ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

প্রথম ৯ মাসে সৌদি এনার্জির রাজস্ব আয় ১২ শতাংশ বেড়ে ৮,৭২০ কোটি রিয়াল


প্রথম ৯ মাসে সৌদি এনার্জির রাজস্ব আয় ১২ শতাংশ বেড়ে ৮,৭২০ কোটি রিয়াল

চলতি ২০২৬ সালের প্রথম নয় মাসে ‘সৌদি এনার্জি’ (এসই)-র রাজস্ব আয় পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ১১.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮,৭২০ কোটি (৮৭.২ বিলিয়ন) সৌদি রিয়ালে পৌঁছেছে। কোম্পানির সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এই সময়ে প্রতিষ্ঠানটির নিট মুনাফা ৪.৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১,২১০ কোটি (১২.১ বিলিয়ন) রিয়ালে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, কৌশলগত বিনিয়োগ, নির্ধারিত সম্পদের পরিধি বৃদ্ধি এবং ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদার ওপর ভর করে তাদের ক্ষয়ক্ষতি, সুদ, যাকাত ও কর পূর্ব আয় ৬.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩,৪৭০ কোটি রিয়ালে উন্নীত হয়েছে। শুধুমাত্র তৃতীয় ত্রৈমাসিকেই কোম্পানির রাজস্ব আয় ১২.৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩,৫০০ কোটি রিয়ালে পৌঁছায় এবং নিট মুনাফা ০.৪ শতাংশ বেড়ে দাঁড়ায় ৫৪০ কোটি রিয়ালে।

সৌদি এনার্জির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) খালিদ আল-গামদি জানান, বিদ্যুৎ কেন্দ্রগুলোর সক্ষমতা, জাতীয় গ্রিডের নির্ভরযোগ্যতা এবং কার্যক্ষমতার মান উন্নত করার মাধ্যমে কোম্পানি বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা সফলভাবে মেটাতে সক্ষম হচ্ছে।

আরও পড়ুন: অভিশংসন উদ্যোগকে ‘প্রহসন’ বললেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ

তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, তাদের কার্যক্রমভুক্ত ব্যাটারি এনার্জি স্টোরেজ সক্ষমতা বর্তমানে ২২ গিগাওয়াট-ঘণ্টায় পৌঁছেছে। এর মাধ্যমে কোম্পানি ২০২৬ সালের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি পুনর্ব্যবহার যোগ্য শক্তিকে মূল বিদ্যুৎ গ্রিডে যুক্ত করার প্রক্রিয়াকে আরও শক্তিশালী করেছে।

বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ অবকাঠামোতে টানা বিনিয়োগের সুবাদে ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানির নির্ধারিত সম্পদের পরিমাণ ১৬.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২৭,৮৮০ কোটি রিয়ালে। বছরের প্রথম নয় মাসে কোম্পানির সামঞ্জস্যপূর্ণ মূলধনী ব্যয় (ক্যাপেক্স) ছিল ৫,৯৬০ কোটি রিয়াল। এছাড়া 'সুকুক' (ইসলামিক বন্ড) এবং বিভিন্ন ঋণ সুবিধার মাধ্যমে সৌদি এনার্জি প্রায় ৬,৪৪০ কোটি রিয়ালের অর্থায়ন চুক্তি স্বাক্ষর করেছে।

পরিচালন সংক্রান্ত তথ্যে জানা যায়, সৌদি আরবে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ২.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭৯,০৪৫ মেগাওয়াটে পৌঁছেছে। বর্তমানে কোম্পানির মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৫৬.৮ গিগাওয়াটে উন্নীত হয়েছে।

জাতীয় গ্রিডের সাথে যুক্ত পুনর্ব্যবহারযোগ্য শক্তি উৎপাদন সক্ষমতা প্রায় ১৯.৩ গিগাওয়াটে পৌঁছেছে এবং সৌদি এনার্জির সঞ্চালন নেটওয়ার্ক ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ১,১০,৯৫০ সার্কিট কিলোমিটারে প্রসারিত হয়েছে।

আরও পড়ুন: কুমিল্লায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক কূটনৈতিক সম্মেলন শেষ

২০২৬ সালের প্রথম নয় মাসে ২,৩৭,৭৬২ জন নতুন গ্রাহক যুক্ত হওয়ার মাধ্যমে কোম্পানির মোট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ১৭ লাখে। যা গত বছরের তুলনায় নতুন গ্রাহক যুক্ত হওয়ার ক্ষেত্রে ৩০ শতাংশের একটি বড় উল্লম্ফন।

গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে সক্ষমতার পরিচয় দিয়ে কোম্পানিটি তাদের 'সিস্টেম অ্যাভারেজ ইন্টারাপশন ডিউরেশন ইনডেক্স' বা সংযোগ বিচ্ছিন্নতার গড় স্থায়িত্ব ১৬ শতাংশ কমাতে সক্ষম হয়েছে। এর ফলে প্রতি গ্রাহকের জন্য বাৎসরিক গড় বিদ্যুৎ বিভ্রাটের সময় কমে দাঁড়িয়েছে ৩৭.১৭ মিনিটে।

এদিকে পৃথক এক ঘোষণায় কোম্পানিটি জানিয়েছে, আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে বিদ্যুৎ সেবার মূল্যতালিকায় (ট্যারিফ) কিছুটা সমন্বয় আনা হবে। তবে বর্তমান নিয়ন্ত্রণকারী কাঠামোর আওতায় এই পরিবর্তনের ফলে কোম্পানির আর্থিক ফলাফলে বড় ধরনের কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই।

আরও পড়ুন: ইরানকে কোণঠাসা করতে দুই কৌশলে এগোচ্ছে যুক্তরাষ্ট্র

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেক কেটে নোয়াখালী ব্লাড হান্টারের ৯ হাজার ব্যাগ রক্তদানের মাইলফলক উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নুর হোসাইন, স্টাফ করেসপন্ডেন্ট, নোয়াখালী

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৬ পি.এম


কেক কেটে নোয়াখালী ব্লাড হান্টারের ৯ হাজার ব্যাগ রক্তদানের মাইলফলক উদযাপন
 
ঐতিহ্যবাহী নোয়াখালী জেলার অন্যতম সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন "নোয়াখালী ব্লাড হান্টার" এর ৯ হাজার ব্যাগ রক্তদানের গৌরবময় মাইলফলক উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কেক কেটে উদযাপন করা হয়েছে।
 
সোমবার (০৯ নভেম্বর-২০২৬ খ্রিঃ) দুপুরে জেলার সোনাপুর কলেজ প্রাঙ্গণে নোয়াখালী ব্লাড হান্টার (Noakhali Blood Hunter) এর ৯,০০০ ব্যাগ রক্তদানের গৌরবময় মাইলফলক উদযাপন উপলক্ষে স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে কেক কেটে আনন্দঘন মুহূর্ত উদযাপন করা হয় এবং ফ্রী ব্লাড গ্রুপিং কর্মসূচী পালন করা হয়। 
 
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন সোনাপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাফর আহমেদ, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং সংগঠনের উপদেষ্টা ও স্বেচ্ছাসেবীবৃন্দ।
 
এই অর্জনে সকল রক্তদাতা,স্বেচ্ছাসেবী, উপদেষ্টা ও শুভাকাঙ্ক্ষী দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে নোয়াখালী ব্লাড হান্টার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাগীব আলী: ‘আমি সম্পূর্ণ সুস্থ আছি’ মৃত্যুর গুজব উড়িয়ে ভিডিও বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৭ পি.এম


রাগীব আলী: ‘আমি সম্পূর্ণ সুস্থ আছি’ মৃত্যুর গুজব উড়িয়ে ভিডিও বার্তা

সিলেটের বিশিষ্ট শিল্পপতি রাগীব আলী সম্পর্কে সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে তিনি মারা গেছেন। তবে তিনি নিজেই এই খবরকে গুজব ও ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন। ভিডিও বার্তায় তিনি জানান, ‘আমি সম্পূর্ণ সুস্থ আছি’।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এক ভিডিও বার্তায় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মৃত্যুর খবরের প্রতিবাদ জানিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান।

রাগীব আলী বলেন, ‘সোমবার রাতে আমার সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে যে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। মহান আল্লাহর মেহেরবানিতে এবং আপনাদের দোয়ায় আমি সম্পূর্ণ সুস্থ ও ভালো আছি।’

তিনি এ সময় যাচাই-বাছাই ছাড়া তার মৃত্যুর মতো সংবেদনশীল তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার না করতে সবার প্রতি অনুরোধ জানান।

এর আগে সোমবার (৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে রাগীব আলীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। তবে তার পরিবার ও সংশ্লিষ্ট সূত্রগুলো খবরটিকে মিথ্যা বলে নিশ্চিত করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মীর শাহেদ আলম: ঠিকাদার খুশি হয়ে দিলে ঘুষ নয়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৭ পি.এম


মীর শাহেদ আলম: ঠিকাদার খুশি হয়ে দিলে ঘুষ নয়

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম মন্তব্য করেছেন, ‘একজন ইঞ্জিনিয়ারের জন্য ঘুষ গ্রহণের কোনো প্রয়োজন নেই। তবে, যদি কোনো ঠিকাদার খুশি হয়ে কিছু উপহার দেন, তাহলে তিনি তা গ্রহণ করতে পারেন।’

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে উপজেলা সহকারী প্রকৌশলীদের নবীন বরণ ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

তিনি জানান, এলজিইডির অধীনে বর্তমানে ১ লাখ ২০ হাজার কোটি টাকার কাজ চলমান রয়েছে এবং ৯০ হাজার কোটি টাকার প্রকল্প পাইপলাইনে রয়েছে।

এ সময়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে সদ্য নিয়োগপ্রাপ্ত নবীন ইঞ্জিনিয়ারদের প্রতি সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কোনো পক্ষ যেন প্রভাব খাটিয়ে তাদের স্বার্থ হাসিল না করতে পারে।’

তিনি আরও বলেন, ‘নবীন ইঞ্জিনিয়ারদের যোগদানের ফলে এলজিইডির কাজে গতি আসবে।’

কাজের ক্ষেত্রে কোনো রকম শিথিলতা দেখানোর অনুমতি নেই জানিয়ে তিনি বলেন, ‘কাজের গুণগত মানের ক্ষেত্রে কোনো আপস করা হবে না।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলে আ. লীগ নেতার স্ত্রী ও গৃহকর্মীকে মারধর করে ডাকাতি, সন্দেহভাজন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৮ পি.এম


টাঙ্গাইলে আ. লীগ নেতার স্ত্রী ও গৃহকর্মীকে মারধর করে ডাকাতি, সন্দেহভাজন আটক

টাঙ্গাইলের কালিহাতীতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডুর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে। এ সময় তার স্ত্রী ও এক গৃহকর্মীকে হাত বেঁধে মারধর করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নগরবাড়ী গ্রামের তালুকদার বাড়িতে এই ঘটনা ঘটে।

বাড়ির গৃহকর্মী জেলেমন বেওয়া জানিয়েছেন, একটি ছয়জনের দল জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। তাদের মধ্যে একজনের হাতে বন্দুক ছিল এবং অন্যদের হাতে দেশীয় অস্ত্র যেমন রামদা ও চাপাতি ছিল। তিনি আরও জানান, ডাকাতদের সবার পরনে শর্টস এবং মুখে কালো মুখোশ ছিল।

ডাকাতদল মোজহারুল ইসলাম তালুকদারের স্ত্রী নাজনীন সুলতানা রেখা ও গৃহকর্মী জেলেমনকে হাত বেঁধে মারধর করে। পরে আলমিরা ভেঙে তারা নগদ ৬ হাজার টাকা, দুটি মোবাইল ফোন, আনুমানিক দেড় ভরি স্বর্ণালংকার ও বিদেশি কম্বলসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়।

এদিকে, মঙ্গলবার সকালে ঘটনাস্থলের কাছাকাছি একই গ্রামের নগরবাড়ী সাবপোস্ট অফিসের ভেতরে সুমন মিয়া (৩০) নামের এক সন্দেহভাজনকে পাওয়া যায়। তিনি ওই গ্রামের ওমর আলী ড্রাইভারের ছেলে।

পোস্টমাস্টার আমিনুল ইসলাম জানান, সাবপোস্ট অফিসের ভেতরে সুমনকে আটক অবস্থায় পাওয়া যায়। অফিসের দরজার দুটি তালা ভাঙা এবং ভেতরের কাগজপত্র তছনছ করা ছিল। পরে পুলিশ এসে তাকে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশের পরিদর্শক গোলাম মোস্তফা বাদী হয়ে কালিহাতী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ডাকাতির শিকার বাড়ি ও সাবপোস্ট অফিস পরিদর্শন করেছেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আদিবুল ইসলাম, কালিহাতী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী, ডিবি উত্তরের ওসি এবিএম এস দোহা এবং স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

কালিহাতী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী জানিয়েছেন, আটক সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%