০৮:১৮ পি.এম
রাজশাহী, দেশের খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলের বৃহত্তম শহর, বর্তমানে দ্রুত নগরায়ন ও ক্রমবর্ধমান জনসংখ্যার কারণে সুপেয় পানির তীব্র সংকটে আক্রান্ত হয়ে পড়েছে। নগরীর পানির সরবরাহ অবকাঠামোর সক্ষমতা চাহিদার সঙ্গে তাল মেলাতে অক্ষম হওয়ার ফলে এ সংকটটি ক্রমেই বাড়তে থাকে।
বর্তমানে, রাজশাহী শহরে প্রতিদিন প্রায় ৩ কোটি ৭৫ লাখ লিটার সুপেয় পানির ঘাটতি বিদ্যমান, যা পানি সংকটের ভয়াবহতা তুলে ধরছে। বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তরের চাপ কমাতে এবং নগরবাসীর জন্য টেকসই পানি সরবরাহ নিশ্চিত করতে 'সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রকল্প' চালু করা হচ্ছে।
বাংলাদেশ ও চীনের যৌথ অর্থায়নে প্রায় ৪ হাজার ৬২ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন এই মেগা প্রকল্পের ভৌত কাজ ইতোমধ্যে ৬৫ শতাংশ সম্পন্ন হয়ে গেছে। প্রকল্পের সার্বিক কাজ শেষ হলে পদ্মা নদীর পানি এনে পরিশোধনের মাধ্যমে প্রতিদিন ২০ কোটি লিটার বিশুদ্ধ পানি সরবরাহ সম্ভব হবে। এটি ২০৩৫ সালের সম্ভাব্য পানির চাহিদা পূরণে সক্ষম হবে বলেও জানা গেছে।
আরও পড়ুন: ভাণ্ডারিয়ায় বন বিভাগের ১৩টি গাছ বিক্রি ও কাটার অভিযোগ, থানায় মামলা
বর্তমানে, রাজশাহী মহানগর এলাকার মোট পানির চাহিদা প্রায় ১১ লাখ ৩২ হাজার লিটার। ওয়াসা মূলত গভীর নলকূপের মাধ্যমে ভূগর্ভস্থ উৎস থেকে প্রতিদিন ৮ লাখ ৬৫ হাজার লিটার পানি উত্তোলন করছে। এই প্রকল্পটি তিনটি প্রধান ধাপে বাস্তবায়ন করা হচ্ছে। প্রথম ধাপে প্রধান পানির উৎস নিশ্চিত করতে গোদাগাড়ীতে পদ্মা ও মহানন্দা নদীর মিলনস্থলে আধুনিক ইনটেক পয়েন্ট নির্মাণ করা হচ্ছে। সমীক্ষা অনুযায়ী, সেখানে সারা বছর অন্তত ৩০ ফুট গভীরতায় নিরবচ্ছিন্ন পানিপ্রবাহ নিশ্চিত থাকবে।
দ্বিতীয় ধাপে ইনটেক পয়েন্টের পাশে প্রতিদিন ২০ কোটি লিটার পানি পরিশোধন করতে সক্ষম একটি কেন্দ্রীয় প্ল্যান্ট নির্মাণ করা হচ্ছে। তৃতীয় ধাপে পবা উপজেলার হরিপুরে একটি বুস্টার পাম্প প্রকল্প ও বিদ্যুৎ উপকেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। প্রধান প্ল্যান্ট থেকে হরিপুর হয়ে নগরী পর্যন্ত ২৬ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ ট্রান্সমিশন পাইপলাইনের কাজ ইতোমধ্যে ২১ কিলোমিটার সম্পন্ন হয়েছে।
গোদাগাড়ী-রাজশাহী মহাসড়কসংলগ্ন এলাকায় পাইপলাইন স্থাপনের কাজ দ্রুতগতিতে চলছে। নগরীতে ১৬ কিলোমিটার ডিস্ট্রিবিউশন লাইন স্থাপন করা হয়েছে এবং আরও ১০ কিলোমিটার লাইনের নির্মাণকাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
এই প্রকল্পে বিশ্বের প্রসিদ্ধ ফরাসি পানি পরিশোধন প্রযুক্তি এবং চীনের জিংজিয়ান কোম্পানির উন্নতমানের দীর্ঘস্থায়ী পাইপলাইন ব্যবহার করা হচ্ছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এসব পাইপলাইন নির্বাচন করা হয়েছে, যেগুলোর স্থায়িত্বকাল অন্তত ৭০ বছর।
আরও পড়ুন: রুয়েটে পাইপ চুরির অভিযোগে জয় আটক, অভিভাবকের জিম্মায় হস্তান্তর
শনিবার (২৫ জুলাই) ওয়াসার প্রধান প্রকৌশলী পারভেজ মামুদ বলেন, ২০৩৫ সালের সম্ভাব্য নাগরিক চাহিদা এবং নগরীর সীমানা সম্প্রসারণকে অগ্রাধিকার দিয়ে প্ল্যান্টটির নকশা তৈরি করা হয়েছে। ২৬ দশমিক ৫ কিলোমিটারের মধ্যে ২১ কিলোমিটার পাইপলাইনের কাজ সম্পন্ন হওয়া আমাদের জন্য একটি বড় ধরনের সাফল্য যা কোনো সন্দেহ নেই।
প্রকল্পের আওতায় পদ্মা নদী থেকে পানি সংগ্রহ করে তা পরিশোধনের পর পাইপলাইনের মাধ্যমে পবা উপজেলার হরিপুরে স্থাপিত বুস্টার পাম্প স্টেশনে নেওয়া হবে। পরিশোধিত পানি নগরবাসীর মধ্যে সরবরাহ করা হবে। পাশাপাশি, এই প্রকল্পের আওতায় কাটাখালী, নওহাটা ও গোদাগাড়ীর ৩০টি ওয়ার্ডের বাসিন্দারাও নিরাপদ সুপেয় পানি পাবেন।
চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রধান প্রকৌশলী সানচিং বাসস’কে জানান, ভূমি ভরাট ও সমতলকরণের পর মূল সাইটের স্ট্রাকচারাল পাইলিং এবং উপকেন্দ্র নির্মাণের কাজ শেষ হওয়ার পর্যায়ে রয়েছে। তারা নির্ধারিত সময়ে কাজ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং আন্তর্জাতিক মান বজায় রাখার বিষয়েও অঙ্গীকারবদ্ধ।
বিশ্লেষকরা রাজশাহীর পরিবেশ সুরক্ষায় এ মেগা প্রকল্পকে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল ওয়াকিল বলেন, বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে যাচ্ছে। এতে ভূগর্ভস্থ পানির ওপর শতভাগ নির্ভরশীলতা পরিবেশের জন্য বিপজ্জনক। পদ্মার পানি নগরীতে আনার এ উদ্যোগ রাজশাহীর জন্য অত্যন্ত ইতিবাচক বলেও তিনি মন্তব্য করেন।
আরও পড়ুন: খালার বাড়িতে বেড়াতে এসে সোমেশ্বরীর স্রোতে প্রাণ গেল ১৬ বছরের সিফাতের
নাগরিক সংগঠন ‘সুজন’ এর রাজশাহী জেলা সভাপতি সুফিউদ্দিন আহমেদ মনে করেন, বরেন্দ্র অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগাতে দীর্ঘমেয়াদি ও সুদূরপ্রসারী পরিকল্পনা প্রয়োজন। এদিকে, প্রকল্পটির প্রাথমিক মেয়াদ চার বছর নির্ধারণ করা হয়েছে। তবে কাজের বর্তমান গতি অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তারা ২০২৭ সালের মধ্যে পানি পরিশোধনাগারের শতভাগ নির্মাণকাজ শেষ করে পাইপলাইনের মাধ্যমে নগরবাসীর কাছে বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়ার বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন