ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নবাগত ডিসি জাকির হোসেনের চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের ভোটকেন্দ্র পরিদর্শন


নবাগত ডিসি জাকির হোসেনের চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের ভোটকেন্দ্র পরিদর্শন

হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক (ডিসি) জাকির হোসেন চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন।

শনিবার (২১ নভেম্বর) তিনি আমু চা বাগান ও চান্দপুর চা বাগানের নির্ধারিত ভোটকেন্দ্রগুলো সরেজমিনে পরিদর্শন করেন। এই পরিদর্শনের সময় জেলা প্রশাসক ভোটকেন্দ্রগুলোর সার্বিক পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনী প্রস্তুতি গভীরভাবে পর্যবেক্ষণ করেন। তিনি সাধারণ চা শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মত বিনিময় করে তাদের উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের ব্যাপারে আশ্বস্ত করেন।

নির্বাচনী প্রস্তুতি পর্যবেক্ষণের পাশাপাশি জেলা প্রশাসক বাগান এলাকার বিদ্যালয়ের পাঠদান কার্যক্রমও পরিদর্শন করেন। শ্রেণিকক্ষে গিয়ে তিনি শিক্ষার মান, পরিবেশ এবং পাঠদানের সার্বিক পরিস্থিতি সম্পর্কে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে খোঁজখবর নেন।

আরও পড়ুন: মুগদায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অফিসার্স কোয়ার্টারের সামনে ককটেল বিস্ফোরণ

এছাড়া, পরিবেশের ভারসাম্য রক্ষায় চা বাগান এলাকায় রোপণকৃত বিভিন্ন বৃক্ষের চারা পরিদর্শন করেন এবং বনায়ন কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক মঈনুল হক, চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গালিব চৌধুরী এবং জেলা ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুগদায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অফিসার্স কোয়ার্টারের সামনে ককটেল বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৮ পি.এম


মুগদায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অফিসার্স কোয়ার্টারের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মুগদায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অফিসার্স কোয়ার্টারের ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের সময় কোয়ার্টারের গেটের পাশে প্রধান সড়কে এই বিস্ফোরণটি ঘটে। মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি উল্লেখ করেন, সন্ধ্যার সময় বিপিডিবি অফিসার্স কোয়ার্টারের গেটের কাছে একটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।

পুলিশ খবর পাওয়ার পর ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। ওসি জানান, এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০২৫ সালের সশস্ত্র বাহিনী দিবস ছিল আমার মায়ের শেষ অনুষ্ঠান: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৫ পি.এম


২০২৫ সালের সশস্ত্র বাহিনী দিবস ছিল আমার মায়ের শেষ অনুষ্ঠান: প্রধানমন্ত্রী

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমান আবেগের সঙ্গে প্রয়াত মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করেছেন।

প্রধানমন্ত্রী জানান, ২০২৫ সালের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানটি ছিল তাঁর মায়ের জীবনের শেষ অনুষ্ঠান, যা তিনি মায়ের সঙ্গে স্মৃতিবিজড়িত মুহূর্ত হিসেবে উল্লেখ করেন।

আজ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় আবেগঘন কণ্ঠে প্রধানমন্ত্রী তারেক রহমান মায়ের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান।

তিনি বলেন, ‘আজকের এই অনুষ্ঠানে সঙ্গত কারণে আমি ব্যক্তিগতভাবে কিছুটা স্মৃতিকাতর। আপনাদের হয়তো অনেকেরই জানা আছে, আমার মা, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এই ক্যান্টনমেন্টেই তাঁর জীবনের প্রায় সবগুলো বছর কাটিয়েছিলেন।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘ ঘটনাবহুল রাজনৈতিক জীবনে খালেদা জিয়া কখনো প্রধানমন্ত্রী, কখনো জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী হিসেবে বহুবার সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে স্বগৌরবে অংশ নিয়েছেন। তবে ২০২৫ সালের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানটিই ছিল তাঁর জীবনের সর্বশেষ অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে এসে বারবার সেই স্মৃতির কথাই মনে পড়ছে।’

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৭৫ এর ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐক্যবদ্ধ বিপ্লব এবং চব্বিশের ৫ আগস্টের ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানসহ প্রতিটি গুরুত্বপূর্ণ সময়ে সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের পক্ষে যুগান্তকারী ভূমিকা পালন করেছে। ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে যেভাবে দেশের স্বাধীনতা অর্জন করেছেন, একইভাবে ২০২৪ সালে দেশের বীর ছাত্র-জনতা রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষা করেছেন।

তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে আমাদের দু’টি প্রধান দায়িত্ব রয়েছে। প্রথম ও প্রধান দায়িত্ব হচ্ছে— যেকোনো মূল্যে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা। দ্বিতীয়টি হচ্ছে শহীদদের কাক্সিক্ষত একটি নিরাপদ, স্বনির্ভর, গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করা।

সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই সশস্ত্র বাহিনীর যাত্রা শুরু হয়েছে। ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ ও পাল্টা আক্রমণ গড়ে তোলে। সেই থেকে দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হামলা শুরু হলে চট্টগ্রামে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তৎকালীন উপ-অধিনায়ক মেজর জিয়াউর রহমান ‘উই রিভোল্ট’ ঘোষণা করে সশস্ত্র প্রতিরোধে ঝাঁপিয়ে পড়েন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিজের লেখা বিভিন্ন নিবন্ধের উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ২৬ মার্চ রাত ২টা ১৫ মিনিটে তিনি সেনাবাহিনীর কর্মকর্তা, জেসিও ও সৈনিকদের সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হওয়ার নির্দেশ দেন। পরদিন ২৭ মার্চ তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পুনরায় প্রচার করেন।

প্রধানমন্ত্রী বলেন, একটি দেশের সশস্ত্র বাহিনী তার স্বাধীনতা, সার্বভৌমত্ব, সম্মান, গৌরব, সাহস ও শৌর্যের প্রতীক। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে বিভিন্ন সময়ে সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি বিনষ্ট এবং দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার গভীর ষড়যন্ত্র হয়েছে।

তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতা ঐক্যবদ্ধভাবে দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা রুখে দিয়েছিল। কিন্তু ষড়যন্ত্রকারীরা থেমে থাকেনি। ২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে নির্বিচারে সেনা হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছিল। ওই হত্যাযজ্ঞের পর বাংলাদেশকে যে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছিল, তা দেশবাসীর জানা।

সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক, শক্তিশালী ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রকে নিরাপদ ও শক্তিশালী করতে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করার পাশাপাশি সরকার সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে।

তিনি বলেন, তিন বাহিনীর পৃথক সক্ষমতা তখনই পূর্ণতা পায়, যখন তা একটি সমন্বিত জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হয়ে ওঠে। এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে নতুন প্ল্যানিং গাইডেন্স প্রণয়ন করেছে।

বর্তমান বিশ্বের নিরাপত্তা কৌশল প্রথাগত সামরিক সীমা ছাড়িয়ে বহুমাত্রিক, প্রযুক্তিনির্ভর ও সমন্বিত কাঠামোয় রূপ নিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ এবং মহাকাশভিত্তিক নজরদারির প্রয়োজনীয় সক্ষমতা অর্জন সরকারের পরিকল্পনার অংশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না’: এনামুল হক এনাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৫ পি.এম


‘নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না’: এনামুল হক এনাম

দেশের জানমাল রক্ষায় সরকার যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে উল্লেখ করে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক এনাম বলেছেন, "আগুন-সন্ত্রাস, অবৈধ মিছিল-মিটিং কিংবা জনগণের মধ্যে ভীতি ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।" আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিএনপির নেতাকর্মীদেরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি।

শনিবার (২১ নভেম্বর) রাতে চট্টগ্রামের পটিয়া উপজেলার পিঙ্গলা মঙ্গলা-বৈদ্য বিহারে আয়োজিত দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সংসদ সদস্য এনাম বলেন, "সরকারের দায়িত্ব জনগণের জানমাল রক্ষা করা। কখন পুলিশ আসবে, কখন সেনাবাহিনী আসবে, কখন বিজিবি আসবে সেই অপেক্ষায় আমরা বসে থাকতে পারব না।" নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি, "কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হলে তাকে বাড়ি থেকে ধরে এনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করতে হবে। এটা মগের মুল্লুক নয়, যে যার ইচ্ছামতো সন্ত্রাস করবে।"

এনাম বলেন, "বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার। এই সরকারের শক্তি কোনো বিশেষ গোষ্ঠী নয়, এ দেশের জনগণ।" জনগণের ম্যান্ডেট নিয়েই সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। "পাঁচ বছর পর জনগণই সরকারের কর্মকাণ্ডের মূল্যায়ন করবে।" তাই তিনি সকলকে শান্ত থাকার আহ্বান জানান, "কোনো ধরনের ভয়ভীতি, উসকানি কিংবা ষড়যন্ত্রে পা না দিয়ে।"

পটিয়ায় রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা না দেওয়ার প্রসঙ্গ তুলে এই সংসদ সদস্য বলেন, "পটিয়ায় কোনো আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে একটি মামলাও করিনি।" সাধারণ আওয়ামী লীগ সমর্থকদের তিনি হয়রানি করতে চান না। তবে, "কেউ যদি অন্যায় করে, জনগণকে ভয়ভীতি দেখায় কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ায়, তাহলে তাকে ছাড় দেওয়া হবে না।"

তিনি আরো বলেন, "গত ১৭ বছর মানুষ স্বাধীনভাবে সরকারের সমালোচনা করতে পারেনি।" অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক পরিস্থিতি ও আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ড নিয়ে জনগণের সামনে নতুন করে অনেক বিষয় স্পষ্ট হয়েছে। "থানা, হাসপাতাল, বাড়িঘর ও রাজনৈতিক নেতাদের বাসভবনে অগ্নিসংযোগ এবং হত্যাকাণ্ডের মধ্য দিয়ে দলটির সন্ত্রাসী চরিত্র প্রকাশ পেয়েছে।"

এ সময় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে অন্তর্বর্তীকালীন সরকারের একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন তিনি। এনাম বলেন, "অপরাধ, অগ্নিসন্ত্রাস ও সহিংসতা বন্ধ না হলে দেশের শান্তি ও উন্নয়ন বাধাগ্রস্ত হবে।"

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ টেনে এনামুল হক এনাম বলেন, "জনগণকে অতীতের রাজনৈতিক কর্মকাণ্ড ও হত্যাকাণ্ডের বিষয়গুলো বুঝতে হবে।" সরকার প্রতিশোধের রাজনীতি না করে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি কর্মবীর ভদন্ত আর্যকীর্তি মহাথের সভাপতিত্বে এতে আশীর্বাদক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপদেষ্টা ভদন্ত বজিরানন্দ মহাথের। উদ্বোধন করেন পিঙ্গলা মঙ্গলা-বৈদ্য বিহারের অধ্যক্ষ ভদন্ত সিদ্ধার্থ বংশ থের। মুখ্য আলোচক ছিলেন পিঙ্গলা সার্বজনীন বিহারের অধ্যক্ষ শাসনপ্রিয় মহাথের।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পীযুষ বড়ুয়া। যৌথভাবে সঞ্চালনা করেন কুনাল চৌধুরী, রাসেল বড়ুয়া ও সুজন বড়ুয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে ডাকাতির অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ২ গ্রেফতার, উদ্ধার পিস্তল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৬ পি.এম


গাজীপুরে ডাকাতির অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ২ গ্রেফতার, উদ্ধার পিস্তল

গাজীপুরের শ্রীপুরে ডাকাতির অভিযোগে নিষিদ্ধঘোষিত জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল এবং একটি খালি ম্যাগাজিন।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. হাসমত উল্লাহ জানিয়েছেন, গত ৯ অক্টোবর সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুর থানাধীন গোসিঙ্গা ইউনিয়নের কর্ণপুর এলাকায় নরসিংদী-মাওনাগামী আঞ্চলিক মহাসড়কে বিকাশের টাকা ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত বৃহস্পতিবার নিষিদ্ধঘোষিত জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান শেখকে (২৪) গ্রেফতার করে গাজীপুর জেলা ডিবি পুলিশের একটি দল। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার গিয়াসনগর এলাকা থেকে তাকে আটক করা হয়।

একই দলের সদস্যরা গত শুক্রবার (২০ নভেম্বর) অপর এক অভিযানে শ্রীপুর থানার কেওয়া পশ্চিম খণ্ডের চন্নাপাড়া আশ্রয়ণ প্রকল্পে অভিযান চালায়। এ সময় বিকাশের টাকা ডাকাতির ঘটনায় ব্যবহৃত বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিনসহ মো. রবিন আহম্মেদকে (২২) গ্রেফতার করা হয়।

ওসি আরও জানান, গ্রেফতার হওয়া ছাত্রলীগ নেতা ইমরান শেখের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, মাদক, মারামারি ও ডাকাতির ঘটনায় মোট সাতটি মামলা রয়েছে। অপর আসামি রবিন আহম্মেদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদকসংক্রান্ত তিনটি মামলা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%