ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বরিশালে নানকের বাসভবনে আগুন, দুই মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে মুখোশধারীদের বিক্ষোভ


বরিশালে নানকের বাসভবনে আগুন, দুই মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে মুখোশধারীদের বিক্ষোভ

বরিশাল নগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের বাসভবনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে নগরীর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। একই সময়ে বরিশাল-ঢাকা ও বরিশাল-খুলনা মহাসড়কের পৃথক স্থানে গাছের গুঁড়ি ফেলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিলের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় নগরী ও আশপাশের এলাকায় উত্তেজনা এবং নিরাপত্তা তৎপরতা দেখা যায়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, ভোররাতে ছাত্রদলের নেতাকর্মীরা জাহাঙ্গীর কবির নানকের বাসভবনে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে বাড়িটির কয়েকটি জানালা ক্ষতিগ্রস্ত হয়। পরে বাসভবনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে আগুনে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

অন্যদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার রাতে বরিশালের দুটি মহাসড়কে বিক্ষোভ মিছিল ও সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনা ঘটে বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুন: মালয়েশিয়ায় পাচারকালে লাবণী পয়েন্টে ট্রলার থেকে ২৮ জন উদ্ধার

বরিশাল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর সৈয়দ শামসুদ্দোহা আবিদ তাঁর ফেসবুক পেজে এ-সংক্রান্ত দুটি ভিডিও প্রকাশ করেন। তাঁর দাবি, বরিশাল-ঢাকা ও বরিশাল-খুলনা মহাসড়কে পৃথকভাবে এসব বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মুখোশ পরা কয়েকজন ব্যক্তি মহাসড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে আগুন জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। এ সময় তাঁদের বিক্ষোভ প্রদর্শন এবং বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। স্লোগানে ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফিরে আসার বিষয়টিও উঠে আসে।

ভিডিও দুটির স্থায়িত্ব যথাক্রমে ৩৯ ও ৫৬ সেকেন্ড। ভিডিওর সূত্র ধরে নগরের গড়িয়ার পাড় এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, ভোররাতের দিকে মহাসড়কে অল্প সময়ের জন্য মিছিলের শব্দ শোনা গেলেও পরিস্থিতি দীর্ঘস্থায়ী হয়নি।

এদিকে, সম্ভাব্য নাশকতা ও সহিংসতা এড়াতে রাতভর বরিশাল নগরী এবং আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সঙ্গে স্থানীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিতে দেখা যায়। তাঁদের কয়েক দফা মহড়াও দিতে দেখা গেছে।

আরও পড়ুন: সুনামগঞ্জের সেলবরস ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন

ঘটনাগুলো নিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, বিএমপির আওতাধীন মহাসড়কের কোনো অংশে এ ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টির বিষয়ে তাঁদের কাছে তাৎক্ষণিক কোনো তথ্য ছিল না।

একই রাতে বাসভবনে অগ্নিসংযোগ এবং মহাসড়কে বিক্ষোভের ঘটনায় নগরীর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় ও ঘটনার প্রকৃত কারণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ আগামী ৩ বছরে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৪০ পি.এম


বাংলাদেশ আগামী ৩ বছরে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, বাংলাদেশ আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরিকল্পনা করছে।

তিনি বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রী মন্তব্য করেন, "বিজ্ঞান এবং প্রযুক্তি থেকে পিছিয়ে পড়া মানেই নিজেকে এবং দেশকে পিছিয়ে রাখা।" তিনি বলেন, প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করে অন্যের ওপর নির্ভরশীলতা কমিয়ে নিজেদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে আরও উন্নত করতে হবে।

শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে নতুন কিছু ভাবতে হবে।

এসময় প্রধানমন্ত্রী সরকারের পক্ষ থেকে উদ্ভাবনী শক্তি যাতে সহায়তার অভাবে হারিয়ে না যায়, সে বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।

তিনি আরও জানান, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার মধ্যে এভিয়েশন হাব তৈরির লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ শুরু করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডলারের বিপরীতে দুর্বল ইউরো-পাউন্ড, অপরিবর্তিত ইয়েন-রুপি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৪০ পি.এম


ডলারের বিপরীতে দুর্বল ইউরো-পাউন্ড, অপরিবর্তিত ইয়েন-রুপি

সুদহার নিয়ে ফেডারেল রিজার্ভের কঠোর অবস্থানের ইঙ্গিতের কারণে ২০২৫ সালের এপ্রিলের পর সর্বোচ্চ অবস্থানের কাছাকাছি অবস্থান করছে মার্কিন ডলার। অন্যদিকে, ইউরো ও কানাডীয় ডলার ১৯ মাসের সর্বনিম্নের কাছাকাছি রয়েছে। জাপানি ইয়েন ও ভারতীয় রুপি অপরিবর্তিত অবস্থায় রয়েছে। সুদহার বৃদ্ধির সম্ভাবনার কারণে বিট্রিশ পাউন্ড এক মাসের সর্বনিম্নে পৌঁছেছে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের একজন কর্মকর্তার সুদহার নিয়ে কঠোর অবস্থানের ইঙ্গিতপূর্ণ মন্তব্যের ফলস্বরূপ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মার্কিন ডলার ১৯ মাসের সর্বোচ্চ অবস্থানের কাছাকাছি অবস্থান করছে। এশিয়ার বাজারে লেনদেনের সূচনা সময়ে ডলার সূচক ১০৩ দশমিক ৮১ পয়েন্টে অবস্থান করছে।

ডলারের শক্তিশালী অবস্থানের কারণে ইউরোর দর চাপের মুখে রয়েছে। মুদ্রাটির মান ২০২৫ সালের এপ্রিলের পর সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে। বর্তমানে প্রতি ইউরোর বিনিময় হার ১ ডলার ৯ সেন্ট। যুক্তরাজ্যের অক্টোবরের মূল্যস্ফীতির হার অপরিবর্তিত থাকায় ব্যাংক অব ইংল্যান্ডের সুদহার বৃদ্ধির সম্ভাবনায় ব্রিটিশ পাউন্ড এক মাসের সর্বনিম্নে পৌঁছেছে। বর্তমানে মুদ্রাটির দর ১ ডলার ৩১ সেন্টে রয়েছে।

ডলারের শক্তিশালী অবস্থানের কারণে কানাডীয় ডলার ১৯ মাসের সর্বনিম্নে নেমে এসেছে। বর্তমানে প্রতি ডলারের বিনিময় হার ১ দশমিক ৪৩ কানাডীয় ডলার।

যদিও ডলারের দর বৃদ্ধি পাচ্ছে, ভারতীয় রুপি প্রায় অপরিবর্তিত অবস্থায় রয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের ধারাবাহিক পুঁজিবাজারমুখী বিনিয়োগ রুপির দরপতন রোধে সহায়তা করেছে। বর্তমানে বিনিময় হার ৯৩ দশমিক ৪৪ রুপি। জাপানি মুদ্রা ইয়েনের দরও প্রায় অপরিবর্তিত রয়েছে। এক ডলারের বিনিময় হার ১৫৯ দশমিক ৫০ ইয়েন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়ায় ভূমিধসে বাংলাদেশি নির্মাণশ্রমিক নিহত, উদ্ধার হয়েছে আরও চারজন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৪১ পি.এম


মালয়েশিয়ায় ভূমিধসে বাংলাদেশি নির্মাণশ্রমিক নিহত, উদ্ধার হয়েছে আরও চারজন

মালয়েশিয়ার ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের নিকটবর্তী এলাকায় ভূমিধসের একটি ঘটনা ঘটে, যেখানে এক বাংলাদেশি নির্মাণশ্রমিক মাটির নিচে চাপা পড়ে নিহত হন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ২টা ৩০ মিনিটের সময় এই দুর্ঘটনাটি ঘটে, এবং ৪১ বছর বয়সী ওই বাংলাদেশী শ্রমিক ঘটনাস্থলেই প্রাণ হারান।

সেন্টুল জেলা পুলিশের প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার আনোয়ার বাকরি আব্দুল সালাম জানিয়েছেন, হেল্পলাইনের মাধ্যমে সেন্টুল জেলা পুলিশ সদর দফতরে খবর পাওয়ার পর, জিনজ্যাং ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের সহযোগিতায় উদ্ধার কার্যক্রম শুরু হয়। উদ্ধারকারী দল মাটির স্তূপের নিচ থেকে ওই শ্রমিককে উদ্ধার করে, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মধ্যরাতে দেওয়া এক বিবৃতিতে পুলিশ প্রধান আরও জানান, উদ্ধার অভিযানে আরও চারজন বাংলাদেশি শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন মাথায় আঘাত পেয়েছেন, তবে চিকিৎসা নেওয়ার পর বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থায় আছেন। বাকি তিনজন শ্রমিক অক্ষত রয়েছেন।

নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং নিয়ন্ত্রণে নেওয়ার পর সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

কমিশনার আনোয়ার জানান, ভূমিধসের প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য তদন্ত চলছে। পাশাপাশি, জনসাধারণকে ঘটনাস্থলের আশপাশে না যাওয়ার এবং আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে চলার জন্য আহ্বান জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রুশ গণমাধ্যমের দাবি, পুতিনের ব্রিফকেসে রয়েছে পারমাণবিক কোড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৪২ পি.এম


রুশ গণমাধ্যমের দাবি, পুতিনের ব্রিফকেসে রয়েছে পারমাণবিক কোড

এপেক শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতাদের উপস্থিতির মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন সহযোগীর হাতে থাকা একটি বিশেষ ব্রিফকেস সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। রুশ রাষ্ট্রীয় গণমাধ্যমের সূত্রে জানা গেছে, ব্রিফকেসটিতে রাশিয়ার পারমাণবিক কোড রয়েছে। চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মতো তিনটি পারমাণবিক শক্তিধর দেশের শীর্ষ নেতাদের ত্রিপক্ষীয় বৈঠকের পূর্বে এই প্রকাশ্য প্রদর্শনকে তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সম্মেলন ও ত্রিপক্ষীয় বৈঠকের ঠিক আগমুহূর্তে রাশিয়া তাদের সামরিক ও পারমাণবিক সক্ষমতার আরও কিছু ইঙ্গিত প্রকাশ করেছে। এ সপ্তাহের শুরুতে জাপান দাবি করে যে, দুটি সন্দেহভাজন রুশ বিমান তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। একই সময়ে, তাইওয়ান জানায়, দুটি রুশ সামরিক বিমান তাদের আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে প্রবেশ করেছে।

তাইওয়ানের কাছে ওই ঘটনার কয়েক ঘণ্টা পর স্যাটেলাইট চিত্রে ভিয়েতনামের দা নাং বিমানবন্দরে দুটি রুশ টিইউ-৯৫ ‘বেয়ার’ কৌশলগত বোমারু বিমান দেখা যায়, যেগুলো পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। ওই বোমারু বিমানগুলোর সঙ্গে দুটি রুশ আইএল-৭৬ সামরিক পরিবহন বিমানও ছিল। সক্রিয় যুদ্ধক্ষেত্র থেকে দূরে এ অঞ্চলে রাশিয়ার এমন উপস্থিতিকে বিরল শক্তি প্রদর্শন হিসেবে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের প্রেসিডেন্ট শি চিননপিং এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে বসার পরিকল্পনা রয়েছে পুতিনের। বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধে প্রত্যাশিত দ্রুত সাফল্য না পাওয়ায় রুশ সেনাবাহিনীর সীমাবদ্ধতা প্রকাশ্যে এসেছে এবং দেশের অর্থনীতিও চাপে পড়েছে; ফলে কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে পুতিন তুলনামূলক দুর্বল অবস্থানে রয়েছেন।

এমন পরিস্থিতিতে কথিত পারমাণবিক ব্রিফকেসের উপস্থিতি, আকাশে সামরিক তৎপরতা এবং ঘনিষ্ঠ মিত্র ভিয়েতনামের বিমানবন্দরে পারমাণবিক সক্ষমতাসম্পন্ন বোমারু বিমানের অবস্থানকে কৌশলগত শক্তি প্রদর্শনের পদক্ষেপ হিসেবেই দেখছেন পর্যবেক্ষকরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%