০৮:০৭ পি.এম
ঢাকা, ২১ আগস্ট ২০২৬ : বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শের দ্বারপ্রান্তে রয়েছেন মুশফিকুর রহিম, ডান-হাতি। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ১৫৮ রান করলেই ৭ হাজার রানের মালিক হয়ে উঠবেন মুশফিক।
২০০৫ সালে যখন মাত্র ১৮ বছর বয়সে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তিনি টেস্ট অভিষেক করেন, এরপর থেকে তিনি আর পেছনে ফিরে তাকাননি। বাংলাদেশ ক্রিকেটে মিডল অর্ডারের মেরুদণ্ড হয়ে উঠেছেন মুশফিক।
৩৯ বছর বয়সী মুশফিক ইতোমধ্যে দেশের একমাত্র খেলোয়াড় হিসেবে ১শ টেস্ট খেলেছেন। তিনি এখন পর্যন্ত ১০৪ টেস্টের ১৯১ ইনিংসে ৩৯.০৯ গড়ে ৬৮৪২ রান করেছেন। তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারে ৩টি ডাবল-সেঞ্চুরি, ১৪ সেঞ্চুরি এবং ২৯ হাফ-সেঞ্চুরি রয়েছে।
আরও পড়ুন: ভারতের পথে যুব মহিলা লীগ নেত্রী সুলতানা বেগম আটক
মুশফিক ২০১৮ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ার সেরা ২১৯ রান করেন। ২০১৩ সালে গলে শ্রীলংকার বিপক্ষে তাঁর ক্যারিয়ারের প্রথম ডাবল-সেঞ্চুরি আসে। পরে ২০২০ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরির দেখা পান তিনি।
২০২৫ সালে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের শততম টেস্টে সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে জায়গা করে নেন মুশফিক। বাংলাদেশের প্রথম এবং বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারের শততম টেস্টে সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় নিজেকে স্থান দেন তিনি।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে তিনি ১০৬ রান করেন। পরে দ্বিতীয় ইনিংসে অনবদ্য ৫৩ রান করেন। শততম টেস্টে দুর্দান্ত সেঞ্চুরির জন্য ঐ টেস্টে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পান মুশফিক।
ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে তিনি ৩৬ রান করেন। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নামার প্রয়োজন পড়েনি তার। প্রথম টেস্ট ৯ উইকেটে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।
আরও পড়ুন: সৌদি আরবে তেলক্ষেত্রে ড্রোন হামলা প্রতিহত, দুই বিদেশির মৃত্যু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন