০৫:১৩ পি.এম
ধারদেনা করে তিল তিল করে গড়ে তোলা স্বপ্নের খামার এক রাতের মধ্যে শূন্য হয়ে গেছে। মঙ্গলবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কয়ারগাছি গ্রামের কৃষক তারিকুল ইসলামের খামার থেকে ট্রাক ব্যবহার করে ৬টি গরু চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরচক্র। জীবনযাপনের সবটুকু পুঁজি ও ঋণ পরিশোধের একমাত্র অবলম্বন হারিয়ে এখন অন্ধকার দেখছেন ওই কৃষক ও তার পরিবার।
মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খুরশিদ আলম মিঞা জানিয়েছেন, কয়ারগাছি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে তারিকুল ইসলামের গোয়ালঘরের তালা ভেঙে নিয়ে যাওয়া হয়েছে তার লালন-পালন করা ২০ লাখ টাকা মূল্যমানের ছয়টি গরু। তিনি আরো উল্লেখ করেন, এর আগে কানুহরপুর ও বিষয়খালী গ্রামে একাধিক গরু চুরি হয়েছে। সেই গ্রামের বাসিন্দারা এখন রাত জেগে গোয়ালঘর পাহারা দিচ্ছেন। এর মধ্যে কানুহরপুর গ্রামে বেতনভুক্ত নৈশপ্রহরী নিয়োগ করা হয়েছে।
প্রতিবেশী বসির উদ্দীন জানান, দিনের পর দিন হাড়ভাঙা পরিশ্রম করে তিল তিল করে গড়ে তোলা এই খামারকে কেন্দ্র করে পরিবারের সচ্ছলতা ও সুন্দর ভবিষ্যতের স্বপ্ন বোনা হয়েছিল। গরুর বিক্রির টাকা দিয়ে ব্যাংক বা মানুষের কাছ থেকে নেওয়া ঋণ পরিশোধের পাশাপাশি পরিবারের আর্থিক অবস্থার উন্নতির পরিকল্পনা ছিল তার। কিন্তু এক রাতেই সেই সমস্ত স্বপ্ন নিমিষেই ধূলিসাৎ হয়ে গেছে।
আরও পড়ুন: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহানগর বিএনপির প্রস্তুতি সভা
খামারি তারিকুল ইসলাম জানান, প্রতিদিনের মতো রাতে গোয়ালঘরে তালা দিয়ে তিনি ঘুমাতে যান। ভোরে ঘুম থেকে উঠে গোয়ালঘরের তালা ভাঙা দেখতে পান এবং ভেতরে একটি গরুও নেই। যে খামার ঘিরে ছিল বেঁচে থাকার সব আশা, তা এখন শূন্য পড়ে আছে। চোখের পানি ফেলা ছাড়া এই মুহূর্তে তার আর কিছুই করার নেই।
এলাকাবাসী সাজেদুর রহমান জানান, শুধু তারিকুলের পরিবারই নয়; গত কিছুদিন ধরে ঝিনাইদহের বিভিন্ন গ্রামে কৃষকদের গোয়ালঘরে নিয়মিত গরু চুরির ঘটনা ঘটে চলেছে। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পুলিশ এখন পর্যন্ত কোনো চোর চক্রকে পাকড়াও করতে বা চুরি যাওয়া গরু উদ্ধার করতে সক্ষম হয়নি। ফলে অপরাধীদের দৌরাত্ম্য দিনকে দিন বেড়েই চলেছে এবং স্থানীয় খামারিরা চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বুধবার বিকালে জানান, একাধিক আন্ত জেলা চোরচক্রকে গ্রেফতারের পর বেশ কিছুদিন ঝিনাইদহে গরু চুরি বন্ধ ছিল, কিন্তু আবার তা বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, কৃষক তারিকুলের চুরি হওয়া গরু উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। এ বিষয়ে পুলিশ কাজ করছে।
আরও পড়ুন: বিজলী ক্যাবলস লিমিটেডের পুরস্কার পেলেন, নারায়ণগঞ্জের রনি মল্লিক ও নবী হোসেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন