১১:২০ এম
নিজেদের দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ রয়েছে, এবং বড় অঙ্কের পারিশ্রমিকও তাদের দিকে হাতছানি দিচ্ছে। তবে, সেই লিগে পুরো মৌসুম খেলা হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছে সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটাররা। কারণ, তাদের জাতীয় দলের হয়ে ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হতে পারে একই সময়ে।
আগামী ২১ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত মাঠে গড়ানোর কথা ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি২০) আসর। কিন্তু বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফের সূচির সংঘাত তৈরি হওয়ায় স্থানীয় ক্রিকেটারদের পাওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। যদিও গত ১ অক্টোবর দুবাইয়ে অনুষ্ঠিত খেলোয়াড় নিলামের আগেই বিষয়টি ফ্র্যাঞ্চাইজি মালিকদের জানানো হয়েছে।
ক্রিকইনফো জানিয়েছে, বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফে খেলার সম্ভাবনা থাকায় আইএলটি২০-এর বেশ কয়েকটি ম্যাচে আরব আমিরাত জাতীয় দলের ক্রিকেটারদের পাওয়া নাও যেতে পারে।
আরও পড়ুন: বাংলাদেশের অনূর্ধ্ব-১৮ ফুটবল দলের ৫ ম্যাচে ১৪৬ গোল হজম
এ ব্যাপারে লিগের অন্তর্বর্তীকালীন প্রধান পরিচালন কর্মকর্তা মাইক ফোর্ডহ্যাম ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানিয়েছেন, "যদি এমনটা হয়, তাহলে আরব আমিরাতের কয়েকজন খেলোয়াড় মৌসুমের একটি অংশে খেলতে পারবেন না। তবে জাতীয় দলে সুযোগ না পাওয়া অন্য খেলোয়াড়েরা পুরো মৌসুমের জন্যই নিজেদের দলের সঙ্গে থাকতে পারবেন।"
বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফের সূচি নিয়ে আইসিসির সঙ্গে আলোচনা করেছিল আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)। তবে ব্যস্ত আন্তর্জাতিক সূচির কারণে প্রতিযোগিতাটি জানুয়ারিতে সরিয়ে নেওয়া সম্ভব নয় বলে জানানো হয়েছে। ফলে নিলামে স্থানীয় ক্রিকেটারদের দলে ভেড়ানোর ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজিগুলোকে বাড়তি হিসাব করতে হয়েছে।
একদিকে দেশকে বিশ্বকাপের মূল পর্বে তোলার সম্ভাবনা, অন্যদিকে নিজেদের ফ্র্যাঞ্চাইজি লিগে বড় অঙ্কের পারিশ্রমিক—এ নিয়ে দোটানায় রয়েছেন আরব আমিরাতের ক্রিকেটাররা।
আরও পড়ুন: ফিফা সভাপতি পদে পুনর্নির্বাচনে ইনফান্তিনোর জন্য এএফসির সমর্থন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন