ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

ফটিকছড়িতে আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে ৫ থেকে ৭টি গ্রাম


ফটিকছড়িতে আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে ৫ থেকে ৭টি গ্রাম

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং কয়েক ঘণ্টার তীব্র বৃষ্টির ফলে চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। এতে অন্তত ৫ থেকে ৭টি গ্রাম প্লাবিত হয়েছে। বিস্তীর্ণ আমন ধানক্ষেত, বীজতলা ও গ্রামীণ রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় হাজারো মানুষ চরম দুর্ভোগের শিকার হয়েছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলার বাগানবাজার ও দাঁতমারা ইউনিয়নের বিভিন্ন গ্রামে পাহাড়ি ঢলের পানি প্রবেশ করতে শুরু করে। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে বাগানবাজার এবং দাঁতমারা ইউনিয়নের নতুনপাড়া, হলুদিয়া, লালমাই, চিকনছড়া ও বড়বিলসহ বেশ কয়েকটি নিচু এলাকা পানির নিচে তলিয়ে যায়।

স্থানীয় বাসিন্দাদের মতে, ভোরের দিকে হঠাৎ ভারী বৃষ্টির পর খাগড়াছড়ির পাহাড়ি অঞ্চল থেকে তীব্র বেগে ঢল নামতে শুরু করে। সীমান্ত এলাকার পাহাড়ি ছড়া ও খালগুলোর পানি ধারণক্ষমতার বাইরে চলে যাওয়ায় মুহূর্তের মধ্যে লোকালয়ে পানি ঢুকে পড়ে। অনেক কাঁচা ও পাকা ঘরবাড়ির উঠানে পানি ওঠায় স্থানীয় বাসিন্দারা পানিবন্দি হয়ে পড়েছেন। গবাদিপশু ও ঘরের আসবাবপত্র নিয়ে তারা বিপাকে পড়েছেন।

আরও পড়ুন: টাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন দ্বীপ স্পোর্টিং রয়েলস, জমজমাট আয়োজনে শেষ হলো ফুটসাল টুর্নামেন্ট–২০২৬

বন্যার কারণে কৃষিখাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। বিঘার পর বিঘা আমন ধানক্ষেত ও বীজতলা পানির নিচে তলিয়ে যাওয়ায় কৃষকরা ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন। এ ছাড়া বিভিন্ন গ্রামীণ সড়ক পানিতে ডুবে যাওয়ার ফলে ওই এলাকার যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বলেন, "এই পানি মূলত খাগড়াছড়ি থেকে এসেছে। আকস্মিক এই বন্যায় এলাকার রাস্তাঘাট ও কৃষিজমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা ইতোমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেছি এবং আপাতত ক্ষতিগ্রস্ত এলাকায় চাল বরাদ্দ দেওয়া হয়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাঙ্গা থানার সামনে গুলি, গুলশানে তরুণ-তরুণী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:১৬ পি.এম


ভাঙ্গা থানার সামনে গুলি, গুলশানে তরুণ-তরুণী গ্রেফতার

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে একটি প্রাইভেটকার থেকে গুলিবর্ষণকারী তরুণ ও তরুণীকে ঢাকার গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে র‍্যাব ও ভাঙ্গা থানা পুলিশের একটি যৌথ টিম অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে এবং র‍্যাব-১-এর কার্যালয়ে নিয়ে যায়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ভাঙ্গা থানার পুলিশ দায়ের করা মামলায় তাদের দুজনকে গ্রেফতার দেখিয়ে ঢাকা ও মুন্সীগঞ্জে অস্ত্র উদ্ধার অভিযানে নামেন ভাঙ্গা থানা পুলিশ।

অস্ত্রটি উদ্ধার হলে, রাতে আরও জিজ্ঞাসাবাদের পর আগামীকাল বৃহস্পতিবার দুপুরে তাদেরকে জেল হাজতে পাঠানো হতে পারে, বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান।

পুলিশ জানায়, গত (১৭ আগস্ট) সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে গাড়ি পার্কিং নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে প্রাইভেটকার থেকে এক তরুণ জনসম্মুখে গুলি করে পালিয়ে যায়।

গুলির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এ ঘটনায় ছোটাছুটিতে দুজন আহত হন। ঘটনার ভিডিওটি বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভিতে প্রচারিত হয় এবং দৈনিক যুগান্তরে প্রকাশিত হয়।

সংবাদ প্রচারের পর পুলিশ প্রশাসন সক্রিয় হয় এবং ১৮ আগস্ট ভাঙ্গা থানার এসআই প্রশান্ত কুমার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পান ভাঙ্গা থানার এসআই মিজানুর রহমান।

মামলা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি প্রাইভেটকার থেকে ভাঙ্গা হাইওয়ে থানার সামনে চা খেতে নামেন এক তরুণ ও তরুণী। রাস্তায় দাঁড়িয়ে থাকা স্থানীয়রা ওই তরুণকে বলেন, ভাই প্রাইভেটকারটি সাইড করে দাঁড়ান। এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে ওই তরুণ গাড়িতে গিয়ে পিস্তল বের করে পরপর কয়েক রাউন্ড গুলি করেন। এরপর তারা প্রাইভেটকার নিয়ে দ্রুত খুলনা রোডে চলে যান।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার দিবাগত রাতে পুলিশ ও র‍্যাবের একটি টিম ঢাকার গুলশান এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে। এরপর আমরা গুলি করা অস্ত্র উদ্ধারের জন্য ঢাকা ও মুন্সীগঞ্জ এলাকায় আসামিদের নিয়ে অভিযান পরিচালনা করছি। আল্লাহ যদি সহায় থাকে, অস্ত্রটি উদ্ধার হলে রাতে ভাঙ্গা থানায় হাজির করা হবে। পরদিন বৃহস্পতিবার তাদেরকে জেল হাজতে পাঠানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাসকাটে হুথিদের সঙ্গে গোপন বৈঠক করেছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:১৬ পি.এম


মাসকাটে হুথিদের সঙ্গে গোপন বৈঠক করেছে যুক্তরাষ্ট্র

ওমানের রাজধানী মাসকাটে মার্কিন দূতাবাসের কার্যালয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে ইয়েমেনের হুথি আন্দোলনের প্রতিনিধিদের একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই তথ্যটি জানা গেছে আল-জাজিরা র মাধ্যমে।

রয়টার্স-কে দেওয়া বেনামি সূত্রের বরাতে জানা যায়, ওমানের মধ্যস্থতায় এই মুখোমুখি বৈঠকটি গত সপ্তাহান্তে অনুষ্ঠিত হয়।

এর আগে, গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন যে হুথিরা তার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে ইয়েমেন যুদ্ধে যুক্তরাষ্ট্রকে দূরে থাকার অনুরোধ করেছেন।

এরপর সোমবার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স গণমাধ্যমের কাছে হুথিদের সঙ্গে সরাসরি যোগাযোগের বিষয়টি নিশ্চিত করেন, তবে সেই সময় বিস্তারিত কিছু জানানো হয়নি।

মাসকাটের বৈঠকে হুথি প্রতিনিধিরা মার্কিন কর্মকর্তাদের আশ্বস্ত করেছেন যে মার্কিন কোনো জাহাজে হামলার কোনো ইচ্ছা তাদের নেই এবং তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০২৫ সালের যুদ্ধবিরতি চুক্তি বজায় রাখতে বদ্ধপরিকর।

এছাড়া, একটি সূত্র জানিয়েছে যে সৌদি আরবের মালিকানাধীন জাহাজ বাদে ইসরাইলি বা অন্য কোনো বাণিজ্যিক জাহাজেও হামলা চালানোর পরিকল্পনা নেই এই গোষ্ঠীর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চামড়া শিল্পের উন্নয়নে নীতিগতভাবে নজর দেওয়ার আহ্বান রিজভীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:১৮ পি.এম


চামড়া শিল্পের উন্নয়নে নীতিগতভাবে নজর দেওয়ার আহ্বান রিজভীর

ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৬: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী দেশের চামড়া ও চামড়াজাত পণ্যের শিল্পের উন্নয়ন ও বিকাশে নীতিগতভাবে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি উল্লেখ করেন, "চামড়া শিল্প বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প। এ শিল্পের প্রতি খুব দ্রুত ও তীব্র মনোযোগ দেওয়া প্রয়োজন। তা না হলে দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী এ শিল্প ধীরে ধীরে নষ্টের দিকে চলে যেতে পারে।"

আজ বিকালে বিসিক অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘বিসিক চামড়া ও চামড়াজাত পণ্যমেলা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী আরও বলেন, "ব্রিটিশদের আগমন, স্টিম ইঞ্জিন ও বিদ্যুৎ আবিষ্কারের আগে বাংলাদেশের অর্থনীতি মূলত কুটির শিল্পনির্ভর ছিল। সেই কুটির শিল্পেরই আধুনিক নাম স্মল ইন্ডাস্ট্রি। পূর্বপুরুষরা যে অর্থনীতি নির্মাণ করেছিলেন এবং যার ওপর তাদের জীবন-জীবিকা নির্ভর করত, তা কোনো খেলনা বিষয় নয়।"

তিনি যোগ করেন, "একটি জেলায় বিসিক নগরী থাকলে এর সঙ্গে সংশ্লিষ্ট উদ্যোক্তারা স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।"

তবে তিনি উল্লেখ করেন, "বিসিক নগরীগুলো যে উদ্দেশ্যে প্রতিষ্ঠা করা হয়েছিল, অনেক জেলা শহরে তার প্রতি যথাযথ নজর দেওয়া হয়নি। অবহেলা ও সুষ্ঠু নজরদারির অভাবে অনেক সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে। সেখানে আরও প্রতিষ্ঠান ও কলকারখানা গড়ে তোলার সুযোগ থাকলেও সেভাবে নজর দেওয়া হচ্ছে না।"

চামড়া ও চামড়াজাত পণ্যের মেলার আয়োজন করায় বিসিককে ধন্যবাদ জানিয়ে রিজভী বলেন, "চামড়া ও চামড়াজাত পণ্য বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্যের সঙ্গে সংশ্লিষ্ট। মানুষের পায়ের জুতা তৈরিও একসময় স্বয়ংসম্পূর্ণ গ্রামের মধ্যেই সম্পন্ন হতো। তবে সেই ঐতিহ্যগুলো এখন হারিয়ে যাচ্ছে।"

তিনি বলেন, "দেশকে স্বয়ংসম্পূর্ণ ও স্বনির্ভর করতে হলে কুটির শিল্পের দিকে মনোযোগ দিতে হবে। এ শিল্পের বিকাশে নীতিগত পর্যায় থেকে নজর দিতে হবে।"

চামড়া ও চামড়াজাত পণ্যের বহুমুখী ব্যবহারের কথা উল্লেখ করে রিজভী বলেন, "জাহাজ তৈরিসহ হালকা প্রকৌশল শিল্পেও চামড়াজাত পণ্যের প্রয়োজন রয়েছে। তাই এ শিল্পের প্রতি গুরুত্ব দিতে হবে।"

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, "শুধু চামড়া প্রক্রিয়াজাতকরণ নয়, উন্নতমানের জুতা তৈরির কারখানাও বাড়াতে হবে। দেশে কয়েকটি ভালো এবং শতভাগ রপ্তানিমুখী জুতার কারখানা রয়েছে। এগুলো আরও বাড়ানো প্রয়োজন। মানুষের পরিধেয় সামগ্রীর চাহিদা কখনো শেষ হবে না এবং বিশ্বব্যাপী এ চাহিদা থাকবে।"

তিনি বলেন, "বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার এসব বিষয়ের ওপর গুরুত্ব দিয়েছে। কুটির শিল্পকে কীভাবে আবার গড়ে তোলা যায়, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।"

পরে রুহুল কবির রিজভী ‘বিসিক চামড়া ও চামড়াজাত পণ্যমেলা-২০২৬’-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর চেয়ারম্যান বেনজীর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিবাসন প্রক্রিয়া সুশৃঙ্খল ও প্রবাসীদের সুরক্ষায় উদ্যোগ নিয়েছে সরকার: শামা ওবায়েদ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:১৮ পি.এম


অভিবাসন প্রক্রিয়া সুশৃঙ্খল ও প্রবাসীদের সুরক্ষায় উদ্যোগ নিয়েছে সরকার: শামা ওবায়েদ

ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, সরকার অভিবাসন প্রক্রিয়াকে সুশৃঙ্খল করার জন্য, নথি জালিয়াতি প্রতিরোধ এবং দেশের অভ্যন্তর ও বিদেশে অবৈধ সিন্ডিকেট থেকে বাংলাদেশিদের সুরক্ষার লক্ষ্যে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করছে।

তিনি উল্লেখ করেন, দেশের বিপুলসংখ্যক প্রবাসী এবং বিদেশে যেতে ইচ্ছুক অভিবাসী কর্মীদের জন্য সেবাগুলোকে আরও সুসংহত করার উদ্দেশ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি পৃথক অভিবাসন শাখা প্রতিষ্ঠা করেছে।

অভিবাসন-সংক্রান্ত আবেদনে জাল নথি ও মিথ্যা তথ্য ব্যবহারের বিষয়টি মোকাবিলায় গতকাল অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকের ফলাফল সম্পর্কে আজ সাংবাদিকদের ব্রিফিংকালে শামা এ মন্তব্য করেন।

তিনি জানান, বিদেশে কর্মসংস্থানের প্রত্যাশী বাংলাদেশিরা প্রায়ই অসাধু মধ্যস্বত্বভোগী ও অবৈধ সিন্ডিকেটের প্রতারণার শিকার হন। এই চক্রগুলি জাল নথি ব্যবহার করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি সরকারি প্রক্রিয়াকে জটিল করে তোলে।

বৈঠকে জনসচেতনতা বৃদ্ধি এবং অভিবাসন ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়েছে বলেও তিনি জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য হলো, আরও বেশি বাংলাদেশি যাতে দক্ষ কর্মী হিসেবে বৈধভাবে বিদেশে যেতে পারেন এবং এ প্রক্রিয়াটি যাতে আরও সহজ হয়, তা নিশ্চিত করা।’

তিনি আরও বলেন, এ উদ্যোগের সমন্বয়ের জন্য সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর ফোকাল পয়েন্টদের নিয়ে একটি যৌথ কমিটি গঠন করা হয়েছে।

বৈঠকে পাসপোর্ট অধিদপ্তর, অভিবাসন কর্তৃপক্ষ, পুলিশ এবং স্বরাষ্ট্র, প্রবাসীকল্যাণ, বাণিজ্য, আইন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শামা বলেন, সরকারের ‘এক নাগরিক, এক কার্ড’ উদ্যোগের আওতায় নাগরিকদের প্রয়োজনীয় তথ্য একটি কেন্দ্রীয় ডেটাবেজের আওতায় আনা হবে।

তিনি উল্লেখ করেন, এ ব্যবস্থা চালু হলে তথ্য যাচাইয়ের প্রক্রিয়া সহজ হবে এবং সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের জাল নথি ব্যবহারের সুযোগ উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘ততদিন পর্যন্ত আমাদের নিশ্চিত করতে হবে, নাগরিকরা যেন যথাযথ ও যাচাই করা নথিপত্র নিয়ে বিদেশে যান।’

তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সমন্বিত পদক্ষেপগুলো ইতিবাচক ফল বয়ে আনবে এবং আগামী দিনগুলোতে অভিবাসন-সংক্রান্ত জালিয়াতি উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%