০৪:২২ পি.এম
ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রভাব এবার তেহরানের একটি সাধারণ বাদাম ও মিষ্টির দোকানে পড়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে চেহারাগত অদ্ভুত মিল থাকার কারণে এই ইরানি ব্যবসায়ী সামাজিক যোগাযোগমাধ্যমে রাতারাতি ভাইরাল হয়ে উঠেছেন। তবে এই আকস্মিক জনপ্রিয়তা তার জন্য হাসির খোরাক নিয়ে এসেছে, পাশাপাশি ব্যবসা বয়কটের হুমকিও ডেকে এনেছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ৯ সেকেন্ডের একটি ছোট ভিডিওতে দেখা যায়, তেহরানের ওই ব্যবসায়ী তার মিষ্টি ও শুকনো ফলের দোকানে ওজন মাপার স্কেলের পেছনে স্বাভাবিক ভঙ্গিতে বসে আছেন। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দেয়।
আলবেনীয় সংবাদমাধ্যম গাজেটা প্যানোরামা জানায়, প্রথমে বিষয়টি নিয়ে বেশ কৌতুক ও ট্রোল শুরু হয়। অনেকেই ওই ব্যবসায়ীর দোকানের ঠিকানা খুঁজে বের করার চেষ্টা করেন এবং রসিকতা করে জানান যে তারা ‘ইরানি নেতানিয়াহু’র দোকান থেকেই কেনাকাটা করতে চান। কিন্তু মধ্যপ্রাচ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিষয়টি কেবল রসিকতার মধ্যে সীমাবদ্ধ থাকেনি।
আরও পড়ুন: বিদায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহু কঠিন চাপের মুখে
নেতানিয়াহুর চেহারার সঙ্গে চেহারার মিল থাকার ‘অপরাধে’ অনেক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী ক্ষিপ্ত হয়ে ওই ব্যবসায়ীর দোকান বয়কট করার ডাক দিয়েছেন। মধ্যপ্রাচ্যের বর্তমান রাজনৈতিক অস্থিরতার কারণে তৈরি হওয়া ক্ষোভের বলি হয়ে, স্রেফ চেহারার মিল থাকার কারণে এখন নিজের ব্যবসা রক্ষা করতে হিমশিম খেতে হচ্ছে তেহরানের এই নিরপরাধ দোকানদারকে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন