ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

শিক্ষা ক্যাডারের ৩৮তম বিসিএস প্রভাষকরা প্রধানমন্ত্রীর কাছে পদোন্নতির স্মারকলিপি প্রদান


শিক্ষা ক্যাডারের ৩৮তম বিসিএস প্রভাষকরা প্রধানমন্ত্রীর কাছে পদোন্নতির স্মারকলিপি প্রদান

প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন ৩৮তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রভাষক পর্যায়ে কর্মরত শিক্ষক-কর্মকর্তারা। তারা দীর্ঘদিনের পদোন্নতিজনিত জটিলতা নিরসন ও পেশাগত বৈষম্য দূর করার দাবি জানিয়েছেন। প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতিযোগ্য সকল কর্মকর্তার পদোন্নতি নিশ্চিত করার জন্য এ স্মারকলিপি প্রদান করা হয়েছে। পদোন্নতির দীর্ঘসূত্রতা এবং পদস্বল্পতার কারণে সৃষ্ট পেশাগত স্থবিরতা নিরসনে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ১৯৮০ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) ক্যাডার দেশের শিক্ষাব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। এই ক্যাডারের কর্মকর্তারা মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চশিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তবে, দীর্ঘদিন ধরে পদোন্নতিজনিত জটিলতা এবং প্রয়োজনীয় পদ সৃষ্টির অভাবে তাদের পেশাগত অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে।

এতে আরও উল্লেখ করা হয়েছে, অন্যান্য ক্যাডারের তুলনায় শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের পদোন্নতিতে দীর্ঘসূত্রতা বেশি লক্ষ্য করা যায়। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে দক্ষ, অভিজ্ঞ এবং কর্মপ্রেরণায় উজ্জীবিত শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পদোন্নতির ক্ষেত্রে বিদ্যমান জটিলতা দূর না হওয়ায় কর্মকর্তাদের মধ্যে পেশাগত বৈষম্য তৈরি হচ্ছে এবং কর্মজীবনে স্থবিরতা দেখা দিচ্ছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, মোহাম্মদ মসিউর রহমানকে জনপ্রশাসনে ন্যস্ত

সমস্যা সমাধানে স্মারকলিপিতে কয়েকটি প্রস্তাব তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে ৩৬তম, ৩৭তম ও ৩৮তম বিসিএস ব্যাচের কর্মকর্তাদের পদোন্নতির বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা, নিয়মিত বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) সভা আয়োজন করা, শিক্ষা ক্যাডারে প্রয়োজনীয় পদ সৃষ্টি করা এবং পদোন্নতিযোগ্য কর্মকর্তাদের পদোন্নতি নিশ্চিত করতে সুপারনিউমারারি পদ সৃষ্টি করা।

স্মারকলিপিতে বলা হয়েছে, শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন, দক্ষ মানবসম্পদ গঠন এবং শিক্ষার্থীদের আলোকিত নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। শিক্ষকদের পেশাগত উন্নয়ন ও মর্যাদা নিশ্চিত করা মানসম্মত শিক্ষা বাস্তবায়নের অন্যতম পূর্বশর্ত। তবে, পদস্বল্পতা ও পদোন্নতিজনিত জটিলতায় তাদের পেশাগত অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় বিষয়টির দ্রুত নিষ্পত্তিতে সরকারের সর্বোচ্চ পর্যায়ের হস্তক্ষেপ প্রয়োজন।

সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, প্রধানমন্ত্রী বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। তাদের মতে, শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের পদোন্নতি নিশ্চিত করা শুধুমাত্র ব্যক্তিগত বা পেশাগত দাবি নয়, বরং দেশের শিক্ষার গুণগত মান উন্নয়ন ও দক্ষ মানবসম্পদ গঠনের স্বার্থেও জরুরি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার পর শিক্ষক-কর্মকর্তারা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা নিজেদের দাবির যৌক্তিকতা তুলে ধরেন। সাক্ষাতে অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) অধ্যাপক মো. আনোয়ার হোসেন, উপ-পরিচালক (সরকারি কলেজ-১) অধ্যাপক মো. নুরুল হক সিকদারসহ ৩৮তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সিপাহী-জনতার বিপ্লব ও সংহতি দিবস ৭ নভেম্বর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল তাদের বক্তব্য ও দাবি শোনেন। দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরা এবং বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যবর্তী নির্বাচনের প্রাক্কালে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, আলোচনা নিয়ে আগ্রহ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩১ এম


মধ্যবর্তী নির্বাচনের প্রাক্কালে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, আলোচনা নিয়ে আগ্রহ

গত সোমবার যুক্তরাষ্ট্র ইরানের কেশম দ্বীপে হামলা চালিয়েছে। আট মাস ধরে চলমান ইরান যুদ্ধের অবসানে তেহরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির ইঙ্গিতের মধ্যে এ হামলা সংঘটিত হয়েছে। মার্কিন কর্মকর্তারা কেশম দ্বীপে পরিচালিত হামলাকে প্রতিরক্ষামূলক হিসেবে বর্ণনা করেছেন। তারা জানিয়েছেন, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) পক্ষ থেকে মার্কিন একটি উড়োজাহাজ লক্ষ্য করে গুলি চালানোর জবাবে এ হামলা করা হয়েছে। তবে হামলার বিষয়ে মার্কিন সামরিক বাহিনী আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা গত সোমবার কেশম দ্বীপে কয়েকটি বিস্ফোরণের খবর প্রকাশ করে। আইআরজিসি দাবি করেছে, তাদের বাহিনী দ্বীপটির দক্ষিণে যুক্তরাষ্ট্রের দুটি ড্রোন এবং হরমুজ প্রণালির পূর্বে একটি ড্রোন ভূপাতিত করেছে।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরান যুদ্ধ নতুন করে ছড়িয়ে পড়া ঠেকাতে কূটনৈতিক তৎপরতা জোরদার করা হয়েছে। মঙ্গলবারের নির্বাচনে রিপাবলিকান পার্টির কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখার চ্যালেঞ্জ রয়েছে। যুদ্ধ ও এর ফলে জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে ভোটারদের অসন্তোষের মুখে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

অ্যাক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, "এভাবে হোক বা অন্যভাবে, আমরা কিছু একটা করব। তবে তাড়াহুড়ার কিছু নেই। আমরা এরই মধ্যে তাদের অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছি।"

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প উল্লেখ করেন, ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট ভূগর্ভের স্থাপনা পিকঅ্যাক্স মাউন্টেনে হামলা চালানোর প্রয়োজন হতে পারে। তিনি জানান, এ হামলা বড় কোনো বিষয় নয়, এক ঘণ্টার মধ্যেই তা করা সম্ভব। তবে নির্বাচনের পর ইরানে বড় ধরনের হামলা চালানো হবে কিনা– এমন প্রশ্নের জবাবে নেতিবাচক উত্তর দেন তিনি। এদিকে, এপির খবর অনুযায়ী, নির্বাচনের পর ইরানে বড় হামলা চালানোর জন্য ট্রাম্পের ওপর চাপ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ইরানের কঠোর পাল্টা হামলার হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের নতুন হামলার জবাবে ইরান আগের তুলনায় আরও কঠোর ও বিস্তৃত পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। দেশটির সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেছেন, নতুন করে যুদ্ধ শুরু হলে সংঘাতের পরিসর শুধু পশ্চিম এশিয়ায় সীমাবদ্ধ থাকবে না; যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা, সরঞ্জাম, সেনাসদস্য ও স্বার্থ, ইরানের নাগালের মধ্যে যা থাকবে, সবই লক্ষ্যবস্তু হতে পারে।

আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, আঞ্চলিক দেশগুলোর নেতৃত্বে নতুন নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় তেহরান, যেখানে বিদেশি সামরিক উপস্থিতি বা হস্তক্ষেপ থাকবে না। সম্প্রতি ইরান, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের প্রতিনিধিদের অংশগ্রহণে তেহরানে অনুষ্ঠিত বৈঠকে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। চার দেশ বিভিন্ন পর্যায়ে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে বলেও জানান তিনি।

এদিকে, হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে একটি প্রস্তাব দিয়েছে ইরান। আরাঘচি জানান, তেহরানের শর্তগুলো পূরণ করার পরদিনই প্রণালিটি খুলে দেওয়া হবে। শর্তের মধ্যে রয়েছে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, দেশটির বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া, ইরানি তেল রপ্তানির সুযোগ দেওয়া, জব্দ করা সম্পদ ফেরত দেওয়া এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি আগের পর্যায়ে নামিয়ে আনা।

আলোচনায় অগ্রগতির ইঙ্গিত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন। গতকাল মঙ্গলবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, তেহরানের সঙ্গে সমঝোতা হতে পারে। তিনি মন্তব্য করেন, তেহরান দ্রুত একটি সমাধান চায়।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও আলোচনায় অগ্রগতির কথা জানিয়েছেন। গত সোমবার সাংবাদিকদের তিনি বলেন, সমঝোতার বিষয়ে তিনি ও ট্রাম্প আশাবাদী।

সংঘাত থামাতে মধ্যপ্রাচ্যে কূটনীতি জোরদার চীনের। মধ্যপ্রাচ্যে নিজেদের কূটনৈতিক তৎপরতা বাড়াচ্ছে চীন। বিশেষ করে ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ নিয়ে তারা নতুন করে পদক্ষেপ নিচ্ছে। বেশ কিছুদিন নিষ্ক্রিয় থাকার পর তারা এই উদ্যোগ নিয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বেইজিংয়ে ইরানের এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন। একই সময়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ওমানের সুলতান হাইথাম বিন তারিককে রাষ্ট্রীয় সফরে আতিথেয়তা দেন। আলজাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিকের মৃত্যু, মরদেহ গোবিন্দগঞ্জে ফিরলো

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩১ এম


গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিকের মৃত্যু, মরদেহ গোবিন্দগঞ্জে ফিরলো

গাজীপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের সময় পুলিশ ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত তৌফিক হোসেন (২২) মারা গেছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

তৌফিক গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের তবিবর রহমান তবির পুত্র। তিনি ছয়ঘরিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

তথ্য অনুযায়ী, সোমবার গাজীপুরের বাংলা বাজার এলাকায় মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনে অংশগ্রহণ করেন তৌফিক। ওই দিন গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এক পর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তৌফিকসহ বেশ কয়েকজন শ্রমিক আহত হন। তাদের পরে গাজীপুরের হাসপাতালে ভর্তি করা হয়।

তৌফিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কোচাশহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন মন্ডল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তৌফিককে ভাঙচুরের ভিডিও করায় হত্যা করেছে আওয়ামী দুর্বৃত্তরা: রাশেদ খান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩২ এম


তৌফিককে ভাঙচুরের ভিডিও করায় হত্যা করেছে আওয়ামী দুর্বৃত্তরা: রাশেদ খান

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান মন্তব্য করেছেন যে, গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের সময় ভাঙচুরের ভিডিও ধারণ করার কারণে তৌফিককে হত্যা করেছে শ্রমিক পরিচয়ধারী আওয়ামী দুর্বৃত্তরা।

তিনি মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টের মাধ্যমে এই তথ্য জানান।

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, গত ২ অক্টোবর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে গাজীপুর জেলার সদর উপজেলার পূর্ব মির্জাপুরে নোমান টেরি টাওয়েল লি. এর সামনে নোমান টেরি টাওয়েল লি. ও তালহা ফেব্রিকস লি. এর শ্রমিকরা ৩০ হাজার টাকা বেতনের দাবিতে আন্দোলন শুরু করে।

এ সময় শ্রমিক পরিচয়ধারী অনেকেই সহিংস হয়ে ওঠে। কিছু শ্রমিক গার্মেন্টস প্রতিষ্ঠানের গেট এবং প্রতিষ্ঠানে ভাঙচুরের জন্য উচ্ছৃঙ্খলা সৃষ্টি করে। যখন তৌফিক সেটির ভিডিও ধারণ করতে যান, তখন শ্রমিক পরিচয়ধারী দুর্বৃত্তরা তাকে মারধর করে। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় কে বা কারা তাকে সেখান থেকে নিয়ে গিয়ে ঢাকার উত্তরাস্থ শিন শিন জাপান হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ (মঙ্গলবার) আনুমানিক রাত ৮টায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি আরও লেখেন, তৌফিকের মৃত্যুর ঘটনা প্রমাণ করে যে শ্রমিক আন্দোলন এখন শ্রমিকদের মধ্যে নেই। আওয়ামী দুর্বৃত্তরা দেশকে অশান্ত করতে চক্রান্ত শুরু করেছে। হত্যার ঘটনা ঘটিয়ে শ্রমিকদের মধ্যে বিক্ষোভ সৃষ্টি করে দেশে অরাজকতা তৈরির উদ্দেশ্যে তারা কাজ করছে। জামায়াত-এনসিপিকে তিনি আহ্বান জানান, আওয়ামী দুর্বৃত্তদের প্রতিহত করতে রাজপথে নামতে। তাদের ফাঁদে পা দিলে নিজেদের রক্ষা পাওয়ার সম্ভাবনা নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে মনোনীত মীর আশরাফ আলী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩২ এম


রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে মনোনীত মীর আশরাফ আলী

বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের নতুন উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) হিসেবে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মীর আশরাফ আলী মনোনীত হয়েছেন। এই গুরুত্বপূর্ণ দায়িত্বে তাকে মনোনীত করা হয়েছে পেশাগত দক্ষতা, সততা ও দীর্ঘ কর্মজীবনের সফলতার স্বীকৃতিস্বরূপ।

১৯৯৮ সালে ১৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন মীর আশরাফ আলী। বগুড়া সদর উপজেলার এই কৃতি সন্তান অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে ১৬ বছর পদোন্নতি বঞ্চিত ছিলেন পতিত আওয়ামী সরকারের আমলে। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ৫ আগস্টের পর থেকে একের পর এক পদোন্নতি পেয়ে তিনি পুলিশের ডিআইজি পদে উন্নীত হন।

এর আগে, বিগত দুই বছর তিনি অত্যন্ত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)-এর ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। তার অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ, ২০২৫ সালে তাকে ‘রাষ্ট্রপতি পুলিশ পদক’ (পিপিএম)-এ ভূষিত করা হয়। এসবি ও সিটিএসবির পর তিনি কিছু সময় রেলওয়ে রেঞ্জের ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন) হিসেবেও দায়িত্ব পালন করেন।

শিক্ষাজীবনে মীর আশরাফ আলী বগুড়া জেলা স্কুল থেকে এসএসসি এবং বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীতে, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ও এমএসসি ডিগ্রি অর্জন করেন।

পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি, আন্তর্জাতিক পরিমণ্ডলেও তিনি দেশের সুনাম অক্ষুণ্ণ রেখেছেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সফলতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি, তিনি যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড, থাইল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় উন্নততর বিদেশি প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%