মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৮:১৯ পি.এম
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার উদ্যোগে এসএসসি, দাখিল এবং সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের জন্য এ+ সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের গার্লস স্কুলের পাশে টাউন ক্লাবে এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। একই দিনে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগে প্লেসধারী শিক্ষার্থীদের জন্য আলাদা সংবর্ধনা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. নূরুল ইসলাম বুলবুল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ভিপি আবু সাদিক কায়েম। এছাড়া অনুষ্ঠানে রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোঃ নজরুল ইসলাম, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানীসহ ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথি, অভিভাবক এবং সংবর্ধিত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, কৃতী শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি প্রদান, তাদের উৎসাহিত করা এবং ভবিষ্যতে শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও উপহার তুলে দেওয়া হয়। বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, দেশপ্রেম এবং মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি ইউসুফ আল গালিবের নেতৃত্বে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের নেতাকর্মীরা সার্বিকভাবে সহযোগিতা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পঞ্চগড় সদর উপজেলায় ঘোরাফেরা করার সময় উদ্ধার হওয়া ১৫ বছর বয়সী এক কিশোর প্রথমে নিজেকে চট্টগ্রামের বাসিন্দা বলে পরিচয় দিয়েছিল। পরে আহ্ছানিয়া মিশন শিশু নগরীর শিক্ষকদের প্রচেষ্টায় তার পরিচয় নিয়ে অনুসন্ধান শুরু হলে জানা যায়, সে রোহিঙ্গা। এরপর কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করে তার পরিচয় নিশ্চিত করা হয়।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের লিগ্যাল অফিসারের মাধ্যমে পঞ্চগড় সদর থানা পুলিশ কিশোর আব্দুল ওয়াহিদকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে। স্থানীয় রোহিঙ্গা ক্যাম্পের আইনি সহায়তা কেন্দ্র ব্লাস্ট সহযোগিতায় এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
পুলিশ জানায়, গত ২৩ জুন পঞ্চগড় সদর উপজেলার সোনালী ব্যাংক অটোস্ট্যান্ডের সামনে ঘোরাফেরা করার সময় স্থানীয় লোকজন কিশোরটিকে থামিয়ে তার পরিচয় জানতে চান। পরে তাকে পঞ্চগড় সদর থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে সে নিজের নাম আব্দুল ওয়াহিদ (১৫), বাবার নাম মো. জাকির আহমদ, মায়ের নাম মোছা. রাশেদা বেগম এবং বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী থানার কালুরঘাট (সিও অফিস) এলাকায় বলে জানায়।
এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় গত ২৩ জুন সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সে সময় তাদের সন্ধান পাওয়া যায়নি। পরে তাকে আহ্ছানিয়া মিশন শিশু নগরীতে রাখা হয়।
আহ্ছানিয়া মিশন শিশু নগরীতে থাকার সময় তার দেওয়া পরিচয় নিয়ে শিক্ষকদের সন্দেহ হলে তারা বিভিন্নভাবে তথ্য সংগ্রহ ও অনুসন্ধান শুরু করেন। অনুসন্ধানে কিশোরটির রোহিঙ্গা পরিচয়ের তথ্য পাওয়া যায়। পরে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হলে তার পরিচয় নিশ্চিত করা হয়।
আহ্ছানিয়া মিশন শিশু নগরীর সমাজকর্মী মো. ইউসুফ আলী বলেন, কিশোরটি প্রথমে চট্টগ্রামের ঠিকানা জানিয়েছিল। পরে তার পরিচয় নিয়ে অনুসন্ধান করা হলে রোহিঙ্গা পরিচয়ের তথ্য পাওয়া যায়। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট লিগ্যাল অফিসারের মাধ্যমে তাকে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে।
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল বলেন, কিশোরটি প্রথমে নিজেকে চট্টগ্রামের বাসিন্দা বলে পরিচয় দিয়েছিল। পরবর্তীতে আহ্ছানিয়া মিশন শিশু নগরীর শিক্ষকদের অনুসন্ধানে তার রোহিঙ্গা পরিচয় পাওয়া যায়। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের সংশ্লিষ্টদের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হওয়ার পর লিগ্যাল অফিসারের সহযোগিতায় তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তবে কেন বা কী কারণে তিনি পঞ্চগড় গিয়েছিল তা এখন নিশ্চিত ভাবে জানা যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম (দক্ষিণ), ২৮ আগস্ট, ২০২৬ : চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবা ও রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেলসহ মো. ইয়াকুব আলী (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ইয়াকুব আলী রংপুর জেলার পীরগঞ্জ থানার মিঠিপুর ইউনিয়নের কতুবপুর গবরা এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে।
শুক্রবার সকালে উপজেলার চাম্বল ইউনিয়নের ছড়ারব্রিজ এলাকার সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাম্বল ছড়ারব্রিজ এলাকায় অভিযান চালায় বাঁশখালী থানা পুলিশের একটি দল। এ সময় কালো-সিলভার রঙের রেজিস্ট্রেশনবিহীন জিপিএক্স ডেমন মোটরসাইকেলটি থামিয়ে তল্লাশি করা হয়। এক পর্যায়ে মোটরসাইকেলের ফুয়েল ট্যাংকের পাশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ইয়াবাগুলো জব্দ এবং মোটরসাইকেলটি হেফাজতে নেয় পুলিশ।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার ইয়াকুব আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হবে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বাসস’কে বলেন, বাঁশখালীকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক পরিবহন, সরবরাহ ও ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না।
তিনি আরও বলেন, উদ্ধার ইয়াবার উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি পুরো বাঁশখালীতে মাদকের বিরুদ্ধে ইউনিয়নভিত্তিক জনমত গড়ে তোলার কাজ করছে থানা পুলিশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি প্রথম বর্ষের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে ভিডিও ধারণ করতে গিয়ে দুই সাংবাদিকের ওপর হামলা, মারধর ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নাগরিক টেলিভিশনের মেহেরপুর জেলা প্রতিনিধি রাব্বি আহমেদ ও দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি তারেক হোসেন আহত হয়েছেন।
শুক্রবার (২৮ আগস্ট) কাজিপুর ডিগ্রি কলেজে বিএ/বিএসএস প্রথম বর্ষের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন আহত সাংবাদিকরা।
সাংবাদিক রাব্বি আহমেদ অভিযোগ করেন, ৫০০ টাকার বিনিময়ে পরীক্ষার্থীদের বই খুলে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে তারা কাজিপুর ডিগ্রি কলেজে যান। সেখানে গিয়ে কয়েকজন পরীক্ষার্থীকে বই দেখে পরীক্ষা দিতে দেখতে পান তারা। বিষয়টি ভিডিও ধারণ করতে গেলে মনিরুজ্জামান বিপ্লবসহ কলেজের কয়েকজন শিক্ষক তাদের ওপর ক্ষিপ্ত হয়ে হামলা চালান বলে অভিযোগ করেন তিনি।
আহত সাংবাদিক তারেক হোসেন বলেন, পরীক্ষা কেন্দ্রে গিয়ে তারা পরীক্ষার্থীদের বই দেখে পরীক্ষা দিতে দেখেন। এ বিষয়ে জানতে চাইলে দুই শিক্ষক তাদের সঙ্গে উত্তেজিত আচরণ করেন। একপর্যায়ে তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় ভিডিও ধারণের কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নাগরিক টেলিভিশনের বুম মাইক্রোফোন নিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
তারেক হোসেন আরও বলেন, হামলার পর তাদের একটি কক্ষে আটকে রাখা হয়। পরে কৌশলে সেখান থেকে বের হয়ে আসেন তারা। এ ঘটনায় গাংনী থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সাংবাদিকদের পক্ষ থেকে থানায় এসে অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে।
ওসি বলেন, ঘটনার সঙ্গে কারা জড়িত, হামলার কারণ কী এবং সাংবাদিকদের কাছ থেকে মোবাইল ফোন ও অন্যান্য সরঞ্জাম নেওয়া হয়েছে কি না—সবকিছুই খতিয়ে দেখা হবে। তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ব্রিটিশ সম্প্রচারমাধ্যমে সাক্ষাৎকার প্রচারের জেরে তোলপাড়ের মধ্যেই কারাবন্দী ইমরান খানের স্বাস্থ্য নিয়ে নিজের অবস্থান ব্যক্ত করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তিনি পাকিস্তানের সরকারের কাছে গ্রেগ চ্যাপেল ও অন্যান্য সাবেক অধিনায়কদের লেখা চিঠির বিষয়ে সমর্থন জানিয়েছেন।
কামিন্স এক্সে দেওয়া পোস্টে লিখেছেন, গ্রেগ চ্যাপেল এবং অন্যান্য সাবেক আন্তর্জাতিক অধিনায়কদের দাবির সঙ্গে আমিও একাত্মতা প্রকাশ করছি। আমি আশা করি, আদালতের নির্দেশ অনুযায়ী চিকিৎসা সংক্রান্ত মূল্যায়ন প্রক্রিয়াটি সম্পন্ন হতে দেওয়া হবে। একই সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গে ইমরান খানের সাক্ষাতের সুযোগ অব্যাহত থাকবে।
তিনি বলেন, আমি চাই ইমরান খানের সঙ্গে এমন আচরণ করা হোক যা একজন মানুষের প্রাপ্য মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ‘দ্য গ্রেড ক্রিকেটার’ পডকাস্টে চ্যাপেল বলেন, তিনি তিন বছর ধরে বিচ্ছিন্ন অবস্থায় আছেন। এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, এমন কাউকে আমি চিনি না। ইমরান মানসিকভাবে ও শারীরিকভাবে অত্যন্ত শক্তিশালী, কিন্তু সম্পূর্ণ বিচ্ছিন্নতার সঙ্গে কীভাবে মানিয়ে নিতে হয়, তা কারো জানা নেই। তাকে বই পড়ার অনুমতি দেওয়া হয় না।
কিংবদন্তি এই ক্রিকেটার আরও বলেন, তাকে কেবল চুপচাপ বসে থাকতে হয়, সংযত আচরণ করতে হয় এবং দিনের বেশিরভাগ সময় অন্ধকারে কাটাতে হয়। ৭৮ বছর বয়সী চ্যাপেল আরও বলেন, মানসিক স্বাস্থ্যের জন্য এটি মোটেও ভালো নয়। এতে মানসিক অবস্থার অবনতি ঘটতে পারে এবং শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।
গ্রেগ ছয় বছর আগে পাকিস্তানে ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী অধিনায়কের সঙ্গে সাক্ষাতের স্মৃতিচারণ করে বলেন, তখনও তিনি বেশ বলিষ্ঠ ও শক্তিশালী ছিলেন, যদিও বয়স কিছুটা বেড়েছিল। কিন্তু এখন আর সেই অবস্থা নেই। আমরা আমাদের সাবেক অধিনায়কদের সঙ্গে যোগাযোগ করেছি। শুরুতে ১৪ জন চিঠি লিখেছিলেন, এখন সেই সংখ্যা আরও বেড়েছে।
তিনি আরও বলেন, দক্ষিণ আফ্রিকার কেপলার ওয়েসেলস এবং মাইকেল গ্যাটিং এরা দুজন দ্বিতীয় চিঠিতে সমর্থন জানিয়েছেন। মূল উদ্দেশ্য হলো বিষয়টি মানুষের নজরে রাখা; এটি কোনো রাজনৈতিক পদক্ষেপ নয়, কাউকে এমন পরিস্থিতিতে আটকে রাখা উচিত নয়।
এদিকে লর্ডস টেস্টের প্রথম দিনে ইমরান খানের দুই ছেলে সুলেইমান খান ও কাশিম খানের বিশেষ সাক্ষাৎকার প্রচার করেছে ব্রিটিশ সম্প্রচারমাধ্যম স্কাই স্পোর্টস। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পিসিবি বিষয়টি ভালোভাবে নেয়নি এবং লর্ডস টেস্ট চলাকালীন তারা এর প্রতিবাদ জানানোর পরিকল্পনা করেছিল।
সাক্ষাৎকারটি প্রচারের আগে এটি ঠেকাতে স্কাই স্পোর্টসের ওপর চাপ সৃষ্টি করেছিল পিসিবি। এমনকি সাক্ষাৎকার সম্প্রচার করা হলে পাকিস্তানি ক্রিকেটাররা লাঞ্চের পর মাঠে না ফেরার হুমকি দিয়েছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে শেষ পর্যন্ত পিসিবির আপত্তি উপেক্ষা করে পুরো সাক্ষাৎকারটি বিশ্বজুড়ে প্রচার করে স্কাই স্পোর্টস।
তালাশ বিডি/মিডিয়া লিঃ