মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
১০:২৯ পি.এম
২০২৭ সালে সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক দীর্ঘ ছুটির সুযোগ থাকছে। বিশেষ করে ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে কেন্দ্র করে টানা পাঁচ ও ছয় দিনের ছুটি পাওয়া যাবে। জনপ্রশাসন মন্ত্রণালয় ইতোমধ্যে ২০২৭ সালের সরকারি ছুটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে। ২০২৬ সালের ২ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে ছুটির তালিকা অনুমোদন হওয়ার পর ৫ নভেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৭ সালে দেশে সাধারণ ছুটি থাকবে ১৫ দিন এবং নির্বাহী আদেশে ছুটি থাকবে ১৪ দিন। সব মিলিয়ে সরকারি ছুটির সংখ্যা ২৯ দিন। তবে এসব ছুটির মধ্যে সাত দিন শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলেছে। ফলে কার্যকর ছুটি হিসেবে কর্মদিবস পাওয়া যাবে ২২ দিন। এবারের ছুটির তালিকায় নতুন সংযোজন হিসেবে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস অন্তর্ভুক্ত করা হয়েছে।
সাধারণ ছুটি ১৫ দিন
২০২৭ সালের সাধারণ ছুটির তালিকায় রয়েছে জাতীয় ও ধর্মীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস। এর মধ্যে ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ৫ মার্চ জুমাতুল বিদা, ১০ মার্চ ঈদুল ফিতর এবং ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়া ১৩ এপ্রিল পার্বত্য তিন জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে চৈত্রসংক্রান্তি উপলক্ষে ছুটি থাকবে। ১ মে মে দিবস, ১৭ মে ঈদুল আজহা, ২০ মে বুদ্ধপূর্ণিমা, ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস, ১৫ আগস্ট ঈদে মিলাদুন্নবী, ২৫ আগস্ট জন্মাষ্টমী, ১০ অক্টোবর বিজয়া দশমী, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর বড়দিনেও সরকারি ছুটি থাকবে।
নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন
নির্বাহী আদেশে ঘোষিত ছুটির মধ্যে রয়েছে ২৪ জানুয়ারি শবে বরাত, ৭ মার্চ শবে কদর এবং ১৪ এপ্রিল বাংলা নববর্ষ। এছাড়া ঈদুল ফিতরের আগে ৮ ও ৯ মার্চ এবং ঈদের পর ১১ ও ১২ মার্চ ছুটি নির্ধারণ করা হয়েছে।
ঈদুল আজহা উপলক্ষে ১৫ ও ১৬ মে ঈদের আগে এবং ১৮, ১৯ ও ২০ মে ঈদের পর ছুটি থাকবে। পাশাপাশি ১৬ জুন পবিত্র আশুরা এবং ৯ অক্টোবর দুর্গাপূজার মহানবমী উপলক্ষেও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে।
ঈদে মিলবে টানা ৫ ও ৬ দিনের ছুটি।
২০২৭ সালের ছুটির তালিকায় ঈদকে কেন্দ্র করে সবচেয়ে বেশি স্বস্তি পাওয়া যাবে। ঈদুল ফিতর উপলক্ষে ৮ থেকে ১২ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি থাকবে। অন্যদিকে ঈদুল আজহায় ১৫ থেকে ২০ মে পর্যন্ত টানা ছয় দিনের ছুটি পাওয়া যাবে।
এছাড়া দুর্গাপূজায়ও টানা দুই দিনের ছুটির সুযোগ থাকবে। তবে জুলাই ও সেপ্টেম্বর মাসে সাধারণ ছুটি কিংবা নির্বাহী আদেশে কোনো সরকারি ছুটি রাখা হয়নি।
চাঁদ দেখার ওপর নির্ভর করবে যেসব ছুটি।
সরকারি ছুটির তালিকায় উল্লেখ থাকা বেশ কিছু ধর্মীয় উৎসবের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল। ফলে ঈদুল ফিতর, ঈদুল আজহা, শবে বরাত, শবে কদর, আশুরা ও ঈদে মিলাদুন্নবীর ছুটির তারিখে পরিবর্তন আসতে পারে। বুদ্ধপূর্ণিমার তারিখও সংশ্লিষ্ট সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত হবে।
জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে এসব ছুটি এক দিন এগিয়ে বা পিছিয়ে যেতে পারে। তাই ঈদ কিংবা অন্যান্য ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে ভ্রমণ ও পারিবারিক অনুষ্ঠানের পরিকল্পনা করার আগে চূড়ান্ত তারিখ জেনে নেওয়া জরুরি।
ঐচ্ছিক ছুটির সুযোগও থাকছে
নির্ধারিত সরকারি ছুটির পাশাপাশি প্রত্যেক সরকারি কর্মচারী নিজ নিজ ধর্ম অনুযায়ী বছরে সর্বোচ্চ তিন দিন ঐচ্ছিক ছুটি নিতে পারবেন। তবে এ জন্য বছরের শুরুতেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।
অন্যদিকে নিজস্ব আইন ও বিধিমালায় পরিচালিত প্রতিষ্ঠান এবং জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসগুলো নিজেদের নিয়ম অনুযায়ী ছুটি নির্ধারণ করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির (জেডিপি) আহ্বায়ক নাঈম আহমাদ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, আওয়ামী লীগের সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন এবং সাংগঠনিক তৎপরতা মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, "এখনই সতর্ক না হলে আওয়ামী লীগ নতুন করে ‘রক্ষীবাহিনী’ গড়ে গুপ্তহত্যা শুরু করতে পারে।"
মঙ্গলবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে জেডিপি এবং সমমনা সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত সন্ত্রাসবিরোধী সমাবেশে তিনি এসব মন্তব্য করেন।
নাঈম আহমাদ বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমালোচনা করে বলেন, "এসব দল নিজেদের জনগণের ঠিকাদার মনে করে।" তিনি উল্লেখ করেন, "কোনো রাজনৈতিক দল এককভাবে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে পারেনি। ছাত্র-জনতার সম্মিলিত অংশগ্রহণেই ফ্যাসিবাদের পতন হয়েছে।"
তিনি আরও বলেন, "আওয়ামী লীগের সন্ত্রাস মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর ঐক্যের চেয়ে জনগণের ঐক্য ও জনরোষ বেশি গুরুত্বপূর্ণ।" এছাড়া, তিনি ফ্যাসিবাদী শাসনামলের অপরাধের বিচার, জবাবদিহি এবং প্রাতিষ্ঠানিক সংস্কার নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন। নাঈম আহমাদ বলেন, "প্রতিশোধের রাজনীতি যেমন কাম্য নয়, তেমনি দায়মুক্তির নামে অপরাধীদের পুনর্বাসনও গ্রহণযোগ্য নয়।"
ভারতের সমালোচনা করে তিনি পলাতক শেখ হাসিনাসহ আওয়ামী লীগের সন্ত্রাসীদের দেশে ফেরত পাঠানোর আহ্বান জানান।
সমাবেশে জাতীয় কৃষক শ্রমিক মুক্তি আন্দোলনের আহ্বায়ক এম. গোলাম মোস্তফা ভুঁইয়া বলেন, "পতিত ফ্যাসিবাদী শক্তির সন্ত্রাস ও নাশকতা প্রতিহত করতে জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করতে হবে।" তিনি আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের সতর্ক করে বলেন, "অর্থের বিনিময়ে সহিংসতায় জড়িয়ে নিজেদের ভবিষ্যৎ ধ্বংস না করতে হবে।"
জেডিপি, বাংলাদেশ মঞ্চ, মাতৃভূমি সুরক্ষা আন্দোলন এবং জাতীয় কৃষক শ্রমিক মুক্তি আন্দোলনের যৌথ উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে ফিল্মের সংকট দীর্ঘদিন ধরে চলমান রয়েছে। চলতি মাসের ৯ নভেম্বর থেকে এক্স-রে ফিল্মের অভাবে রোগীরা সরকারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বাধ্য হয়ে তাদের হাসপাতালের বাইরের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অতিরিক্ত টাকা খরচ করে এক্স-রে করাতে হচ্ছে। বিশেষ করে দরিদ্র ও নিম্ন আয়ের রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন। এক্স-রে সেবা বন্ধ থাকায় রোগীদের চিকিৎসা ব্যয়ও বেড়ে গেছে।
সরকারি হাসপাতালে স্বল্প খরচে চিকিৎসাসেবা নিতে এসে রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য বেসরকারি প্রতিষ্ঠানে যেতে হচ্ছে। গফরগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌফিক হাসান শাওন এ বিষয়ে বলেন, "এক্স-রে ফিল্মের চাহিদাপত্র পাঠানো হয়েছে। ফিল্ম আসামাত্রই রোগীরা পুনরায় হাসপাতালে এক্স-রে সেবা পাবেন।" এদিকে এক্স-রে ফিল্ম সংকটের পাশাপাশি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ও কর্মচারীদের বিরুদ্ধে রোগীদের সঙ্গে অসদাচরণের অভিযোগও উঠেছে।
রোগীদের অভিযোগ, জরুরি বিভাগে চিকিৎসা নিতে গেলে অনেক ক্ষেত্রেই যথাযথ চিকিৎসাসেবা না দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এতে রোগী ও তাদের স্বজনদের বাড়তি ভোগান্তিতে পড়তে হচ্ছে। মো. নুরুল ইসলাম নামে এক রোগী বলেন, "জরুরি বিভাগে দায়িত্ব পালনকারী চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে স্থানীয়দের অনেকেই রোগীদের সঙ্গে ভালো আচরণ করেন না।" তিনি মনে করেন, জনস্বার্থে ওই বিভাগে অন্য এলাকার চিকিৎসক ও কর্মচারীদের পদায়ন করা হলে চিকিৎসাসেবার মান উন্নত হতে পারে। অন্যদিকে হাসপাতালে ভর্তি রোগীদের প্রয়োজনীয় ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসে পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধের জন্য বাড়তি অর্থ ব্যয় করতে হওয়ায় অসচ্ছল রোগীরা আর্থিক সংকটে পড়ছেন। জনস্বার্থে দ্রুত এক্স-রে ফিল্ম সরবরাহ, প্রয়োজনীয় ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করা এবং জরুরি বিভাগের চিকিৎসাসেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাজা উপত্যকার ধ্বংসপ্রাপ্ত শিক্ষাব্যবস্থার মধ্যে শ্রেণিকক্ষের আসবাবপত্রের তীব্র সংকটের মোকাবিলায় ফিলিস্তিনি স্বেচ্ছাসেবকরা একটি অনন্য উদ্যোগ গ্রহণ করেছেন। তুরস্কের মানবিক সহায়তা সংস্থা (আইএইচএইচ)-এর অধীনে পরিচালিত গাজার একটি তাঁবুর স্কুলের শিক্ষার্থীদের জন্য তারা খালি ত্রাণের বাক্স ব্যবহার করে স্কুলের ডেস্ক ও চেয়ার তৈরি করছেন।
‘একনান’ নামের একটি ফিলিস্তিনি স্বেচ্ছাসেবী দল এই উদ্যোগটি শুরু করেছে। তারা অস্থায়ী স্কুলগুলোতে আসবাবপত্রের অভাব পূরণ করতে পরিত্যক্ত ও খালি মানবিক সহায়তার বাক্সগুলোকে পুনর্ব্যবহারযোগ্য টেবিল ও চেয়ারে রূপান্তর করছে।
দলটির প্রধান রিম কারুর জানিয়েছেন, গাজায় সম্পদ ও সরবরাহের তীব্র সংকটের মধ্যে চারপাশে পড়ে থাকা পরিত্যক্ত জিনিসপত্র কাজে লাগানোর চিন্তা থেকেই এই ধারণার উদ্ভব হয়েছে।
কারুর বলেন, “আমরা পুনর্ব্যবহার এবং আমাদের চারপাশের বর্জ্য কীভাবে সর্বোত্তম উপায়ে কাজে লাগানো যায় তা নিয়ে ভাবছিলাম। স্কুলগুলোতে আসা ত্রাণের বাক্সগুলো ছিল বেশ মজবুত ও টেকসই।”
তিনি আরও জানান, ডেস্কের অভাবে বিশেষ শিক্ষা ও কাউন্সেলিং তাঁবুতে আসা শিশুদের মাটিতে বসে লিখতে হতো। এই সমস্যা সমাধানে স্বেচ্ছাসেবকরা বাক্সগুলো দিয়ে বড় ও মজবুত টেবিল-চেয়ার তৈরি শুরু করেন এবং আসবাবপত্রগুলো যেন শিশুদের ব্যবহারের উপযোগী হয় সেদিকে বিশেষ নজর দেন।
সরঞ্জাম ও উপকরণের অভাবের কারণে কাজ করতে গিয়ে বেশ বেগ পেতে হয়েছে বলে জানান কারুর। তবে তিনি জোর দিয়ে বলেন, এই উদ্যোগটি কেবল রিসাইক্লিংয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং ক্লাস চলাকালীন শিশুদের বসা ও লেখার জন্য একটি উপযুক্ত পরিবেশ নিশ্চিত করাই এর মূল লক্ষ্য।
জ্বালানি সংকটের কারণে আসবাবপত্রের অভাব তীব্র হয়েছে। ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর রান্নার গ্যাস ও জ্বালানির তীব্র সংকটের কারণে গাজার বাসিন্দারা রান্না ও ঘর গরম রাখার মতো মৌলিক চাহিদা মেটাতে কাঠ, কার্ডবোর্ড ও প্লাস্টিকের ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন।
রিম কারুর বলেন, “গাজা উপত্যকায় ইসরায়েলের শ্বাসরুদ্ধকর অবরোধ এবং বছরের পর বছর ধরে চলা যুদ্ধের কারণে আগের মতো আর কাঠ পাওয়া যায় না। রান্নার গ্যাস না থাকায় অনেকেই আগুন জ্বালাতে কাঠের আসবাবপত্র পুড়িয়ে ফেলেছেন। ফলে স্কুলের ডেস্ক সংগ্রহ করা আরও কঠিন হয়ে পড়েছে।”
এমন পরিস্থিতিতে স্বেচ্ছাসেবকরা ত্রাণের বাক্সগুলো ফেলে না দিয়ে বা জ্বালানি হিসেবে না পুড়িয়ে পুনর্ব্যবহারের সিদ্ধান্ত নেন। কারুর বলেন, “এই বাক্সগুলো মানবিক সহায়তা নিয়ে এসেছিল। সেগুলো ফেলে দেওয়া বা আগুন জ্বালানোর কাজে ব্যবহার না করে আমরা স্কুলের আসবাবপত্র তৈরিতে কাজে লাগিয়েছি।”
তাঁবুর স্কুলটির পরিচালক ফাওয়াজ দাগমাস জানান, সীমিত উপকরণ ও সম্পদ ব্যবহার করে তৈরি করা সত্ত্বেও এই টেবিল ও চেয়ারগুলোর মান অসাধারণ হয়েছে। তিনি মনে করেন, গাজাজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যে বৃহত্তর সংকটের মুখোমুখি হয়েছে, এই উদ্যোগ তার একটি আংশিক সমাধান দিচ্ছে।
দাগমাস বলেন, “এই উদ্যোগ আমাদের বা অন্য স্কুলগুলোর সমস্যার পুরোপুরি সমাধান করতে পারবে না ঠিকই, তবে আমরা যে অন্ধকার সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, সেখানে এটি এক টুকরো আলোর মতো; যা শিক্ষার্থীদের বসার জন্য কিছুটা হলেও উপযুক্ত জায়গা করে দিচ্ছে।”
ইসরায়েলি হামলায় গাজার অধিকাংশ স্কুল ধ্বংস হয়ে গেছে অথবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। শিক্ষা অবকাঠামোর এই ধ্বংসযজ্ঞের কারণে লাখ লাখ শিশু মৌলিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।
গত ৪ নভেম্বর প্রকাশিত জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয়ের (ওসিএইচএ) এক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে গাজার প্রায় ৭ লাখ ৭০ হাজার শিশুর শিক্ষা সহায়তার প্রয়োজন হবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রায় ২ লাখ শিশু আনুষ্ঠানিক শিক্ষার সুযোগ পাচ্ছে না এবং ৫ লাখ ৭০ হাজার শিশু অস্থায়ী শিক্ষাকেন্দ্রে পড়াশোনা করছে। এ ছাড়া গাজার প্রায় ৯৩ শতাংশ স্কুল ভবন পুনর্নির্মাণ বা ব্যাপক সংস্কার করা প্রয়োজন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নওগাঁর পত্নীতলায় অনুষ্ঠিত হয়েছে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরার সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির এই মাসিক সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ৪৭ নওগাঁ-২ সংসদ সদস্য মো.এনামুল হক, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আন্না মিস, কমিশনার (ভূমি) এ.জেড.এম নাহিদ হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.সোহরাব হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.এস.এম গোলাম কায়ছার, প্রাণিসম্পদ অফিসার ডা.আশীষ কুমার দেবনাথ, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:নিয়ামুল হক, কৃঞ্চপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.আব্দুল্লাহ আল ফরুক, সাংগঠনিক সম্পাদক মো.রমজান আলী সরদার, মহিলা দলের সভানেত্রী মরিয়ম বেগম শেফা, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো.হাবিবুর রহমান, পত্নীতলা রিপোর্টাস ইউনিটির সভাপতি মো.আলমগীর কবির প্রমুখ।
সভায় আলোচনা করা হয় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ