০৭:২৫ পি.এম
বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খানের নামের সঙ্গে কৃষ্ণসার হরিণ শিকারের মামলা জড়িয়ে নির্মিত ‘কালা হিরাণ : ব্যাটল ফর লিগ্যাসি’ সিনেমা নিয়ে নতুন আইনি জটিলতা সৃষ্টি হয়েছে। সালমান ছবিটির মুক্তি ও প্রচার বন্ধের জন্য আদালতে আবেদন করেছিলেন। এবার সেই মামলায় দিল্লি হাইকোর্টের বিচারিক এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন সিনেমাটির প্রযোজক অমিত জানি। তার আবেদনের প্রেক্ষিতে সালমানের বক্তব্য জানার জন্য আদালত নোটিশ জারি করেছে।
শুক্রবার (৯ অক্টোবর) বিচারপতি তেজস কারিয়ার বেঞ্চ প্রযোজকের আবেদনের বিষয়ে সালমানের জবাব চেয়ে নোটিশ জারি করেন। মামলাটির পরবর্তী শুনানি আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
প্রযোজক অমিত জানির দাবি, সিনেমাটির মুক্তি বন্ধের আবেদন শুনে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার দিল্লি হাই কোর্টের নেই। তাই সালমানের দায়ের করা মামলাটি খারিজ করার জন্য আদালতের কাছে আবেদন জানানো হয়েছে।
আরও পড়ুন: কৃতি শ্যানন: ইনস্টাগ্রামে এআই দ্বারা তৈরি ছবি সরানোর সুযোগ নেই
আদালতে প্রযোজকের আইনজীবী যুক্তি তুলে ধরেন, সালমান খান মুম্বাইয়ে বসবাস করেন এবং অমিত জানির বাস উত্তর প্রদেশের মিরাটে। তাদের কেউই দিল্লি হাই কোর্টের বিচারিক এলাকার অধিবাসী নন এবং সেখানে কোনো ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করেন না। সারা দেশের মতো দিল্লিতেও সিনেমাটির টিজার, পোস্টার ও প্রচারসামগ্রী প্রকাশ করা হয়েছে—এই কারণে আদালতের বিচারিক এখতিয়ার প্রতিষ্ঠিত হতে পারে না বলেও তিনি যুক্তি দেন।
এর আগে সালমান ‘কালা হিরাণ: ব্যাটল ফর লিগ্যাসি’ সিনেমার মুক্তি ও প্রচার বন্ধের জন্য আদালতে যান। তার অভিযোগ, ১৯৯৮ সালের বহুল আলোচিত কৃষ্ণসার হরিণ শিকার মামলা এবং তার জীবনের বিভিন্ন ঘটনা অবলম্বনে সিনেমাটি নির্মিত হচ্ছে। এতে তার নাম, চালচলন, বাচনভঙ্গি ও অভিনীত জনপ্রিয় সিনেমাগুলোর আবহ অনুকরণ করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
সালমানের বক্তব্য অনুযায়ী, হরিণ শিকারের ঘটনায় দায়ের হওয়া চারটি মামলার মধ্যে তিনটিতে তিনি খালাস পেয়েছেন। অন্যদিকে, সংশ্লিষ্ট আপিলগুলো রাজস্থান হাই কোর্ট ও সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে বলে দাবি করেন তিনি। এই পরিস্থিতিতে সিনেমায় বিচারপ্রক্রিয়াকে নাটকীয়ভাবে উপস্থাপন করা হলে তা তার নিরপেক্ষ বিচার পাওয়ার আইনি অধিকার ক্ষুণ্ন করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন সালমান।
এছাড়া সিনেমাটির টিজারে তাকে অপরাধী হিসেবে উপস্থাপনের ইঙ্গিত রয়েছে বলেও অভিযোগ করেন সালমান। তবে প্রযোজকের নতুন আবেদনে আপাতত সিনেমাটির বিষয়বস্তুর পাশাপাশি মামলাটি কোন আদালতে চলবে, সেই প্রশ্নও সামনে এসেছে।
আরও পড়ুন: যৌবন ধরে রাখতে রেড লাইট থেরাপি নিচ্ছেন সানিয়া মির্জা
আগামী ১৬ ডিসেম্বরের শুনানিতে সালমানের জবাবের পর আদালত কী সিদ্ধান্ত নেবে, সেদিকেই নজর সংশ্লিষ্টদের।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন