ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

২০২৬ সালের মধ্যেই মারকোসুরের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে চায় কানাডা


২০২৬ সালের মধ্যেই মারকোসুরের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে চায় কানাডা

 কানাডা নিজেদের বাণিজ্য বৈচিত্র্য বাড়ানোর লক্ষ্যে দক্ষিণ আমেরিকার আঞ্চলিক জোট মারকোসুরের সঙ্গে চলতি বছরের মধ্যেই একটি বাণিজ্য চুক্তি সম্পন্ন করতে চায়। যুক্তরাষ্ট্রের ওপর বাণিজ্যিক নির্ভরতা কমানোর উদ্দেশ্যে কানাডার এই পদক্ষেপ।

মঙ্গলবার, ব্রাজিল সফরকালে কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ এ কথা জানান। তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন স্থবির থাকার পর ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির চাপের কারণে কানাডা ও মারকোসুরের মধ্যে বাণিজ্য আলোচনা আবার শুরু হয়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

কানাডা চলতি বছরের শেষ নাগাদ মারকোসুরের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পন্ন করার লক্ষ্য নিয়েছে, যা যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমেই জটিল হয়ে ওঠা সম্পর্কের প্রেক্ষাপটে প্রাসঙ্গিক। অনিতা আনন্দ বলেন, সাও পাওলোতে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরার সঙ্গে বৈঠকের পর, ‘২০২৬ সালের শেষ নাগাদ, সম্ভব হলে তার আগেই, আলোচনা শেষ করার লক্ষ্য নিয়ে আমরা মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) আলোচনা আরও জোরদার করতে সম্মত হয়েছি।’

তিনি আরও বলেন, ‘আগামী কয়েক দশকে আমরা যুক্তরাষ্ট্রের বাইরের দেশগুলোর সঙ্গে বাণিজ্য চুক্তির সংখ্যা দ্বিগুণ করতে চাই।’ মারকোসুরের পক্ষে বর্তমানে আলোচনায় নেতৃত্ব দিচ্ছে ব্রাজিল, যার সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়ে ও বলিভিয়া।

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা বলেন, ‘এ পর্যন্ত আমাদের ছয় দফা আলোচনা হয়েছে, যা খুব ভালোভাবে এগোচ্ছে। তবে এখনও কিছু বিষয় সমাধান করা বাকি রয়েছে।’

অনিতা আনন্দ স্বীকার করেছেন, সম্ভাব্য এই চুক্তির ফলে কানাডার কৃষি খাতে কী ধরনের প্রভাব পড়তে পারে, তা নিয়ে দেশের অভ্যন্তরে উদ্বেগ রয়েছে।

আরও পড়ুন: কাতারের শান্তি প্রস্তাব নাকচ, মধ্যপ্রাচ্যে নতুন হামলার শঙ্কা

এদিকে, ২৫ বছরেরও বেশি সময় ধরে নানা পর্যায়ে চলা আলোচনা শেষে চলতি বছরের জানুয়ারিতে মারকোসুর ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি বাণিজ্য চুক্তি হয়। তবে, ইউরোপের কৃষকদের তীব্র বিরোধিতার কারণে দীর্ঘদিন এ প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। ইউরোপীয় কৃষকদের আশঙ্কা, ব্রাজিল ও তার প্রতিবেশী দেশগুলোর কম দামের কৃষিপণ্য তাদের বাজারে প্রতিযোগিতার চাপ তৈরি করতে পারে।

ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর এখনও চুক্তিটি অনুমোদন করা বাকি রয়েছে। তবে এর কিছু অংশ মে মাস থেকে অস্থায়ীভাবে কার্যকর হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওপেনএআইয়ের প্রথম হার্ডওয়্যার পণ্য হবে স্মার্ট স্পিকার: ব্লুমবার্গ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

১১:৪৭ এম


ওপেনএআইয়ের প্রথম হার্ডওয়্যার পণ্য হবে স্মার্ট স্পিকার: ব্লুমবার্গ

অ্যাপলের বাণিজ্যিক গোপন তথ্য চুরির অভিযোগে মামলার মুখে পড়ার কয়েক দিন পর, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই নতুন হার্ডওয়্যার পণ্য বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। ব্লুমবার্গ নিউজের মাধ্যমে জানানো হয়েছে যে প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো ভোক্তাদের জন্য একটি বহনযোগ্য, পর্দাহীন স্মার্ট স্পিকার বাজারে আনার উদ্দেশ্যে এগোচ্ছে।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে যে, স্পিকারের মতো দেখতে নতুন যন্ত্রটি এখনো উন্নয়নে রয়েছে। এটি একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী হিসেবে তৈরি করা হচ্ছে, যা ঘরের ভেতরে ব্যবহারকারীর ভিন্ন ভিন্ন কাজে সাহায্য করবে। এ নতুন পণ্যের আগমন ঘটছে যখন ওপেনএআইয়ের বিরুদ্ধে অ্যাপল গোপন তথ্য ব্যবহার করার অভিযোগ তুলেছে। গত শুক্রবার, যুক্তরাষ্ট্রের একটি আদালতে করা মামলায় দেখা গেছে, অ্যাপল অভিযোগ করেছে যে ওপেনএআই ভোক্তা হার্ডওয়্যার বাজারে দ্রুত প্রবেশের জন্য তাদের গোপন তথ্য সংগহ ও ব্যবহার করেছে।

অ্যাপলের অভিযোগ অনুসারে, ওপেনএআই সাবেক কর্মী ও নিয়োগ প্রক্রিয়া, এমনকি সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক স্থাপন করে এসব গোপন তথ্য আহরণ করেছে। যদিও ওপেনএআই এখনও এসব অভিযোগের বিষয়ে কোনও বিশেষ মন্তব্য জানায়নি। বিশ্লেষকদের মতে, নতুন হার্ডওয়্যার পণ্যটির মাধ্যমে ওপেনএআই আয়ের একটি নতুন উৎস সৃষ্টি করতে পারে। এখানে উল্লেখযোগ্য যে, বর্তমানে প্রতিষ্ঠানটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যার সেবার জন্য পরিচিত হলেও, তারা হার্ডওয়্যার খাতে প্রবেশের মাধ্যমে নিজেদের ব্যবসা আরও বিস্তৃত করতে চায়।

গত বছর ওপেনএআই, অ্যাপলের সাবেক প্রধান নকশাবিদ জনি আইভের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক যন্ত্র নির্মাতা স্টার্টআপ 'আইও' কিনে নিয়েছিল। কৃত্রিম বুদ্ধিমত্তার যুগের জন্য উপযুক্ত নতুন ধরনের যন্ত্র তৈরির উদ্দেশ্যেই এই অধিগ্রহণ করা হয়েছিল। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, ওপেনএআইয়ের নতুন যন্ত্রটিতে কোনও প্রচলিত পর্দা থাকবে না; তবুও এতে ক্যামেরা এবং বিভিন্ন ধরনের সেন্সর থাকবে।

এই প্রযুক্তির সাহায্যে, যন্ত্রটি ব্যবহারকারীর আশপাশের পরিবেশ বুঝতে পারবে এবং আরও স্বাভাবিকভাবে সহায়তা করবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই স্মার্ট স্পিকারটির মাধ্যমে বাড়ির বিভিন্ন স্মার্ট ডিভাইস নিয়ন্ত্রণ করা যাবে। ব্যবহারকারীরা গান শোনা, বিভিন্ন প্রশ্নের উত্তর পাওয়া, বার্তার জবাব দেওয়া এবং ওপেনএআইয়ের চ্যাটজিপিটির উন্নত সক্ষমতা ব্যবহার করতে সক্ষম হবে।

ওপেনএআইয়ের পরিকল্পিত নতুন যন্ত্রে বর্তমানে বাজারে থাকা স্মার্ট স্পিকারগুলোর তুলনায় আরও উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা হবে। এর লক্ষ্য হলো ব্যবহারকারী এবং যন্ত্রের মধ্যে আরও স্বাভাবিক ও কার্যকর যোগাযোগ তৈরি করা। ওপেনএআইয়ের হার্ডওয়্যার উদ্যোগে সহযোগিতা করছে জনি আইভের ডিজাইন প্রতিষ্ঠান 'লাভফ্রম'। এই প্রতিষ্ঠানে অ্যাপলের অনেক সাবেক নকশাবিদ এবং প্রকৌশলী কাজ করছেন, যারা আগে আইফোন ও ম্যাকের মতো জনপ্রিয় পণ্য প্রস্তুতিতে যুক্ত ছিলেন। নতুন পণ্য বাজারে আনার বিষয়ে রয়টার্স কোনো মন্তব্য চেয়েছিল, তবে ওপেনএআই তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া জানায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হ্যারি কেইন-জুড বেলিংহ্যামের স্টিকার ফ্রিজে রাখলেই থেমে যাবে তাদের জাদু!

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

১১:৪৯ এম


হ্যারি কেইন-জুড বেলিংহ্যামের স্টিকার ফ্রিজে রাখলেই থেমে যাবে তাদের জাদু!

সেমিফাইনালের আগে ইংল্যান্ডকে হারানোর লড়াইয়ের পাশাপাশি শুরু হয়েছে ভাগ্যের লড়াই। আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে বিশ্বাস তৈরি হয়েছে যে, হ্যারি কেইন বা জুড বেলিংহ্যামের স্টিকার যদি ফ্রিজে রাখা হয়, তবে নাকি তাদের জাদু থেমে যাবে! কুসংস্কার হোক কিংবা বিশ্বাস, বিশ্বকাপ জ্বরে আর্জেন্টাইনরা বর্তমানে এমনভাবেই মেতে রয়েছে।

বুয়েনস আইরেসের তরুণ সমর্থক ইনেস মুত্রির মতে, বিশ্বকাপজুড়ে বন্ধুদের সঙ্গে এভাবে তারা প্রতিপক্ষের সেরা খেলোয়াড়দের এবং গোলরক্ষকের স্টিকার বরফ জমিয়ে রাখছেন।

ইনেস মুত্রি বলেছেন, 'এই বিশ্বকাপ চলাকালীন, আমি আর আমার বন্ধুরা যখন একত্রিত হই, তখন আমরা খেলোয়াড়দের 'ফ্রিজ' বা জমিয়ে ফেলি। আমরা তারকা খেলোয়াড় এবং গোলরক্ষককে একই কাগজের টুকরোয় আঁকি এবং সবসময় একই গ্লাসে রেখে ফ্রিজারে জমিয়ে রাখি।'

আরেক সমর্থক হুয়ান পাবলো মনসালভোও বিশ্বাস করছেন, বেলিংহামের স্টিকার ফ্রিজে রেখে ইংলিশ মিডফিল্ডারের দুর্দান্ত ফর্ম থেমে যাবে।

মনসালভো বলেন, 'আমার আরেকটা রীতি হলো, যে দেশের বিপক্ষে আমরা খেলতে নামি, সেই দলের খেলোয়াড়দের, বিশেষ করে তারকাদের 'ফ্রিজ' করে রাখা। আজও আমি একটি স্টিকার এনেছি, যেটি আমি ফ্রিজে রাখব। আর সেটি হলো জুড বেলিংহামের। এই বিশ্বকাপে ইংল্যান্ডের সেরা খেলোয়াড়, অন্তত অন্যতম সেরা, জুড বেলিংহামই। কয়েক দিন আগে নরওরের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে তিনি জোড়া গোল করে ইংল্যান্ডকে ম্যাচ জিতিয়েছেন। তাই আজ ফ্রিজে যাওয়ার পালা জুড বেলিংহামের।'

কিছু সমর্থক স্টিকার জমাচ্ছেন বরফে, আবার কেউ বদলাচ্ছেন না নিজের সৌভাগ্যের রুটিনও। হুয়ান ইগনাসিও কালভো জানিয়েছেন, গ্রুপ পর্বে পরেছিলেন ২০১৪ সালের জার্সি এবং নক আউটে অন্য জার্সি। আর ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে পরবেন বাবার পুরানো আর্জেন্টিনার জার্সি, যেটি পরে ২০২২ বিশ্বকাপ জয়ের স্মৃতি তার কাছে রয়ে গেছে।

হুয়ান ইগনাসিও বলেছেন, 'জার্সিটা আমার খুবই পছন্দের। বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতেও আমি সবসময় এটিই পরি। আর সেমিফাইনাল ও ফাইনালের জন্য যেহেতু আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ তাই আমি আমার বাবার জার্সিটা পরব। গত বিশ্বকাপেও আমি এই জার্সিটাই পরেছিলাম, আর আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। তাই এবারও আমি সেটাই পরব।'

মাঠের লড়াইয়ে এখন খানিকটা সময় বাকি রয়েছে। কিন্তু আর্জেন্টিনার সমর্থকদের বিশ্বাস, ইংল্যান্ডের তারকা এরমধ্যেই বন্দি হয়ে গেছেন ফ্রিজারের বরফে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চিকিৎসার অভাবে বিছানায় ছটফট করছেন মিঠুন, ৫০ হাজার টাকার জন্য আটকে আছে অপারেশন

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

১১:৫৩ এম


চিকিৎসার অভাবে বিছানায় ছটফট করছেন মিঠুন, ৫০ হাজার টাকার জন্য আটকে আছে অপারেশন

গুরুতর অসুস্থ হয়ে শয্যাশায়ী চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের ঈশ্বরপুরগঞ্জ পশ্চিম পাড়ার মো: মিঠুন (পিতা: মোঃ হবি)। তিনি বাম হাঁটুর তীব্র সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন। ‘ঈশ্বরপুরগঞ্জ তরুণ সংঘ’-এর সক্রিয় এই সদস্যের হাঁটুর এমআরআই (MRI) রিপোর্টে ধরা পড়েছে এক মারাত্মক পরিস্থিতি। চিকিৎসকরা জানিয়েছেন, মিঠুনের বাম হাঁটুর এসিএল (ACL) সম্পূর্ণ ছিঁড়ে গেছে এবং প্যাটেলার টেন্ডনও গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত (Grade-4 Tear) হয়েছে। বর্তমানে মিঠুনের জন্য স্বাভাবিকভাবে হাঁটাচলা করা অসম্ভব হয়ে পড়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাঁকে জরুরি ভিত্তিতে অপারেশনের পরামর্শ দিয়েছেন।

ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) এই অপারেশনের জন্য আনুমানিক ৮০,০০০ (আশি হাজার) টাকা খরচ হবে বলে জানানো হয়েছে। কিন্তু মিঠুনের অসচ্ছল ও দরিদ্র পরিবারের পক্ষে এই বিপুল অর্থ জোগাড় করা কোনোভাবেই সম্ভব হয়নি। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনদের সহায়তায় সর্বোচ্চ ৩০,০০০ টাকা সংগ্রহ করতে সক্ষম হয়ে থাকলেও, অপারেশন সম্পন্ন করার জন্য এখনও প্রায় ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা প্রয়োজন। টাকার অভাবে মিঠুনের চিকিৎসা থেমে আছে।

এই সংকটাপন্ন পরিস্থিতির মধ্যে মিঠুনকে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সমাজের সকল হৃদয়বান, বিত্তবান ও প্রবাসীদের কাছে আর্থিক সাহায্যের আকুল আবেদন জানিয়েছে ‘ঈশ্বরপুরগঞ্জ তরুণ সংঘ’। আপনার সামান্য সহানুভূতি ও আর্থিক অবদান একজন সম্ভাবনাময় তরুণকে পঙ্গুত্বের হাত থেকে রক্ষা করতে পারে এবং দিতে পারে নতুন করে পথ চলার শক্তি।

সাহায্য পাঠানোর ঠিকানা ও যোগাযোগ: বিকাশ / নগদ (পার্সোনাল): ০১৭৩৫১৫৪০২২ (মোস্তাফিজুর)

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্কুলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় আহত দুই মোটরসাইকেল আরোহী শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

১১:৫৫ এম


স্কুলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় আহত দুই মোটরসাইকেল আরোহী শিক্ষার্থী

রাজধানী ঢাকা শহরে একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই স্কুল শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। আজ বুধবার (১৫ জুলাই) সকাল সোয়া ৭টার দিকে কামরাঙ্গীরচরের বেড়িবাঁধ এলাকার মাহাতাব পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটেছে।

আহত দুই শিক্ষার্থী হলো মো. তাহসিন (১০) ও মো. ওয়াজিদ (১১)। আহতদের চাচা মো. সাগর জানান, তিনি সকাল বেলা মোটরসাইকেলে করে তাহসিন ও তার চাচাতো ভাই ওয়াজিদকে আজিমপুরে স্কুলে নিয়ে যাচ্ছিলেন। এই সময় কামরাঙ্গীরচরের বেড়িবাঁধ এলাকার মাহাতাব পাম্পের সামনে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এই ঘটনায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তিনজনই আহত হন। পরে স্থানীয় মানুষের সহায়তায় দুই শিশুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক বলেন, কামরাঙ্গীরচরের বেড়িবাঁধ এলাকা থেকে ট্রাকের ধাক্কায় আহত দুই শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়েছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, দুজনের অবস্থাই গুরুতর। তিনি আরও জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানোর পর পুলিশ দুর্ঘটনায় জড়িত ট্রাকটিকে জব্দ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%