ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

৭৫ কারাগারে ধারণক্ষমতার চেয়ে ১.৭ গুণ বেশি বন্দি আছে : স্বরাষ্ট্রমন্ত্রী


৭৫ কারাগারে ধারণক্ষমতার চেয়ে ১.৭ গুণ বেশি বন্দি আছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের ৭৫টি কারাগারে অনুমোদিত ধারণক্ষমতার তুলনায় প্রায় ১.৭ গুণ বন্দি রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের এনসিপি দলীয় সদস্য হাসনাত আবদুল্লাহর উত্থাপিত এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এই তথ্য দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত ৭ জুন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশের ৭৫টি কারাগারের মোট অনুমোদিত ধারণক্ষমতা ৪৫ হাজার ১৩৬ জন (পুরুষ ৪৩ হাজার ১০৭ এবং নারী ২ হাজার ২৯ জন)। এর বিপরীতে বর্তমানে ৭৭ হাজার ৪০ জন (পুরুষ ৭৪ হাজার ৩৬ এবং নারী ২ হাজার ৭৭ জন) বন্দি আবদ্ধ রয়েছেন। যা মোট ধারণক্ষমতার ১.৭ গুণ।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

ধারণক্ষমতার অতিরিক্ত বন্দি রয়েছে বলেই কিছু কিছু কারাগারে আবাসন সমস্যা বিরাজ করছে বলে তিনি স্বীকার করেন।

বন্দিদের আবাসন সংকট কাটাতে সরকারের নেওয়া পদক্ষেপের কথা উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ জানালেন, ইতোমধ্যে কেরাণীগঞ্জে বিশেষ কেন্দ্রীয় কারাগার, সিলেট কেন্দ্রীয় কারাগার-২, ফেনী জেলা কারাগার-২ এবং খুলনা জেলা কারাগার-২ চালু করা হয়েছে। এছাড়া, কিশোরগঞ্জ, মাদারীপুর ও পিরোজপুর জেলা কারাগার-২ শিগগিরই চালু হবে।

তিনি আরো বলেন, ময়মনসিংহ, কুমিল্লা ও জামালপুর কারাগারগুলি পুনর্নির্মাণের কাজ এবং নরসিংদীতে নতুন কারাগার নির্মাণের কাজ দ্রুতগতিতে চলছে। এই চটি কারাগারের কাজ শেষ হলে বন্দি ধারণক্ষমতা আরও ২ হাজার ৯৫৫ জন বৃদ্ধি পাবে এবং মোট ধারণক্ষমতা ৪৮ হাজার ১৩১ জনে উন্নীত হবে।

এছাড়া রাজশাহী, রংপুর, নোয়াখালী, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি কারাগারের পুনর্নির্মাণে প্রকল্প গ্রহণ করা হয়েছে বলেও জানান মন্ত্রী।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

এসব প্রকল্প বাস্তবায়িত হলে কারাগারগুলোর বন্দি ধারণক্ষমতা উল্লেখযোগ্য হারে বাড়বে এবং আবাসন সমস্যার স্থায়ী সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিজের কেনা বাড়িতেও ঠাঁই হলো না মেক্সিকো প্রবাসী সাজেদার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৫:২০ পি.এম


নিজের কেনা বাড়িতেও ঠাঁই হলো না মেক্সিকো প্রবাসী সাজেদার

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার নতুনপাড়ার বসুন্ধরা আবাসিক কলোনির একটি বাড়ির কারণে সৃষ্টি হয়েছে কোটি টাকার সম্পদ নিয়ে বিরোধ। অভিযোগ রয়েছে যে, দীর্ঘদিন ধরে মেক্সিকোতে বসবাসকারী এক প্রবাসী নারী তার বড় বোন ও ভগ্নিপতির প্রতি আস্থা রেখে বিদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাঠিয়েছিলেন।

সে অর্থের মাধ্যমে জমি ক্রয়, বাড়ি নির্মাণ ও বিভিন্ন সম্পদ গড়ে উঠলেও দেশে ফিরে সাজেদা নিজের নামে থাকা বাড়িতে উঠতে পারছেন না।

ভুক্তভোগী সাজেদা আক্তারের বাড়ি উপজেলার সাচনা বাজার ইউনিয়নের দুর্লভপুর গ্রামে। তিনি দীর্ঘ বছর ধরেই মেক্সিকোতে বসবাস করেছেন, আর তার স্বামী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

নিঃসন্তান হওয়ায় সাজেদা আপন বড় বোন রংমালা ও ভগ্নিপতি তৈয়বুর রহমানকে সবচেয়ে বেশি বিশ্বাস করতেন।

তিনি দাবি করেছেন, বিদেশে অবস্থানকালে তিনি বিভিন্ন সময়ে ব্যাংক এবং পরিচিতজনদের হাত ধরে বিপুল পরিমাণ অর্থ দেশে পাঠান। সেই অর্থে নতুনপাড়া এলাকার বসুন্ধরা আবাসিক কলোনিতে ৬ শতাংশ জমি কিনে এবং একটি বসতবাড়ি নির্মাণ করা হয়। জমির দলিল, নামজারি ও বিদ্যুৎ সংযোগসহ বাড়ির সকল গুরুত্বপূর্ণ কাগজপত্র সাজেদা আক্তারের নামে রয়েছে।

কিন্তু এখন তার বড় বোন রংমালা, ভগ্নিপতি তৈয়বুর রহমান এবং তাদের সন্তানরা ওই বাড়িতে বসবাস করছেন। প্রায় দুই বছর আগে দেশে ফিরে সাজেদা নিজের পাঠানো অর্থ এবং বাড়িতে বাস করার অধিকার চাইলে তাকে সেখানে উঠতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন।

নিরুপায় হয়ে সাজেদা একাধিকবার পারিবারিক এবং সামাজিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করেছেন। কয়েক মাস আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগেও উভয় পক্ষকে নিয়ে বিরোধ নিষ্পত্তির চেষ্টা করা হয়। তবে রংমালা ও তার স্বামী বিভিন্ন অজুহাত দিয়ে বিষয়টি এড়িয়ে গেছেন বলে অভিযোগ করা হচ্ছে।

ফলে এখনো কোনো সমঝোতায় আসা সম্ভব হয়নি। বিচার চেয়ে বিভিন্ন মহলে গিয়ে প্রতিকার না পেয়ে সাজেদা আক্তার শেষ পর্যন্ত জামালগঞ্জের আমল গ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন।

মামলার অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, বিদেশে অবস্থানকালে বিভিন্ন সময়ে নগদ অর্থ, ব্যাংক থেকে প্রেরিত টাকা, স্বর্ণালঙ্কার, জমি ক্রয়ের অর্থ, বাড়ি নির্মাণ ব্যয় এবং অন্যান্য সম্পদ তার বড় বোন রংমালার পরিবারের জিম্মায় রেখেছিলেন। কিন্তু দেশে ফিরে হিসাবের উপর তিনি প্রায় ১ কোটি ৭ লাখ ২৫ হাজার টাকার অর্থ ও সম্পদ পাচ্ছেন না। এই অর্থ ও সম্পদ ফেরত পেতে তিনি আইনি লড়াই চালাতে থাকবেন বলে জানিয়েছেন। বর্তমানে মামলাটি আদালতের নির্দেশে সিআইডিতে তদন্তের অধীনে রয়েছে।

এ ব্যাপারে সিআইডি ইন্সপেক্টর রমা প্রসাদ জানিয়েছেন, মামলাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং শীঘ্রই তদন্ত রিপোর্ট জমা দেওয়া হবে।

অন্যদিকে অভিযুক্ত রংমালার সঙ্গে কথা হলে তিনি জানান, বর্তমানে যে বাড়িতে তারা বসবাস করছেন, তার দলিল, নামজারি ও বিদ্যুৎ সংযোগ সাজেদা আক্তারের নামেই রয়েছে। রংমালার দাবি, ছোট বোন সাজেদার জন্য বাড়িটি কেনার সময় তিনি ব্যক্তিগতভাবে ১ লাখ টাকা দিয়েছেন। তিনি আরও বলেন, সাজেদার পাঠানো অর্থসংক্রান্ত সকল দাবি-দাওয়া এবং আমার পরিবারের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহার করা হলে আমি বাড়িটি ছেড়ে দিতে রাজি আছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যাটে-বলে মিলে গেলেই সিনেমার কথা অফিশিয়ালি জানাব: ফারিন খান

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৫:২৪ পি.এম


ব্যাটে-বলে মিলে গেলেই সিনেমার কথা অফিশিয়ালি জানাব: ফারিন খান

সময়ের আলোচিত অভিনেত্রী ফারিন খান। অভিনয়ের শুরুটা বড় পর্দা দিয়ে হলেও বর্তমানে তিনি ছোট পর্দায় নিয়মিত কাজ করে যাচ্ছেন। কিন্তু এ লাস্যময়ী বড় পর্দাকে মোটেও ইতি বলেননি, বরং শিগগিরই রুপালি পর্দা রাঙাতে চান।

বুধবার (১৭ জুন) বিকেলে মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিনকে ফারিন খান বলেন, "এই মুহূর্তে একটি নাটকের শুটিংয়ে আছি। বর্তমানে ছোট পর্দার কাজ নিয়েই বেশি ব্যস্ততা। অভিনয়টাতেই মনোযোগী হতে চাচ্ছি বলতে পারেন।"

সিনেমায় কবে ফিরছেন, এমন প্রশ্নে তিনি বলেন, "আসলে কথা তো অনেকের সঙ্গেই হচ্ছে। এর মধ্যে অনেকগুলো ভালো চিত্রনাট্য হাতে এসেছে। সেগুলো নিয়ে কথাবার্তাও বেশ ইতিবাচকভাবেই আগাচ্ছে। তবে এগুলো তো আসলে অফিশিয়াল না। যখন সবকিছু ঠিক হবে, আই মিন ব্যাটে-বলে মিলে যাবে তখন সবাইকে জানাব।"

ফারিন খান (ছবি: সংগৃহীত) এর কথায়, "আমার প্রথম সিনেমা ‘ধ্যাততেরিকি’ মুক্তি পেয়েছিল প্রায় ৯ বছর আগে। সিনেমাজগতে যখন পা রাখি তখন ছিলাম এসএসসি পরীক্ষার্থী। বয়স কম ছিল, ছিল পড়াশোনার চাপ। তা ছাড়া পরিবারের সদস্যরাও চাননি সিনেমায় নিয়মিত কাজ করি। সেজন্য অভিনয়ে বিরতি নিতে বাধ্য হয়েছিলাম। নইলে আরও বেশ কিছু সিনেমায় আমাকে দেখা যেত।"

গত ঈদে ‘বলো ভালোবাসি’সহ বেশ কয়েকটি নাটকে দেখা গেছে ফারিনকে। অভিনয়ের পাশাপাশি তিনি মডেলিংয়েও সরব রয়েছেন। প্রচারের অপেক্ষায় রয়েছে তার ‘রোদের জোছনা’ নাটকটি। নাটকটিতে জোছনা চরিত্রে দেখা যাবে তাকে। নাটকটিতে তার বিপরীতে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পারিবারিক বিরোধে থানার সামনেই দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৫:২৬ পি.এম


পারিবারিক বিরোধে থানার সামনেই দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের কারণে সংঘর্ষের ঘটনায় থানায় অভিযোগ দিতে আসার সময় দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এই ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।

এ বিষয়ে নিশ্চিত তথ্য দিয়েছেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক।

তিনি বলেন, উপজেলার বলরামপুর ইউনিয়নের নাগেরচর গ্রামের দুই সহোদর ভাইয়ের মধ্যে দীর্ঘদিন থেকে একটি পারিবারিক বিরোধ চলছিল।

বুধবার (১৭ জুন) সকালে এই বিরোধের জেরে এক ভাই জামাল হোসেনের বাড়িতে কথাকাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে বেশ কয়েকজন আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, সেখানে তাদের চিকিৎসা প্রদান করা হয়। ঘটনার পর পরিবারিকভাবে বিষয়টির সমাধানের চেষ্টা করা হয়, কিন্তু সেটি ব্যর্থ হয়। পরে ভুক্তভোগী শাহজাহান দুপুরে থানায় এসে লিখিত অভিযোগ দিতে আসেন।

অভিযোগ দায়েরের পর শাহজাহান এবং তার স্বজনরা থানার সামনে অবস্থান করলে, সেখানেই প্রতিপক্ষের লোকজনের সঙ্গে শুরু হয় তাদের আবারও বাগবিতণ্ডা। এক পর্যায়ে উভয় পক্ষ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই কারণে থানার সামনে একটি উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

তিতাস থানা পুলিশ এই সময় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করে।

ওসি মমিরুল হক সময় সংবাদকে জানান, পারিবারিক বিরোধের কারণে প্রাথমিকভাবে গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে অভিযোগ দিতে আসার সময় থানার সামনেও দুই পক্ষের মধ্যে মারামারি ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তিনজনকে আটক করা হয়েছে। এই ঘটনার পর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজে ‘ভিআইপি পাস’ চালুর ভাবনায় ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৫:২৮ পি.এম


হরমুজে ‘ভিআইপি পাস’ চালুর ভাবনায় ট্রাম্প

মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের উদ্যোগের অংশ হিসেবে হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচল স্বাভাবিক করার জন্য নতুন উদ্যোগ গ্রহণের কথা ভাবছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর একটি প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজ মালিকদের জন্য অর্থের বিনিময়ে মার্কিন নৌবাহিনীর নিরাপত্তা এসকর্ট সরবরাহ করার জন্য একটি ‘ভিআইপি পাস’ ব্যবস্থা নিয়ে আলোচনা হচ্ছে।

মঙ্গলবার (১৬ জুন) প্রকাশিত ওই প্রতিবেদনে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুজি ওয়াইলস সংশ্লিষ্ট কর্মকর্তাদের এমন উদ্যোগ তৈরির নির্দেশ দিয়েছেন, যাতে জাহাজ মালিকরা হরমুজ প্রণালী দিয়ে চলাচল করার ঝুঁকি নিতে আরও আগ্রহী হন।

ট্রাম্প এসংক্রান্ত মন্তব্য করেন যে, চলতি সপ্তাহের মধ্যেই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালী ‘স্থায়ীভাবে টোলমুক্ত’ এবং ‘সম্পূর্ণ উন্মুক্ত’ হবে। তবে একই সময়ে ইরান ইঙ্গিত দিয়েছে যে, প্রণালীটি অতিক্রমকারী বাণিজ্যিক ট্যাঙ্কারগুলোর কাছ থেকে কিছু নির্দিষ্ট সেবার বিনিময়ে ‘ফি’ আদায় করা হতে পারে।

বর্তমানে বেশিরভাগ বীমা কোম্পানি হরমুজ প্রণালী দিয়ে চলাচলকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করছে। এর ফলস্বরূপ অনেক জাহাজ বীমা সুবিধা পাচ্ছে না। এই পরিস্থিতিতে, জাহাজ মালিকদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কেনার পাশাপাশি বীমা কোম্পানিগুলোকে দর কষাকষি করার বিষয়েও আলোচনা চলছে।

জ্বালানি খাতের দুটি সূত্র জানিয়েছে, এই প্রস্তাবিত ব্যবস্থায় জাহাজ মালিকরা নির্দিষ্ট ফি পরিশোধ করে মার্কিন নৌবাহিনীর নিরাপত্তা এসকর্টসহ দ্রুত যাতায়াতের সুবিধা লাভ করবেন। এক সূত্রের মতে, ‘এটি অনেকটা ভিআইপি পাসের মতো হবে, যেখানে অর্থের বিনিময়ে নিরাপদ ও দ্রুত ট্রানজিট সুবিধা দেওয়া হবে।’

এদিকে সাবেক এক মার্কিন কর্মকর্তা বলেছেন, এই প্রস্তাবের আরেকটি উদ্দেশ্য হলো ইউরোপীয় মিত্রদের উপর নিরাপত্তার দায়িত্বের অংশ চাপিয়ে দেওয়া। তার মতে, হরমুজ অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করা উচিত নয়। জি-৭ সম্মেলনের সময় ইউরোপীয় দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করার লক্ষ্যে এই আলোচনাগুলো সামনে আনা হয়েছে।

এর আগে এপ্রিল মাসে, ট্রাম্প মন্তব্য করেছিলেন যে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে ফি আদায়ের অধিকার ইরানের নয়, বরং যুক্তরাষ্ট্রের থাকা উচিত। তিনি বলেছিলেন, ‘ইরানকে ফি নিতে দেওয়ার চেয়ে আমি চাই আমরা সেই অর্থ সংগ্রহ করি।’ এছাড়া মার্কিন প্রতিরক্ষা উৎপাদন আইন (ডিপিএ) ব্যবহার করে দেশের বীমা কোম্পানিগুলোকে হরমুজগামী জাহাজের জন্য বীমা কভারেজ দেওয়ার বিষয়টিও বিবেচ্য।

তবে এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি। ১৯ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত নিরসনে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের পরিকল্পনা থাকলেও সম্ভাব্য নতুন উত্তেজনা সৃষ্টি হওয়ার আশঙ্কায় বহু জাহাজ মালিক অপেক্ষার অবস্থানে রয়েছেন। পণ্যবাজার বিশ্লেষণ প্রতিষ্ঠান ক্লেপারের তথ্য অনুযায়ী, বর্তমানে হরমুজ প্রণালীর বাইরে পারস্য উপসাগরে প্রায় ৫০০টি জাহাজ অপেক্ষা করছে, যার মধ্যে প্রায় ২২০টি তেলবাহী ট্যাংকার।

অন্যদিকে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনার অগ্রগতির কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৮০ ডলারের নিচে নেমে এসেছে। তবে যুদ্ধ-পূর্ব সময়ের তুলনায় দাম এখনো বেশি রয়েছে।

হোয়াইট হাউসের মুখপাত্র টেলর রজার্স দাবি করেছেন, ট্রাম্পের প্রকল্পের ফলে স্বাক্ষরিত সমঝোতার ফলে হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত থাকবে এবং জ্বালানি পরিবহন দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তিনি নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনকে “ভিত্তিহীন জল্পনা” হিসেবে অভিহিত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%