সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
১২:৫৯ পি.এম
কুমিল্লায় জেলা পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে ৬৪ সদস্যসহ মোট ৩২৫ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের অঙ্গ সংগঠনের সদস্য রয়েছেন। গত ৪৮ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়।
সোমবার (২৩ নভেম্বর) অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়, যা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এবং অপরাধ দমনের উদ্দেশ্যে করা হয়েছে। অভিযানে কিশোর গ্যাং, মাদক কারবারি, ছিনতাইকারী এবং নিষিদ্ধ সংগঠনের নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
আটককৃতদের বিরুদ্ধে অভিযোগ ও অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই করার পর ২৩০ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরদিকে, অপরাধে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় ৯৫ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
অভিযান সম্পর্কে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, অপরাধ দমনের পাশাপাশি সাধারণ মানুষ যাতে কোনোভাবে হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। নিরপরাধ ব্যক্তিদের অযাচিত ভোগান্তি থেকে রক্ষা করতে মাঠপর্যায়ে কঠোর তদারকি এবং প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, কিশোর গ্যাং, মাদক, ছিনতাইসহ সব ধরনের অপরাধ নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করার জন্য জেলা পুলিশের এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পূর্বে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কোনো বাধা নেই। ৩১ ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা স্থগিত করার জন্য হাইকোর্টের দেওয়া আদেশ আপিল বিভাগ স্থগিত করেছেন।
সোমবার (২৩ নভেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ এই আদেশ প্রদান করেন।
আইনজীবীরা জানিয়েছেন, এর ফলে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে বাধা নেই।
এর আগে ১৮ নভেম্বর হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে, এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। রাষ্ট্রপক্ষ ১৯ নভেম্বর চেম্বার আদালতে এই আদেশ স্থগিত করার আবেদন করলে তা প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়।
৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে একটি সভা করে ইউজিসি জানিয়েছিল, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম আগামী জানুয়ারি থেকে শুরু হবে। তবে ১৮ নভেম্বর অনুষ্ঠিত সভায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে ৯ নভেম্বরের সিদ্ধান্তটি বাতিল করে সংস্থাটি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে ঘুরে গেছেন দেশটিতে পালিয়ে থাকা আওয়ামী লীগের চার শীর্ষ নেতা। হিন্দুস্তান টাইমসের তথ্য অনুযায়ী, রোববার (২২ নভেম্বর) উত্তর ২৪ পরগনার বনগাঁয় পেট্রাপোল স্থলবন্দরের ইমিগ্রেশন সেন্টারে তারা প্রায় দুই ঘণ্টা অবস্থান করেন।
কিন্তু সেখানে আলোচনা বিষয়ক আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি। গণমাধ্যমটি জানাচ্ছে, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনার আগে আওয়ামী লীগের এটি একটি মহড়া।
প্রতিবেদন অনুসারে, রোববার দুপুরে একটি সাদা গাড়িতে করে পেট্রাপোল ইমিগ্রেশন সেন্টারে পৌঁছান আওয়ামী লীগের নেতারা। তাদের মধ্যে ছিলেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক এ এফ এম বাহাউদ্দিন নাছিম এবং সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। প্রায় দুই ঘণ্টা অবস্থানের পর তারা কলকাতার উদ্দেশে রওনা হন।
ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইন বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ক্ষেত্রে আওয়ামী লীগের নেতারা শুধুমাত্র একটি সীমান্তপথের ওপর নির্ভর করতে চাইছেন না। বিকল্প পথের সম্ভাবনাও তারা খতিয়ে দেখছেন। এ কারণে পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তের পাশাপাশি ত্রিপুরার আগরতলা সীমান্ত এলাকাও তাদের পর্যবেক্ষণের পরিকল্পনায় রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আগামী মঙ্গলবার তাদের ত্রিপুরা সীমান্তে যাওয়ার কথা রয়েছে। পরদিন আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত যাতায়াতের পথ ও সীমান্তবর্তী এলাকা পরিদর্শনের পরিকল্পনা রয়েছে। এদিকে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে।
শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য পথ খতিয়ে দেখতেই নেতারা সীমান্তে গিয়েছিলেন কিনা, সে বিষয়ে আলোচনা চলছে। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাবনা নিয়ে আওয়ামী লীগের একটি অংশে আলোচনা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে ইমিগ্রেশন সেন্টারে আলোচনা বিষয়ক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি ভারতীয় অভিবাসন দপ্তর, সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কিংবা পেট্রাপোল থানার পক্ষ থেকে।
এদিকে একই সময়ে পেট্রাপোল এলাকায় বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে মিছিল করেছে হিন্দু সুরক্ষা সমিতি। এতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার ও রাজ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া। মিছিল থেকে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তি দাবি করা হয়।
এ সময় বিজেপি বিধায়ক স্বপন মজুমদার মন্তব্য করেন, কলকাতা থেকে যশোর রোড হয়ে বনগাঁ ও পেট্রাপোল সীমান্ত দিয়ে শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করতে পারেন। একই দিনে আওয়ামী লীগ নেতাদের সীমান্ত পরিদর্শন এবং বিজেপি নেতার মন্তব্য ঘটনাটিকে ঘিরে রাজনৈতিক আলোচনা আরও বাড়িয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঝালকাঠির রাজাপুরে আজ ২৩ নভেম্বর পালিত হচ্ছে পাক হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনটি বরিশাল অঞ্চলের প্রথম থানার মুক্তির দিন হিসেবে চিহ্নিত হয়। মুক্তিযোদ্ধাদের দীর্ঘ সম্মুখযুদ্ধের পর পাক পুলিশ ও রাজাকাররা আত্মসমর্পণ করলে রাজাপুরের আকাশে স্বাধীন বাংলাদেশের পতাকা উড়ে।
মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে ১৪ নভেম্বরের পর রাজাপুরে যুদ্ধের তীব্রতা বৃদ্ধি পায়। স্থানীয় দোসরদের সহযোগিতায় পাক হানাদার বাহিনী সাধারণ মানুষকে ধরে এনে বধ্যভূমিসংলগ্ন থানার ঘাটে বেঁধে গুলি করে হত্যা করত। পরে মরদেহগুলো খালে ফেলে দেওয়া হতো। সেই সময় কালাম আজাদকে জাঙ্গালিয়া নদীর পাড়ে গর্ত করে জীবন্ত মাটিচাপা দেয়া হয়েছিল হানাদার বাহিনীর দ্বারা।
২২ নভেম্বর রাতে মুক্তিযোদ্ধারা রাজাপুর থানায় আক্রমণের পরিকল্পনা করেন। তৎকালীন থানা কমান্ডার মো. কেরামত আলী আজাদের নেতৃত্বে প্রায় ৩০০ মুক্তিযোদ্ধা চারদিক থেকে থানাকে ঘিরে আক্রমণ শুরু করেন। এই আক্রমণের ফলে তুমুল সম্মুখযুদ্ধ শুরু হয়। পরদিন সকাল পর্যন্ত চলা এই লড়াইয়ে ৯ নম্বর সেক্টরের বরিশাল সাবসেক্টর কমান্ডার ক্যাপ্টেন শাহজাহান ওমর মুক্তিযোদ্ধাদের সঙ্গে যোগ দেন। প্রায় পাঁচ ঘণ্টার যুদ্ধ শেষে পাক পুলিশ ও রাজাকাররা আত্মসমর্পণ করে এবং রাজাপুর মুক্ত হয়।
এই যুদ্ধে আব্দুর রাজ্জাক ও মো. হোছন আলী নামে দুই মুক্তিযোদ্ধা শহীদ হন। ক্যাপ্টেন শাহজাহান ওমরসহ অন্তত ১০ জন মুক্তিযোদ্ধা আহত হন। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য স্বাধীনতার পর ক্যাপ্টেন শাহজাহান ওমরকে ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত করা হয়।
মুক্তিযুদ্ধের সময় দেশকে ১১টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল। রাজাপুর ছিল ৯ নম্বর সেক্টরের বরিশাল সাবসেক্টরের অধীনে। কানুদাসকাঠিতে সাবসেক্টর কমান্ডার ক্যাপ্টেন শাহজাহান ওমরের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের একটি ঘাঁটি গড়ে তোলা হয়েছিল।
সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহ-আলম নান্নু জানান, ২২ নভেম্বর রাত ৪টার দিকে মুক্তিযোদ্ধারা একযোগে চারদিক থেকে রাজাপুর থানায় আক্রমণ করেন। প্রায় পাঁচ ঘণ্টার যুদ্ধের পর পাক পুলিশ ও রাজাকাররা আত্মসমর্পণ করে। এই যুদ্ধে প্রায় ৩০০ মুক্তিযোদ্ধা অংশ নেন। দুই মুক্তিযোদ্ধা শহীদ হন এবং ক্যাপ্টেন শাহজাহান ওমরসহ অন্তত ১০ জন আহত হন। ওই দিন রাজাপুরের আকাশে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উড়ে।
পাক হানাদার বাহিনীর হাতে থানার ঘাটে নিহতদের স্মরণে সেখানে নির্মাণ করা হয়েছে একটি স্মৃতিস্তম্ভ। প্রতি বছর ২৩ নভেম্বর রাজাপুরে নানা আয়োজনে পাক হানাদারমুক্ত দিবস স্মরণ করা হয়। দিবসটি পালন করে রাজাপুর প্রেসক্লাব। এ বছরও প্রেসক্লাবের উদ্যোগে উপজেলার উত্তর উত্তমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানা গেছে।
মুক্তিযুদ্ধের গৌরব, বীরত্ব আর আত্মত্যাগের স্মৃতিবিজড়িত ২৩ নভেম্বর রাজাপুরের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের অরুণাচল প্রদেশের সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ার আশঙ্কার মধ্যে সংঘাত এড়াতে ভারত ও চীনের শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তারা টানা প্রায় ১০ দিন ধরে আলোচনা করেছেন। এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল শীতের মৌসুম শুরু হওয়ার আগে সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখা এবং দুই দেশের সেনাদের মধ্যে সম্ভাব্য মুখোমুখি অবস্থান প্রতিরোধ করা।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গত ৮ নভেম্বর থেকে প্রায় ১০ দিন ধরে এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ভারতের পক্ষ থেকে সেনাবাহিনীর তৃতীয় কোরের জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল গিরিশ কালিয়া বৈঠকে নেতৃত্ব দেন। চীনের পক্ষ থেকেও শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও এই আলোচনা অংশগ্রহণ করেন।
গত মাসে অরুণাচল সীমান্তে ভারত ও চীনের মধ্যে নতুন উত্তেজনার বিষয়টি প্রকাশ্যে আসে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ সম্মেলনে উল্লেখ করেন, চীন তাদের প্রচলিত টহলদারির নিয়ম পরিবর্তন করায় প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় ও চীনা সেনাদের মধ্যে মুখোমুখি হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে।
টাকসিং ও আসাফিলাসহ অরুণাচল প্রদেশের বিভিন্ন অঞ্চলে টহলদারি এবং নিজেদের দাবিকৃত এলাকা নিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েনের প্রেক্ষাপটে সাম্প্রতিক এই আলোচনা বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
এর আগে, গত ৬ ও ৭ সেপ্টেম্বর অরুণাচল প্রদেশের কিবিথু এলাকার ওয়াচা-দামাই সীমান্ত বৈঠককেন্দ্রে পূর্বাঞ্চলীয় সীমান্ত নিয়ে প্রথম কোর কমান্ডার পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
সংশ্লিষ্ট সূত্রের মতে, সীমান্তে টহল দেওয়ার সময় ভুল বোঝাবুঝি এড়ানো, দুই বাহিনীর মধ্যে যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধি এবং শীতের মৌসুমে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পেয়েছে।
ভারতের অবস্থান হলো, সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য অত্যন্ত জরুরি। চীনের টহলদারির নিয়ম পরিবর্তনের কারণে সীমান্তে যে পরিস্থিতির অবনতি ঘটেছে, সে বিষয়েও ভারত উদ্বেগ প্রকাশ করেছে। তবে চীনের পক্ষ থেকে বৈঠকে কী অবস্থান জানানো হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, আলোচনা ইতিবাচক হয়েছে। তবে এই ইতিবাচক ফল মাঠপর্যায়ে সীমান্ত পরিস্থিতির কতটা উন্নতি ঘটাতে পারে, তা নিয়ে দুই দেশের সামরিক ও কূটনৈতিক মহল পর্যবেক্ষণ চালাচ্ছে।
উল্লেখ্য, সম্প্রতি ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের জন্য ভারত সফর করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং যৌথ বক্তব্য প্রকাশ করা হয়। কূটনৈতিক পর্যায়ে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ চললেও অরুণাচল সীমান্তের পরিস্থিতি যে এখনো দুই দেশের জন্য বড় উদ্বেগের বিষয়, সাম্প্রতিক এই সামরিক বৈঠক তারই ইঙ্গিত দেয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ