১২:০৭ পি.এম
ফ্যাসিস্ট আমলে জ্বালানি ছিলো দুর্নীতির অন্যতম খাত। আমদানি নির্ভরতায় লুটপাটের পাশাপাশি বিশেষ বিধানের মাধ্যমে পছন্দের ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কাজ দেয়া হতো, যা দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর। ২০টি কূপ খননে বাপেক্সের পরিবর্তে রুশ প্রতিষ্ঠানকে কাজ দেয়ার ফলে ২৪ কোটি ডলার বাড়তি খরচ হয়েছে। বিশ্লেষকরা সতর্ক করেছেন যে, জ্বালানি খাতের সীমাহীন অনিয়ম দেশের অর্থনীতিকে ঝুঁকির মধ্যে ফেলেছে এবং রিজার্ভে চাপ সৃষ্টি করেছে।
অন্তর্বর্তী সরকারের সময় প্রকাশিত অর্থনৈতিক শ্বেতপত্রে দেখা যায়, আওয়ামী লীগের আমলে জ্বালানি খাতের অনেক সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্যে নেয়া হয়েছিল। এর ফলে গ্যাস সঞ্চালন প্রতিষ্ঠান জিটিসিএল মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে। আমদানি নির্ভরতা বৃদ্ধি পাওয়ায় গ্যাস কেনায় বছরে ৩ হাজার কোটি টাকার লোকসান হওয়ার তথ্য উঠে এসেছে শ্বেতপত্রে। স্থানীয় গ্যাস সরবরাহ বাড়ানোর পরিবর্তে আমদানি নির্ভরতায় দুর্নীতির সুযোগ তৈরি হয়েছে। শ্বেতপত্রে উল্লেখ করা হয়েছে, টেন্ডারের মাধ্যমে এলএনজি কেনায় ২৩টি কোম্পানি শর্ত পূরণ করলেও কাজ দেয়া হয়েছে মাত্র ১২টি প্রতিষ্ঠানকে।
অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন ও জ্বালানি চুক্তি পর্যালোচনা কমিটির সদস্য ড. জাহিদ হোসেন মন্তব্য করেছেন, প্রাইমারি এনার্জির ক্ষেত্রে জোগানের দিকে মনোযোগ দেয়া হয়নি। শুধু এলএনজি টার্মিনাল স্থাপন ও এলএনজি আমদানি করা হয়েছে, যা বিদ্যুৎ খাত, ফার্টিলাইজার, ডমেস্টিক এবং ইন্ডাস্ট্রির অন্যান্য চাহিদা পূরণের জন্য যথেষ্ট নয়। অফশোর গ্যাস এক্সপ্লোরেশনের জন্য যদি সময়মতো কাজ করা হতো, তাহলে ইতিমধ্যে কিছু ফলাফল দেখা যেত। বঙ্গোপসাগরের নিচে মিয়ানমার ও ভারত গ্যাস পেয়ে থাকলে, আমাদের না পাওয়ার কোনো কারণ নেই।
আরও পড়ুন: ঢাকা মেডিকেলে দালাল ধরতে অভিযান, ১১ জন আটক, ৭ জনের কারাদণ্ড
কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ড. এম শামসুল আলম জানান, গ্যাস উন্নয়ন তহবিলের টাকা জাতীয় সক্ষমতা উন্নয়নে খরচ হয়নি। ২০২২ সালে গণশুনানিতে দেখা গেছে ৬৫ শতাংশ টাকা খরচ হয়নি এবং ব্যাংকে পড়ে আছে। এগুলো ফিক্স ডিপোজিট হয়ে আছে। অভিযোগ রয়েছে, বাপেক্স গ্যাস তোলে না, বরং কনট্রাকটরদের মাধ্যমে গ্যাস তোলা হয়। বাপেক্সের আওতাধীন কোম্পানি, জায়গা, ব্লক, গ্যাস ফিল্ডগুলো উন্নয়ন করে টেন্ডার পায়।
আওয়ামী লীগ আমলে জ্বালানি খাতে অনিয়মের আরেক হাতিয়ার হলো বিশেষ বিধান। এই আইনের আওতায় পছন্দের ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কাজ দেয়া হয়। অর্থনৈতিক শ্বেতপত্রে বলা হয়েছে, রাশিয়ার সরকারি কোম্পানি গ্যাজপ্রমকে ২০টি কূপ খননের কাজ দেয়ার জন্য বাপেক্সের তুলনায় প্রতিটি কূপে ১২ মিলিয়ন ডলার বেশি দিতে হয়েছে। প্রতিযোগিতামূলক দরপত্র প্রক্রিয়া অনুসরণ করলে কূপ খননে কয়েক মিলিয়ন ডলার সাশ্রয় হতো। আবার জ্বালানি সংকট বিদ্যুৎ খাতকেও সংকটে ফেলেছে।
বিশ্লেষকরা বলছেন, জ্বালানি খাতে অনিয়ম এবং বিদেশ নির্ভরতা অর্থনীতিকে ঝুঁকির মধ্যে ফেলেছে এবং বৈদেশিক মুদ্রায় চাপ বাড়িয়েছে।
ড. জাহিদ হোসেন বলেন, কেন্দ্রগুলো বিদ্যুৎ উৎপাদন করতে পারবে কি না, তা গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ওপর নির্ভর করছে। গ্যাস সরবরাহ করা সম্ভব হবে কিনা, তা নিশ্চিত করা হয়নি যখন কেন্দ্রগুলো স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছিল এবং চুক্তিগুলো সই করা হয়েছিল।
আরও পড়ুন: ১০–৩০ কাউন্টের সুতা আমদানিতে ব্যাংক গ্যারান্টির দাবি বিটিএমএর
ড. এম শামসুল আলম বলেন, পরবর্তীতে সেই উৎপাদন ক্ষমতা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন হয়নি। প্লান্ট বসাতে যে ব্যয় হয়েছে, তা ঘাটতি সৃষ্টি করেছে। বিদ্যুতের উৎপাদন ব্যয় বৃদ্ধি পাওয়ায় সরকারের ভর্তুকি বেড়েছে এবং মূল্যবৃদ্ধি ঘটেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন