০৫:১৯ পি.এম
এক নারী পুলিশ সদস্য প্রতিদিনের মতো ডিউটি শেষ করে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন। তার বাসা থানার খুব কাছেই অবস্থিত, তাই পথটা খুব বেশি দূরের নয়। কিন্তু বাসার নিকটে পৌঁছানোর পর ঘটে বিপত্তি। অভিযোগ রয়েছে, আগে থেকেই অপেক্ষমাণ এক যুবক হঠাৎ করে তার পথ আটকে মুখ চেপে ধরে। এ সময় রাস্তার পাশে মোটরসাইকেল নিয়ে আরেক যুবকও অপেক্ষা করছিলেন বলে জানান ওই পুলিশ সদস্য।
এমন আচমকা ঘটনায় প্রথমে কিছু বুঝে উঠতে না পারলেও, ওই নারী পুলিশ সদস্য নিজেকে সামলে নিয়ে চিৎকার ও চেঁচামেচি শুরু করেন। তার চিৎকার শুনে দ্রুত মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুই যুবক।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে মৌলভীবাজারের সীমান্তবর্তী উপজেলা জুড়ীর হরিরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: উখিয়ায় বটতলী বাজারে প্রকাশ্যে গুলিবর্ষণ, দোকানপাট বন্ধ
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ওই নারী পুলিশ সদস্য জুড়ী থানায় কনস্টেবল পদে কর্মরত আছেন। তার স্বামীও একই থানায় কর্মরত রয়েছেন।
ওসি আরও জানান, রাত ৮টার দিকে হরিরামপুর এলাকায় পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ ভবনের কাছাকাছি পৌঁছালে এই ঘটনা ঘটে। তবে ওই নারী পুলিশ সদস্যের চিৎকার-চেঁচামেচিতে তাদের পরিকল্পনা ভেস্তে যায়।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছেন ওসি।
আরও পড়ুন: ব্রিজ নির্মাণ হলেও ছয় গ্রামের মানুষের দুঃখ দূর হয়নি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন