০২:১৮ পি.এম
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে অবৈধভাবে আনা ৩ হাজার ৮৫০ কেজি ভারতীয় ফুচকা জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় চোরাচালান পণ্য পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) ভোর সাড়ে ৭টার দিকে বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজার এলাকায় বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ সড়কে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ফরিদপুর সদর উপজেলার বেতুয়া বাড়ী সড়ক, পশ্চিম গোয়ালচামাত এলাকার শেখ মো. ফারুকের ছেলে আরিফ শেখ (৩৪) এবং একই উপজেলার পশ্চিম খাবাসপুর এলাকার আব্দুল করিম ফকিরের ছেলে জিহাদ ফাকির (৩৪)।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সূত্রে জানা যায়, বিশ্বম্ভরপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে পলাশ বাজার এলাকায় অভিযান চালান ডিবি পুলিশের সদস্যরা। এ সময় একটি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি চালিয়ে ১১০টি প্লাস্টিকের বস্তায় থাকা ভারতীয় ফুচকা উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ছিল ৩৫ কেজি করে ফুচকা। সব মিলিয়ে জব্দ করা হয় ৩ হাজার ৮৫০ কেজি ফুচকা।
ডিবি পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, জব্দ করা ফুচকার আনুমানিক মূল্য ১৫ লাখ ৪০ হাজার টাকা। একই সঙ্গে চোরাচালান পণ্য পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ট-১৬-৯৭৭৮ নম্বরের কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। পুলিশের হিসাবে গাড়িটির আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা। ফুচকা ও কাভার্ডভ্যানসহ জব্দ করা আলামতের মোট মূল্য ৬৫ লাখ ৪০ হাজার টাকা।
অভিযানে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই মো. মাহমুদুল হাসান, এএসআই খাদেমুল ইসলাম এবং কনস্টেবল ফরিদ মিয়া, দীপক মুন্ডা ও মোশারফ হোসেন অংশ নেন।
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন