১১:৪৭ পি.এম
ঢাকা, ১০ অক্টোবর ২০২৬ : বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানের বিনিয়োগকারীদের জন্য দ্রুত ও কার্যকর সেবা প্রদানের উদ্দেশ্যে তিনটি বিশেষায়িত কান্ট্রি ডেস্ক চালু করেছে।
আজ ঢাকায় অনুষ্ঠিত ‘মিট দ্য ইনভেস্টরস’ অনুষ্ঠানে এই ডেস্কগুলোর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে শতাধিক দেশি ও বিদেশি বিনিয়োগকারী উপস্থিত ছিলেন।
বেপজার অধীনে আটটি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) ও দুটি অর্থনৈতিক অঞ্চলে বিশ্বের ৩৮টি দেশের বিনিয়োগকারীরা বিনিয়োগ করেছেন। এর মধ্যে চীন, দক্ষিণ কোরিয়া ও জাপান শীর্ষ তিনটি বিনিয়োগকারী দেশ হিসেবে চিহ্নিত হয়েছে। নতুন ডেস্কগুলোর মাধ্যমে এই তিন দেশের বিদ্যমান ও সম্ভাব্য বিনিয়োগকারীদের বিনিয়োগ সংক্রান্ত তথ্য, পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। এর ফলে বিনিয়োগ প্রক্রিয়া সহজ হবে এবং বিদ্যমান ব্যবসা সম্প্রসারণ ও নতুন বিনিয়োগ আকর্ষণ করা সহজ হবে বলে আশা করছে বেপজা।
আরও পড়ুন: রূপায়ণ লেক ক্যাসেলে ‘রূপায়ণ প্রপার্টি ফেয়ার ২০২৬’ উদ্বোধন
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদানকালে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন উল্লেখ করেন, বিনিয়োগকারীদের কথা সরাসরি শোনা, তাদের সমস্যা ও প্রত্যাশা বোঝা এবং বিনিয়োগ পরিবেশকে আরও প্রতিযোগিতামূলক ও ব্যবসাবান্ধব করে তোলার ক্ষেত্রে এই আয়োজন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বৈশ্বিক বাণিজ্যিক অস্থিরতা ও অর্থনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও বেপজা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে, এমন তথ্য তুলে ধরে তিনি বলেন, ২০২৫-২৬ অর্থবছরে বেপজা ৩৬টি প্রতিষ্ঠানের সঙ্গে বিনিয়োগ চুক্তি সম্পন্ন করেছে। একই সময়ে বেপজার অধীন জোনগুলো থেকে ৮ দশমিক ৪১ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় ২ দশমিক ২২ শতাংশ বেশি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন