘটনায় চাচি পলাতক, আটক ৩

নরসিংদী জেলার সদর উপজেলায় তিন মাস বয়সী একটি শিশুর পা মোচড় দেওয়ার অভিযোগে অভিযুক্ত চাচি লতা বেগম (৩২) পলাতক অবস্থায় রয়েছেন। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়ে যায়। এর ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং তদন্তের স্বার্থে অভিযুক্তের স্বামীসহ পরিবারের তিন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে।

এই ঘটনাটি মাধবদী থানার আমদিয়া ইউনিয়নের পাইকারদী এলাকার চাঁনগাঁও গ্রামে ঘটে। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন জানান, প্রায় পাঁচ দিন আগে ঘটে যাওয়া একটি ভিডিও মঙ্গলবার (১৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দাবি করা হয়, পারিবারিক বিরোধের কারণে শিশুটির পা ভেঙে দেওয়া হয়েছে। বিষয়টি পুলিশ দৃষ্টি আকর্ষণ করার সাথে সাথেই তদন্ত শুরু করে।

পুলিশ জানায়, অভিযুক্ত লতা বেগম পারিবারিক কলহের কারণে রেগে গিয়ে তিন মাস বয়সী শিশু রিজিকের পা মোচড় দেন। এই সময় শিশুটির মা গোপনে ঘটনাটি মোবাইল ফোনে রেকর্ড করে। পরবর্তীতে, গত ১১ জুলাই তিনি ভিডিওটি তার ভাই ইব্রাহিমের কাছে পাঠিয়েছিলেন। তবে ভিডিওটি কীভাবে এবং কার মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেটির তদন্ত করা হচ্ছে।

তদন্তে ভাইরাল ভিডিওতে প্রচারিত তথ্য এবং শিশুটির মা-বাবার বক্তব্যের মধ্যে অমিল পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। ওসি বলেন, শিশুর পা ভেঙে যাওয়ার দাবির সত্যতা পাওয়া যায়নি। শিশুটির বাবা জহিরুল হক জহির এবং মা সাইফা বলছেন, ঘটনাটি পারিবারিকভাবে তিন দিন আগেই মীমাংসা হয়েছে। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে এবং তার পা ভাঙেনি। এমনকি পায়ে কোনো চিকিৎসারও প্রয়োজন হয়নি। এর সাথে, তাদের কোনো অভিযোগও নেই। তারা দাবি করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মনগড়া তথ্য যুক্ত করে ভিডিওটি ছড়িয়ে দেওয়া হয়েছে।

তবে তদন্তের স্বার্থে অভিযুক্ত লতা বেগমের স্বামী কাউছার আহমেদ, শ্বশুর আলমাছ মিয়া এবং শাশুড়ি শেফালী বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। পুলিশ এ সময় একটি মোবাইল ফোনও জব্দ করেছে।

এদিকে ভিডিওটি স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ার পর তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। স্থানীয়রা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। পুলিশ জানিয়েছে, পলাতক লতা বেগমকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপের ফাইনালে বিরতি থাকবে কত মিনিট, পারফর্ম করবেন কারা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫৯ এম


বিশ্বকাপের ফাইনালে বিরতি থাকবে কত মিনিট, পারফর্ম করবেন কারা

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে এবার দর্শকদের জন্য সুপার বোলের আদলে বিশেষ হাফ-টাইম শো থাকবে। এই কারণে, ম্যাচের বিরতি স্বাভাবিক ১৫ মিনিটের পরিবর্তে প্রায় ২০ থেকে ২৫ মিনিট পর্যন্ত দীর্ঘ হতে পারে।

বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালের বিরতিতে প্রায় ১১ মিনিটের বিশেষ সংগীতানুষ্ঠান হবে। এই অনুষ্ঠানে পারফর্ম করবেন ম্যাডোনা, শাকিরা, কে-পপ ব্যান্ড বিটিএস এবং জাস্টিন বিবার।

ফিফার সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, হাফ-টাইম বিরতি ২০ মিনিট হওয়ার সম্ভাবনাই বেশি। তবে বিকল্প পরিকল্পনা হিসেবে স্বাভাবিক ১৫ মিনিটের বিরতির পর অতিরিক্ত ১১ মিনিটের অনুষ্ঠান আয়োজনের বিষয়টিও বিবেচনায় রয়েছে।

তবে ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা আইএফএবি-এর নিয়ম অনুযায়ী, হাফ-টাইম বিরতি ১৫ মিনিটের বেশি হওয়া উচিত নয়। এই কারণে, ফিফা কী চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সেটা এখন দেখার বিষয়।

এবারের হাফ-টাইম শোতে আরও অংশ নেবেন বার্না বয়, গুস্তাভো দুদামেল এবং পিএস২২ কোরাস। পুরো অনুষ্ঠানটির কিউরেশনের দায়িত্বে রয়েছেন কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন।

ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে স্থানীয় সময় বিকেল ৩টায়, যা বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে। এর আগে বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে জমকালো সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সমাপনী অনুষ্ঠানে পারফর্ম করবেন টম ক্রুজ, লরা পাওসিনি, নিকোল শেরজিঙ্গার, রবি উইলিয়ামস ও আইশোস্পিড। এছাড়া যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করবেন জেনিফার হাডসন।

এদিকে, প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে স্পেন ইতোমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে। তাদের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড অথবা আর্জেন্টিনা, যারা দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৯:০০ এম


দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

দেশের বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

এর আগে ১৩ জুলাই ভালো মানের এক ভরি সোনার গহনার দাম কমানো হয় ২ হাজার ২১৬ টাকা। অর্থাৎ, দুই দিনে ভালো মানের এক ভরি সোনার গহনার দাম কমলো ৪ হাজার ৩৭৪ টাকা।

এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ২ হাজার ৯৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ১৩ জুলাই সকাল ১০টা থেকে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা বলা হয়েছে। আজ সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত এই দামেই সোনার গহনা বিক্রি হয়েছে।

সোনার গহনার মতো রুপার গহনার দামও ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৪ হাজার ৬০৭ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম ২ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বর্ষায় বাগানের যত্নে যে বিষয়গুলো খেয়াল রাখা জরুরি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৯:০৩ এম


বর্ষায় বাগানের যত্নে যে বিষয়গুলো খেয়াল রাখা জরুরি

বর্ষার বৃষ্টি গাছের বৃদ্ধি যেমন ত্বরান্বিত করে, তেমনি অতিরিক্ত আর্দ্রতা ও সামান্য অসতর্কতার কারণে শখের বাগানও ক্ষতিগ্রস্ত হতে পারে। এ সময় ছত্রাকের সংক্রমণ, শিকড় পচা এবং পোকার আক্রমণ সবচেয়ে বেশি দেখা যায়। তাই বর্ষাকালে বাগানকে সুস্থ ও সবুজ রাখতে কিছু বিষয়ে বিশেষ নজর দেওয়া প্রয়োজন।

মাটির আর্দ্রতা নিয়মিত পরীক্ষা করা উচিত। বর্ষাকালে বৃষ্টি হলেও সবসময় টবের মাটি ভেজা থাকে না। তাই শুধুমাত্র আবহাওয়ার ওপর নির্ভর না করে নিয়মিত মাটির আর্দ্রতা পরীক্ষা করা উচিত। আঙুল দিয়ে মাটির উপরিভাগ ছুঁয়ে দেখুন। যদি শুকনো মনে হয়, তখনই প্রয়োজনমতো পানি দেওয়া উচিত। অতিরিক্ত বা অপ্রয়োজনীয় পানি দেওয়া যেমন ক্ষতিকর, তেমনি দীর্ঘ সময় মাটি শুকনো থাকলেও গাছের জন্য ভালো নয়।

বর্ষা শুরুর আগে টব বা বাগানের পানি বের হওয়ার পথ ঠিক আছে কি না, তা পরীক্ষা করা জরুরি। মাটি যদি খুব শক্ত হয়ে যায় বা বালির পরিমাণ কম থাকে, তখন পানি জমে থাকতে পারে। টবে দীর্ঘ সময় পানি আটকে থাকলে শিকড় পচে যেতে পারে এবং গাছ দ্রুত দুর্বল হয়ে পড়ে। পাশাপাশি, অতিরিক্ত স্যাঁতসেঁতে পরিবেশে ছত্রাক ও অন্যান্য রোগের ঝুঁকিও বেড়ে যায়।

বর্ষার আর্দ্র পরিবেশে বিভিন্ন ধরনের ছত্রাক ও পোকামাকড় দ্রুত বিস্তার লাভ করে। পাতায় হলুদভাব, সাদা তুলোর মতো দাগ বা কালচে ছোপ দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। গাছের গোড়া পরিষ্কার রাখা, নিয়মিত আগাছা অপসারণ এবং সময়মতো আক্রান্ত পাতা সরিয়ে ফেলার মাধ্যমে এসব সমস্যা কমাতে সহায়তা করে।

টবের মাটি মাঝে মাঝে হালকা করে আলগা করে দিলে শিকড়ে পর্যাপ্ত বাতাস পৌঁছায় এবং পানি সহজে নিষ্কাশিত হয়। এতে গাছের বৃদ্ধি ভালো হয় এবং শিকড় পচে যাওয়ার আশঙ্কা কমে।

বর্ষাকালে সামান্য যত্ন ও নিয়মিত পর্যবেক্ষণই আপনার বাগানকে রাখতে পারে সতেজ, সবুজ ও রোগমুক্ত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%