ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

রক্তরোগ চিকিৎসকদের আন্তর্জাতিক সম্মেলন ‘হেমাটোকন-২০২৬’ অনুষ্ঠিত, তরুণ চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির প্রয়োজনীয়তা আলোচনা


রক্তরোগ চিকিৎসকদের আন্তর্জাতিক সম্মেলন ‘হেমাটোকন-২০২৬’ অনুষ্ঠিত, তরুণ চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির প্রয়োজনীয়তা আলোচনা

রক্তরোগে আক্রান্ত রোগীদের জন্য আন্তর্জাতিক মানের চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে গবেষণার পরিমাণ বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে। তরুণ চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির জন্যও কার্যক্রম গ্রহণ করতে হবে। দেশে রক্তরোগ চিকিৎসা খাতকে আরো শক্তিশালী করার জন্য শিগগিরই বিভিন্ন অঞ্চলে পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের উদ্যোগ নেওয়া হবে।

বুধবার (১৪ অক্টোবর) হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের (এইচএসবি) উদ্যোগে দুই দিনব্যাপী ৭ম বার্ষিক সম্মেলন ‘হেমাটোকন-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এসব মন্তব্য করেন।

শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল Shaping Tomorrow’s Haematology। সম্মেলনে বাহরাইন, ভারত, যুক্তরাজ্য, ইতালি, পাকিস্তান ও সিঙ্গাপুর থেকে আন্তর্জাতিক ফ্যাকাল্টিবৃন্দের পাশাপাশি দেশের বিশিষ্ট হেমাটোলজিস্ট, চিকিৎসক ও গবেষকরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: জাপান সফরে একাধিক সমঝোতা স্মারক সই হতে পারে প্রধানমন্ত্রীর

হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি ও হেমাটোকন-২০২৬-এর আহ্বায়ক অধ্যাপক ডা. আমিন লুৎফুল কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন। সম্মেলনের মেম্বার সেক্রেটারি ও সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. আদনান হাসান মাসুদ, বৈজ্ঞানিক কমিটির কনভেনার ডা. মুজাহিদা রহমান এবং হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের বৈজ্ঞানিক সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন। এ সময় দেশের বিশিষ্ট হেমাটোলজিস্টরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, রক্তরোগে আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসক, গবেষক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় আরো জোরদার করতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে এম এ রশিদ গ্রান্টের বিজয়ীদের হাতে অনুদান তুলে দেওয়া হয়, যাতে তারা দেশে হেমাটোলজি গবেষণায় অবদান রাখতে পারেন। এ ছাড়া Haematology Journal of Bangladesh-এ রিভিউয়ারদের সার্টিফিকেট ও সম্মানি প্রদান করা হয়। গবেষণাপত্র মূল্যায়নে তাদের একাডেমিক অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেওয়া হয়।

সমাপনী বক্তব্যে অধ্যাপক ডা. আমিন লুৎফুল কবির সম্মেলন আয়োজনে সংশ্লিষ্ট সকলের অবদান, দেশি-বিদেশি বিশেষজ্ঞদের অংশগ্রহণ এবং হেমাটোলজি চিকিৎসা ও গবেষণার উন্নয়নে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। পরে ডা. গোলজার হোসেন উজ্জলের পরিকল্পনা ও সঞ্চালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্যসহ ঢাকার ঐতিহ্যবাহী স্থাপনাগুলো তুলে ধরা হয়।

আরও পড়ুন: শুধু ৯ দেশ-ই নয়, বিশ্ব এক হলেও হারবে? কারণ- ইয়েমেনের জন্য নবী (সা.) দোয়া করেছিলেন!

সম্মেলনের প্রথম দিনে থ্যালাসেমিয়া, লিম্ফোমা, ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া (পিএমএল) ও অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া (এএমএল) বিষয়ে বৈজ্ঞানিক অধিবেশন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনে প্রাপ্তবয়স্কদের অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া (এএএল), হেমাটোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন (এইচএসসিটি) এবং সেলুলার থেরাপি ও ক্যান্সার ইমিউনোথেরাপি বিষয় বিভিন্ন সেমিনার অনুষ্ঠিত হয়। সম্মেলনে তরুণ হেমাটোলজিস্টরা তাদের গবেষণাপত্র ও পোস্টার উপস্থাপনার সুযোগ পান। এসব অধিবেশনে রোগ নিয়ন্ত্রণ ও নিরাময়ের সম্ভাবনা, নির্ভুল রোগ নির্ণয়, ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা এবং টার্গেটেড থেরাপি নিয়ে আলোচনা হয়।

সম্মেলনে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পেয়েছেন দেশের হেমাটোলজিস্টরা। বিশেষ করে তরুণ চিকিৎসক, প্রশিক্ষণার্থী ও গবেষকরা। তারা রক্তরোগ নির্ণয় ও চিকিৎসার সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে জানতে এবং পেশাগত নেটওয়ার্ক গড়ে তুলতে সক্ষম হন। হেমাটোলজি গবেষণার প্রসার, চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি এবং রক্তরোগে আক্রান্ত রোগীদের আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা জোরদার করাই এ সম্মেলনের লক্ষ্য বলে জানান আয়োজকরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামালপুর নার্সিং কলেজে তৃতীয় দিনের মতো শাটডাউন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৯ পি.এম


জামালপুর নার্সিং কলেজে তৃতীয় দিনের মতো শাটডাউন

জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজে নতুন নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জের যোগদান ঠেকাতে চলছে তৃতীয় দিনের মতো অনির্দিষ্টকালের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি। এই অবস্থায় ক্লাস ও হাসপাতালের ক্লিনিক্যাল প্র্যাকটিস বন্ধ রয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীদের বাধার কারণে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নতুন ইন্সট্রাক্টর ইনচার্জ মাকসুদা ইয়াসমিন যোগদান করতে পারেননি।

শুক্রবার সকাল থেকে শিক্ষার্থীরা কলেজের একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান নিয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে মাকসুদা ইয়াসমিন কলেজে আসলে আন্দোলনকারীরা তাকে প্রবেশে বাধা দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার (১২ অক্টোবর) নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের একটি আদেশে কলেজের ইন্সট্রাক্টর ইনচার্জ শাহজাদী মাহমুদাকে শেরপুর নার্সিং ইনস্টিটিউটে বদলি করা হয়। একই আদেশে শেরপুরের ইন্সট্রাক্টর ইনচার্জ মাকসুদা ইয়াসমিনকে জামালপুরে পদায়ন করা হয়। আদেশের পর থেকেই শিক্ষার্থীরা মাকসুদার যোগদান ঠেকানো এবং বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে আন্দোলন শুরু করে।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, শেরপুরে দায়িত্ব পালনকালে মাকসুদা ইয়াসমিন বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িত ছিলেন। তার আচরণ শিক্ষার্থীদের জন্য উপযুক্ত নয়। এই কারণে তারা তাকে জামালপুর কলেজের ইন্সট্রাক্টর ইনচার্জ হিসেবে মেনে নিতে চান না।

শিক্ষার্থী জয় বলেন, ‘তিনদিন ধরে আন্দোলন চলছে। আজ তিনি যোগদান করতে এসেছিলেন, কিন্তু আমরা তাকে প্রবেশ করতে দেইনি। তার যোগদানের আদেশ প্রত্যাহার করতে হবে। অন্য কাউকে ইন্সট্রাক্টর ইনচার্জ হিসেবে নিয়োগ দিলে আমাদের আপত্তি নেই।’

শিক্ষার্থী ফারহানা বলেন, ‘শেরপুরে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকায় আমরা মাকসুদা ইয়াসমিনকে আমাদের কলেজে দেখতে চাই না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’

কলেজের নার্সিং ইন্সট্রাক্টর সামিনা আক্তার জানান, ‘শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সাধারণ শিক্ষকেরাও কলেজে প্রবেশ করতে পারছেন না। ক্লাস ও হাসপাতালের ক্লিনিক্যাল প্র্যাকটিস বন্ধ রয়েছে।’

মাকসুদা ইয়াসমিন অভিযোগের বিষয়ে বলেন, ‘আমার যোগদানে বাধা দিতে ষড়যন্ত্র করা হয়েছে। যোগদান করতে এসে আন্দোলনের কারণে তা সম্ভব হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃষি উদ্ভাবনের মাধ্যমে খাদ্য নিরাপত্তা বাড়াতে চায় কানাডা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩০ পি.এম


কৃষি উদ্ভাবনের মাধ্যমে খাদ্য নিরাপত্তা বাড়াতে চায় কানাডা

কক্সবাজারে আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্র (সিআইএমএমওয়াইটি) পরিদর্শন করেছে কানাডার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল।

এই প্রতিনিধিদল কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির প্রসার, কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা সুসংহতকরণ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলার কৌশল পর্যবেক্ষণ করে।

কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সরাইয়ের নেতৃত্বে প্রতিনিধিদলটি সরেজমিন পরিদর্শনে অংশগ্রহণ করে।

আজ বৃহস্পতিবার, ঢাকায় অবস্থিত কানাডিয়ান হাইকমিশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এই পরিদর্শনের বিস্তারিত তথ্য প্রকাশ করে।

কানাডীয় প্রতিনিধিদল পরিদর্শনকালে আধুনিক কৃষি গবেষণা এবং প্রযুক্তিগত উদ্ভাবন কিভাবে বাংলাদেশি কৃষকদের ফসলের উৎপাদন বাড়াতে এবং জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কানাডার কৃষি উদ্ভাবন তরান্বিতকারী সংস্থা ‘বায়োএন্টারপ্রাইজ কানাডা’ এবং আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ‘সিআইএমএমওয়াইটি’ বাংলাদেশের স্থানীয় চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উন্নত কৃষি প্রযুক্তি ও আধুনিক উদ্ভাবনসমূহের প্রসার এবং সম্প্রসারণ ঘটাতে একটি বিশেষ অংশীদারত্ব গড়ে তুলবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্কুল-কলেজে জরুরি নির্দেশনা, সব দপ্তরে চিঠি পাঠানো হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩২ পি.এম


স্কুল-কলেজে জরুরি নির্দেশনা, সব দপ্তরে চিঠি পাঠানো হয়েছে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি গঠন কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা, ২০২৬’ এখনও চূড়ান্ত হয়নি। এই প্রেক্ষাপটে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের ‘গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি’ গঠন কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে।

চিঠির অনুলিপি অবগতি ও কার্যার্থে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মাউশি মহাপরিচালক, সব বোর্ডের চেয়ারম্যান, সব বিভাগীয় কমিশনার, সব জেলা প্রশাসক এবং জেলা শিক্ষা কর্মকর্তা, পাশাপাশি বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এবং সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং প্রধান শিক্ষকদের কাছে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রত্যাখ্যানের হার ৭০ শতাংশে পৌঁছেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৩ পি.এম


নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রত্যাখ্যানের হার ৭০ শতাংশে পৌঁছেছে

নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রত্যাখ্যানের হার আশঙ্কাজনকভাবে বেড়েছে, কারণ আর্থিক নথিপত্র যাচাই-বাছাইয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে। ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে দেশটিতে আবেদন করা বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশ ভিসা প্রত্যাখ্যান করেছে নিউজিল্যান্ড অভিবাসন কর্তৃপক্ষ।

ভারতীয় শিক্ষার্থীদের ভিসা প্রত্যাখ্যানের হার একই সময়ে ৩৯ শতাংশে পৌঁছেছে, যা স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। আজ বৃহস্পতিবার রেডিও নিউজিল্যান্ডে (আরএনজেড) প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুসারে, ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে বিশ্বব্যাপী শিক্ষার্থীদের পূর্ণ টিউশন ফি-ভিত্তিক ভিসার ৬ হাজার ২৭৩টি আবেদন প্রত্যাখ্যান করেছে ইমিগ্রেশন নিউজিল্যান্ড। গত ২০২৫–২৬ অর্থবছরে মোট প্রত্যাখ্যানের সংখ্যা ছিল ৭ হাজার ৫০৩টি।

বর্তমান সময়ে পূর্ণ টিউশন ফি-ভিত্তিক শিক্ষার্থী ভিসার সামগ্রিক প্রত্যাখ্যানের হার বেড়ে ৩৪ শতাংশে দাঁড়িয়েছে, যা আগের অর্থবছরে ছিল মাত্র ১৩ শতাংশ।

ইমিগ্রেশন নিউজিল্যান্ডের সূত্র আরএনজেড-কে জানিয়েছে, ভিসার আবেদনে জালিয়াতি বা ভুয়া নথিপত্র ব্যবহারের ঘটনা ক্রমেই জটিল ও বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে স্নাতকোত্তর (পোস্টগ্রাজুয়েট) পর্যায়ে আবেদনের ক্ষেত্রে ভুয়া তথ্য দেওয়ার প্রবণতা বেশি দেখা গেছে, যা প্রত্যাখ্যানের মূল কারণ।

অন্যদিকে, অভিবাসন এজেন্টদের মতে, বাংলাদেশ ও ভারতের শিক্ষা পরামর্শক (এডুকেশন কনসালটেন্সি) প্রতিষ্ঠানগুলোর উপ-এজেন্ট নির্ভরতার কারণে এই জটিলতা সৃষ্টি হয়েছে। বিপুল সংখ্যক আবেদন প্রসেস করতে গিয়ে অনেক উপ-এজেন্ট ভুল কিংবা ভুয়া আর্থিক নথিপত্র জমা দিয়েছেন।

জালিয়াতির কারণে অভিবাসন কর্তৃপক্ষ তদন্ত ব্যবস্থা কঠোর করায় এর ক্ষতিকর প্রভাব প্রকৃত মেধাবী শিক্ষার্থীদের ওপরও পড়ছে। সম্প্রতি কানাডা ও অস্ট্রেলিয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসার নীতি কঠোর করার পর, অভিজ্ঞতাহীন কিছু পরামর্শক প্রতিষ্ঠান হঠাৎ করেই নিউজিল্যান্ডের দিকে ঝুঁকছেন। ফলে নিউজিল্যান্ডের জটিল নিয়মকানুন না বুঝেই আবেদন জমা দেওয়ায় বাতিল হচ্ছে সিংহভাগ আবেদন।

এর আগে ২০১৬ ও ২০২৪ সালেও ভারতসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীদের ভিসা প্রত্যাখ্যানের হার একইভাবে বৃদ্ধি পেয়েছিল। সে সময়ও ভুয়া নথিপত্র ও অনিবন্ধিত এজেন্টদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল নিউজিল্যান্ড কর্তৃপক্ষ।

বর্তমান পরিস্থিতিতে অভিবাসন বিশেষজ্ঞরা মনে করছেন, জাল আবেদন শনাক্তে তদন্ত অব্যাহত রাখার পাশাপাশি প্রকৃত ও যোগ্য শিক্ষার্থীরা যাতে অযথা ভোগান্তি বা ক্ষতির শিকার না হন, সে বিষয়ে কর্তৃপক্ষের একটি ভারসাম্যপূর্ণ নীতি গ্রহণ করা উচিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%