ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

মুক্তিযুদ্ধের ইতিহাস রাজনীতিবিদদের লেখায় বিকৃত হয়েছে : স্পিকার


মুক্তিযুদ্ধের ইতিহাস রাজনীতিবিদদের লেখায় বিকৃত হয়েছে : স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মন্তব্য করেছেন যে, রাজনীতিবিদরা স্বাধীনতার ইতিহাস লেখার ক্ষেত্রে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সঠিকভাবে উপস্থাপন করেননি। এর ফলে ইতিহাসের বিকৃতি ঘটেছে।

শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর মহাখালীতে অনুষ্ঠিত ‘সিনিয়র টাইগার্স’ এর অবসরপ্রাপ্ত সদস্যদের পুণর্মিলনী-২০২৬ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

অনুষ্ঠানে স্পিকার হাফিজ উদ্দিন দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন স্মৃতি এবং মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলোর কথা স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, একাত্তরের মুক্তিযুদ্ধ কোনো একটি রাজনৈতিক দলের একক কৃতিত্ব নয়, বরং এটি সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য সংঘটিত যুদ্ধ ছিল।

আরও পড়ুন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত গ্রহণযোগ্য

এসময় তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অবদান যথাযথভাবে তুলে ধরা হয়নি। মুক্তিযুদ্ধের সময় এই রেজিমেন্টের নেতৃত্বে অনেকেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছিলেন।

অনুষ্ঠান শেষে হাফিজ উদ্দিন আহমদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়েমেনে হুতি হামলায় জড়িত থাকার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩১ পি.এম


ইয়েমেনে হুতি হামলায় জড়িত থাকার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : শুক্রবার ইরান ইয়েমেনের হুতিদের হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।

একদিন আগে, সৌদি আরব অভিযোগ করে যে, ইরান হুতিদের সাম্প্রতিক হামলার পেছনে উৎসাহ জুগিয়েছে।

জুলাই মাসে ইয়েমেনের গৃহযুদ্ধ নতুন করে শুরু হওয়ার পর থেকে ইরানপন্থী হুতিরা সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বারবার হামলা চালিয়েছে।

লক্ষ্যবস্তুগুলোর মধ্যে রয়েছে লোহিত সাগরে চলাচলকারী তেলবাহী জাহাজ, তেল স্থাপনা এবং রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর। গত সপ্তাহে বিমানবন্দরে একটি হামলায় ১৩ জন নিহত হন।

এ খবরটি তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।

এক দশকেরও বেশি সময় ধরে সৌদি আরবের নেতৃত্বাধীন একটি সামরিক জোট ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে আসছে। শুক্রবার জোটটি জানায়, হুতিদের অব্যাহত হামলার মধ্যে তারা আরও কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ইরান হুতিদের হামলা জোরদারে ‘উৎসাহ জুগিয়েছে’। তবে তেহরান এই অভিযোগ অস্বীকার করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এক বিবৃতিতে জানান, ‘ইয়েমেনের (হুতি) অভিযানে ইরানের ভূমিকা রয়েছে— এমন যেকোনো অভিযোগ ইসলামি প্রজাতন্ত্র ইরান প্রত্যাখ্যান করছে।’

তিনি আরও বলেন, ‘ইয়েমেনের সশস্ত্র বাহিনী নিজেদের স্বার্থ ও মূল্যায়নের ভিত্তিতে কাজ করে। ইরান ও তার বন্ধুদের মধ্যকার সম্পর্ক সম্পর্কে যারা অবগত, তাদের কাছে এ ধরণের দাবি বিশ্বাসযোগ্য নয়। তবে ইরান মনে করে, উত্তেজনা বৃদ্ধি কোনো পক্ষের স্বার্থেই নয়।’

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিষয়ক উপমন্ত্রী ড. রায়েদ ক্রিমলি এর আগে বলেন, সর্বশেষ দফার সংঘাতের শুরুতে ওমানে বৈঠকে বসার প্রস্তাব প্রত্যাখ্যান করে হুতিরা।

তবে বাকাই দুই পক্ষের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘শত্রুতা বন্ধে সহায়তা করার জন্য নিজেদের সদিচ্ছা ও কূটনৈতিক যোগাযোগ কাজে লাগাতে ইরান সব সময় প্রস্তুত রয়েছে।’

শুক্রবার সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের এক মুখপাত্র জানান, তারা ‘দক্ষিণাঞ্চল ও রিয়াদ এলাকায় তিনটি ড্রোন এবং লোহিত সাগরের ওপর দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করেছে।’

তিনি আরও বলেন, ‘গত কয়েক ঘণ্টায় ইয়ানবুর ওপর একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।’

লোহিত সাগরের উপকূলে অবস্থিত ইয়ানবু শহরে একটি প্রধান তেল পাইপলাইনের শেষ প্রান্ত রয়েছে।

সেপ্টেম্বরে ইয়েমেনে আকস্মিক সামরিক অভিযান শুরু করে হুতিরা। এ সময় তারা লোহিত সাগরের উপকূলে সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা কৌশলগত গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকা দখল করে নেয়। ওই উপকূলের কাছে আন্তর্জাতিক নৌবাণিজ্যের গুরুত্বপূর্ণ একটি সংকীর্ণ জলপথ রয়েছে। এরপর থেকে হুতিদের হামলা আরও বেড়েছে।

ফেব্রুয়ারিতে বৃহত্তর মধ্যপ্রাচ্য যুদ্ধের শুরুতে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় বিশ্ব জ্বালানি বাজারে ইতোমধ্যে অস্থিরতা দেখা দেওয়ার প্রেক্ষাপটে বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক সৌদি আরবের ওপর চাপ বাড়ছে।

বিমানবন্দরে হামলা-

হুতিদের দখল করা এলাকাগুলো পুনরুদ্ধারে সৌদি আরবের বিমান সহায়তা নিয়ে পাল্টা অভিযান শুরু করেছে ইয়েমেনের সরকারি বাহিনী। তবে এখন পর্যন্ত তারা হুতিদের দখল করা এলাকা পুনরুদ্ধারে সফল হয়নি।

শুক্রবার ইয়েমেনের সরকারের অন্তর্বর্তী রাজধানী এডেনের স্থানীয় নিরাপত্তা কার্যালয় জানায়, শহরটির বিমানবন্দর এলাকায় দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটি একই ধরণের দ্বিতীয় ঘটনা। এতে কেউ নিহত হয়নি।

সামরিক সূত্রের বরাত দিয়ে দেওয়া এক বিবৃতিতে হুতিরা জানায়, হামলার লক্ষ্য ছিল ‘সৌদি বাহিনীর কমান্ড সদর দপ্তর’ এবং একটি অস্ত্রের গুদাম।

ইয়েমেনের তথ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এডেন থেকে কায়রোগামী ইয়েমেনিয়া এয়ারওয়েজের একটি বিমান অল্পের জন্য ক্ষেপণাস্ত্রের আঘাত থেকে রক্ষা পেয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘বিমানটি উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে সন্ত্রাসী হুতি মিলিশিয়ারা দুটি ক্ষেপণাস্ত্র দিয়ে বিমানবন্দরে হামলা চালায়। ক্ষেপণাস্ত্র দু’টি বিমান থেকে প্রায় ৫০০ মিটার এবং রানওয়ের কেন্দ্র থেকে প্রায় ১০০ মিটার দূরে আঘাত হানে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘এটি কেবল একটি বেসামরিক বিমানবন্দরে হামলা নয়, বরং যাত্রী ও বিমানের ক্রুদের জীবন, বিমান চলাচলের নিরাপত্তার প্রতি সরাসরি হুমকি এবং আন্তর্জাতিক আইন ও রীতিনীতির গুরুতর লঙ্ঘন।’

এর আগের দিন এডেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুতিরা। এতে পাঁচজন নিহত ও ১৬ জন আহত হন বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী।

ইয়েমেনের প্রধানমন্ত্রী শায়া আল-জিন্দানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ ঘটনাকে ‘কাপুরুষোচিত’ কর্মকাণ্ড বলে নিন্দা জানান। তিনি একে হুতিদের ‘অপরাধমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা’ বলে উল্লেখ করেন।

নাম প্রকাশ না করার শর্তে ইয়েমেনের এক সরকারি মন্ত্রী জানান, প্রাসাদ চত্বরে অবস্থিত ইয়েমেনি ও সৌদি নেতৃত্বাধীন জোটের বাহিনীর কমান্ড সেন্টারগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে হুতিরা।

হুতিদের সঙ্গে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলো জানায়, এডেনের আল-মাশাইক প্রাসাদে ‘সৌদি কর্মকর্তাদের নেতৃত্বে পরিচালিত সামরিক অভিযানের সদর দপ্তর’ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা স্থগিতকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ বললেন পুতিনের দূত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩২ পি.এম


রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা স্থগিতকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ বললেন পুতিনের দূত

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ নতুন নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত স্থগিত করাকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে চিহ্নিত করেছেন।

শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এই আদেশের মাধ্যমে রাশিয়ার জ্বালানি খাতের আয়কে লক্ষ্য করে নেওয়া মার্কিন নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত করা হয়।

এই নিষেধাজ্ঞা ও শুল্ক দুই দিন পর কার্যকর হওয়ার কথা ছিল।

বার্তা সংস্থা এএফপি মস্কো থেকে এ তথ্য জানায়।

ট্রাম্পের এই সিদ্ধান্ত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বিরোধের প্রেক্ষাপটে এসেছে। এর ফলে ধারণা তৈরি হয়েছে যে, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর প্রায় পাঁচ বছর পর মার্কিন প্রেসিডেন্ট ক্রমেই মস্কোর পক্ষ নিচ্ছেন।

এই যুদ্ধে কয়েক লাখ মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

দিমিত্রিয়েভ সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেন, ‘ট্রাম্প প্রশাসনের গ্রাহাম আইন স্থগিতের সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ ও সত্যিকার অর্থেই ঐতিহাসিক মুহূর্ত।’

এদিকে, পুতিন ও ক্রেমলিন এখনও এই সিদ্ধান্তের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। শুক্রবার সামরিক পোশাক পরিহিত অবস্থায় পুতিন বলেছেন, মস্কো পূর্ব ইউক্রেনের বাকি অংশ দখলের পরিকল্পনা করছে। রাশিয়ার জন্য এই সিদ্ধান্ত একটি বড় কূটনৈতিক সাফল্য হিসেবে গণ্য হচ্ছে।

যুক্তরাষ্ট্রের প্রয়াত সিনেটর লিন্ডসে গ্রাহামের নামে নামকরণ করা ‘লিন্ডসে গ্রাহাম আইন’ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছিল। এই আইনে রাশিয়ার জ্বালানি ও প্রতিরক্ষা খাতের পাশাপাশি পুতিন এবং দেশটির অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা ছিল।

দিমিত্রিয়েভ আরও বলেন, আইনটি কার্যকর হলে ‘সবার আগে মার্কিন অর্থনীতি ও বৈশ্বিক বাজার মারাত্মক ক্ষতির মুখে পড়ত।’

২০২২ সালে রাশিয়া ইউক্রেনে যুদ্ধ শুরু করার পর পশ্চিমা দেশগুলো মস্কোর ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসলামী আন্দোলনের মহিলা ইউনিটের নতুন কমিটি ঘোষণা, সভাপতি নূরুস সাবিহা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩২ পি.এম


ইসলামী আন্দোলনের মহিলা ইউনিটের নতুন কমিটি ঘোষণা, সভাপতি নূরুস সাবিহা

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহিলা ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে এবং শপথ গ্রহণের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২০২৭-২৮ সেশনের জন্য এই কমিটিতে সভানেত্রী হিসেবে মনোনীত হয়েছেন নূরুস সাবিহা, এবং সম্পাদিকার দায়িত্ব পেয়েছেন আলেমা মাফরুহা।

শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনস্থ মারকাজ ভবনের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা করা হয় এবং নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম। প্রধান অতিথির বক্তব্যে তিনি উল্লেখ করেন, ‘সভ্যতা নির্মাণে নারীর ভূমিকাই প্রধান। মানব শিশুর মানসিক বিকাশ ও সঠিক দৃষ্টিভঙ্গি গঠনের মূল ভিত্তি নারী। তাই আমাদের হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও ইসলামের সুমহান শিক্ষার আলোকে নারীকে সর্বোচ্চ সম্মান ও মর্যাদায় ভূষিত করতে হবে এবং সমাজে তাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে দলের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, ‘বর্তমানে তথাকথিত পশ্চিমা ভাবধারার আলোকে নারীর অধিকার ও মর্যাদা নির্ধারণের অপচেষ্টা চলছে, যা নারীকে চরম নিরাপত্তাহীনতা ও সংকটের দিকে ঠেলে দিয়েছে। এই সংকট থেকে উত্তরণ ঘটিয়ে ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে নারীর প্রকৃত মর্যাদা ফিরিয়ে আনতে নবগঠিত মহিলা ইউনিটকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।’

অনুষ্ঠানে ঘোষিত ২০২৭-২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটির তালিকা:

• সভানেত্রী: নূরুস সাবিহা

• সহ-সভানেত্রী: জাকেরা রহমান, ফাতিমা আক্তার ও সাইয়েদা মাকসুদা আক্তার

• সম্পাদিকা: আলেমা মাফরুহা

• সহ-সম্পাদিকা: হাফেজা বুশরা

• সাংগঠনিক সম্পাদিকা: রেক্সোনা জাহান জুবাইদা

• সহ-সাংগঠনিক সম্পাদিকা: সাওদা মাসরুবা

• ছাত্রী সংগঠন পরিচালিকা: মারিয়া কামাল (কেন্দ্রীয়), আফরোজা জান্নাত (বিশ্ববিদ্যালয়), আলেমা রাফিয়া আহমাদ (কওমি মাদরাসা), সায়মা জান্নাত (আলিয়া মাদরাসা), হাফিজা খাতুন (কলেজ) ও ফারজানা নাদিরা (স্কুল)

• বিষয়ভিত্তিক সম্পাদকীয় পদসমূহ:

o ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদিকা: মরিয়ম আক্তার রূপা

o প্রশিক্ষণ সম্পাদিকা: হালিমাতুস সাদীয়া (সহ-প্রশিক্ষণ: পাপিয়া খাতুন)

o দপ্তর সম্পাদিকা: নেবিন্নাহার (সহ-দপ্তর: মাহমুদা আক্তার)

o অর্থ সম্পাদিকা: খাদিজাতুল কুবরা (সহ-অর্থ: হালিমা সাদীয়া রুবা)

o প্রচার ও দাওয়াহ সম্পাদিকা: মোসাম্মাৎ তাহেরা বেগম (সহ-প্রচার: ইসরাত জাহান মারিয়াম)

o নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদিকা: সৈয়দা নায়লা কারীম (সহ-নির্বাচন: খাদিজা আহমাদ)

o যোগাযোগ সম্পাদিকা: মোর্শেদা বেগম (সহ-যোগাযোগ: আলেমা ফাওজিয়া মাসরুবা)

• নির্বাহী সদস্য: আকলিমা খাতুন, সৈয়দা ফেরদৌসী বেগম, কোহিনুর বেগম, মোসা. মাকসুদা আক্তার, সুমাইয়া আক্তার, মোসা. মাহমুদা আক্তার, আনোয়ারা বেগম, আমেনা খাতুন ও বুশরা জান্নাত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার মানোন্নয়ন উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩৩ পি.এম


রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার মানোন্নয়ন উদ্যোগ

নরসিংদী, ১৭ অক্টোবর, ২০২৬ : নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার মানোন্নয়ন, দ্রুত সেবা প্রদান, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ এবং মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবা জোরদারে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা নানা সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে সাহায্য করছে।

বর্তমানে রায়পুরা উপজেলার সাধারণ মানুষের জন্য সরকারি চিকিৎসাসেবার একটি প্রধান কেন্দ্র হিসেবে এই স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগে নিয়মিত এবং জরুরি বিভাগে ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা দেওয়ার ব্যবস্থা রয়েছে। সংশ্লিষ্টদের মতে, এর ফলে প্রাথমিক ও সাধারণ চিকিৎসার জন্য রোগীদের জেলা সদর কিংবা রাজধানী ঢাকায় যাওয়ার প্রয়োজন আগের তুলনায় কমেছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, রোগ নির্ণয়ের প্রক্রিয়াকে আরও সহজ ও দ্রুত করার লক্ষ্যে সম্প্রতি জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে আধুনিক সেল কাউন্টার মেশিন সংযোজন করা হয়েছে। এর ফলে বিভিন্ন ধরনের রক্ত পরীক্ষা দ্রুত ও নির্ভুলভাবে সম্পন্ন হচ্ছে। এতে রোগীদের সময় ও ভোগান্তি কমেছে এবং পরীক্ষা-নিরীক্ষার ব্যয়ও হ্রাস পেয়েছে।

এছাড়া, ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ শয্যার পৃথক ডেঙ্গু ওয়ার্ড চালু করা হয়েছে। সেল কাউন্টার মেশিনের মাধ্যমে দ্রুত রোগ নির্ণয় করে ইতোমধ্যে দুই শতাধিক ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিও বৃদ্ধি করা হয়েছে।

হাসপাতালের প্যাথলজি বিভাগে এক্স-রে সহ বিভিন্ন প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সরকারি নির্ধারিত মূল্যে করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি সরবরাহ করা ওষুধও সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ায় রোগীদের মধ্যে বিতরণ করা হচ্ছে।

নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম ও তদারকির ফলে হাসপাতালের অভ্যন্তরীণ ও বহিরাঙ্গন পরিবেশে ইতিবাচক পরিবর্তন এসেছে। রোগীদের জন্য অপেক্ষাকৃত পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নিয়মিত কার্যক্রম পরিচালনা করতে দেখা যাচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষ শুধু হাসপাতালকেন্দ্রিক সেবার মধ্যে সীমাবদ্ধ না থেকে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিভিন্ন উদ্যোগ জোরদার করেছে। বিশেষ করে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই), হাম-রুবেলা ক্যাম্পেইন, ওপেন এসআরপি’র মাধ্যমে ডিজিটাল স্বাস্থ্য তথ্য সংরক্ষণ, ভারবাল অটোপসি এবং কমিউনিটি ক্লিনিকের কার্যক্রমে তদারকি বাড়ানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এসব কার্যক্রমের মাধ্যমে প্রত্যন্ত এলাকার জনগণের, বিশেষ করে মা ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রায়পুরার নিলক্ষা এলাকার বাসিন্দা মাজেদা বেগম বাসসকে জানান, "আগে হাসপাতালে এসে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। পরিবেশও তেমন ভালো ছিল না। এখন চিকিৎসকরা মনোযোগ দিয়ে রোগীদের কথা শুনছেন এবং পরিবেশও আগের তুলনায় অনেক পরিচ্ছন্ন হয়েছে।"

জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজন আহমেদ ইসলাম বলেন, "জরুরি প্রয়োজনে এখন আগের তুলনায় দ্রুত চিকিৎসক ও নার্সদের সেবা পাওয়া যাচ্ছে। চিকিৎসকদের আন্তরিকতায় রোগী ও স্বজনদের ভোগান্তি কমেছে।"

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জান্নাতুন নাঈম বাসসকে বলেন, "দায়িত্ব নেওয়ার পর থেকে প্রাতিষ্ঠানিক চিকিৎসাসেবার পাশাপাশি মাঠপর্যায়ের মানুষের কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে।"

তিনি আরও বলেন, "চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি, ২৪ ঘণ্টা জরুরি সেবা, পরিচ্ছন্নতা এবং সরকারি ওষুধের স্বচ্ছ বণ্টন নিশ্চিত করার পাশাপাশি ইপিআই, হাম-রুবেলা ক্যাম্পেইন, কমিউনিটি ক্লিনিকের সেবা, ওপেন এসআরপি ও ভারবাল অটোপসির মতো কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করা হচ্ছে।"

ডা. জান্নাতুন নাঈম আরও জানান, "সেল কাউন্টার মেশিনের মতো আধুনিক সরঞ্জাম সংযোজনের ফলে রোগ নির্ণয়ের সক্ষমতায়ও গতি বেড়েছে। চিকিৎসক, নার্স, মাঠকর্মী এবং কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিত প্রচেষ্টায় এসব পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে।"

তিনি উল্লেখ করেন, "প্রয়োজনীয় জনবল ও আরও আধুনিক চিকিৎসা সরঞ্জাম পাওয়া গেলে রায়পুরার মানুষকে আরও উন্নত ও পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব হবে।"

নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. বুলবুল কবীর বাসসকে জানান, "সেবার মান আরও বাড়াতে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫০ শয্যায় উন্নীত করা হবে। এ উপজেলাটি অনেক প্রত্যন্ত অঞ্চল রয়েছে, যেখানে স্বাভাবিকভাবে যাতায়াত করতে সময় লাগে। এসব এলাকার মানুষের জন্য আরও একটি ১৫০ শয্যার হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।"

তিনি বলেন, "প্রত্যন্ত এলাকার মানুষের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি ‘জীবন তরী’ পাঠানোর জন্যও আবেদন করা হয়েছে। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগ বদ্ধপরিকর।"

স্থানীয় সচেতন মহল মনে করেন, হাসপাতাল ও মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নেওয়া উদ্যোগগুলো অব্যাহত রাখা প্রয়োজন। পাশাপাশি ভর্তি রোগীদের জন্য শয্যা সংখ্যা বৃদ্ধি, প্রয়োজনীয় সংখ্যক বিশেষজ্ঞ চিকিৎসক পদায়ন এবং আধুনিক চিকিৎসা প্রযুক্তির ব্যবহার বাড়ানো গেলে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আরও কার্যকর স্বাস্থ্যসেবা কেন্দ্রে পরিণত করা সম্ভব হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%