০৬:০২ পি.এম
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের মধ্যম মাদার্শা গ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের পাঁচটি ঘরে হামলা, ভাঙচুর এবং দুটি ঘরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করেছে।
তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, আটক পাঁচজন তাদের পরিবারের সদস্য। অপরদিকে পুলিশ জানিয়েছে, বিএনপি ও আওয়ামী লীগের অনুসারীদের মধ্যে সংঘর্ষে দুই পক্ষের মোট পাঁচজন আহত হয়েছেন।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় ৫ নম্বর ওয়ার্ডের মধ্যম মাদার্শা গ্রামের নবাব চান্দের নতুন বাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে। ওই বাড়ির বাসিন্দারা আওয়ামী লীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত।
আরও পড়ুন: বরিশালে আইজিপি কাপ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন, মাঠে নামছেন পুলিশ সদস্যরা
হামলার শিকার ব্যক্তিদের অভিযোগ, স্থানীয় বিএনপির নেতৃত্বে বহিরাগতরা এ হামলা চালিয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, সন্ধ্যার দিকে একটি মিছিল নিয়ে এসে একদল লোক বাড়িটিতে অতর্কিত হামলা চালায়। এ সময় কয়েকটি ঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় এবং একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। সেলিম উদ্দিন, তাজ উদ্দিন নবাব, আকবর হোসেন, শেখ বাবর, আরিফ ও আরমান আহমেদের বাড়িতে ভাঙচুর হয়েছে বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত সেলিম উদ্দিন জানান, ঘটনার সময় তারা বাড়িতে ছিলেন না; শিশু, কমবয়সী পুরুষ, নারী ও বৃদ্ধরা ছিলেন। তিনি দাবি করেন, গত এক মাস ধরে হামলার চেষ্টা চলছিল। তার ভাষ্য, মাগরিবের নামাজের পরপর মিছিল নিয়ে প্রায় দুইশ লোক এসে হামলা চালায়, যাদের বেশির ভাগই বহিরাগত। তারা পাঁচটি ঘরে ভাঙচুর চালিয়ে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় এবং দুটি ঘরে আগুন দেয়।
সেলিম অভিযোগ করেন, ঘটনার সময় পুলিশ উপস্থিত ছিল এবং হামলার পর উল্টো বাড়ির পাঁচ বাসিন্দাকে ধরে নিয়ে যায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ঘরগুলোর আলমারি খোলা, টেলিভিশন ও জানালা-দরজা ভাঙা এবং কাপড়চোপড়সহ নানা জিনিস মাটিতে ছড়ানো।
আরও পড়ুন: *গোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন, মোট সদস্যসংখ্যা ৫৫ প্লাটুন*
ঘটনার বিষয়ে জানতে বিএনপি নেতা ও দক্ষিণ মাদার্শা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহজাহান বাদশাকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থানীয় এক নেতা বলেন, বাড়িটিতে ‘আওয়ামী সন্ত্রাসীরা’ আশ্রয় নিয়েছিল। খবর পেয়ে দলের লোকজন সেখানে গেলে তাদের ওপর হামলা হয় এবং বিএনপির লোকজনও আহত হয়েছেন। হামলার অভিযোগে বিএনপির পক্ষ থেকে হাটহাজারী থানায় একটি মামলা করা হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি ও ভিডিও দেখে ঘটনাটি যাচাই করতে পুলিশের একটি দল সেখানে গেছে। স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের লোকজনের সংঘর্ষে দুই পক্ষের মোট পাঁচজন আহত হয়েছেন।
ভাঙচুরের সময় পুলিশ উপস্থিত ছিল, এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, খবর পেয়ে পুলিশ সেখানে গিয়েছিল এবং ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। ক্ষতিগ্রস্তরা অভিযোগ নিয়ে থানায় এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: ভালুকায় পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে এনজিওকর্মী উত্তম সরকার নিহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন