ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

খামেনির শেষ বিদায়ে সৌদি কেউ অংশ নেয়নি


খামেনির শেষ বিদায়ে সৌদি কেউ অংশ নেয়নি

ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায়ে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। এর মধ্যে কয়েকটি দেশের প্রেসিডেন্টও অংশ নিয়েছেন। তবে খামেনির শেষ বিদায়ে সৌদির কেউ উপস্থিত ছিলেন না।

আয়াতুল্লাহ খামেনিকে শেষ বিদায় জানানোর জন্য আন্তর্জাতিকভাবে একটি অনুষ্ঠান আয়োজন করেছে ইরান। শুক্রবার (৩ জুলাই) আনুষ্ঠানিকভাবে এটি শুরু হয়েছে। তবে আজ শুধুমাত্র বিদেশি প্রতিনিধিদের শ্রদ্ধা জানানোর জন্য খামেনির মরদেহ রাখা হয়েছে। কাল শনিবার থেকে সাধারণ মানুষ তার কফিন দেখার জন্য উন্মুক্ত স্থানে নিয়ে যাওয়া হবে।

সংবাদমাধ্যম হাউজ অব সৌদ জানিয়েছে, ১৪ মাস আগে ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার বিধ্বস্তে নিহত হওয়ার পর সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী তার জানাজায় অংশগ্রহণ করেছিলেন। কিন্তু খামেনির মৃত্যুর পর সৌদি থেকে কেউ আসেনি।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

শুক্রবার পর্যন্ত সৌদি তাদের কোনো প্রতিনিধিকে চূড়ান্ত করেনি। এছাড়া গালফ অঞ্চলের দেশগুলোও খামেনির শেষ বিদায়ে নিজেদের প্রতিনিধিদের পাঠায়নি। এর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার এবং বাহরাইন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর ইরান পাল্টা হামলা হিসেবে এসব দেশে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়।

হামলার দিনেই খামেনি তার পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নিহত হন। কিন্তু গালফ অঞ্চলের দেশগুলো এখনও পর্যন্ত তার মৃত্যুতে আনুষ্ঠানিক শোক জানায়নি। এর মাধ্যমে তারা মূলত মোজতবা খামেনিকে নতুন সুপ্রিম লিডার হিসেবে অস্বীকৃতি দেওয়ার চেষ্টা করছে।

সূত্র: হাউজ অব সৌদ

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লেবাননে ৩ ইসরাইলি সেনা আহত, একজনের অবস্থা গুরুতর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৫:০২ পি.এম


লেবাননে ৩ ইসরাইলি সেনা আহত, একজনের অবস্থা গুরুতর

দক্ষিণ লেবাননের বিনত জেবাইলে সামরিক আগ্রাসন চালানোর সময় ঘটে যাওয়া মুখোমুখি সংঘর্ষে তিনটি ইসরাইলি সেনা আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে। শুক্রবার লেবাননভিত্তিক সংবাদমাধ্যম আল মায়াদিন এক প্রতিবেদনে উল্লিখিত তথ্য প্রকাশ করেছে।

বৃহস্পতিবার ইসরাইলি আর্মি রেডিও সূত্রে জানা যায়, ৬৭৯তম ব্রিগেডের (ইফতাহ) একটি ইউনিট যখন বিনত জেবাইলের একটি ভবনে প্রবেশ করে, তখন সেখানে বন্দুকধারীর সঙ্গে গুলাগুলি শুরু হয়। এই ঘটনায় একজন ইসরাইলি সেনা গুরুতরভাবে আহত সহ মোট তিন সেনা আহত হন।

পরে ওই ভবনে ইসরাইলি যুদ্ধবিমান বিমান হামলা চালায় এবং ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি অভিযান পরিচালনা করে। তবে এখনও ওই যোদ্ধার অবস্থান শনাক্ত করতে পারেনি ইসরাইলি বাহিনী।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অনুষ্ঠিত যুদ্ধবিরতি কাঠামো এবং আঞ্চলিক সমঝোতা সত্ত্বেও, দক্ষিণ লেবাননের কিছু এলাকায় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ইসরাইলি বাহিনী।

সাম্প্রতিক সংঘর্ষে অন্যান্য হতাহতও ঘটেছে। সোমববার আইতা আল-শাবে ইসরাইলি কমান্ডো ব্রিগেডের উপ-কমান্ডারের ফিল্ড কমান্ড পোস্ট লক্ষ্য করে বিস্ফোরক হামলায় দুইটি রিজার্ভ সেনা আহত হন, যাদের একজনের অবস্থা গুরুতর।

এর আগের দিন দেইর সেরিয়ানে ভোরের আগে সংঘর্ষে এক হিজবুল্লাহ যোদ্ধার হামলায় ইসরাইলের গোলানি ব্রিগেডের ১২তম ব্যাটালিয়নের একজন ক্যাপ্টেন নিহত ও একজন সেনা আহত হয়ে ওঠে।

ইসরাইলের চ্যানেল ১২-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১৭ এপ্রিল থেকে ২০ জুন পর্যন্ত লেবাননে ইসরাইলি বাহিনী ৬৩৭টি সামরিক অভিযান পরিচালনা করেছে। এর মধ্যে ৪৪০টি তথাকথিত ‘ইয়েলো লাইন’-এর ভেতরে এবং ১৮৭টি অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিকশাচালককে মারধরে বাধা, যাত্রীকে ঘুষি মেরে হত্যা করার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৫:০৩ পি.এম


রিকশাচালককে মারধরে বাধা, যাত্রীকে ঘুষি মেরে হত্যা করার অভিযোগ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রিকশার হর্ন বাজানোর কারণে চালককে মারধরে বাধা দেওয়ায় জহুরুল প্রধান (৪৫) নামের ওই রিকশার যাত্রীকে ঘুষি মেরে হত্যার অভিযোগে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার পর পুলিশের পক্ষ থেকে অভিযুক্ত এরশাদ নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার দুপুরে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেন। উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে উপজেলার কাটা মোড় এলাকায় এই ঘটনাটি ঘটে। পরে রাতে মামলাটি দায়ের করার প্রক্রিয়া সম্পন্ন হয়।

নিহত জহুরুল প্রধান গোবিন্দগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ড চক গোবিন্দপুর চরপাড়া গ্রামের মৃত খালেক প্রধানের ছেলে এবং পেশায় তিনি গ্রিল মিস্ত্রি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জহুরুল প্রধান একটি অটোরিকশায় করে কাটামোড়ে যাচ্ছিলেন। রিকশাটি কাটামোড়ে পৌঁছানোর সময় হর্ন দেওয়ার কারণে স্থানীয় এরশাদ আলীসহ আরও দুই থেকে তিনজন অটোরিকশা চালককে মারধর শুরু করেন।

এসময় রিকশার যাত্রী জহুরুল প্রধান চালককে মারধরে বাধা দিতে গেলে এরশাদ আলী তাঁর বুকে মারাত্মকভাবে ঘুষি মারেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে এসে তাঁকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক জহুরুল প্রধানকে মৃত ঘোষণা করেন।

পরে খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত এরশাদ আলীকে আটক করে থানায় নিয়ে যায় এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় গভীর রাতের দিকে নিহতের স্ত্রী শিরিন বেগম বাদী হয়ে নামীয় তিনজন এবং অজ্ঞাতনামা দুই থেকে তিনজনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার জানান, এই ঘটনায় জড়িত থাকার অপরাধে এরশাদ আলী নামের একজনকে গ্রেফতার করা হয়েছে এবং বৃহস্পতিবার দুপুরে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারের কার্যক্রম চলমান রয়েছে বলেও তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতীয় ভিসা নিয়ে হাইকমিশনের বিশেষ নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৫:০৬ পি.এম


ভারতীয় ভিসা নিয়ে হাইকমিশনের বিশেষ নির্দেশনা

দীর্ঘ দুই বছর পর গত ২৮ জুন ভারত বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট বা পর্যটন ভিসা পুনরায় চালু করেছে। ভিসা চালুর পর থেকেই দেশজুড়ে ভারতীয় ভিসা কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

এমন পরিস্থিতিতে ভিসা আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতার জন্য ভারতীয় হাইকমিশন ঢাকা তাদের আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে।

শুক্রবার (৩ জুলাই) দুপুরের দিকে হাইকমিশন একটি বার্তায় জানায়, বিভিন্ন উদ্দেশ্যে ভারত ভ্রমণ করতে ইচ্ছুক ব্যক্তিদের কাছ থেকে বিপুল সাড়া পেয়ে তারা উৎসাহিত।

বার্তায় আরও বলা হয়, ভিসা পরিষেবা আরো বিস্তৃত করতে এবং আবেদন প্রক্রিয়াকে অধিক সাবলীল ও সুবিধাজনক করতে তারা কাজ করে যাচ্ছেন। এ সময় আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানানো হয়েছে।

এতে আরো উল্লেখ করা হয়, ভারতীয় হাইকমিশন ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরো সুদৃঢ় করা এবং দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে আরো নিবিড় করার প্রতিশ্রুতিবদ্ধ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুইফট-কেলসির বিয়ের উৎসব শুরু, ভক্তদের চোখে ‘রাজকীয় আয়োজন’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৫:০৮ পি.এম


সুইফট-কেলসির বিয়ের উৎসব শুরু, ভক্তদের চোখে ‘রাজকীয় আয়োজন’

পপ তারকা টেইলর সুইফট এবং এনএফএল তারকা ট্রাভিস কেলসির বিয়ের মূল আয়োজনের সূচনা হয়েছে। এ উপলক্ষে নিউইয়র্কের ঐতিহাসিক ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনেক তারকা জড়ো হয়ে আছেন।

৩৬ বছর বয়সী এই বিলিয়নেয়ার গায়িকা এবং তিনবারের সুপার বোলজয়ী কেলসি বৃহস্পতিবার রাতে একটি বিশেষ ডিনারের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতার শুরু করেন। এই বিশেষ অনুষ্ঠানে মাত্র ১০০ জন অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

নিউইয়র্ক থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর প্রকাশ করেছে।

গত আগস্টে কেলসির সঙ্গে বাগদানের ঘোষণা দিয়েছিল সুইফট, তবে বছরের সবচেয়ে আলোচিত এ বিয়ের আয়োজন সম্পর্কে সুইফট কিছু বলেননি। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অতিথিদের গোপনীয়তা রক্ষার জন্য চুক্তিতে সই করানো হয়েছে।

তবে সবকিছু ইঙ্গিত করে যে, যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সময়ে অনুষ্ঠিত এ আয়োজনটি বিশ্বের অন্যতম আলোচিত এই জুটির মর্যাদা এবং জাঁকজমকের সঙ্গে মানানসই হবে।

এএফপির এক সাংবাদিক বৃহস্পতিবার গভীর রাতে ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বাইরে একটি ব্যক্তিগত তাবুর সামনে একের পর এক কালো এসইউভি গাড়ি ঢুকতে দেখেছেন। ধারণা করা হচ্ছে, এই গাড়িগুলোতে অতিথিরা এসেছিলেন। এ সময় এক ঝলক দেখার আশায় সেখানে ভিড় করেছিলেন ভক্তরাও।

ম্যানহাটনের ২৪ বছর বয়সী অ্যালিসা হাইনেন বলেছেন, ‘টেইলর এখন আমেরিকার সবচেয়ে বড় তারকা। তিনি আমাদের রাজপরিবারের সদস্যের মতো, আমাদের রানি, আমাদের সবকিছু।’

হাইনেন এও বলেন, ‘তিনি তার জীবনের ভালোবাসার মানুষটিকে খুঁজে পেয়েছেন, এবং তিনি নিজেও এত বড় একজন তারকা। আমাদের কাছে এটি রাজকীয় বিয়ের মতো মনে হচ্ছে।’

মার্কিন গণমাধ্যমের খবর অনুসারে, শুক্রবারের মূল অনুষ্ঠানে প্রায় এক হাজার অতিথি উপস্থিত থাকতে পারেন। তাদের মধ্যে সুইফটের ঘনিষ্ঠ বন্ধু মডেল জিজি হাদিদ ও কারা ডেলেভিন, গায়িকা সেলেনা গোমেজ এবং অভিনেত্রী জোয়ে ক্রাভিট্সের উপস্থিত থাকার কথা রয়েছে।

কেলসির দল কানসাস সিটি চিফসের সতীর্থরাও অনুষ্ঠানে যোগ দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

গুঞ্জন রয়েছে যে, সুইফটের ঘনিষ্ঠ স্টিভি নিকস এবং টিম ম্যাকগ্রো অনুষ্ঠানে গান পরিবেশন করবেন। এছাড়া সুইফটের আরেক ঘনিষ্ঠ বন্ধু ব্রিটিশ শিল্পী এড শিরান এবং পল ম্যাককার্টনি মঞ্চে উঠতে পারেন। বিকেলের ককটেল পর্বের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে গভীর রাত পর্যন্ত সংবর্ধনা চলবে।

কয়েক সপ্তাহ ধরেই এই জুটির বিয়ে নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। যদিও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে গত এক সপ্তাহ ধরে ম্যাডিসন স্কয়ার গার্ডেন এলাকায় ছিল ব্যাপক উত্তেজনা।

সাংবাদিকেরা লবস্টারের মাংস এবং ডোনাট বহনকারী খাবারবাহী ট্রাক সেখানে ঢুকতে দেখেছেন। পুলিশও স্টেডিয়ামের আশপাশের কয়েকটি সড়ক বন্ধের ঘোষণা দিয়েছে। ধারণা করা হচ্ছে, এই দম্পতি ইতোমধ্যেই নিউইয়র্কে অবস্থান করছেন।

মঙ্গলবার সুইফটের ব্যক্তিগত বিমান কাছাকাছি অবতরণ করেছে। শহরে তার গাড়িও দেখা গেছে। অন্যদিকে ম্যানহাটনে দৌড়ানোর সময় কেলসির একটি ছবি তোলা হয়েছে। বড় দিনের আগে এ দম্পতি যুক্তরাষ্ট্রের বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে দুই কোটি ৬০ লাখ ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%