ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

নবীনগরে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রী সোমাইয়া আক্তার নিহত


নবীনগরে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রী সোমাইয়া আক্তার নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদর বাসস্ট্যান্ডে মোটরসাইকেল এবং অটোরিকশার মধ্যে সংঘর্ষের ফলে সোমাইয়া আক্তার (১৭) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন।

এ দুর্ঘটনাটি ঘটে সোমবার (৯ নভেম্বর) সকালে আনুমানিক সাড়ে ১০টার দিকে, যা নিশ্চিত করেছেন নবীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) রাজীব কান্তি নাথ।

ইন্সপেক্টর জানান, নিহত কলেজছাত্রী সোমাইয়া নবীনগর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। তার বাড়ি কুমিল্লার মুরাদনগরের রুয়াচালা গ্রামে অবস্থিত। তবে তিনি নবীনগরের রসুল্লাবাদ গ্রামে থেকেই সরকারি কলেজে আসা-যাওয়া করতেন। তার বাবার নাম আমীর হোসেন এবং মায়ের নাম রত্না বেগম।

আরও পড়ুন: কামরুল হাসান রুবেলের নেতৃত্বে বাকেরগঞ্জে বিএনপির ঐক্যের দৃষ্টান্ত

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমাইয়া আক্তার সোমবার সকালে রসুল্লাবাদ থেকে অটোরিকশায় নবীনগর সরকারি কলেজের উদ্দেশে রওনা দেন। এসময় নবীনগর বাসস্ট্যান্ডের কাছে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে তার অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই ঘটনায় অটোতে থাকা ৩-৪ জন যাত্রী আহত হন। তাদের মধ্যে কলেজছাত্রী সোমাইয়া ঘটনাস্থলেই মারা যান।

নবীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) রাজীব কান্তি নাথ কালের কণ্ঠকে বলেন, ‘আমরা খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০০ পি.এম


শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপের উদ্বোধন

রাজধানীর ঢাকার পল্লবীতে অবস্থিত শহীদ জিয়া মহিলা কলেজের ৩৩ বছরের প্রতিষ্ঠা যাত্রায় বিভিন্ন সীমাবদ্ধতা ও প্রতিকূলতা অতিক্রম করে গতকাল দীক্ষার মাধ্যমে রোভার স্কাউটস গ্রুপের যাত্রা শুরু হয়েছে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শহীদ জিয়া মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি সাঈদুল হোসেন সাহেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক মো. ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহা পরিচালক এ কে এম হাফিজুল্লাহ খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম, মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মো. মঈনুল হক মঈন, স্কাউটসে ঢাকা অঞ্চলের কমিশনার ওমর আলী, নায়েমের উপ পরিচালক আয়েশা আক্তার, মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল খোশনবিশ, ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ খালেকুজ্জামান জুয়েল এবং এমডিসি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন।

বক্তারা অনুষ্ঠানে স্কাউট গ্রুপ প্রতিষ্ঠার প্রশংসা করেন। তারা শহীদ জিয়া মহিলা কলেজের নারী শিক্ষায় নতুন সম্ভাবনা, সৃজনশীলতা এবং উন্নয়নের পথে অগ্রযাত্রা নিয়ে আলোচনা করেন এবং কলেজের উন্নয়ন ও কল্যাণে ব্যাপক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এছাড়া বক্তারা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, মানবিক মূল্যবোধ এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একটি গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় অবদান রাখার গুরুত্বের ওপর আলোকপাত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কপ স‌ম্মেল‌নে তারেক রহমান ও এরদোয়ানের বৈঠকের সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০১ পি.এম


কপ স‌ম্মেল‌নে তারেক রহমান ও এরদোয়ানের বৈঠকের সম্ভাবনা

নবনিযুক্ত পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী তুরস্ক সফরের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গে বৈঠকের সম্ভাবনার কথা জানিয়েছেন।

তিনি সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সালাহউদ্দিন নোমান উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তুরস্ক সফরের সময় প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করার সম্ভাবনা রয়েছে। এছাড়াও, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, উজবেকিস্তানের প্রেসিডেন্ট, এবং চীনের উপ-রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক নিশ্চিত হয়েছে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এবং ইউএনডিপির প্রশাসকের সঙ্গেও বৈঠক অনুষ্ঠিত হবে।

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন ধরনের সহযোগিতার বিষয়ে আলোচনা হবে। তবে সামরিক ও অর্থনৈতিক জোনে নির্দিষ্ট বিনিয়োগ বা ড্রোন কারখানা প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা সামরিক সহযোগিতার অংশ, যা পরে জানানো হবে।

এভিয়েশন ও গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে তুর্কি কোম্পানির সঙ্গে সহযোগিতা নিয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন নোমান বলেন, এটি একটি দ্বিপক্ষীয় সফর নয়। এটি একটি সৌজন্য সাক্ষাৎ এবং সাধারণ ও সাবস্ট্যান্টিভ বিষয়ে আলোচনা হয়েছে।

জলবায়ু পরিবর্তনের ক্ষতির বিষয়ে উন্নত দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ এবং প্রযুক্তি হস্তান্তর নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, উন্নত দেশগুলো পূর্বে বাংলাদেশকে প্রতিশ্রুতি দিয়েছিল যে, তারা অর্থায়ন এবং প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে সহযোগিতা করবে। বাংলাদেশ যৌথ প্রচেষ্টা এবং ক্ষতিপূরণের বিষয়ে তার বক্তব্য জোরালোভাবে তুলে ধরেছে।

বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে প্রধানমন্ত্রী ১০-১২ নভেম্বর তুরস্কে সরকারি সফর করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জানুয়ারিতে আর্জেন্টিনার মাঠে ফিরছেন মেসি, প্রতিপক্ষ রিভার প্লেট?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০১ পি.এম


জানুয়ারিতে আর্জেন্টিনার মাঠে ফিরছেন মেসি, প্রতিপক্ষ রিভার প্লেট?

আর্জেন্টিনার জার্সিতে মাঠে দেখা না গেলেও, জানুয়ারিতে আবারও নিজের দেশের মাটিতে খেলার সুযোগ পেতে পারেন লিওনেল মেসি। তবে এবার তিনি জাতীয় দলের হয়ে নয়, বরং ইন্টার মায়ামির জার্সিতে মাঠে নামার সম্ভাবনা রয়েছে আর্জেন্টাইন এই মহাতারকার।

প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে ইন্টার মায়ামি আগামী জানুয়ারিতে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে। ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য স্থান বুয়েনস এইরেসের ঐতিহ্যবাহী মনুমেন্তাল স্টেডিয়াম। জানুয়ারির দ্বিতীয়ার্ধে এই ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে, যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি।

শার্লটের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করার পর ইন্টার মায়ামির কোচ কিলি গঞ্জালেজ এই বিষয়ে মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, ম্যাচ আয়োজনের সম্ভাবনা বেশ জোরালো। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে আরও আলোচনা প্রয়োজন।

গঞ্জালেজ বলেছেন, ‘আমার জন্য, সেই পরিস্থিতি নিশ্চিত।’ আর্জেন্টিনার মাটিতে প্রাক-মৌসুমের ম্যাচ আয়োজনের সম্ভাবনা নিয়ে তিনি আরও বলেন, ‘এটার সম্ভাবনা খুবই প্রবল। অবশ্যই রিভার প্লেটের মতো আর্জেন্টিনার দলগুলোর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করা সবসময় ভালো। কিন্তু সেটা ঘটার আগে অনেক পথ বাকি আছে।’

যদি ম্যাচটি অনুষ্ঠিত হয়, তবে মেসির জন্য এটি হবে একটি বিশেষ মুহূর্ত। কারণ, প্রথমবারের মতো আর্জেন্টিনার মাটিতে কোনো ক্লাবের হয়ে খেলার সুযোগ পাবেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার। তিনি আবারও মনুমেন্তাল স্টেডিয়ামে ফিরবেন, তবে এবার আর্জেন্টিনার জার্সিতে নয়, বরং ইন্টার মায়ামির গোলাপি জার্সিতে।

এদিকে, ম্যাচটি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে দুই পক্ষই। রিভার প্লেটও আনুষ্ঠানিক ঘোষণা ও বিস্তারিত সূচির অপেক্ষায় আছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জীবনের সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণের অনন্য দৃষ্টান্ত স্থাপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০২ পি.এম


জীবনের সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণের অনন্য দৃষ্টান্ত স্থাপন

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের কিছু মানুষ আছেন, যারা নিজেদের সঞ্চয়, উপার্জন এবং দীর্ঘদিনের জমানো অর্থ ব্যয় করে মসজিদ নির্মাণ করেছেন। এই উদ্যোগগুলো মানবিক ও অনুপ্রেরণামূলক ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

বাংলাদেশে মসজিদ নির্মাণে জীবনের সঞ্চয় ব্যয় করেছেন যারা

১. ভিক্ষা করে জমানো ২ লাখ টাকায় মসজিদ নির্মাণ

টাঙ্গাইলের মির্জাপুরের ৭০ বছর বয়সি কালুজন বেওয়া ভিক্ষা করে পাওয়া অর্থ জমিয়ে একটি মসজিদ নির্মাণ করেন। তিনি দীর্ঘদিন ধরে স্বামীর রেখে যাওয়া জমিতে মসজিদ নির্মাণের জন্য অর্থ সঞ্চয় করেছিলেন। তার জমানো অর্থের পরিমাণ ছিল ২ লাখ ৪ হাজার টাকা।

২. নিজের অর্থে মসজিদ নির্মাণ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক

বগুড়ার সোনাতলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আহসান হাবিব নিজস্ব অর্থায়নে একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছেন। ২০০১ সাল থেকে তিনি ব্যক্তিগত অর্থে মসজিদ নির্মাণের কাজ শুরু করেছেন। এ কাজে বন্ধুদের কাছ থেকে সামান্য অনুদানও নেওয়া হয়েছে।

৩. নিজের অর্থে আড়াইশ বছর আগে মসজিদ নির্মাণ করেছিলেন কুসুম বিবি

চুয়াডাঙ্গা শহরের ঐতিহাসিক বড় মসজিদ বা মিনার মসজিদটি প্রতিষ্ঠা করেছিলেন কুসুম বিবি। তিনি প্রায় ২৫০ বছর আগে ৭৩ শতক জমি দান করে এবং ব্যক্তিগত অর্থে মসজিদটি নির্মাণ করেন।

৪. জীবনের শেষ সঞ্চয় থেকে মসজিদের জন্য দুই লাখ টাকা

চট্টগ্রামের ফটিকছড়ির লিয়াকত আলী মুন্সি জীবনের শেষ প্রান্তে এলাকার মানুষের নামাজের সুবিধার জন্য একটি জামে মসজিদ নির্মাণের উদ্যোগ নেন। তিনি নিজের সঞ্চয় থেকে দুই লাখ টাকা দেন। তবে মসজিদটি নির্মাণের স্বপ্ন বাস্তবায়নের আগেই তার মৃত্যু ঘটে।

বিশ্বের বিভিন্ন দেশে এমন অনন্য দৃষ্টান্ত

৫. জীবনের প্রায় পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৬ বছর বয়সি বৃদ্ধের

আফ্রিকার দেশ মালাউইয়ের চিখওয়ায়া কামুলোনি নিজের জীবনের প্রায় পুরো সঞ্চয় ব্যয় করে গ্রামের মানুষের জন্য একটি মসজিদ নির্মাণ করেন। তিনি প্রায় ৩ কোটি ৫০ লাখ মালাউয়িয়ান কোয়াচা (প্রায় ২০ হাজার ২০০ ডলার) ব্যয় করেন। গ্রামের মুসল্লিদের নামাজের জন্য স্থায়ী জায়গা না থাকায় তিনি এই উদ্যোগ গ্রহণ করেন।

৬. স্বামীর পেনশন ও সঞ্চয় জমিয়ে ৩০ বছর পর মসজিদ নির্মাণ

সৌদি আরবের এক নারী স্বামীর মৃত্যুর পর তার পেনশন ও সঞ্চয়ের অর্থ প্রায় ৩০ বছর ধরে জমিয়ে রাখেন। পরে সেই অর্থ দিয়ে স্বামীর নামে একটি মসজিদ নির্মাণ করেন। তার ছেলে সামাজিক যোগাযোগমাধ্যমে মায়ের এই উদ্যোগের ছবি প্রকাশ করলে ঘটনাটি আলোচনায় আসে।

৭. দাদির স্বপ্ন পূরণে মসজিদ নির্মাণে জীবন উৎসর্গ

ঢাকার ফায়দাবাদে অবস্থিত বায়তুর রউফ মসজিদ নির্মাণের পেছনে স্থপতি মেরিনা তাবাসসুমের পরিবারের উদ্যোগ রয়েছে। তার দাদি সুফিয়া খাতুন মসজিদের জন্য জমি ও অর্থ দান করেছিলেন। দাদির মৃত্যুর পর মেরিনা তাবাসসুম নিজেই নকশা, অর্থ সংগ্রহ ও নির্মাণের দায়িত্ব নেন। প্রায় ছয় বছর পর মসজিদটি নির্মাণ সম্পন্ন হয়।

৮. ৫০৩ নারীর গয়না ও সঞ্চয়ে লন্ডনে মসজিদ নির্মাণ

লন্ডনের ফজল মসজিদ নির্মাণে ৫০৩ জন নারী তাদের গয়না ও ব্যক্তিগত সঞ্চয় দান করেছিলেন। মসজিদটির শতবর্ষ উপলক্ষে প্রকাশিত একটি প্রতিবেদনে নারীদের এই অবদানের কথা তুলে ধরা হয়েছে। সম্মিলিতভাবে সঞ্চয় ও সম্পদ উৎসর্গ করে ধর্মীয় স্থাপনা নির্মাণের এটি একটি উল্লেখযোগ্য উদাহরণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%