০৭:৩৩ এম
ইরানের যুদ্ধ বন্ধে চলমান আলোচনা যদি ব্যর্থ হয়, তাহলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ, হরমুজ প্রণালিতে টোল বসানোর হুমকি দিয়েছেন। তিনি জানিয়েছেন, এটি মধ্যপ্রাচ্যের দেশগুলোর সুরক্ষায় যুক্তরাষ্ট্রের এতদিনের খরচের ক্ষতিপূরণ হিসেবে করা হতে পারে।
ফরাসি বার্তা সংস্থা এএফপি এবং ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে এই খবরটি জানিয়েছে।
গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এই হুঁশিয়ারি দেন। ট্রাম্প তার পোস্টে লিখেছেন, ইরানের সঙ্গে যদি শেষ পর্যন্ত কোনো চুক্তি না হয়, তবে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে টোল বসাবে। এই টোলের অর্থ সরাসরি যুক্তরাষ্ট্রের তহবিলে যাবে। ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের দেশগুলোর ‘গার্ডিয়ান অ্যাঞ্জেল’ বা অভিভাবক হিসেবে কাজ করছে। তিনি বলেন, মার্কিন বাহিনী দীর্ঘ সময় ধরে এই অঞ্চলের দেশগুলোকে নিরাপত্তা দিয়ে আসছে। এই সুরক্ষার জন্য যে বিপুল অর্থ খরচ হচ্ছে, তা উশুল করতেই পরিকল্পনা করা হচ্ছে এই টোল আরোপের।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
বিশ্বের মোট জ্বালানি তেলের একটি বড় অংশ প্রতিদিন হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন যে, কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল এই জলপথে যুক্তরাষ্ট্রের টোল বসানোর হুমকি আন্তর্জাতিক বাজারে তেলের দাম এবং বৈশ্বিক রাজনীতিতে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন