১০:৪৩ এম
ইসরায়েলের আরব-অধ্যুষিত তিরা শহরের একটি গাড়িতে বোমা বিস্ফোরণের ফলে হায়া কাসেম (৩২) নামের এক নারী নিহত হয়েছেন। দ্য টাইমস অব ইসরায়েল-এর প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার গভীর রাতে শহরের কেন্দ্রস্থলে এই ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় গাড়িতে উপস্থিত তার ৭ ও ২ বছর বয়সী দুই সন্তান সামান্য আহত হন।
স্থানীয় অ্যাম্বুলেন্স সেবার একজন কর্মী জানান, বিস্ফোরণের পর স্থানীয় বাসিন্দারা শিশু দুটিকে গাড়ি থেকে বের করে আনেন। পরে উদ্ধারকর্মীরা গুরুতর আহত অবস্থায় হায়াকে বের করে হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, এই হামলার পেছনে কোনো জাতিগত বা রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। হায়ার সঙ্গে সংঘবদ্ধ অপরাধচক্রের কোনো সম্পর্ক পাওয়া যায়নি। হায়ার এক বন্ধু স্থানীয় সংবাদমাধ্যম ইয়েনেটকে জানিয়েছেন, তিনি বিভিন্ন স্কুলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে কাজ করতেন এবং অত্যন্ত সৎ ও সম্মানিত ব্যক্তি ছিলেন।
আরও পড়ুন: পেরুতে ৬.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল
ইসরায়েলের আরব-অধ্যুষিত এলাকাগুলোতে গত কয়েক বছরে সহিংস অপরাধের ঘটনা বৃদ্ধি পেয়েছে। এই বিস্ফোরণের আগের ২৪ ঘণ্টায় আরারা, জাফা ও উম্ম আল-ফাহম শহরে পৃথক তিনটি গুলির ঘটনায় তিন আরব পুরুষ নিহত হন। এর কয়েক দিন আগে কাফর মান্দা শহরের একটি মিষ্টির দোকানে গ্রেনেড হামলায় এক নারী এবং তাইবেহ শহরে গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছিলেন।
সহাবস্থানবিষয়ক সংগঠন আব্রাহাম ইনিশিয়েটসের তথ্য অনুযায়ী, চলতি বছর ইসরায়েলে সহিংসতায় নিহত আরব নাগরিকের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। গত বছর এই সংখ্যা ছিল ২৫২, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। ইসরায়েলের মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ আরব হলেও, দেশের মোট হত্যাকাণ্ডের ৮০ শতাংশের বেশি এই জনগোষ্ঠীর মধ্যে ঘটে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন