০৮:২৫ এম
রাজধানীতে টানা বৃষ্টি এবং জলাবদ্ধতার কারণে বিভিন্ন সড়কে তীব্র যানজট সৃষ্টি হতে পারে। এই পরিস্থিতির মধ্যে চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার্থীদের যেন কেন্দ্রের উদ্দেশে রওনা হওয়ার জন্য পর্যাপ্ত সময় হাতে থাকে, সে জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার (১২ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের প্রতি এই আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বর্ষা মৌসুম এবং টানা বৃষ্টির কারণে ঢাকার বেশ কিছু নিচু এলাকায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর ফলে সকালের দিকে প্রধান সড়ক এবং সংযোগ সড়কগুলোতে যানবাহনের গতি ধীর হয়ে যাচ্ছে এবং অনেক জায়গায় দীর্ঘ যানজটের আশঙ্কা দেখা দিয়েছে। পরীক্ষার্থীরা যেন সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেন, সেক্ষেত্রে স্বাভাবিক সময়ের চেয়ে বেশ কিছুটা আগে বের হওয়ার পরামর্শ দেয়া হচ্ছে।
আরও পড়ুন: জিয়ানগরে ইউপি নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী আব্দুল জলিল শেখের বিশাল শোডাউন ও পথসভা
ডিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রাফিক পুলিশ সদস্যরা রাস্তায় তৎপর রয়েছেন। কোন জরুরি পরিস্থিতিতে রাস্তায় দায়িত্বরত পুলিশ সদস্যদের সহায়তা নেয়ার জন্য শিক্ষার্থীদের অনুরোধ করা হয়েছে।
এ বছর ঢাকা মহানগরের অসংখ্য কেন্দ্রে একযোগে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বৃষ্টির দিনে অনাকাঙ্ক্ষিত বিলম্ব এড়াতে গণপরিবহন অথবা নিজস্ব যানবাহনে যাতায়াতকারীদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন