রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী প্রতিনিধি
০২:৩৩ পি.এম
পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ উদযাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদের সভা কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাইসুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওয়াহিদুর রহমান, ওসি (তদন্ত) এবাদ আলী, প্রধান শিক্ষক কিরণ চন্দ্র হালদার, শামসুর রহমান মিজান, সুব্রত রায়, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার এবং সাবেক সভাপতি এনামুল হক।
অনুষ্ঠানের শুরুতে ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ করা হয়। কোরআন তেলাওয়াত করেন স্থানীয় মাদ্রাসার সুপার মাওলানা মাহমুদুল হাসান এবং গীতা পাঠ করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সোমা সরকার। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যেখানে কবির কালজয়ী গান ও কবিতা পরিবেশন করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান।
ইউএনও মোঃ আসাদুজ্জামান বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের অসাম্প্রদায়িক চেতনা, সাম্য এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সবচেয়ে বড় অনুপ্রেরণা। কাউখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই ‘নজরুল বর্ষ’ উদযাপনের মূল লক্ষ্য হলো নতুন প্রজন্মকে কবির জীবন, দর্শন ও সাহিত্যের সাথে গভীরভাবে পরিচিত করে তোলা। বর্তমান তরুণ সমাজকে বাংলা সাহিত্যের এই মহান কবির প্রগতিশীল চিন্তাধারা এবং চেতনায় উদ্বুদ্ধ করতেই আমরা মাসব্যাপী নানা কর্মসূচির পরিকল্পনা গ্রহণ করেছি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বান্দরবানের থানচি উপজেলার লিটক্রে সীমান্ত সড়কে একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মো. দেরাজ মিঞা (৫৬) নামে এক জিপচালক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে লিটক্রে সড়কের ১১ কিলোমিটার এলাকায় এই ঘটনা ঘটে।
থানচি থানার ওসি কানন সরকার জানান, স্থানীয়দের মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে থানচি থানা পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয়দের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। ঘটনাস্থলে জিপচালক মো. দেরাজ মিঞার মৃত্যু ঘটে।
তিনি আরও জানান, আহত ৩ জন ঠিকাদার হিসেবে ১৭ ইসিবির অধীনে থানচি-লিটক্রে সড়কে কাজ করছিলেন। রবিবার তারা রেমংপাড়া ক্যাম্প থেকে স্থান পরিদর্শন শেষে থানচি সদরে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।
থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. হাসিবুল হোসেন জানিয়েছেন, হাসপাতালে আনার পর আহত ৩ জনকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
নিহত মো. দেরাজ মিঞা চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দক্ষিণ ডলুর কুল গ্রামের বাসিন্দা ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হরমুজ প্রণালীর লারাক দ্বীপে মার্কিন সামরিক হামলার তীব্র নিন্দা করেছে ইরান। একই সঙ্গে, ইরানের বিরুদ্ধে আরও আগ্রাসনের পরিণতির জন্য যুক্তরাষ্ট্র এবং হামলায় সহায়তাকারী সকল পক্ষকে দায়ী থাকতে হবে বলে সতর্ক করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার প্রকাশিত এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রবিবার সন্ধ্যায় লারাক দ্বীপের বিভিন্ন স্থানে হামলা চালায় মার্কিন বাহিনী। তেহরান দাবি করেছে, এই হামলা ইরানের জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার লঙ্ঘন করেছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, হামলায় কয়েকজন ইরানি নাগরিক ও দেশরক্ষী নিহত হয়েছেন এবং অনেকেই আহত হয়েছেন। পাশাপাশি, সরকারি ও বেসরকারি স্থাপনারও ক্ষতি হয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হামলার জবাবে এবং আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে ইরানের সশস্ত্র বাহিনী জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে। তেহরানের দাবি, এসব ঘাঁটি ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের উৎস ও সহায়তার গুরুত্বপূর্ণ কেন্দ্র।
লারাক দ্বীপে হামলাকে জাতিসংঘ সনদের ২(৪) ধারার ‘সুস্পষ্ট লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করেছে ইরান। একই সঙ্গে, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় এবং হামলাকারীকে জবাবদিহির আওতায় আনতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও মহাসচিবের দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দিয়েছে দেশটি।
পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশকারী দেশগুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের দাবি, আঞ্চলিক নৌপথে অস্থিতিশীলতার মূল কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘অবৈধ ও আগ্রাসী কর্মকাণ্ড’।
ইরানের ভাষ্য, গত ২৮ ফেব্রুয়ারি দেশটির ওপর হামলার মধ্য দিয়ে এই পরিস্থিতির শুরু এবং গত ছয় মাস ধরে তা বিভিন্নভাবে অব্যাহত রয়েছে। এর মধ্যে সামুদ্রিক অবরোধ, উসকানিমূলক তৎপরতা ও হস্তক্ষেপমূলক পদক্ষেপও রয়েছে বলে দাবি করেছে তেহরান।
বিবৃতিতে আরও বলা হয়, ইরানের সশস্ত্র বাহিনী আত্মরক্ষার অধিকার প্রয়োগে দ্বিধা করবে না এবং দেশটির বিরুদ্ধে যেকোনো সামরিক আগ্রাসনের ‘দৃঢ় ও যথাযথ’ জবাব দেওয়া হবে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, নতুন মার্কিন আগ্রাসন, ইরানের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ এবং অর্থনৈতিক যুদ্ধ অব্যাহত রাখার পরিণতি যুক্তরাষ্ট্রকে ভোগ করতে হবে। এছাড়া, এসব কর্মকাণ্ডে সহযোগিতা বা অংশগ্রহণকারী পক্ষগুলোকে সম্পূর্ণ দায় নিতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ প্রদান করছে যুক্তরাষ্ট্র, যা স্বাস্থ্যসেবা শক্তিশালী করার উদ্দেশ্যে। এই তথ্যটি জানিয়েছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
সোমবার সকালে পঞ্চগড় জেলা হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ হস্তান্তরের অনুষ্ঠানে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন এ কথা বলেন। অনুষ্ঠানে তিনি পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমানের কাছে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা বিষয়ক প্রশিক্ষণ মডেল হস্তান্তর করেন।
রাষ্ট্রদূত আরও জানান, যুক্তরাষ্ট্রের এই সহায়তার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে নবজাতকের শরীর উষ্ণ রাখার ও শ্বাসপ্রশ্বাসে সহায়তাকারী সরঞ্জাম, গুরুতর অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য থেরাপিউটিক ফুড এবং টিকার কার্যকারিতা বজায় রাখার উপকরণ।
এফএইচআই ৩৬০, ঝিপাইগো, জেএসআই ও ইউনিসেফের মাধ্যমে যুক্তরাষ্ট্রের অর্থায়নে এসব চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে বিতরণ করা হচ্ছে। দুর্গম এলাকার স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোও এই সহায়তার আওতায় অন্তর্ভুক্ত হবে।
ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, এটি বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির একটি অংশ। যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্য স্বাস্থ্য সহায়তা প্রদান অব্যাহত রেখেছে, যা মূলত সংক্রামক রোগ এবং সংক্রামক রোগ প্রতিরোধের ওপর কেন্দ্রিত। তবে মাতৃ ও শিশু স্বাস্থ্যেও কিছু সহায়তা অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, এই সহায়তা বাস্তবভিত্তিক অংশীদারিত্বের মাধ্যমে স্বাস্থ্যব্যবস্থা সুদৃঢ় করবে। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যখাতের উদ্ভাবনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ‘আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি’ বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করবে। মানসম্মত স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।
এর আগে রাষ্ট্রদূত তেঁতুলিয়া উপজেলার চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা ও মহানন্দা নদী পরিদর্শন করেন। হাসপাতাল পরিদর্শন শেষে তিনি পঞ্চগড় সার্কিট হাউজে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরের সঙ্গে মতবিনিময় করেন এবং তার আমন্ত্রণে দুপুরের খাবারে অংশ নেন।
এ সময় জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিন, পুলিশ সুপার আবু সাঈম উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২৪ লাখ ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৯ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ময়মনসিংহে ইজিবাইকচালক নাজিম উদ্দিনের হত্যা মামলায় আদালত এক আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেছে। পাশাপাশি, দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম পলাশ (২৫)। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি হলেন তোফায়েল আহমেদ নাসিম (২১) এবং শাকিল (২২)।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, ২০২৪ সালের ১৭ জানুয়ারি রাতে ময়মনসিংহ সদর উপজেলার গোপালনগর গ্রামের বাসিন্দা ইজিবাইকচালক নাজিম উদ্দিন তার ইজিবাইক চালিয়ে বাড়ির দিকে ফিরছিলেন।
রাতের বেলায় প্রচুর কুয়াশা থাকার কারণে অল্প দূরত্বের পথও দেখা যাচ্ছিল না। সেই সময় আসামিরা নাজিম উদ্দিনের পথরোধ করে তাকে হত্যা করার চেষ্টা করে এবং ইজিবাইকটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। নাজিম উদ্দিন চিৎকার করতে থাকলে গ্রামের লোকেরা সেখানে উপস্থিত হন।
ছিনতাই হওয়া ইজিবাইকটি চালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী পলাশকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
পলাশের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ অপর দুই আসামিকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় নাজিম উদ্দিনের ছোট ভাই নাসির উদ্দিন বাদী হয়ে ময়মনসিংহ কতোয়ালি থানায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষের পিপি আক্রাম হোসেন এ মামলার রায় দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন। বাদী নাসির উদ্দিনও একই দাবি করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ