মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০২:৩৭ পি.এম
পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি’র সঙ্গে বাংলাদেশে বিশ্বব্যাংকের মিশন প্রধান জ্যাঁ পেসমে’র মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় মন্ত্রণালয় ও বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পানিসম্পদমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা, নদী ভাঙ্গন, জলবদ্ধতা, লবণাক্ততা ও খরার মতো চ্যালেঞ্জ দিন দিন বাড়ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা অত্যন্ত জরুরি।
মন্ত্রী আরও জানান, সরকার দেশের নদী-খাল ও জলাশয় খনন ও পুনঃখননের পাশাপাশি নদী ভাঙ্গন ও বন্যার ক্ষয়ক্ষতি কমাতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছে। পানিসম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য বিশ্বব্যাংকের অংশীদারিত্বকে আরও জোরদার করার আহ্বান জানান তিনি।
জ্যাঁ পেসমে বাংলাদেশের পানিসম্পদের উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি পানিসম্পদের সমন্বিত পরিকল্পনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও সভায় পানিসম্পদ খাতে চলমান প্রকল্পের অগ্রগতি, ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে একটি বর্ণাঢ্য র্যালি, কেক কাটা এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে শুরু হওয়া র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জয়পুরহাট সার্কিট হাউস মাঠে এসে শেষ হয়। এর পূর্বে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছিল।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী। তিনি বক্তব্যে উল্লেখ করেন, "জনগণের অধিকার রক্ষা ও দেশ গঠনে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তৃণমূল পর্যায় পর্যন্ত দলকে আরও সুসংগঠিত করে জনগণের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।"
অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক এম. এ ওহাবসহ দলের অন্যান্য জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।
এর আগে সকালে জয়পুরহাট জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জেলায় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও শক্তিশালী করার উদ্দেশ্যে বিদ্যুৎ সাশ্রয়, বিদ্যুতের সুষ্ঠু ও কার্যকর ব্যবহার নিয়ে জেলা বিদ্যুৎ সাশ্রয় বিষয়ক ব্যবস্থাপনা কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির। সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ জেলা পুলিশের প্রতিনিধিবৃন্দ, সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় বিদ্যুৎ সাশ্রয়, অপচয় রোধ, সরকারি ও বেসরকারি পর্যায়ে বিদ্যুতের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতকরণ এবং বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শরিফুল রাজ ও সাবিলা নূর ‘বনলতা এক্সপ্রেস’-এ জুটি বেঁধে দর্শকদের প্রশংসা অর্জন করেছিলেন। এবার তারা ফিরছেন একটি ভিন্নধর্মী গল্প নিয়ে। তানিম নূরের প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি, যার নাম ‘কানাভুলা প্যারাডক্স’। সিনেমাটি তৈরি হবে সময় ভ্রমণ, রোমান্স এবং রহস্যের মিশেলে।
‘কানাভুলা প্যারাডক্স’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে বড় পর্দায় অভিষেক ঘটছে তরুণ নির্মাতা জুটি আয়মান আসিব স্বাধীন ও সুস্ময় সরকারের। সিনেমাটির মুখ্য চরিত্রে অভিনয় করবেন শরিফুল রাজ ও সাবিলা নূর। নির্মাতাদের দাবি, তারা দর্শকদের সময়, সম্পর্ক, স্মৃতি এবং রহস্যের একটি ভিন্নধর্মী যাত্রায় নিয়ে যেতে চান। পরিচিত গল্প বলার ছক থেকে বেরিয়ে নতুন ধরনের সিনেমার অভিজ্ঞতা দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।
সিনেমাটির গল্পের মূল অনুপ্রেরণা এসেছে লেখক মোহাইমিনুল ইসলাম বাপ্পীর ২০২৪ সালে প্রকাশিত একই নামের উপন্যাস ‘কানাভুলা প্যারাডক্স’ থেকে। যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলে, তাহলে আগামী বছরের জানুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হবে। এরপর ঈদুল আজহায় এটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।
যদিও আয়মান আসিব স্বাধীন পরিচালক হিসেবে এই প্রথম, তবে নির্মাণের জগতে তিনি একেবারে নতুন নন। এর আগে তিনি তানিম নূর পরিচালিত ওয়েব সিরিজ ‘কাইজার’ এবং ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার চিত্রনাট্য ও সংলাপ রচয়িতা হিসেবে কাজ করেছেন। সুস্ময় সরকারও ওই তিনটি কাজের সঙ্গে ছিলেন গল্পকার ও প্রধান সহকারী পরিচালক হিসেবে।
‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’ দিয়ে দর্শকদের ভালোবাসা ও সাফল্য অর্জন করা প্রযোজনা প্রতিষ্ঠান বুড়িগঙ্গা টকিজ এবার নতুন গল্প নিয়ে হাজির হচ্ছে। ‘কানাভুলা প্যারাডক্স’ হতে যাচ্ছে প্রতিষ্ঠানটির তৃতীয় চলচ্চিত্র।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ ক্রিকেটে জাতীয় দলের খেলা না থাকলেও অন্যান্য বিভাগের খেলা চলছে ব্যাপকভাবে। চলতি সেপ্টেম্বর মাসেও ক্রিকেটারদের জন্য রয়েছে ব্যস্ততা। ২০২৬ সালের এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে বাংলাদেশ দল সরাসরি নকআউট পর্বে অংশগ্রহণ করবে।
এই ক্রিকেট প্রতিযোগিতা চলতি সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় শুরু হতে যাচ্ছে। প্রতিযোগিতার সকল ম্যাচ টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে কয়েকটি দেশ তাদের শক্তিশালী দল ঘোষণা করেছে। বাংলাদেশও সোনা জয়ের লক্ষ্য নিয়ে দল গঠন করছে।
এছাড়া, কোচিং প্যানেলে বড় নামগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রধান কোচ হিসেবে মোহাম্মদ সালাউদ্দিন দায়িত্ব পালন করবেন, এবং সহকারী কোচ হিসেবে তালহা জুবায়ের থাকবেন। ফিল্ডিং কোচ হিসেবে মোহাম্মদ আশিককে দেখা যাবে। টিম ম্যানেজার হিসেবে নাফিস ইকবাল এবং ফিজিও হিসেবে বায়েজেদুল ইসলাম দলের সঙ্গে থাকবেন। ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির একজন কর্মকর্তা।
এবারের দলটি প্রায় জাতীয় দলের আদলে গঠিত হবে। অধিনায়ক হিসেবে তাওহীদ হৃদয় অথবা লিটন দাসকে দেখা যেতে পারে। এছাড়া, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাকলাইন, সাইফ হাসান, পারভেজ ইমন, তানজিদ তামিম, রিশাদ হোসেন এবং রিপন মন্ডলদেরও দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এশিয়ান গেমসের পুরুষ বিভাগে মোট ১০টি দল অংশগ্রহণ করবে। অন্যদিকে, নারী বিভাগের প্রতিযোগিতায় ৮টি দলের মধ্যে লড়াই হবে। ছেলেদের ক্রিকেটে সরাসরি মূল পর্বে জায়গা করে নেওয়ার জন্য চার দলের সঙ্গে প্রথম ধাপ পেরোতে হবে আফগানিস্তান, হংকং, জাপান, মালয়েশিয়া, নেপাল এবং ওমানকে। প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপে রয়েছে আফগানিস্তান, জাপান এবং নেপাল।
এবং ‘বি’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে হংকং, মালয়েশিয়া এবং ওমান। দুই গ্রুপের সেরা দুটি দল নকআউট পর্বে উঠে বাংলাদেশের সঙ্গে ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কার মুখোমুখি হবে। পুরুষদের ক্রিকেট প্রতিযোগিতা ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে, যা চলবে ১ অক্টোবর পর্যন্ত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ