০৬:৩৮ এম
ময়মনসিংহের ভালুকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে লুট করে নেয়া গরু এবং দুইটি মিনি ট্রাক উদ্ধার করা হয়েছে। ভালুকা মডেল থানা পুলিশ টানা ১৬ দিনের অপারেশনের মাধ্যমে মানিকগঞ্জের শিবালয় এবং ঢাকার ধামরাই থেকে উদ্ধার করে দুটি মিনি ট্রাক এবং সিংগাইর থানার চারিগ্রাম চৌরাস্তা থেকে দুটি ষাঁড় এবং কুমিল্লার দাউদকান্দি থানা এলাকা হতে পাঁচটি ষাঁড় উদ্ধার করেছে।
পরে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মঙ্গলবার (২ জুন) গরু এবং মিনি ট্রাক দুটি মালিকের কাছে ফিরিয়ে দেয় পুলিশ। থানা পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, আরিফুর রহমান নামের একজন গরুর খামার মালিক নারায়ণগঞ্জের রূপগঞ্জ হাটে বিক্রির উদ্দেশ্যে দুটি মিনি ট্রাকে করে সাতটি ষাঁড় নিয়ে নেত্রকোনার পূর্বধলার লাউখাই এলাকা থেকে রওনা দেন। গত ১৫ মে রাতে সাড়ে ৩টার দিকে গরু পরিবহনের গাড়িগুলো ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় পৌঁছায়। এসময় একটি সাদা রঙের হায়েস গাড়ি টর্চের আলো দিয়ে সিগন্যাল দেয় এবং মিনি ট্রাক দুটিকে মহাসড়কের পাশে দাঁড় করায়।
হায়েস থেকে নেমে আসে ৮-৯ জনের একটি দল, যার মধ্যে একজন পুলিশ পোশাক পরিধান করেছিল এবং অন্যজনের হাতের ওয়্যারলেস সেট ও হ্যান্ডকাফ ছিল। ওই সময় তারা গরুগুলো চোরাই দাবি করে, গরুর মালিক এবং পিকআপ চালকদের অকথ্য ভাষায় গালাগাল করে গ্রেপ্তারের ভয় দেখায়। একপর্যায়ে তারা গরু চোরের অপবাদ দিয়ে গরুর মালিক, কর্মচারী ও পিকআপ চালকদের চোখ ও হাত বেঁধে হায়েসে তুলে মারধর করে। তারা সঙ্গে থাকা টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং পরের দিন ১৬ মে ভোরে টাঙ্গাইলের মধুপুর এলাকায় একটি জঙ্গলে তাদের ফেলে দেয়। ওই ঘটনায় আরিফুর রহমান বাদী হয়ে গত ১৬ মে ভালুকা মডেল থানায় মামলা করেন।
আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি
আরিফ রহমান জানান, তাঁর সাতটি ষাঁড়ের আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা হবে। এদিকে, মামলার পরপরই গরু ও মিনি ট্রাক উদ্ধার করতে কাজ শুরু করে ভালুকা মডেল থানা পুলিশ। তারা প্রাথমিকভাবে গরুবাহী ট্রাক দুটির গমনপথ ভালুকা, গাজীপুর, রাজধানীর উত্তরা, গাবতলী ও সাভারের হেমায়াতপুরসহ বিভিন্ন সড়কের সিসিটিভি ভিডিও সংগ্রহ করে এবং প্রযুক্তির সহযোগিতায় মানিকগঞ্জের শিবালয় থেকে একটি খালি ট্রাক উদ্ধার করে। সিংগাইর থানার চারিগ্রাম চৌরাস্তা থেকে সন্দেহভাজন একজন নারীকে আটক করে এবং তার বাড়ি থেকেই দুইটি ষাঁড় উদ্ধার হয়। পরে জিজ্ঞাসাবাদে নারীটির দেওয়া তথ্যের ভিত্তিতে ধামরাই এলাকা থেকে আরো একটি পিকআপ এবং কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে অপর পাঁচটি ষাঁড় উদ্ধার হয়।
ওই নারীর স্বামী নাজিম উদ্দিন পলাতক রয়েছেন। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, গরুবাহী দুটি মিনি ট্রাক ছিনতাইয়ের মামলার পর ভালুকা মডেল থানার একটি বিশেষ টিম ১৬ দিনের অভিযানে সবগুলো গরু ও মিনি ট্রাক উদ্ধার করেছে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে গরু এবং মিনি ট্রাক দুটি মালিককে বুঝিয়ে দেয়া হয়েছে। গ্রেপ্তারকৃত নারীকে কারাগারে পাঠানো হয়েছে এবং অন্যান্যদের গ্রেপ্তারের অভিযান চলমান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন